ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

৮ অক্টোবর থেকে ইলিশ আহরণ ও কেনাবেচায় নিষেধাজ্ঞা


৮ অক্টোবর থেকে ইলিশ আহরণ ও কেনাবেচায় নিষেধাজ্ঞা

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে সরকার আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের অভ্যন্তরে ইলিশ আহরণ নিষিদ্ধ করেছে। এই সময়ের মধ্যে ইলিশ পরিবহন, মজুদ, বাজারজাত, কেনাবেচা ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, নিষেধাজ্ঞার সময় মা ইলিশ সংরক্ষণে দেশব্যাপী অভিযান পরিচালনা করা হবে। ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের সরকার ভিজিএফের আওতায় খাদ্য সহায়তা প্রদান করবে।

আরও পড়ুন: তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সভায় বলেন, "ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে মা ইলিশ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।" বরিশাল, চাঁদপুর ও ভোলাসহ ইলিশের প্রধান প্রজনন এলাকাগুলোতে নজরদারি ও অভিযান আরও জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

মন্ত্রী আরও বলেন, "নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে জেলা প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে।" প্রয়োজন হলে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নৌযান ও লজিস্টিক সহায়তা প্রদান করা হবে।

অবৈধভাবে ধরা ইলিশ যাতে বাজারজাত করা না যায়, সেজন্য বরফকল, আড়ত ও বাজারেও নজরদারি বাড়ানোর নির্দেশনা দেন মন্ত্রী। চাঁদপুর মোহনাসহ ইলিশের প্রজননক্ষেত্রগুলোতে অবৈধ জাল অপসারণে কঠোর অভিযান পরিচালনার কথাও বলেন তিনি।

 

আরও পড়ুন: জাতীয় নিরাপদ সড়ক দিবসে চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও বিনা মূল্যে চশমা বিতরণ শুরু

মন্ত্রী বলেন, "কোনো অবস্থাতেই নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা বা বাজারজাত করার সুযোগ দেওয়া হবে না।" মা ইলিশ সংরক্ষণে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে আগামী মৌসুমে ইলিশের উৎপাদন আরো বাড়বে।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ইলিশের উৎপাদন দিন দিন কমে যাওয়ার কারণ গবেষণার মাধ্যমে খুঁজে বের করতে হবে। কোথায় দুর্বলতা বা কার্যক্রমে ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অবৈধ জাল বন্ধের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নিষিদ্ধ জাল উৎপাদন ও বিক্রি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে জেলে প্রতিনিধিদেরও এসব জাল না কেনার বিষয়ে জেলেদের সচেতন করতে হবে। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের দেওয়া সরকারি সহায়তা যেন প্রকৃত জেলেদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে তদারকি বাড়ানোর কথাও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, "ইলিশের উৎপাদন কমে যাওয়ায় বিদেশ থেকে মাছ আমদানি করতে হচ্ছে এটি উদ্বেগের বিষয়।" কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা চিহ্নিত করে সমন্বিতভাবে কাজ করতে হবে। ইলিশকে জাতীয় সম্পদ ও জিআই পণ্য হিসেবে রক্ষা এবং উৎপাদন বাড়াতে আগামীতে সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়া হবে।

আরও পড়ুন: দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে সাবেক এমপি কামারুল আরেফিনের মামলা

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. মীর হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন, র‍্যাব, কোস্টগার্ড, বিমান বাহিনী, নৌ পুলিশ, বিজিবি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় মৎস্যজীবী সমিতির প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘উইডোজ বে’ ১৪টি এমি পুরস্কার জিতে প্রতিষ্ঠা করলো একক আধিপত্য

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


‘উইডোজ বে’ ১৪টি এমি পুরস্কার জিতে প্রতিষ্ঠা করলো একক আধিপত্য

২০২৬ সালের এমি অ্যাওয়ার্ডসে অসাধারণ সাফল্য প্রদর্শন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে অ্যাপল টিভির নতুন হরর কমেডি সিরিজ ‘উইডোজ বে’। প্রাইমটাইম অনুষ্ঠান এবং ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ডসের মোট ১৯টি মনোনয়নের মধ্যে ১৪টি বিভাগে ট্রফি জিতে এবারের আসরে একক আধিপত্য প্রতিষ্ঠা করেছে সিরিজটি।

অভিষেকের প্রথম বছরে ‘উইডোজ বে’ মর্যাদাপূর্ণ সেরা কমেডি সিরিজের খেতাব অর্জন করে। সিরিজটির পাশাপাশি এর অভিনয়শিল্পী এবং কলাকুশলীরাও একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার নিজেদের ঝুলিতে পুরেছেন।

সিরিজটিতে অসাধারণ অভিনয়ের জন্য সেরা কমেডি অভিনেতার সম্মাননা লাভ করেছেন ম্যাথিউ রাইস। এই জয়ের মাধ্যমে তিনি একই অনুষ্ঠানে দুটি ভিন্ন ক্যাটাগরিতে প্রধান অভিনেতার পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেন। সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে কেট ও'ফ্লিন এবং সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে স্টিফেন রুটও এমির ট্রফি অর্জন করেন।

অভিনয়ের পাশাপাশি, এর পেছনের কারিগররাও সম্মানিত হয়েছেন—সেরা চিত্রনাট্যকার হিসেবে নির্মাতা কেটি ডিপোল্ড এবং সেরা পরিচালক হিসেবে হিরো মুরাই বিজয়ীর মুকুট পরেছেন। হরর ও কমেডির অনন্য মিশ্রণে নির্মিত এই সিরিজটি প্রথম আসর থেকেই টেলিভিশন অঙ্গনে নতুন এক ইতিহাস রচনা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৮ মিনিটে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের প্রবেশপথের সামনে এই বিস্ফোরণ ঘটে। তবে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছেন, কে বা কারা ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটিয়েছে, সেটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার পর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাত নেতাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মামলার সব আসামিই বর্তমানে পলাতক।

 

মামলাটিতে গত ১৮ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। পরে সোমবার (১৪ সেপ্টেম্বর) রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়।

রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও বিচারপতিদের প্রবেশপথের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আদালত প্রাঙ্গণে চাঞ্চল্য তৈরি হয়। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। এ ঘটনায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা

বার্সেলোনা একটি রাজনৈতিক ও কাঠামোগত সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার মাধ্যমে তারা নিজেদের সেরা তরুণ তারকা লামিন ইয়ামালের পেছনে দৃঢ়ভাবে দাঁড়াতে চায় আসন্ন ব্যালন ডি’অর অনুষ্ঠানের প্রেক্ষাপটে। এই স্প্যানিশ উইঙ্গারকে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারের মূল দাবিদার হিসেবে তুলে ধরার জন্য কাতালান ক্লাবটি একটি বড় ধরনের জনসংযোগ ও প্রচারকৌশল গ্রহণ করতে যাচ্ছে।

জনপ্রিয় স্প্যানিশ টেলিভিশন শো ‘এল চিরিংগিতো দে জুগোনেস’-এ সাংবাদিক হোসে আলভারেজের একটি বিশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের পক্ষে জনমত এবং বিশ্ব ফুটবলের সমর্থন জোরালো করার জন্য বার্সেলোনা বোর্ডের উচ্চপর্যায় থেকে বেশ কিছু কৌশলগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে ক্লাবের শীর্ষ কর্মকর্তা, কোচ এবং প্রভাবশালী ব্যক্তিবর্গ ইয়ামালের পক্ষে প্রকাশ্যে সমর্থন জানাতে শুরু করবেন, যাতে ব্যালন ডি’অরের রেসে তার অবস্থান অন্য যেকোনো প্রতিদ্বন্দ্বীর তুলনায় শক্তিশালী হয়ে ওঠে।

২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা হবে আগামী ২৬ অক্টোবর, সোমবার, ইংল্যান্ডের লন্ডনের ঐতিহ্যবাহী ‘লন্ডন প্যালানিয়াম’ থিয়েটারে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত: ডা. জাহেদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত: ডা. জাহেদ

স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণের বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি জানান, ‘নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের জন্য যে সময়সূচি প্রকাশ করেছে, সেটি পরিবর্তন, পিছিয়ে দেওয়া অথবা এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে, যা সরকারের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।’

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

জাহেদ উর রহমান আরও বলেন, ‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উল্লেখ করেছেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য সরকারের পক্ষ থেকে কোনো নির্ধারিত সময়সীমা নেই। নির্বাচন কমিশন তাদের নিজস্বভাবে একটি তারিখ ঘোষণা করেছে। সরকারের কাছে যে তথ্য রয়েছে, সেটি প্রতিমন্ত্রীর বক্তব্যের ভিত্তিতে গ্রহণ করা হবে।’

তিনি উল্লেখ করেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন পরিচালনার জন্য সরাসরি সাংবিধানিক দায়িত্ব পালন করে। অন্যান্য নির্বাচনগুলো আইন অনুযায়ী নির্বাচন কমিশনকে সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালনা করতে হয়। স্থানীয় সরকার নির্বাচনও এই কাঠামোর অন্তর্ভুক্ত।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি নিয়ে সরকারের সঙ্গে কমিশনের মধ্যে কোনো ‘গ্যাপ’ সৃষ্টি হয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘এটি সংঘাত বা গ্যাপ হিসেবে দেখার কোনো কারণ নেই। নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ সরকারের সঙ্গে আলোচনা করে পরিবর্তিত হতে পারে।’

তিনি আরও উল্লেখ করেন, সংসদ নির্বাচনের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। সংসদের মেয়াদ শেষ হওয়ার সময়ে নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী তাদের নিজস্ব এখতিয়ারে নির্বাচন আয়োজন করবে। তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%