০১:৪৯ এম
গাজার উপত্যকায় ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা আরও বৃদ্ধি করেছে। সোমবার ও মঙ্গলবারের হামলায় অন্তত ১১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) একজন কর্মীও রয়েছেন। মানবিক সহায়তা প্রবেশে বাধা, বন্যা ও রোগের প্রাদুর্ভাবে গাজায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে।
বাড়ছে হামলা, প্রাণহানি
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, সোমবার গাজার হামলায় অন্তত তিনজন নিহত হন। তাদের মধ্যে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) এক কর্মী রয়েছেন। গাজা নগরীর পশ্চিমাঞ্চলে একটি গাড়িতে হামলায় দুজন প্রাণ হারান। গতকাল অন্তত সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ওয়াদি গাজার কাছে গাধার গাড়িতে থাকা এক শিশুসহ তিনজন এবং দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় একটি নিরাপত্তা চৌকিতে হামলায় নিহত তিন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এছাড়া, জাবালিয়ায় আগের এক হামলায় আহত একজন পরে মারা গেছেন।
আরও পড়ুন: নামের ভুলে ১৮ বছর বন্দি বাদল ফরাজী ২৮ দিনের প্যারোলে মুক্তি পেলেন
এদিকে, হামাসের সূত্র জানিয়েছে যে, গতকাল গাজায় হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের পরিচালক নাঈম আবু নাহেল নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী ও শিন বেত হামাসের এক জ্যেষ্ঠ সদস্যকে লক্ষ্য করে হামলার কথা স্বীকার করেছে, তবে তার পরিচয় প্রকাশ করেনি।
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতির পর থেকে গাজায় এক হাজার ৬৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা ৭৪ হাজার ৭৪২ ছাড়িয়েছে। আহত হয়েছেন এক লাখ ৭৬ হাজার ২২৭ জনের বেশি।
ইসরায়েলি বাহিনী বাড়িঘর ধ্বংসের জন্য নতুন কৌশল নিয়েছে। গাজার আল-জাইতুনসহ বিভিন্ন এলাকায় কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করে আবাসিক ভবনে বিস্ফোরকভর্তি বাক্স ফেলা হচ্ছে। আল-মাগাজি, আল-মুসাদ্দার, খান ইউনিস ও আল-নুসেইরাতেও একই ধরনের হামলার খবর পাওয়া গেছে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজার ১৭ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই এক ডজনের বেশি বার ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।
আরও পড়ুন: আন্তর্জাতিক এমি পুরস্কারের মঞ্চে বিজয় সেতুপতি নজর কাড়লেন উপস্থাপক হিসাবে
বন্যায় বেড়েছে দুর্ভোগ
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় শীতকালীন বন্যা বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। নভেম্বরের শুরুতে ভারী বৃষ্টিতে উপত্যকাটির ৪০ হাজারের বেশি আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯ হাজারের বেশি আশ্রয়স্থল আর বসবাসের উপযোগী নয়। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, বৃষ্টিতে প্রায় ৪৬ হাজার পরিবার বা দুই লাখ ২৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৯৬০টি শৌচাগার এবং অন্তত ১২টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ও সেবাদানস্থলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যায় বালুর স্তূপ ধসে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। শীতজনিত কারণে ১৩ নভেম্বর ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু ঘটেছে। গাজার এক হাজার ৭০০টি বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরের অর্ধেকের বেশি বন্যাপ্রবণ এলাকায় অবস্থিত। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এসব শিবিরে বৃষ্টির পানি জমে দুর্ভোগ বাড়ছে। পয়োনিষ্কাশনের বর্জ্য পানির সঙ্গে মিশে স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।
এদিকে, তাঁবুর সংকটও প্রকট হয়ে উঠেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দেড় লাখের বেশি তাঁবু গাজায় প্রবেশের অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৭
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এক মা তাঁবুর ছিদ্র দিয়ে বৃষ্টির পানি ঠেকাতে ইসরায়েলি হামলায় নিহত ছেলের কাফনের কাপড় ব্যবহার করেছেন।
রোগের প্রাদুর্ভাব
অবরোধের কারণে স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। সোমবার সিসার বিষক্রিয়ায় এক শিশুর মৃত্যুর খবর দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। পুরোনো ব্যাটারি মেরামতের সময় শিশুটি বিষাক্ত উপাদানের সংস্পর্শে এসেছিল। মেনিনজাইটিস সংক্রমণও উদ্বেগজনক হারে বাড়ছে। গত অক্টোবরে ২৭২ জন আক্রান্ত হয়েছেন, যেখানে মাসিক গড় আক্রান্তের সংখ্যা ৩০ থেকে ৫০। চলতি বছর এ রোগে ১৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, চিকিৎসার জন্য মঙ্গলবার গাজা থেকে ২৬ রোগীকে সরিয়ে নিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি। তাদের সঙ্গে গেছেন ২৭ জন স্বজন ও সহযোগী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমন্বয়ে আল-মাওয়াসি ফিল্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের উপত্যকার বাইরে নেওয়া হয়।
আরও পড়ুন: আ.লীগ সরকার ৩৫ বিলিয়ন ডলার পাচার করেছে : শিক্ষামন্ত্রী
সহায়তা প্রবেশে বাধা
গত রোববার গাজায় ১৯১টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। অথচ যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রতিদিন ৬০০টি ট্রাক প্রবেশের কথা। আলজাজিরার উপগ্রহ চিত্র বিশ্লেষণেও মিসরের রাফা সীমান্তে ত্রাণবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন