বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং
১০:৩৬ পি.এম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে কুমিল্লার মুরাদনগর ও বাঙ্গরা বাজার উপজেলায় নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দুই উপজেলার অন্তর্ভুক্ত ২২টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দলের পক্ষে লড়তে ইচ্ছুক সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচনে প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার নেবেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট ওবায়দুল হক সিদ্দিকী ফেসবুক পোস্টের মাধ্যমে দলের এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সাক্ষাৎকার পর্বটি আগামী ২৬ অক্টোবর ২০২৬, সোমবার বিকেল ৩টায় বাঙ্গরা বাজার উপজেলার আকুবপুর ইউনিয়নের আমতলী বাজারসংলগ্ন এনসিপির কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্বয়ং উপস্থিত থেকে প্রার্থীদের যোগ্যতা ও জনসম্পৃক্ততা যাচাই করবেন, যাতে দলীয় সমর্থন প্রত্যাশীদের মনোনয়ন প্রক্রিয়া স্বচ্ছ ও গতিশীল হয়।
মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত হওয়ার সময় তাঁদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), রাজনৈতিক পরিচয় এবং নিজ নিজ এলাকার জন্য তৈরি করা জনবান্ধব কর্মসূচির বিস্তারিত রূপরেখা সঙ্গে আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এদিকে, সাক্ষাৎকার প্রক্রিয়ার বিষয়ে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রার্থীদের রাজনৈতিক পরিচয় ছাড়াও স্থানীয় জনগণের সঙ্গে তাঁদের অতীত সম্পৃক্ততা, সততা এবং এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে তাঁদের বাস্তবমুখী পরিকল্পনাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা হবে। তরুণ ও ত্যাগী নেতৃত্বকে সামনে এনে প্রত্যেকটি ইউনিয়নে একটি মডেল ইউনিয়ন পরিষদ উপহার দেওয়াই দলের মূল লক্ষ্য।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এনসিপির এই আনুষ্ঠানিক ও সুশৃঙ্খল প্রার্থী বাছাইয়ের উদ্যোগকে মুরাদনগর ও বাঙ্গরার রাজনৈতিক অঙ্গনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন জেলার রাজনৈতিক বিশ্লেষকরা।
সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির এ ধরনের কার্যক্রমের মাধ্যমে মাঠপর্যায়ে সৎ ও যোগ্য প্রার্থী উঠে আসার পথ সুগম হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তাব্যবস্থা তদারকির জন্য ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলার শতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত তিনি ঢাকা, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জসহ বিভিন্ন জেলার পূজামণ্ডপ পরিদর্শন করেন। বুধবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজা শেষ হওয়ার পর বৃহস্পতিবার গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করেছে ঢাকা রেঞ্জ পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রেঞ্জের ১৩ জেলায় ৭ হাজার ৬২১টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে ৯ হাজার ৬৫৩ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পূজামণ্ডপগুলোকে তিন শ্রেণিতে ভাগ করে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে ১ হাজার ৩৯৯টি পূজামণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ, ২ হাজার ৪৪০টি পূজামণ্ডপকে গুরুত্বপূর্ণ এবং ৩ হাজার ৭৮২টি পূজামণ্ডপকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ঢাকা রেঞ্জে পূজামণ্ডপের সংখ্যা ছিল ৭ হাজার ২৫২টি। চলতি বছরে তা বেড়ে ৭ হাজার ৬২১টিতে দাঁড়িয়েছে। এক বছরের ব্যবধানে পূজামণ্ডপের সংখ্যা ৩৬৯টি বেড়েছে, যা প্রায় ৫ দশমিক ১ শতাংশ।
পূজার নিরাপত্তায় দায়িত্ব পালনকারী ৯ হাজার ৬৫৩ জন পুলিশ সদস্যের মধ্যে ৪৬৭ জন সাদাপোশাকে এবং ৯ হাজার ১৮৬ জন পোশাকে দায়িত্ব পালন করেন। এ ছাড়া আট প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং পাঁচ প্লাটুন রিজার্ভ ফোর্সের সদস্যদেরও দায়িত্বে রাখা হয়েছিল।
ঢাকা রেঞ্জ পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ মণ্ডপে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি এবং প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা ঠেকাতে সাইবার নজরদারি চালানো হয়েছে।
পূজামণ্ডপে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা, ইভ টিজিং ও মাদক সেবন প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ এবং অগ্নিকাণ্ডসহ জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের ব্যবস্থা ছিল নিরাপত্তা কার্যক্রমের অংশ। প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত রুট অনুসরণ, বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো এবং ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও নৌ পুলিশের প্রস্তুতির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি রেঞ্জ ডিআইজি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করেন। পূজা উদ্যাপন কমিটি, বিভিন্ন ধর্মের গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
ঢাকা রেঞ্জ পুলিশের ভাষ্য অনুযায়ী, পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা জোরদার, নিয়মিত তদারকি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতিতে এবারের দুর্গাপূজার পরিবেশ আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন পূজা উদ্যাপন কমিটির সদস্য, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চীনের তিব্বত অঞ্চলে একটি সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভারতীয় সময় রাত ৮টা ৩ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয় বলে তথ্য প্রদান করেছে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি)।
তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উত্তর তিব্বতের নাগকুতে, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে অবস্থিত। এর মাত্র কয়েক মিনিট পর, রাত ৮টা ২৯ মিনিটের দিকে চীনের অরুণাচল প্রদেশ থেকে প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে আরেকটি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এই ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫ কিলোমিটার।
আগস্ট মাসে নেপাল-তিব্বত সীমান্ত অঞ্চলে বিধ্বংসী আকস্মিক বন্যা ও ভূমিধসে ১ হাজার ৪শ জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছিল, তার কয়েক সপ্তাহ পরেই এই ভূমিকম্পগুলো সংঘটিত হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুর্গাপূজা এবং টানা পাঁচ দিনের ছুটিতে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ থাকার জন্য পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান পুলিশ সদস্যদের এবং সর্বস্তরের জনগণের প্রতি ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, দীর্ঘ ছুটির সময় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছে। জনগণের সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, দীর্ঘ ছুটির সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। এ সময় আইনশৃঙ্খলাজনিত কোনো দুর্ঘটনা না ঘটায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি। একই সঙ্গে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য, স্থানীয় জনগণ, পর্যটকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
তবে হিমছড়িতে গোসলের সময় অসাবধানবশত ৪ পর্যটক নিহত এবং ১ পর্যটক নিখোঁজ হওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।
পুলিশ সুপার বলেন, কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো অপরাধের ঘটনা ঘটলে বিভ্রান্তি না ছড়িয়ে প্রকৃত তথ্য যাচাই করে প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে, কক্সবাজারের ঈদগাঁওয়ে হিমছড়ি ঢালারমুখ সড়কের মাথায় ডাকাতির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার হেফাজত থেকে লুণ্ঠিত ৭ হাজার ২৩০ টাকা এবং ডাকাতিতে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আটজন ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর দুপুরে মুখোশধারী একদল ডাকাত ঈদগাঁও-ঈদগড় সড়কে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা, টমটম এবং মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে। এ ঘটনায় ২১ অক্টোবর রাতে ঈদগাঁও ইউনিয়নের মধ্যম শিয়াপাড়া এলাকা থেকে মোহাম্মদ রায়হান (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
থাই ভিসার আবেদন এবং ভিসার পেমেন্ট সুবিধা তিন দিন বন্ধ রাখা হবে। ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাস বৃহস্পতিবার (২২ অক্টোবর) একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে থাইল্যান্ডগামী যাত্রীদের জন্য এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দূতাবাসের অভ্যন্তরীণ সার্ভার রক্ষণাবেক্ষণের কারণে আগামী ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত থাই ই-ভিসা এবং পেমেন্ট সিস্টেমের সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। নোটিশ অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে সেবা পুনরায় চালু হবে।
দূতাবাস জানিয়েছে, এই সময়ে যারা থাইল্যান্ড ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের উচিত ভিসা আবেদন এবং পেমেন্টের বিষয়টি পূর্বে পরিকল্পনা করে রাখা, যাতে যাত্রার তারিখের আগে পর্যাপ্ত সময় থাকে। সাময়িক এই অসুবিধার জন্য দূতাবাস দুঃখ প্রকাশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ