০৯:১৫ পি.এম
গাইবান্ধার পলাশবাড়ীতে
নবনির্মিত ট্র্যাফিক পুলিশ অফিসের উদ্বোধন সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাইবান্ধার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন নতুন এই কার্যালয়ের উদ্বোধন করেন।
জনসাধারণের যাতায়াতকে নির্বিঘ্ন করার পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্র্যাফিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও জনবান্ধব করার উদ্দেশ্যে এই অফিস নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আলনরাজীব, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মো.সোহানুর রহমান সোহাগ, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মো.আকতার হোসেন, টিআই এডমিন আলতাব হোসেন, টিআই রাসেল এবং থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) প্রশান্ত কুমার প্রামানিকসহ বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তাগণ এবং স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমের আবির্ভাব উৎসব পরিদর্শনে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ
উদ্বোধনের পর মোনাজাত ও দো'আ অনুষ্ঠিত হয়। এরপর পুলিশ সুপার মো.জসিম উদ্দিন তাঁর সহকর্মীদের নিয়ে ট্র্যাফিক পুলিশ অফিস (বক্স) চত্বরে বৃক্ষ রোপণ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নবনির্মিত ট্র্যাফিক পুলিশ অফিস চালুর ফলে পলাশবাড়ী এলাকায় ট্র্যাফিক পুলিশের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
এছাড়া, সড়কে শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই কার্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে পলাশবাড়ীর সড়ক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। সুশৃঙ্খল সড়ক ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জেলা পুলিশের এই উদ্যোগকে সচেতন মহল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন