০৩:৪৮ পি.এম
কুমিল্লার মুরাদনগরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুন কারখানা পরিচালনার অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার সংচাইল গ্রামের মোমেন মিয়া (৫০) এবং মুরাদনগর উপজেলার কুলুবাড়ী গ্রামের মো. বিল্লাল (৫৩)। মামলার সূত্রে জানা যায়, বিজিডিসিএলের দেবিদ্বার শাখার ব্যবস্থাপক কাজী আবু ওবায়েদ গত মঙ্গলবার (১৬ জুন) মুরাদনগর থানায় মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, গত ছয় মাস ধরে কুলুবাড়ী-নবীনগর সড়কের পশ্চিম পাশে বিজিডিসিএলের ২ ইঞ্চি বিতরণ লাইনের সঙ্গে অবৈধভাবে সংযোগ নিয়ে একটি চুন কারখানা পরিচালনা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দুপুরে বাখরাবাদ গ্যাসের কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে অবৈধ সংযোগের বিষয়টি নিশ্চিত হয়। ওই সময় সংযোগের কাজে ব্যবহৃত চারটি উচ্চচাপ সহনশীল হোস পাইপ, চারটি ফোকাস বার্নার ভাল্ব এবং দুটি সার্ভিস টি জব্দ করা হয়। পরে অবৈধ গ্যাস সংযোগটি স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। মামলায় উল্লেখ করা হয়েছে, অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে গত ছয় মাসে গ্যাস বিল ও জরিমানা বাবদ মোট ১ কোটি ৬১ লাখ ২৪ হাজার ২২৪ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দায়ের করা মামলার ভিত্তিতে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন