ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু


হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আজ শুক্রবার হাম সম্পর্কিত নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রেস বিজ্ঞপ্তিতে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত শিশুদের মধ্যে ঢাকা, হবিগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা রয়েছে।

আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৪।

এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জনের মৃত্যু হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২০১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৫ হাজার ৮৩৩ জনে। একই সময়ে ৬৪ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ১৫ জন।

আরও পড়ুন: দিল্লিতে জাতীয় পতাকা হাতে মিছিলের প্রস্তুতিতে অভিজিৎ দীপকেকে আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনের ব্যবসায়ীরা বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের বড় সম্ভাবনা দেখছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


স্পেনের ব্যবসায়ীরা বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের বড় সম্ভাবনা দেখছেন

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ : স্পেনের ব্যবসায়ী ও উদ্যোক্তারা বাংলাদেশে বস্ত্র, ওষুধ, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, এগ্রি-বিজনেস, তথ্যপ্রযুক্তি, লজিস্টিকস এবং ভোগ্যপণ্য খাতে বিশাল বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা দেখছেন।

আজ বৃহস্পতিবার স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত ‘বাংলাদেশ: এ স্ট্র্যাটেজিক পার্টনার ইন দ্য গ্লোবাল ইকোনমি’ শীর্ষক সেমিনারে মাদ্রিদ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট অ্যাঞ্জেলো আসেন্সিয়ো বাংলাদেশে বাজারের সম্ভাবনা তুলে ধরেন।

অ্যাঞ্জেলো আসেন্সিয়ো বাংলাদেশকে এশিয়ার অন্যতম উদীয়মান ও গুরুত্বপূর্ণ বাজার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দেশটি (বাংলাদেশ) টেকসই প্রবৃদ্ধি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

মাদ্রিদ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জানান, ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার। ২০২৫ সালে এর বাণিজ্যের আকার ছিলো প্রায় ২৩ দশমিক ৩ বিলিয়ন ইউরো।

সেমিনারে বাংলাদেশে সবুজ বিনিয়োগের (গ্রিন ইনভেস্টমেন্ট) সম্ভাবনার বিষয়ে তিনি আরও বলেন, ২০১৮ থেকে ২০৩০ মেয়াদে বাংলাদেশে গ্রিন বিল্ডিং, ট্রান্সপোর্ট, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, অবকাঠামো এবং বর্জ্যব্যবস্থাপনা খাতে প্রায় ১৭২ বিলিয়ন ডলারের ’গ্রিন ইনভেস্টমেন্টে’র সুযোগ রয়েছে। এ সময়, রপ্তানি বহুমুখীকরণকে বাংলাদেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ এবং সম্ভাবনা হিসেবেও উল্লেখ করেন মাদ্রিদ চেম্বারের প্রেসিডেন্ট।

বাংলাদেশে বিনিয়োগের জন্য ইউরোপের ব্যবসায়ীদের আহ্বান জানান এফবিসিসিআই’র প্রশাসক মো. ফজলুল হক। তিনি বলেন, বর্তমান সরকার বৈদেশিক বিনিয়োগকে উৎসাহিত করছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, লজিস্টিকস, অবকাঠামো খাতে বিনিয়োগকারীদের বিনামূল্যে জমি প্রদানের মতো বড় সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে, যেখানে থেকে সরকার নির্দিষ্ট মূল্যে বিদ্যুৎ ক্রয় করতে পারবে।

সেমিনারে স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইউরোচ্যাম বাংলাদেশের প্রেসিডেন্ট নুরিয়া লোপেজ, আন্তর্জাতিক বাণিজ্য পরামর্শক পাবলো আরাউজো, মলিন্স-এর এশিয়া ও আফ্রিকার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তারেক এলবা এবং রিকভার-এর সাস্টেইনেবিলিটি বিভাগের গ্লোবাল ডিরেক্টর আনা রোডেস।

অনুষ্ঠানে এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীরসহ স্পেনে সফররত এফবিসিসিআই’র ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্যবৃন্দ, মাদ্রিদ চেম্বার অব কমার্সের প্রতিনিধিবৃন্দ, ইউরোচ্যাম বাংলাদেশের প্রতিনিধিবৃন্দও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, শিল্প-সংযোগ স্থাপন এবং সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের লক্ষ্যে গত ২৩ সেপ্টেম্বর ১১ দিনের সফরে ইউরোপ গেছে এফবিসিসিআই’র একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। ২৬ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন এফবিসিসিআই‘র প্রশাসক মো. ফজলুল হক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ পার্বত্য মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


মাদক ও সীমান্ত অপরাধ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ পার্বত্য মন্ত্রীর

কক্সবাজার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, "মাদক সমস্যা, সীমান্ত অপরাধ ও শরণার্থী কেন্দ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।"

আজ শুক্রবার কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক সৌজন্য মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের পারস্পরিক ভৌগোলিক ও সামাজিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি মাস্টারপ্ল্যান অনুযায়ী কক্সবাজারকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পার্বত্য মন্ত্রী বলেন, "কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম একই সুতোয় গাঁথা।" তিনি আরও বলেন, "কক্সবাজার ও বান্দরবানসহ দেশের পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে এবং দেশ-বিদেশে বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হবে।" এছাড়া কক্সবাজারের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটনসহ বিভিন্ন খাতে উন্নয়নের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রোহিঙ্গা শরণার্থীদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, "রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশ মাদক কারবার, চোরাচালান, নারী ও অবৈধ অস্ত্র পাচারের মতো অপরাধে জড়িয়ে পড়ছে।" তিনি এসব সংকট নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সমন্বয়ে একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পেশ করার কথা বলেন। একইসাথে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সহযোগিতায় স্থানীয় সমস্যাগুলোর স্থায়ী সমাধান করা হবে বলেও জানান তিনি।

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বান্দরবান সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী, বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম জাফরসহ স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিকেরা বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্তুগাল ও নরওয়ের জয়, জার্মানি ড্র করেছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


পর্তুগাল ও নরওয়ের জয়, জার্মানি ড্র করেছে

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ : উয়েফা নেশনস লিগের শিরোপা ধরে রাখার লক্ষ্যে পর্তুগাল তাদের অভিযান শুরু করেছে জয় দিয়ে। গত রাতে গ্রুপ-এ৪-এর প্রথম ম্যাচে ওয়েলসকে ১-০ গোলে পরাজিত করে পর্তুগাল।

একই গ্রুপের আরেকটি ম্যাচে আর্লিং হালান্ডের দুই গোলের সুবাদে নরওয়ে ৩-২ ব্যবধানে ডেনমার্ককে পরাজিত করেছে।

অন্যদিকে, গ্রুপ-এ২-এ নিজেদের প্রথম ম্যাচে জার্মানি নেদারল্যান্ডসের সাথে ১-১ গোলে ড্র করেছে।

লিসবনে ম্যাচের শুরুতে পর্তুগালের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো দু’বার গোলের সুযোগ হাতছাড়া করেন। গোল না পেয়ে হতাশ হলেও, ২২ মিনিটে ওয়েলসের জালে প্রথম বল পাঠান পর্তুগাল।

নুনো মেন্ডেসের পাসে বল পেয়ে আল নাসরের স্ট্রাইকার ফেলিক্স নিচু শটে গোল করে পর্তুগালকে ১-০ গোলে এগিয়ে নেন। এই ব্যবধান নিয়ে প্রথমার্ধ শেষ করে পর্তুগাল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনালদো ব্যবধান বাড়ানোর সুযোগ পান। রুবেন নেভেসের ক্রসে বল পেয়ে তিনি ক্রসবারের ওপর দিয়ে শট মারেন।

৫৯ মিনিটে রোনালদো গোল করার পর পর্তুগালকে ২-০ গোলে এগিয়ে দেন, কিন্তু রেফারি অফসাইডের কারণে গোলটি বাতিল করেন।

৬৬ মিনিটে ওয়েলস গোলরক্ষক রোনালদোর শট প্রতিহত করেন। পরের মিনিটে পর্তুগাল কোচ জর্জ জেসুস রোনালদোকে তুলে নেন। শেষ পর্যন্ত পর্তুগাল ১-০ গোলে ম্যাচটি জিতে নেয়।

পর্তুগাল-ওয়েলস ম্যাচে যেখানে একটি মাত্র গোল হয়েছে, সেখানে একই গ্রুপের নরওয়ে-ডেনমার্ক ম্যাচে ৫টি গোল হয়েছে।

অসলোতে ১৪ মিনিটে নরওয়ে প্রথম গোলটি করে। মার্টিন ওডেগার্ডের পাস থেকে গোল করেন অস্কার বব।

এই গোলের পরপরই ১৮ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় নরওয়ে। আন্তোনিও নুসার সহায়তায় ম্যানচেস্টার সিটির হালান্ড জোরালো শটে গোল করেন।

২৫ মিনিটে ডেনমার্ক ব্যবধান কমায়। ফ্রি কিক থেকে নরওয়ের গোলরক্ষক অরিয়ন নাইল্যান্ডকে পরাস্ত করে গোল করেন মিকেল ডামসগার্ড।

৬০ মিনিটে ডেনমার্ক ২-২ সমতা ফেরায়। কর্নার থেকে নরওয়ের গোলরক্ষক ওরজান নাইল্যান্ডের প্রতিহত করা হেডের ফিরতি বলে গোল করেন রাসমাস হোলান্ড।

ম্যাচে ২-২ সমতা ফেরানোর পর নরওয়ে আবারও এগিয়ে যেতে মরিয়া হয়ে উঠে। ৭৪ মিনিটে হালান্ড ওডেগার্ডের কাটব্যাক থেকে গোল আদায় করে নেন। ফলে নরওয়ে ৩-২ গোলে এগিয়ে যায়। এই ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে।

এদিকে, আমস্টারডামের ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩২ মিনিটে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল হজম করে জার্মানি জয় পেতে পারেনি।

৩২ মিনিটে জার্মানির হয়ে গোল করেন ফেলিক্স নেমচা। ১-০ গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ করার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল জার্মানি।

কিন্তু ৯২ মিনিটে রুবেন ফন বোমেলের ক্রস থেকে ভলিতে বল জালে পাঠান কডি গাকপো। ফলে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান গেমসে সার্ফিংয়ে ফাতেমা হিটে তৃতীয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


এশিয়ান গেমসে সার্ফিংয়ে ফাতেমা হিটে তৃতীয়

এশিয়ান গেমস ২০২৬ উইমেন্স শর্টবোর্ড সার্ফিংয়ে বাংলাদেশের ফাতেমা আক্তার তৃতীয় স্থান অধিকার করে হিটটি শেষ করেছেন।

শুক্রবার জাপানের লং বিচে অনুষ্ঠিত রাউন্ড ১-এর ২ নম্বর হিটে ফাতেমা মোট ২.৯২ পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থানে অবস্থান করেন।

হিটের মধ্যে ফাতেমা তার একটি ওয়েভ থেকে সর্বোচ্চ ২.৫০ পয়েন্ট সংগ্রহ করেন। তার দ্বিতীয় স্কোরিং ওয়েভটিতে তিনি ০.৮৩ পয়েন্ট পেলেও, নিয়ম অনুযায়ী 'ইন্টারফেয়ারেন্স পেনাল্টি'-র (পেনাল্টি ১) কারণে সেই স্কোরটি ০.৪২-তে নেমে আসে। ফলে, তিনি পিছিয়ে পড়েন। সেরা দুটি ওয়েভের সম্মিলিত পয়েন্ট ২.৯২ হয়।

এই হিটে ৭.৭৩ পয়েন্ট (৪.০০ এবং ৩.৭৩) নিয়ে শীর্ষস্থানে ছিলেন চীনের প্রতিযোগী জিন শুহান। অন্যদিকে, ৫.০৩ পয়েন্ট (২.৭৩ এবং ২.৩০) নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন ইন্দোনেশিয়ার হেয়ার কিয়া জো।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%