ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর


কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে বিএনপি আগামী ৩০ নভেম্বর তারিখে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের জন্য মনোনয়ন ফরম বিতরণ করবে।

শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আগামী ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন: ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিয়েছেন ভূমিমন্ত্রী

এছাড়া, একই স্থানে আগামী ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা নেওয়ার ব্যবস্থা থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন বিমানবাহিনীর সিস্টেমে সাইবার হামলা, নিরাপত্তা উদ্বেগ নাকচ পেন্টাগনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


মার্কিন বিমানবাহিনীর সিস্টেমে সাইবার হামলা, নিরাপত্তা উদ্বেগ নাকচ পেন্টাগনের

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : মার্কিন বিমানবাহিনীর ক্লাউডভিত্তিক কম্পিউটার ব্যবস্থায় সাইবার হামলার খবর প্রকাশিত হওয়ার পর দেশটির সামরিক বাহিনী তাদের কম্পিউটার নেটওয়ার্কের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নাকচ করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোয় একের পর এক সাইবার হামলার খবরের মধ্যে সর্বশেষ এ ঘটনা সামনে এলো।

মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’ প্ল্যাটফর্ম হ্যাক হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পেন্টাগন সরাসরি হ্যাকিংয়ের ঘটনা অস্বীকার করেনি।

তবে শুক্রবার রাতে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা এএফপিকে বলেন, ‘প্রতিরক্ষা দপ্তরের ব্যবস্থাগুলো নিরাপদ ও সুরক্ষিত। বিশ্বের সেরা বিশেষজ্ঞ ও দলগুলো ২৪ ঘণ্টা এসব ব্যবস্থার তদারকি করছেন। আমরা আমাদের সব গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রম ও অ্যাপ্লিকেশনের কার্যক্রম সচল রাখব।’

এর আগে শুক্রবার প্রতিরক্ষা দপ্তরের আরেক কর্মকর্তা বলেন, ‘নীতিগত ও কার্যক্রমের নিরাপত্তার স্বার্থে আমাদের নেটওয়ার্কের অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করে না প্রতিরক্ষা দপ্তর।’

মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজ শুক্রবার এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে সাইবার হামলা হয়েছে। এ হামলার ফলে সামরিক বাহিনীর স্পর্শকাতর তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সও এ হ্যাকিংয়ের খবর প্রকাশ করে।

মার্কিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশকারী ‘ফেডারেল নিউজ নেটওয়ার্ক’ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজনের বরাত দিয়ে হ্যাকিংয়ের খবর নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুর দিকে সিস্টেমটির রক্ষণাবেক্ষণের কাজ করার সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা হ্যাকিংয়ের বিষয়টি শনাক্ত করেন।

যুক্তরাষ্ট্রের সরকারি ও বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোয় সাম্প্রতিক সময়ে একের পর এক বড় ধরনের সাইবার হামলা ও প্রযুক্তিগত বিপর্যয়ের খবর পাওয়া যাচ্ছে।

গত কয়েক সপ্তাহে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও তদন্ত সংস্থা এফবিআইয়ের ব্যবস্থাও হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।

এ ছাড়া জেপিমরগান চেজ, ভিসা ও মাস্টারকার্ডের মতো বড় মার্কিন আর্থিক প্রতিষ্ঠানের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোও সাইবার হামলার শিকার হয়েছে।

তবে অন্যান্য কিছু ঘটনায়—যেমন মাইক্রোসফট আউটলুকের বড় ধরনের সেবা-বিভ্রাট, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যা এবং চলতি মাসের শুরুতে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) একটি গোপন নেটওয়ার্কে ত্রুটির খবর—কর্মকর্তারা এসব সমস্যার জন্য সাইবার হামলাকে দায়ী করেননি। বরং রক্ষণাবেক্ষণজনিত সমস্যা বা প্রযুক্তিগত ত্রুটির কথা বলেছেন।

সাইবার হামলা ও প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনা শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ নয়।

গত সপ্তাহে ইউরোপীয় কমিশন জানায়, গত অক্টোবরে তাদের ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সাইবার হামলা চালানো হয়েছিল।

এদিকে, বৃহস্পতিবার এএফপিও সাইবার হামলার শিকার হয়। এর ফলে সংবাদ সংস্থাটির গ্রাহকসেবার সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটিতে অচেনা ড্রোনের উপস্থিতি, উদ্বেগ বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটিতে অচেনা ড্রোনের উপস্থিতি, উদ্বেগ বাড়ছে

যুক্তরাজ্যের সাফোকে অবস্থিত যুক্তরাষ্ট্রের আরএএফ লেকেনহিথ বিমানঘাঁটির নিকটবর্তী এলাকায় একসঙ্গে ছয়টি ড্রোনের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। মার্কিন বাহিনী পরে সেগুলোকে প্রতিহত করার জন্য কাউন্টার-ড্রোন প্রযুক্তি ব্যবহার করে।

১৩ নভেম্বরের এই ঘটনার পর মার্কিন সেনা সদস্যদের নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয় এবং ঘাঁটিতে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। শনিবার ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ঘটনার সঙ্গে পরিচিত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, ব্রিটিশ ও মার্কিন বাহিনী কোনো ড্রোন উদ্ধার করতে সক্ষম হয়নি। ড্রোনগুলোতে অস্ত্র, নজরদারির সরঞ্জাম বা অন্য কোনো প্রযুক্তি ছিল কি না, তা নিশ্চিত হতে পারেনি দুই দেশের কর্তৃপক্ষ।

তবে সংবাদমাধ্যমটির সূত্রগুলো ইঙ্গিত করছে যে, ড্রোনগুলোর সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে। যদিও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

লেকেনহিথ বিমানঘাঁটি মার্কিন বিমানবাহিনীর ৪৮তম ফাইটার উইংয়ের প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত। ইউরোপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যুদ্ধবিমান ঘাঁটি হিসেবে এখানে প্রায় সাত হাজার সামরিক ও বেসামরিক কর্মী অবস্থান করেন।

গত সেপ্টেম্বরে ঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছিল যে, সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ হুমকির সতর্কতা স্তর ‘চার্লি অ্যালার্ট’ জারি রয়েছে।

তবে ১৩ নভেম্বরের ঘটনার পর মার্কিন বিমানবাহিনী বিস্তারিত কিছু জানায়নি। তারা কেবল বলেছে, ‘অনুমোদনহীন ড্রোনের সন্দেহজনক তৎপরতার’ জবাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে কোনো কর্মী, উড়োজাহাজ বা অবকাঠামোর ক্ষতি হয়নি।

এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় তাদের পুলিশ বাহিনী, সাফোক পুলিশ এবং মার্কিন বিমানবাহিনীর নিরাপত্তা বাহিনী যৌথভাবে কাজ করেছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

চলতি বছর যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ব্যবহার করে এমন ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলোতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার একটি কথিত পরিকল্পনার বিষয়টিও রয়েছে। তবে এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তেহরান স্পষ্ট ভাষায় অস্বীকার করেছে।

এদিকে সাফোকের আরেকটি মার্কিন বিমানঘাঁটি আরএএফ মিলডেনহল নিয়েও নতুন উদ্বেগ প্রকাশ করেছেন ওয়েস্ট সাফোকের কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা ও ছায়া মন্ত্রিসভার সদস্য নিক টিমোথি। শুক্রবার তিনি বলেন, ঘাঁটি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে নির্মাণাধীন সানিকা সৌরবিদ্যুৎ ও ব্যাটারি প্রকল্পে হামলা হলে তা ঘাঁটির জন্যও হুমকি হয়ে উঠতে পারে।

ফাইন্যান্সিয়াল টাইমসকে টিমোথি জানান, প্রকল্পটির পরিকল্পনা পর্যালোচনার সময় প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে, নাশকতা বা অগ্নিসংযোগের সম্ভাবনা বিবেচনায় নেওয়া হয়নি। অথচ শত্রুভাবাপন্ন রাষ্ট্রগুলো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে এ ধরনের হামলা চালাতে পারে বলে এমআই৫সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা বহু বছর ধরে সতর্ক করে আসছে।

তবে যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেছেন, প্রতিটি প্রকল্পের পরিকল্পনা অনুমোদনের আগে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হয় এবং এ প্রক্রিয়ায় নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনাকে দেশে আসতে হলে বন্দি চুক্তির প্রয়োজন: ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


শেখ হাসিনাকে দেশে আসতে হলে বন্দি চুক্তির প্রয়োজন: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব মন্তব্য করেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার প্রক্রিয়ার চলাকালীন সময়ে দেশে আসেননি। তিনি উল্লেখ করেন, যদি শেখ হাসিনা দেশে আসতে চান, তাহলে তাঁকে ভারতের সঙ্গে বন্দি চুক্তির মাধ্যমে আসতে হবে। মন্ত্রী আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী ও মাফিয়া দল’ হিসেবে চিহ্নিত করে বলেন, সাম্প্রতিক সময়ে তারা আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে প্রমাণ করেছে যে তারা নিজেদের সংশোধন করবে না।

শনিবার সকালে কুড়িগ্রামের নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

আন্তর্জাতিক নদীর পানি বণ্টন নিয়ে কঠোর অবস্থান প্রকাশ করে আসাদুল হাবিব বলেন, বাংলাদেশে মরুকরণ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক নদীর পানি একতরফা প্রত্যাহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ সময় উত্তরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং এটি পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, খুব শিগগিরই তিস্তা পাড়ের মানুষ এ বিষয়ে সুখবর পাবেন।

অনুষ্ঠানে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল আমসাআ আমিন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলু উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে ত্রাণ মন্ত্রী নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চামড়া শিল্পের টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এলএফবির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


চামড়া শিল্পের টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এলএফবির

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : দেশের চামড়া শিল্পের সকল সমস্যার সমাধান কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) স্থাপন করলেই হবে না। লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশের (এলএফবি) সভাপতি সাদাত হোসেন সেলিম মন্তব্য করেছেন যে, এ শিল্পের টেকসই উন্নয়নের জন্য পরিবেশবান্ধব উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, কাঁচা চামড়ার যথাযথ সংরক্ষণ, বাজার সম্প্রসারণ ও নীতিগত সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে সমন্বিত উদ্যোগের প্রয়োজন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

সাদাত হোসেন সেলিম বলেন, চামড়া শিল্পের পরিবেশগত উন্নয়নে সিইটিপি একটি গুরুত্বপূর্ণ উপাদান হলেও এটিকে একমাত্র সমাধান হিসেবে দেখা উচিত নয়। যদি সিইটিপি একমাত্র সমাধান হতো, তাহলে চামড়ার স্যুট ও জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো নানা অনিশ্চয়তার মুখোমুখি হতো না। যারা এই শিল্পকে টিকিয়ে রেখেছেন, তাদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে কার্যকর সরকারি সহায়তা নিশ্চিত করা আবশ্যক।

অনুষ্ঠানে দেশের চামড়া শিল্পের টেকসই উন্নয়ন, দক্ষ জনবল তৈরি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি করার জন্য ১৩ দফা কৌশলগত প্রস্তাব উপস্থাপন করা হয়।

সভাপতির বক্তব্যে সাদাত হোসেন সেলিম বলেন, বাংলাদেশের অর্থনীতি, রপ্তানি আয়, কর্মসংস্থান এবং ধর্মীয় ও সামাজিক জীবনের সঙ্গে চামড়া শিল্পের গভীর সম্পর্ক রয়েছে। এ শিল্পের উন্নয়নে কোনো একটি নির্দিষ্ট সমস্যা বা প্রযুক্তিগত সমাধানের ওপর নির্ভর করা উচিত নয়। পরিবেশবান্ধব উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, কাঁচা চামড়ার যথাযথ সংরক্ষণ, বাজার সম্প্রসারণ এবং নীতিগত সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব ও প্রতিষ্ঠাতা এম মুফাজ্জল ইবনে মাহফুজ বলেন, চামড়া শিল্পের উন্নয়নে সংশ্লিষ্ট সব খাত, বাণিজ্য সংগঠন, উদ্যোক্তা ও কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা অত্যন্ত জরুরি।

ফাউন্ডেশনটি আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নীতিগত সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজ করবে।

মূল প্রবন্ধে সংগঠনের যুগ্ম মহাসচিব প্রকৌশলী এ ফাত্তাহ আল মঞ্জুর আফিক বলেন, দেশে বিপুলসংখ্যক কর্মক্ষম ও পরিশ্রমী জনশক্তি থাকা সত্ত্বেও দক্ষ মধ্যম সারির কর্মীর অভাব, আধুনিক প্রযুক্তির ঘাটতি এবং লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) মান অর্জনে জটিলতার কারণে এ খাত আন্তর্জাতিক বাজারে কাঙ্ক্ষিত অবস্থান তৈরি করতে পারছে না।

তিনি জানান, এই সংকট মোকাবিলায় সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০-এর অধীনে নিবন্ধিত এলএফবি দীর্ঘমেয়াদি কর্মসূচি বাস্তবায়ন করবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে এলএফবি ইনস্টিটিউট, গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র, নীতি ও অ্যাডভোকেসি কাউন্সিল, শিল্প পরামর্শক সেবা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম। পাশাপাশি সামাজিক কল্যাণ ও টেকসই উন্নয়ন কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।

ফাউন্ডেশনের প্রথম বছরে এক হাজার কর্মীর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, ৩০টি কারখানাকে ‘মডেল গ্রিন ফ্যাক্টরিতে’ রূপান্তর এবং শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষা সহায়তা বৃত্তি চালুর ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ বাড়াতে বিভিন্ন বিদেশি সংস্থা ও প্রতিনিধিদের সঙ্গে কার্যকর সহযোগিতা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানানো হয়।

চামড়া শিল্পের সংকট নিরসনে ফাউন্ডেশনের ১৩ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে স্বতন্ত্র চামড়া মন্ত্রণালয় অথবা শক্তিশালী ‘লেদার বোর্ড’ গঠন, ক্ষতিগ্রস্ত ও বন্ধ কারখানা চালুর জন্য পাঁচ হাজার কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দ, সাভারের সিইটিপি আধুনিকায়ন এবং নতুন দুটি সিইটিপি নির্মাণ। এ ছাড়া দেশে দুটি বিশেষায়িত লেদার গুডস ও ফুটওয়্যার শিল্পপার্ক স্থাপনের প্রস্তাব করা হয়েছে।

অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে চার থেকে পাঁচটি নতুন চামড়া শিল্পাঞ্চল প্রতিষ্ঠা, পূর্ণাঙ্গ লেদার ও ফুটওয়্যার বিশ্ববিদ্যালয় স্থাপন এবং সারা দেশে ১০ থেকে ১৫টি সরকারি কাঁচা চামড়া সংরক্ষণ কেন্দ্র ও হিমাগার নির্মাণ।

সরকারি বিভিন্ন বাহিনীর জুতা ও আনুষ্ঠানিক পোশাকে দেশীয় চামড়া এবং চামড়াজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাবও রয়েছে।

সংগঠনের সভাপতি বলেন, এসব প্রস্তাব বাস্তবায়ন করা গেলে দেশের চামড়া শিল্পের বিদ্যমান সংকট কাটিয়ে উৎপাদন সক্ষমতা বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%