০৭:৪৭ পি.এম
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আগামী এক সপ্তাহের মধ্যে মাতুয়াইলে প্রায় দেড় একর জমির ওপর নতুন খেলার মাঠ নির্মাণের কাজ শুরু করবে।
এ ঘোষণা দিয়েছেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, যিনি ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এই তথ্য জানান।
আজ বুধবার, রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের নিজস্ব খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই ঘোষণা করেন।
আরও পড়ুন: ফিফা র্যাঙ্কিংয়ে রেকর্ড গড়ল মরক্কো, ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কী?
প্রশাসক মন্তব্য করেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ বৃদ্ধি করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, একটি উপযুক্ত খেলার মাঠ শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে সহায়তা করবে। নতুন মাঠটি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদেরও উপকারে আসবে।
তিনি আরও বলেন, আজ উদ্বোধন করা কলেজের মাঠে আলোকসজ্জা, নেটসহ প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে ডিএসসিসি প্রশাসক বলেন, কলেজ জীবনের প্রথম দুই বছর ভবিষ্যৎ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে পড়াশোনার পাশাপাশি নিয়মশৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। তিনি মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
প্রশাসক জানান, আগামী জানুয়ারি থেকে প্রতি শনিবার ডিএসসিসির উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে নগরীর বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের ব্যবস্থা করা হবে। এসব স্থানের মধ্যে রয়েছে- লালবাগ কেল্লা, কেন্দ্রীয় শহীদ মিনার ও আহসান মঞ্জিল।
আরও পড়ুন: ব্রাজিলের বিপক্ষে ক্লাসিকো দিয়ে শুরু, ২০২৭ সালে আর্জেন্টিনার ব্যস্ত সূচি!
নগরীর পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন হতে হবে। তিনি বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার মাধ্যমে ঢাকাকে ‘ক্লিন সিটি-গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
ডেমরা এলাকার জলাবদ্ধতা নিরসনে নেওয়া উদ্যোগ সম্পর্কে প্রশাসক বলেন, এলাকার খালগুলো পুনঃখনন, পরিষ্কার, দখলমুক্ত ও পাড় বাঁধাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, খালের ওপর অপরিকল্পিত সেতু নির্মাণ না করে খাল পুনরুদ্ধারে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করতে হবে। নাগরিকদের চলাচলের সুবিধার্থে প্রয়োজনীয় স্থানে সিটি কর্পোরেশন নিজস্ব ব্যবস্থাপনায় কালভার্ট নির্মাণ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসন-২-এর সংসদ সদস্য শিরিন সুলতানা, বিএনপি নেতা নবিউল্লাহ নবি এবং কলেজের প্রতিষ্ঠাতা ড. মাহবুবুর রহমান মোল্লা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ৩৮ বছরেও শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাকা ভবন নির্মাণ হয়নি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন