০৪:২৫ পি.এম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হলে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার এবং বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সেই উদ্যোগ গ্রহণ করবে।
শনিবার (২১ নভেম্বর) রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এর আগে, জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের নামে রংপুর স্টেডিয়ামের নামকরণ করে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ এবং নতুন ইনডোর স্টেডিয়াম ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম এবং তার দুই ভাই উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে মীর শাহে আলম বলেন, পরাজিত, পতিত এবং পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক, ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে। তাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই। তিনি আরও মন্তব্য করেন যে, আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে।
আরও পড়ুন: সশস্ত্র বাহিনী দিবসে নয়াপল্টনে বিএনপির র্যালি, শহীদ জিয়াকে স্মরণ
প্রতিমন্ত্রী বলেন, দু-একটি থানা পুড়িয়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আবার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না। বর্তমান সরকার মানবিক ও দায়িত্বশীল বলেই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে এর অর্থ এই নয় যে সরকার দুর্বল।
রংপুর স্টেডিয়ামের নাম পরিবর্তনের বিষয়ে মীর শাহে আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ও স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় করে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, স্টেডিয়ামটি শুধু ক্রীড়ার স্থান নয়, সাহস, আত্মত্যাগ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবেও পরিচিত হবে।
রংপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, স্টেডিয়ামটিতে আন্তর্জাতিক মানের খেলাধুলা আয়োজনের উপযোগী পরিবেশ তৈরি করতে প্রয়োজনীয় উন্নয়নকাজ করা হবে। তিনি জানান, রংপুরের উন্নয়নে ইতিমধ্যে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া, বৃহত্তর উত্তরাঞ্চলের অবকাঠামো ও সার্বিক উন্নয়নের জন্য সাড়ে ৫ হাজার কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মীর শাহে আলম বলেন, সারা দেশে অগ্নিসংযোগ বা সহিংসতা চলছে না। তিনি জানান, একটি নির্দিষ্ট জেলায় বিচ্ছিন্নভাবে এ ধরনের ঘটনা ঘটছে। সামগ্রিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: নড়াইলে কালিয়ায় ‘অগ্নিসংযোগ-লুটপাটের’ ঘটনায় পুলিশ বলছে মিথ্যা অভিযোগ
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে স্থানীয় বিএনপি রেজল্যুশনের মাধ্যমে কোনো প্রার্থীকে সমর্থন দিতে পারবে। তিনি সতর্ক করেন যে, দলের সিদ্ধান্ত ও সমর্থনের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামছুজ্জামান শামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মু. মাহবুবুর রশিদ, জেলা প্রশাসক ইসরাত জাহান এবং পুলিশ সুপার মোজাম্মেল হকসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন