ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি


সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

হুথিরা সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে। এছাড়া, দেশটির পূর্বাঞ্চলে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দুটি ড্রোন ধ্বংসের দাবি করেছে। একই সময়ে, বাহরাইনে সম্ভাব্য নিরাপত্তা হুমকির কারণে সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানান, হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদ লক্ষ্য করে আসছিল। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো শনাক্ত করে ধ্বংস করেছে।

এদিকে, পূর্বাঞ্চলে আরো দুটি ড্রোন ধ্বংসের খবর জানিয়েছেন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি। এক ঘণ্টারও কম সময়ের ব্যবধানে তিনি দুটি পৃথক পোস্টে এ তথ্য প্রকাশ করেন।

আরও পড়ুন: ইতালি মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে

রাজধানী রিয়াদে সম্ভাব্য বিপদের বিষয়ে জরুরি সতর্কতা জারি করেছিল সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। পরে, পৃথক এক বার্তায় সংস্থাটি জানায় যে, বিপদের আশঙ্কা কেটে গেছে। তবে বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, কোথাও জড়ো না হওয়া এবং ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্কতা জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দেশটির নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। জননিরাপত্তার স্বার্থে সরকারি সূত্র থেকে প্রকাশিত খবর অনুসরণ করতেও বলা হয়েছে।

তবে বাহরাইনে কী ধরনের হুমকির আশঙ্কা করা হচ্ছে, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এএম

আরও পড়ুন: উইলিয়াম ও কেট তিন দিনের সফরে ভারত যাচ্ছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টুখেলকে বলে দিন, স্পেনে বর্ণবাদ নেই: কোচ ফুয়েন্তে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৩ এম


টুখেলকে বলে দিন, স্পেনে বর্ণবাদ নেই: কোচ ফুয়েন্তে

স্পেনের ফুটবলে বর্ণবাদের অস্তিত্ব নিয়ে উদ্বেগ উড়িয়ে দিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। রোববার ইংল্যান্ডের বিপক্ষে মাদ্রিদে অনুষ্ঠিতব্য উয়েফা নেশনস লিগ ম্যাচের আগে তিনি এ মন্তব্য করেন।

ইংল্যান্ডের কোচ থমাস টুখেল জানিয়েছেন, লিগ ‘এ’-এর গ্রুপ ৩-এর শীর্ষস্থান নির্ধারণী এই ম্যাচের আগে তিনি খেলোয়াড়দের উয়েফার বর্ণবাদবিরোধী প্রটোকল সম্পর্কে স্মরণ করিয়ে দেবেন। যদিও তিনি জোর দিয়ে বলেছেন যে, কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন না। তবে ইংল্যান্ডের জন্য এটি ২০০৪ সালের পর মাদ্রিদে প্রথম ম্যাচ। সেবার সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে ইংল্যান্ডের খেলোয়াড়দের উদ্দেশে বর্ণবাদী স্লোগান পরিস্থিতিকে কলঙ্কিত করেছিল।

স্পেনে বর্ণবাদ মোকাবেলায় কাজ বাকি আছে কি না, এমন প্রশ্নের উত্তরে দে লা ফুয়েন্তে বলেন, “আমি আপনাকে যা বলব, টমাসকেও তা বলতে পারেন, স্পেনে কোনো বর্ণবাদ নেই।

“একেবারে পরিষ্কার কথা। যেমন ইংল্যান্ডে বর্ণবাদ নেই, তেমনি স্পেনেও নেই। আমরা কেউই বর্ণবাদী নই।”

তবে গত মাসেই বার্সেলোনায় মিসরের বিপক্ষে এক ম্যাচে মুসলিমদের বিরুদ্ধে ইসলামবিদ্বেষী ও বিদেশিবিদ্বেষী স্লোগান দেওয়ায় স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে জরিমানা করা হয় এবং স্টেডিয়ামের একটি অংশ আংশিকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

স্প্যানিশ ঘরোয়া ফুটবলেও বর্ণবাদের ঘটনা আলোচিত। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র দীর্ঘদিন ধরে বর্ণবাদবিরোধী প্রচারণা চালিয়ে আসছেন। তিনি বহুবার বর্ণবাদী গালিগালাজের শিকার হয়েছেন। ২০২৪ সালে ভ্যালেন্সিয়ার তিন সমর্থককে ভিনিসিয়ুসকে অপমান করার দায়ে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

বৈষম্যমূলক আচরণ চলতে থাকলে উয়েফার তিন ধাপের প্রটোকল অনুযায়ী রেফারি প্রথমে খেলা থামাতে পারেন, পরে খেলোয়াড়দের মাঠ থেকে সাময়িকভাবে সরিয়ে নিতে পারেন এবং পরিস্থিতির উন্নতি না হলে ম্যাচ পরিত্যক্তও ঘোষণা করতে পারেন।

টুখেল শুক্রবার বলেন, “মাদ্রিদে এমন ঘটনার নজির থাকায় আমরা হয়তো পাঁচ মিনিট সময় নিয়ে খেলোয়াড়দের প্রটোকল সম্পর্কে মনে করিয়ে দেব। যদি এমন কিছু ঘটে, তাহলে আমাদের জবাব মাঠেই দেওয়া হবে। সবচেয়ে ভালো উত্তর আসে পারফরম্যান্সের মাধ্যমে।”

তবে শনিবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে আবার প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি কখনও স্পেনে বর্ণবাদ নিয়ে কথা বলিনি।

“আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, যদি এমন কিছু ঘটে তাহলে কী হবে। আমি শুধু বলেছি, এমন পরিস্থিতির জন্য একটি প্রটোকল আছে। এটাই সব।

“আমার বিশ্বাস, স্টেডিয়ামে বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকবে। স্বভাবতই দর্শকরা স্পেনের পক্ষে থাকবে, আর ফুটবলের কাজই হলো মানুষকে একত্র করা, বিভক্ত করা নয়।”

ইংল্যান্ডের মিডফিল্ডার ডেকলান রাইস বলেন, “আগে মন্টিনিগ্রো ও বুলগেরিয়ায় আমি এমন অভিজ্ঞতার মধ্যে পড়েছি এবং তখন প্রটোকল অনুসরণ করে আমরা মাঠ ছেড়েছিলাম। এ বিষয়ে আমাদের দলের অবস্থান পরিষ্কার।

“এখন ২০২৬ সাল। ফুটবলে বর্ণবাদের কোনো জায়গাই থাকা উচিত নয়। এখনও এমন ঘটনা ঘটছে, সেটি সত্যিই হতাশাজনক।

“আমাদের বা তাদের কোনো খেলোয়াড় বর্ণবাদী আচরণের শিকার হোক, এমনটা আমি ভাবতেও চাই না। এটা ফুটবলের জন্য ভয়ংকর কলঙ্ক হবে।”

দে লা ফুয়েন্তে ম্যাচ প্রসঙ্গে বলেন, বর্তমানে বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে রয়েছে স্পেন ও ইংল্যান্ড। তবে তিনি মনে করেন, এক দলের খেলার ধরন আরেক দলের পক্ষে নকল করা সম্ভব নয়।

গেল গ্রীষ্মে স্পেন বিশ্বকাপ জিতেছে, আর ইংল্যান্ড সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে তৃতীয় স্থানে শেষ করে।

দে লা ফুয়েন্তে বলেন, “আমি স্প্যানিশ মডেলই পছন্দ করি। এটি খুব পরিচিত একটি ধারা এবং খেলোয়াড়রা এর সঙ্গে পুরোপুরি মানিয়ে নিয়েছে।

“ইংল্যান্ডের মডেলও খুব ভালো, কিন্তু সে ধরনের ফুটবল খেলতে হলে সেরকম খেলোয়াড় দরকার। ইংল্যান্ড স্পেনের মতো খেলতে পারবে না, আবার স্পেনও ইংল্যান্ডের মতো খেলতে পারবে না।”

তিনি বলেন, সাম্প্রতিক সাফল্যের কারণে এখন প্রতিপক্ষরা স্পেনকে হারাতে আগের চেয়ে অনেক বেশি মরিয়া।

তার ভাষায়, “এটি আমাদের দীর্ঘ সময়ের মধ্যে সেরা সময়। এখন সবাই অন্য সময়ের তুলনায় আমাদের হারাতে অনেক বেশি আগ্রাসী।”

স্প্যানিশ ফুটবলারদের বাজারমূল্য নিয়েও মন্তব্য করেন তিনি।

“আমাকে অবাক করে যে, ইংল্যান্ডে খেলোয়াড়দের পেছনে যে পরিমাণ অর্থ খরচ করা হয়, তার তুলনায় স্প্যানিশ ফুটবলারেরা খুব সস্তা।

“আমার মতে, তারা আরও ভালো। অবশ্য প্রত্যেক বাজার তাদের নিজস্ব মূল্য নির্ধারণ করে।”

তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে সতর্ক অবস্থান নেন স্প্যানিশ কোচ।

তিনি বলেন, “দেখা যাক সে শুরু থেকেই খেলবে কি না। তবে যদি মাঠে নামে, তাহলে ধরে নিতে হবে সে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে আ.লীগ নেতার প্রতিষ্ঠানকে গ্যাস অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৪ এম


ঝিনাইদহে আ.লীগ নেতার প্রতিষ্ঠানকে গ্যাস অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে এলপি গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের তুলনায় বেশি দামে বিক্রি করার অভিযোগে একটি বিক্রয় প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে কালীগঞ্জ পৌর শহরের মহিলা কলেজ এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানটির নাম ‘গ্যাস ঘর’, যা ঝিনাইদহ জেলায় বসুন্ধরা এলপি গ্যাসের ডিলারের অধীনে একটি বিক্রয় কেন্দ্র হিসেবে পরিচিত। এর মালিক কামাল আহমেদ বাবু, যিনি ‘গ্যাস বাবু’ নামেও পরিচিত। তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামি।

প্রশাসন ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সরকার নির্ধারিত ১২ কেজি ওজনের প্রতিটি এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য ২ হাজার ৬০ টাকা। কিন্তু ‘গ্যাস ঘর’ স্থানীয় ব্যবসায়ীদের কাছে প্রতিটি সিলিন্ডার ২ হাজার ৪০০ টাকায় বিক্রি করে আসছিল। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ স্থানীয়রা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক আটকে রেখে উপজেলা প্রশাসনকে অবগত করেন।

সংবাদ পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ জানান, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, জব্দকৃত ট্রাকে থাকা প্রায় ১৫০টি গ্যাস সিলিন্ডার তাৎক্ষণিকভাবে স্থানীয় ব্যবসায়ীদের কাছে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে। বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য আদায় রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে পুরুষদের বৃহৎ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৫ এম


নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে পুরুষদের বৃহৎ মিছিল

নারীর প্রতি সহিংসতা ও নারীবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে শত শত পুরুষ মিছিল করেছে। তাদের দাবি হলো, নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের আরও কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। প্রতিবাদ জানানোই যথেষ্ট নয়, বরং এ সমস্যা মোকাবিলায় পুরুষদের সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।

শনিবার দেশটির পার্লামেন্ট ভবনের সামনে ‘নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে পুরুষ’ শীর্ষক একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অনলাইনে কিশোর ও তরুণদের মধ্যে নারীবিদ্বেষী মনোভাব ছড়িয়ে পড়ার দীর্ঘদিনের উদ্বেগের প্রেক্ষিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকদের মতে, নারীবিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের শক্তিশালী অবস্থান তৈরি করা অত্যন্ত জরুরি। অনলাইনে ডানপন্থি ‘ম্যানোস্ফিয়ার’ নেটওয়ার্কের মাধ্যমে এই ধরনের মনোভাব ছড়ানো হচ্ছে। এটি বিভিন্ন অনলাইন ফোরাম ও প্রভাবশালীদের একটি বিস্তৃত নেটওয়ার্ক। এসব প্ল্যাটফর্মে পুরুষের শ্রেষ্ঠত্ব প্রচার এবং নারীবাদের প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর এ ধরনের প্রভাবশালীরা আরও উৎসাহিত হন। অনলাইনে নারীদের নিয়ে বিদ্রূপ ও হুমকি ছড়ানোর ক্ষেত্রেও তারা সক্রিয় হয়ে ওঠেন।

বার্নের বিক্ষোভের সহ-আয়োজক ক্রিস্টফ গোস্তেলি বলেন, ‘আমরা পুরুষেরাও সমস্যার অংশ। আর সমস্যাটি হলো নারী ও কুইয়ার জনগণের প্রতি সহিংসতা। এ কারণেই আমাদের অবস্থান নেওয়া জরুরি। আমাদের বলতে হবে, আমরা আর সমস্যার অংশ হতে চাই না; বরং সমাধানের অংশ হতে চাই।’

৪২ বছর বয়সী গোস্তেলি একজন সমাজকর্মী। ‘মেনার’ নামের একটি সংগঠনের সঙ্গে তিনি এই কর্মসূচির আয়োজন করেন।

এদিকে, গত জুনে জুরিখ বিশ্ববিদ্যালয় ও সুইজারল্যান্ডের পুরুষ ও পিতাদের বিভিন্ন সংগঠনের সমন্বয়কারী সংস্থা মেনকেয়ার একটি জরিপ প্রকাশ করে। জরিপে দেখা যায়, ১৮ থেকে ২৪ বছর বয়সি পুরুষ উত্তরদাতাদের অর্ধেকই পুরুষত্ব সম্পর্কে ‘সংকীর্ণ ও আধিপত্যভিত্তিক’ ধারণা পোষণ করেন। তাদের মধ্যে এমন উদ্বেগও রয়েছে যে সমাজে ‘প্রকৃত পুরুষেরা’ ক্রমেই প্রান্তিক হয়ে পড়ছেন।

জরিপের গবেষকেরা মনে করেন, সহিংসতাকে উৎসাহিত করে এমন পুরুষত্বের ধারণা নিয়ে সমাজজুড়ে ধারাবাহিক আলোচনা প্রয়োজন। তারা এ আলোচনা স্কুল থেকেই শুরু করার সুপারিশ করেছেন।

নারীর প্রতি অনলাইনে সহিংসতা ও হয়রানির ঝুঁকি নিয়েও উদ্বেগ রয়েছে সুইজারল্যান্ডের সরকারের। এ মাসের শুরুর দিকে এ বিষয়ে আয়োজিত একটি সম্মেলনে অংশ নেন দেশটির বিচারমন্ত্রী বিট ইয়ান্স।

গত ২ নভেম্বর দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, দেশটিতে সংঘটিত সহিংস অপরাধের পাঁচ ভাগের চার ভাগই পুরুষেরা করেন। ধর্ষণের ঘটনায় এ হার ৯৯ শতাংশ পর্যন্ত।

বিট ইয়ান্স বলেন, ‘সব পুরুষ এমন নন। কিন্তু আমাদের এটাও স্বীকার করতে হবে, প্রায় প্রতিবারই অপরাধী পুরুষ।’

তিনি আরো বলেন, ‘পুরুষের সহিংসতা প্রথম আঘাত দিয়ে শুরু হয় না; শুরু হয় অবমাননাকর মন্তব্য দিয়ে। পুরুষ হিসেবে আমাদের সবারই দায়িত্ব রয়েছে।’

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ২ সেনাসদস্যসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৫ এম


পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ২ সেনাসদস্যসহ নিহত ১০

পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে পৃথক সামরিক অভিযানে ফিতনা আল-হিন্দুস্তান গোষ্ঠীর আট সদস্য নিহত হয়েছেন। এই অভিযানে দুই সেনাসদস্যও প্রাণ হারিয়েছেন। নিহত সেনাদের মধ্যে একজন হলেন মেজর ওমর মিনহাস নাসির।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের কোলপুর, কারদাগাপ এবং নুশকির আশপাশে এসব অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহত আট সন্ত্রাসীর মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী ছিলেন।

আইএসপিআর আরও জানায়, টহলরত সামরিক যানবাহনের ওপর ড্রোন দিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এই হামলায় মেজর ওমর মিনহাস নাসির এবং হাবিলদার আদনান খান নিহত হন। মেজর ওমর মিনহাস নাসিরের বাড়ি চাকওয়ালে অবস্থিত। অপরদিকে, হাবিলদার আদনান খান কোটলি সাতিয়ানের বাসিন্দা।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। আইএসপিআর জানায়, দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি সম্পূর্ণরূপে নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলতে থাকবে।

এদিকে, অভিযানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আরও সন্ত্রাসী লুকিয়ে আছে কিনা, তা খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: সামা টিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%