ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গোপালগঞ্জে হামলার আশঙ্কা, তবে ওজোপাডিকোর কাছে নেই বিদ্যুৎ বন্ধের তথ্য


গোপালগঞ্জে হামলার আশঙ্কা, তবে ওজোপাডিকোর কাছে নেই বিদ্যুৎ বন্ধের তথ্য

বিদ্যুৎ সংক্রান্ত স্থাপনা বা কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটলে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়েছে। গণমাধ্যমও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির উদ্ধৃতি দিয়ে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। তবে ওজোপাডিকো জানাচ্ছে, এ ধরনের কোনো সতর্কবার্তা বা চিঠি তাদের কাছে ইস্যু করা হয়নি।

ওজোপাডিকোর প্রধান প্রকৌশলী মো. শফিকুল ইসলাম কালের কণ্ঠকে জানিয়েছেন, "ওজোপাডিকো এ ধরনের কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি বা আমরা এ ধরনের চিঠি ইস্যু করি। এমন চিঠি জারি করাও যায় না। এমন তথ্য আমাদের কাছে নেই।"

এদিকে, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু করার খবর ছড়িয়েছে, যার ফলে গোপালগঞ্জে বিদ্যুৎ সংযোগ বন্ধ হতে পারে। তবে ওজোপাডিকো গোপালগঞ্জ শাখায় এমন কোনো চিঠি নেই বলেও জানা গেছে।

আরও পড়ুন: মৌলভীবাজারে শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাই সালাহউদ্দিনের মৃত্যুদণ্ড

সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন যে, তারা এ ধরনের কোনো চিঠি পাননি। কর্মকর্তারা জানান, বিদ্যুৎ সংশ্লিষ্ট সব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারিশ্রমিক না পেয়ে প্রযোজকের টেপ রেকর্ডার বিক্রি করেন অক্ষয় কুমার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


পারিশ্রমিক না পেয়ে প্রযোজকের টেপ রেকর্ডার বিক্রি করেন অক্ষয় কুমার

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ক্যারিয়ারের শুরুতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। তিনি এক প্রযোজকের কাছে ৬৮ হাজার রুপি পাওনা ছিলেন। সেই টাকা বারবার চেয়ে না পেয়ে, শেষ পর্যন্ত প্রযোজকের বাড়ি থেকে একটি টেপ রেকর্ডার নিয়ে বিক্রি করে দেন তিনি। সম্প্রতি ‘কফি উইথ করণ ৯’ অনুষ্ঠানে তিনি এই পুরোনো ঘটনার কথা শেয়ার করেন।

অক্ষয় জানান, একটি সিনেমায় অভিনয়ের পর প্রযোজক তার পারিশ্রমিক পরিশোধ করেননি। সিনেমাটি বক্স অফিসে সফল হয়নি। সে সময় ৬৮ হাজার রুপি তার জন্য একটি বড় অঙ্ক ছিল। টাকা চাইতে চাইতে একদিন তিনি মুম্বাইয়ের মাহিম এলাকায় ওই প্রযোজকের বাড়িতে যান।

অভিনেতার বর্ণনা অনুযায়ী, বাড়ির দরজা খুলতেই প্রযোজক বুঝতে পারেন যে তিনি বকেয়া টাকা চাইতে এসেছেন। ঘরের ভেতরে অক্ষয়ের চোখে পড়ে একটি টেপ রেকর্ডার। সেটি নিয়ে বেরিয়ে আসেন তিনি। পরে হীরা পান্না মার্কেটে সেটি ৩২ হাজার রুপিতে বিক্রি করেন। তবে তিনি জানান, বাকি টাকা আজও পাননি।

অনুষ্ঠানে অক্ষয় আরও মন্তব্য করেন, চলচ্চিত্র ব্যবসা সফল হলে অভিনেতাদের বাড়তি পারিশ্রমিক দেওয়া হয় না। কিন্তু সিনেমা ব্যবসায় ব্যর্থ হলে অনেক সময় তাদের পারিশ্রমিক কমিয়ে দেওয়া হয়। প্রযোজকদের এই আচরণ নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

একই অনুষ্ঠানে অভিনেতা রবি কিষানও তার পারিশ্রমিক না পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন। ‘উধার কি জিন্দেগি’ সিনেমায় অভিনয়ের জন্য তার ১ লাখ ৮০ হাজার রুপি পাওয়ার কথা ছিল, কিন্তু তিনি মাত্র ৮ হাজার রুপি পেয়েছিলেন। বাকি টাকা চাইতে গেলে সিনেমায় তার চরিত্রের পরিসর কমিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিমি চক্রবর্তী ও তার বিয়ের আয়োজন নিয়ে আলোচনা, আইনি বিয়ে আজ কলকাতায়

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


মিমি চক্রবর্তী ও তার বিয়ের আয়োজন নিয়ে আলোচনা, আইনি বিয়ে আজ কলকাতায়

মিমি চক্রবর্তীর বিয়ের বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতার নিজ বাসায় আইনি বিয়ের আয়োজন করছেন এই অভিনেত্রী। তাঁর হবু স্বামীর নাম সিদ্ধার্থ দত্ত, যিনি পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন-এর প্রতিবেদনে বলা হয়েছে, আইনি বিয়ের পাশাপাশি আজ তাঁদের বাগদানও অনুষ্ঠিত হবে। ঘরোয়া পরিবেশে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

তবে বিয়ের মূল আয়োজনটি পশ্চিমবঙ্গের পাহাড়ি শহর কালিম্পংয়ে অনুষ্ঠিত হবে। আগামী ৫ ডিসেম্বর থেকে সেখানে তিন দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরপর ১১ ডিসেম্বর কলকাতায় বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করার কথা রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মিমির বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর বিয়ের আমন্ত্রণপত্রের ছবিও। আমন্ত্রণপত্রের নকশায় মিমির পোষ্যদের উপস্থিতি নজর কেড়েছে। তবে এ বিষয়ে এখনো অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়জগতে পরিচিতি লাভ করেন মিমি চক্রবর্তী। ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। এরপর ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘পোস্ত’, ‘ড্রাকুলা স্যার’, ‘মিনি’ ও ‘রক্তবীজ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হয়েছেন মিমি। ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যাদবপুর আসন থেকে লোকসভা নির্বাচনে জয়ী হন। ২০২৪ সালে সংসদ সদস্যের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর। বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত এই অভিনেত্রী শাকিব খানের সঙ্গে ‘তুফান’ সিনেমায় অভিনয় করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ের জন্য আলাদা সেল গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ের জন্য আলাদা সেল গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংক আমদানি, রপ্তানি এবং আন্তঃসীমান্ত লেনদেনের পণ্য ও সেবার মূল্য যাচাইয়ের জন্য একটি নিজস্ব কেন্দ্রীয় নজরদারি ইউনিট গঠন এবং আন্তর্জাতিক মানের মূল্য যাচাই প্ল্যাটফর্মের গ্রাহক হওয়ার নির্দেশনা প্রদান করেছে। এই নির্দেশনা কার্যকর হবে আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ-২ (এফইপিডি-২) একটি সার্কুলার লেটার জারি করে। সার্কুলারটি দেশের সকল অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।

সার্কুলারের উল্লেখ অনুযায়ী, আমদানি, রপ্তানি, সেবা এবং অন্যান্য আন্তঃসীমান্ত লেনদেনের মূল্য কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ ও যাচাই করার জন্য প্রতিটি এডি ব্যাংককে একটি নির্দিষ্ট সেল বা ইউনিট গঠন করতে হবে।

এছাড়াও, অন্তত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন গ্রহণের জন্য বলা হয়েছে। এই প্ল্যাটফর্মটি ব্যাংকের সাধ্যের মধ্যে হতে হবে এবং তার কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী উপযোগী হতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তঃসীমান্ত লেনদেনে প্রতিযোগিতামূলক ও যৌক্তিক মূল্য নিশ্চিত করাই এই নির্দেশনার মূল উদ্দেশ্য।

নতুন সার্কুলারে ২০২৬ সালের ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ৩০-এর পার্ট-এ, অনুচ্ছেদ ৭(২)-এর উল্লেখ রয়েছে। ওই অনুচ্ছেদে ঋণপত্র (এলসি) খোলা বা আমদানি শুরুর পূর্বে আমদানিযোগ্য পণ্যের আন্তর্জাতিক বাজারমূল্য যাচাইয়ের নির্দেশনা ছিল।

এই নির্দেশনা ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হবে। এর আগে সব ব্যাংককে সেল গঠন এবং উপযুক্ত মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরা ইউনিভার্সিটিতে শুরু হলো ১৬ দিনব্যাপী ভর্তি মেলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


উত্তরা ইউনিভার্সিটিতে শুরু হলো ১৬ দিনব্যাপী ভর্তি মেলা

শিক্ষার্থীদের ক্যাম্পাসের পরিবেশ, বিভিন্ন অনুষদের শিক্ষক ও উচ্চশিক্ষার অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে সার্বিক ধারণা প্রদানের উদ্দেশ্যে ‘ফিউচার ইজ ইয়োর্স’ প্রতিপাদ্যে এডুকেশন অ্যান্ড এডমিশন ফেয়ার (স্প্রিং ২০২৭)’-এর আয়োজন করেছে উত্তরা ইউনিভার্সিটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় ইউনিভার্সিটির স্মার্ট ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। এই ১৬ দিনব্যাপী আয়োজন চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা বলেন, ‘ফিউচার ইজ ইয়োর্স’ প্রতিপাদ্যটি মানসম্মত শিক্ষা, ব্যবহারিক জ্ঞান এবং ক্যারিয়ার গড়ার সুযোগের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে উত্তরা ইউনিভার্সিটির অঙ্গীকারেরই প্রতিফলন। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের ক্যাম্পাসে আসার, বিদ্যমান সুযোগ-সুবিধাগুলো ঘুরে দেখার এবং একসাথে বড় কিছু অর্জনের পথে প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানান।

তিনি আরো বলেন, আমি অভিভাবকদের বলব আপনারা আমাদের ইউনিভার্সিটির সবকিছু জানবেন। যেকোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আছি আপনার সন্তানের পাশে এবং আপনাকে পরামর্শ দেবার জন্য আর আপনাদের পরামর্শ নেবার জন্য।

উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নাবিদ আজিজ বলেন, ‘ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে উত্তরা ইউনিভার্সিটি মানসম্মত শিক্ষা, ব্যবহারিক দক্ষতা এবং আধুনিক সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করছে। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সক্ষম করে তোলা এবং উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে নিজেদের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা।’

উত্তরা ইউনিভার্সিটির অফিস অব অ্যাডমিশনের পরিচালক কাজী তারেক উল্যাহ বলেন, ‘এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার আমাদের একটি ঐতিহ্য। সময়ের সাথে তাল মিলিয়ে উত্তরা ইউনিভার্সিটি আধুনিক ও কর্মমুখী শিক্ষার প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের স্থায়ী ক্যাম্পাসের মনোরম পরিবেশ, আধুনিক সুযোগ-সুবিধা এবং যুগোপযোগী কারিকুলাম সম্পর্কে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অবহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। এছাড়া একই ছাদের নিচে শিক্ষার্থীদের সব ধরনের ভর্তি কার্যক্রম সহজে সম্পন্ন করাই আমাদের উদ্দেশ্য।’

আয়োজকরা জানান, মেলায় ৫টি স্কুলের অধীনে ইউনিভার্সিটির ১৪টি বিভাগের আলাদা স্টলের পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), রোভার স্কাউটসহ বিভিন্ন ক্লাবের স্টলও রাখা হয়েছে। মেলা চলাকালে ভর্তি হওয়া শিক্ষার্থীরা পাচ্ছেন ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ, তাৎক্ষণিক ভর্তির জন্য ‘ওয়ান-স্টপ সলিউশন’ সেবা এবং আকর্ষণীয় উপহারসামগ্রী।

মেলায় আসা শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিটি স্টলে উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম, একাডেমিক সুবিধা, গবেষণার সুযোগ, সহশিক্ষা কার্যক্রম, ক্যাম্পাস সংস্কৃতি এবং উত্তরা ইউনিভার্সিটির সামগ্রিক শিক্ষা পরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য, উপদেষ্টা, ট্রেজারার, রেজিস্ট্রার, কন্ট্রোলার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%