০২:৩২ পি.এম
রাজশাহী, ১১ অক্টোবর, ২০২৬ : রাজশাহী রেঞ্জ পুলিশের চলমান অভিযানে গত ২৪ ঘণ্টার মধ্যে ১৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
আজ রোববার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন থানায় মোট ৪৮টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে দস্যুতা ১টি, চুরি ১টি, নারী ও শিশু নির্যাতন ১টি এবং অন্যান্য খাতের ৪৫টি মামলা অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই সময়ে হত্যা, ডাকাতি, যৌতুকের জন্য হত্যা, সাইবার অপরাধ কিংবা দ্রুত বিচার আইনে কোনো মামলা দায়ের হয়নি।
আরও পড়ুন: গোদাগাড়ীতে শতবছরের সম্প্রীতি, একই আঙিনায় মসজিদ ও মন্দির
এছাড়া একই সময়ে বিভিন্ন স্থান থেকে ৫টি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পরিচালিত অভিযানে পুলিশ মোট ১৫৭ জন আসামিকে গ্রেফতার করেছে। এর মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ৬২ জন, সাজাপ্রাপ্ত ১২ জন, তদন্তাধীন মামলার আসামি ৭২ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় ১১ জন রয়েছেন। একই সঙ্গে নিয়মিত মাদকবিরোধী অভিযানে ১৭ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান চলাকালীন পুলিশ আসামিদের হেফাজত থেকে ২টি বার্মিজ চাকু, ২ গ্রাম হিরোইন, ১৬ পিস ইয়াবা, ১২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ কেজি ২শ’ গ্রাম গাঁজা এবং ৯শ’ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। তবে এ সময়ে কোনো চোরাচালান পণ্য উদ্ধারের ঘটনা ঘটেনি।
রাজশাহী রেঞ্জ পুলিশ জানিয়েছে, প্রকৃত সংবাদ প্রাপ্তি সকলের অধিকার এবং অপতথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। পুলিশিং সেবা প্রদান ও আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের অভিযান অব্যাহত থাকবে।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ৯২৩ জন এবং চলতি মাসে এ পর্যন্ত সর্বমোট ৪ হাজার ৭০৮ জন নাগরিককে প্রত্যক্ষ সেবা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: হাসপাতালে সময়মতো না এলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান হুইপ দুলুর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন