ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর অভিযান, বিআরটিএর সঙ্গে সমন্বয়ের নির্দেশ


লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর অভিযান, বিআরটিএর সঙ্গে সমন্বয়ের নির্দেশ

ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন বা অদক্ষ চালকদের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সঙ্গে সমন্বয় করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এ কথা জানিয়েছেন।

শুক্রবার সকালে রাজধানীর মধ্য বাড্ডায় কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত ডিএনসিসির পরিচ্ছন্নকর্মী শেফালী বেগমের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পর তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, অদক্ষ চালকদের কারণে যেন আর কোনো মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে, সে জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সড়কে দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর জন্য সব চালকের প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এসএএফএনের অনারারি সিনিয়র ফেলো নিযুক্ত

তিনি আরো বলেন, পরিচ্ছন্নকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। তাদের নিরাপদ ও নির্বিঘ্ন কর্মপরিবেশ নিশ্চিত করতে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

ডিএনসিসির পরিচ্ছন্নকর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে প্রশাসক জানান, নিহত শেফালী বেগমের পরিবারকে ডিএনসিসির পক্ষ থেকে চার লাখ টাকা আর্থিক সহায়তা এবং এক বছরের সমপরিমাণ বেতন প্রদান করা হবে।

এক প্রশ্নের জবাবে মো. শফিকুল ইসলাম খান বলেন, ডিএনসিসির কোনো গাড়ি যদি অদক্ষ চালক বা হেল্পার চালিয়ে থাকেন, তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তার জানামতে, ডিএনসিসির কোনো গাড়ি বর্তমানে হেল্পার বা অদক্ষ চালক পরিচালনা করেন না।

এ সময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবিরসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঢাকা মহানগরীতে ডিএমপির অভিযানে ৪৭৭ জন গ্রেফতার, ৩৪ মামলা দায়ের

এর আগে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ষা মৌসুমে জমে উঠেছে কাউখালীর চাই-দুয়ারি হাট

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


বর্ষা মৌসুমে জমে উঠেছে কাউখালীর চাই-দুয়ারি হাট

বর্ষার নতুন পানি প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে খাল-বিল ও নদ-নদীতে দেশীয় নানা প্রজাতির মাছের আনাগোনা বাড়ছে। এর সাথে বেড়েছে মাছ ধরার উপকরণ চাই ও দুয়ারীর চাহিদা।

এই মৌসুমকে কেন্দ্র করে পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ বাজারে সপ্তাহে দুই দিন জমজমাট হাট বসছে, যেখানে ক্রেতারা ও বিক্রেতারা অংশ নিচ্ছেন। প্রতি শুক্রবার ও সোমবার কাউখালী হাটের দিনে উপজেলার আশেপাশের এলাকা থেকেও অনেক ক্রেতা-বিক্রেতা এসে এখানে খুচরা ও পাইকারি দরে এসব সরঞ্জামের কেনাবেচা করেন।

স্থানীয় তথ্য মতে, কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ ও নাজিরপুর উপজেলার বাসিন্দারা প্রজন্মের পর প্রজন্ম ধরে চাই ও দুয়ারী তৈরির কাজ করে চলেছেন। বর্ষা মৌসুমের প্রায় ছয় মাস তাঁরা এই পেশায় ব্যস্ত সময় পার করেন। বিভিন্ন জাতের বাঁশ কেটে তৈরি করা হয় এসব চাই। সাধারণ একটি বাঁশ থেকে ৭ থেকে ৮টি চাই তৈরি করা সম্ভব হলেও, একজন দক্ষ কারিগর দিনে ৫ থেকে ৬টির বেশি চাই তৈরি করতে পারেন না।

প্রকারভেদে এক কুড়ি চাই বিক্রি হচ্ছে ৩ হাজার টাকা থেকে ৫ হাজার টাকার মধ্যে। এছাড়া খুচরা বাজারে প্রতিটি চাই ১৬০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। কারিগরদের মতে, বর্তমানে একটি বাঁশ কিনতে খরচ হয় ২৫০ থেকে ৪০০ টাকা। এসব ঐতিহ্যবাহী চাই ও দুয়ারীর মধ্যে ছোট দেশীয় মাছের পাশাপাশি ধরা পড়ে হরেক রকমের চিংড়ি।

চাই তৈরির কারিগর আব্দুল জলিল জানান, পরিবারের সব সদস্য মিলে বর্ষার ছয় মাস তাঁরা এই কাজ করেন। তবে বাঁশের মূল্য বৃদ্ধি, শ্রম ও অন্যান্য আনুষঙ্গিক খরচের তুলনায় তাঁদের লাভ খুবই সামান্য। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, "একসময় চাইয়ের প্রচুর চাহিদা ছিল। এখন খাল-বিল ও নদ-নদী ভরাট হয়ে যাওয়ায় মাছ শিকারিও কমে গেছে। ফলে চাইয়ের বাজার আগের মতো নেই। যদি সরকার সহজ শর্তে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে, তবে এই কুটির শিল্পটি আবারও ঘুরে দাঁড়াতে পারবে।

দেশীয় মৎস্য সম্পদ রক্ষা বিষয়ে কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, মে থেকে জুলাই মাস পর্যন্ত অধিকাংশ দেশীয় মাছের প্রজনন মৌসুম। এ সময়ে মা মাছ সংরক্ষণে জেলেদের নিয়মিত সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং সরকারিভাবে প্রণোদনা প্রদান করা হচ্ছে। পাশাপাশি, অবৈধ জাল ও নিষিদ্ধ সরঞ্জাম দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। কারণ অবৈধ জালের যথেচ্ছ ব্যবহারের ফলে দেশীয় মাছের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে।

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান বলেন, চাইয়ের ব্যবহার অবশ্যই প্রচলিত আইন ও পরিবেশবান্ধব পদ্ধতির মধ্যে হতে হবে। কোন যন্ত্র দিয়ে ছোট মাছ ধরা যাবে না। প্রজনন মৌসুমে মা মাছ ও পোনা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি আরও জানান, নিষিদ্ধ জাল ও অবৈধ উপায়ে মাছ শিকার বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমার স্ত্রী কাজের চেয়ে সমালোচনাই বেশি করেন’: পার্থ শেখ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


‘আমার স্ত্রী কাজের চেয়ে সমালোচনাই বেশি করেন’: পার্থ শেখ

দীর্ঘ প্রায় সাত মাসেরও বেশি সময় পর তিনি পর্দায় ফিরেছেন ছোট পর্দার তরুণ অভিনেতা পার্থ শেখ। তাঁর অভিনীত নতুন নাটক ‘অমর প্রেম’ মুক্তির পর থেকেই দর্শকের ইতিবাচক সাড়া পাচ্ছেন এই অভিনেতা। নাটকটি প্রকাশের মাত্র চার দিনের মধ্যেই প্রায় ৬২ লাখেরও বেশি দর্শক নাটকটি দেখেছে।

চলতি বছরের জানুয়ারিতে বিয়ের পর ব্যক্তিগত কারণে পার্থ শেখ অভিনয় থেকে সাময়িক বিরতিতে ছিলেন। জাহিদুল ইসলাম সুজন পরিচালিত এই নাটকের মধ্য দিয়েই তিনি তাঁর দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। বিরতি শেষে নতুন উদ্যমে পর্দায় ফিরেই তিনি দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন।

নাটকটি প্রচারের পর থেকেই দর্শকদের দারুণ সাড়া পেয়েছেন পার্থ। ক্যারিয়ারে এর আগে তিনি কখনো এমন ভালোবাসা পাননি। পার্থ বলেছেন, ‘বিয়ের পর একটা ছোট বিরতি নিয়েছিলাম, প্রায় সাত মাস হয়ে গেল। এখন আবার কাজে ফিরেছি। ফিরে এসে সবার এত এত ভালোবাসা পাচ্ছি, যা অভাবনীয়।’

পর্দায় ফিরেই সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন পার্থ। তাকে নিয়ে একজন ফেসবুক স্ট্যাটাসে অভিনেতা তৌসিফ মাহবুব লেখেন, ‘পর্দা আরও এক নতুন তারকা খুঁজে পেল। অভিনন্দন, ছোট ভাই! তোমার প্রাপ্য সকল সাফল্য, ভালোবাসা আর করতালির শুভকামনা রইল।’ আরেক অভিনেতা ফারহান আহমেদ জোভান লিখেছেন, ‘শুভকামনা পার্থ।’

সিনিয়রদের সেই ভালোবাসা সাদরে গ্রহণ করেছেন পার্থ। তিনি বলেছেন, ‘সিনিয়র শিল্পীদের যেকোনো কথা বা প্রশংসা আমার জন্য অমূল্য। জুনিয়রদের প্রতি তাদের এই আন্তরিকতা এবং ভালোবাসা আমাদেরকে অনেক উৎসাহিত করে। আরো অনেক শিল্পী, নির্মাতারাও আমাকে সাধুবাদ জানিয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।’

বেশ লম্বা একটা বিরতি কাটিয়ে কাজে ফিরেই পার্থ বড্ড ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি জানিয়েছেন, এখন আর কোনো বিরতিতে যাচ্ছেন না। মনযোগ দিয়ে কাজ করার দিকে লক্ষ্য রেখেছেন। অভিনেতা বলেন, ‘এখন শুধু মনযোগ দিয়ে আবার নিয়মিত কাজ করে যেতে চাই। ভুলত্রুটি থাকলে সবাই সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’

পার্থ শেখের প্রায় সব কাজই তার স্ত্রী দেখেন। কাজ থেকে শুরু করে সবকিছুতে যেমন সাপোর্ট করেন, উৎসাহ দেন, তেমনেই আবার সমালোচনাও করেন। অভিনেতা বলেন, ‘ও আমার কাজকে ভীষণ সাপোর্ট করে, আবার সমালোচনাও করে। সে আমার কাজের যতটা সমর্থক, তার চেয়েও বেশি সমালোচক। এটা আমার জন্যই ভালো। যেই কাজটা ভালো লাগে না কিংবা কোনো ত্রুটি দেখতে পায় তখন সঙ্গে সঙ্গেই সেটার সমালোচনা করে। আমার ত্রুটিগুলো ধরিয়ে দেয়।’

ইতিমধ্যেই বেশ কিছু নাটকের কাজ নিয়ে কথা হচ্ছে বলে জানালেন পার্থ। পাশাপাশি তিনি জানিয়েছেন, ওয়েব ফিল্মের কাজও হচ্ছে। তিনি বলেন, ‘বেশ কিছু কাজ নিয়েই কথা হচ্ছে। এরমধ্যে শিহাব শাহীন ভাইয়ার একটা ওয়েব ফিল্মে কাজ করব। একটা সমান্তরাল গল্পে, যেখানে তিনটা গল্প এক জায়গায় এসে মিলবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটা ভ্রমণ শেষে আর বাড়ি ফেরা হলো না কলেজ শিক্ষার্থীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


কুয়াকাটা ভ্রমণ শেষে আর বাড়ি ফেরা হলো না কলেজ শিক্ষার্থীর

বন্ধুদের সাথে কুয়াকাটা সমুদ্রসৈকতে ভ্রমণ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক কলেজ শিক্ষার্থী। বৃষ্টির মধ্যে যখন তারা পথ চলছিলেন, তখন মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসের নিচে চলে গেলে দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৬টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের খলিশাখালী এলাকায় এই ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম জাহিদ হাওলাদার (২৩)। তিনি মাদারীপুরের শিবচর পৌরসভার বাসিন্দা শাহিন হাওলাদারের একমাত্র সন্তান এবং সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থী ছিলেন।

নিহত শিক্ষার্থীর স্বজনদের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (২৯ জুলাই) তার আট বন্ধু চারটি মোটরসাইকেলে করে কুয়াকাটায় বেড়াতে যান। শুক্রবার সকালে তারা শিবচরের উদ্দেশ্যে রওনা দেয়ার পর পথে প্রচণ্ড বৃষ্টি শুরু হলে তারা খলিশাখালী এলাকায় একটি গাছের নিচে অপেক্ষা করতে বাধ্য হন। বৃষ্টি কিছুটা কমলে পুনরায় যাত্রা শুরু করার পর কয়েক মুহূর্তের মধ্যেই জাহিদের মোটরসাইকেলটি দুর্ঘটনাক্রমে নিয়ন্ত্রণ হারিয়ে 'গ্রীন লাইন পরিবহন'-এর একটি বাসের নিচে চলে যায়। এই দুর্ঘটনার ফলে তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মক আঘাত পান। তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলেও দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

এই ঘটনার সম্পর্কে নিহতের খালাতো ভাই সায়েম বলেন, ‘কয়েক মুহূর্ত আগে আমরা সবাই একসাথে ছিলাম। হঠাৎ করে তার মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। চোখের সামনে জাহিদকে হারাতে হলো।’ একমাত্র সন্তানকে হারিয়ে বিধ্বস্ত বাবা শাহিন হাওলাদার কান্নায় ভেঙে বলেন, ‘ছেলেটা বন্ধুরা সাথে কুয়াকাটা ঘুরতে গিয়েছিল। কিন্তু ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।’

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফতাব উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা শেষে মরদেহ আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটক করা সম্ভব হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেফতারসহ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইন সংস্কার কমিশনের প্রস্তাব হবে জুলাই সনদ অনুযায়ী: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


আইন সংস্কার কমিশনের প্রস্তাব হবে জুলাই সনদ অনুযায়ী: আইনমন্ত্রী

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আইন সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ১৩৩টি অধ্যাদেশ জারি করে। যার প্রায় সবগুলোই আমরা গ্রহণ করেছি।

সেসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাতকে দেশি ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাত অনেক এগিয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%