ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন


ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার জন্য সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকার অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২০২৭ অর্থ বছরের মা ইলিশ রক্ষা কর্মসূচির অংশ হিসেবে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে নদীর অভয়াশ্রমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা চলতে থাকায় এবং প্রশাসনের 'ঢিলেঢালা' ভূমিকার কারণে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ভোলা জেলায় পরিচালিত অভিযানে প্রায় অর্ধশতাধিক জেলেকে আটক করা হয়েছে। মৎস্য বিভাগ ও প্রশাসনের উদ্যোগে পরিচালিত এসব অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫১টি মামলা দায়ের করা হয়েছে, ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ৩৫ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিছু জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধারকৃত ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া ১ লাখ ৭০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে এবং বেশ কিছু নৌকা আটক করে নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন।

এর আগে জেলার বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৃথক অভিযান পরিচালনা করে। ভোলা সদর উপজেলায় ১৭ জন জেলেকে আটক করা হয়, যাঁদের পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয় এবং ৩ জন অপ্রাপ্তবয়স্ককে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়; এ সময় ৩টি নৌকা, ১০ কেজি ইলিশ ও ২৫ হাজার মিটার জাল জব্দ করা হয়। দৌলতখান উপজেলায় ৩ জন অপ্রাপ্তবয়স্ক জেলেকে মুচলেকা দিয়ে মুক্ত করার পাশাপাশি ১টি নৌকা, ১৫ কেজি ইলিশ ও ১ লাখ মিটার জাল জব্দ করা হয়েছে। তজুমদ্দিন উপজেলায় ১০ জন জেলেকে আটক করে কারাদণ্ড দেওয়া হয় এবং তাঁদের কাছ থেকে ২টি নৌকা, ৬ কেজি মাছ ও ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। অন্যদিকে চরফ্যাশন উপজেলায় আটক ৮ জনের মধ্যে ৬ জনকে কারাদণ্ড এবং ২ জনকে মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়েছে; এ সময় ১০ কেজি ইলিশ ও ২২ হাজার মিটার জাল উদ্ধার করে পুলিশ ও মৎস্য বিভাগ।

আরও পড়ুন: এবার একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, ভোলার সাতটি উপজেলায় সরকারিভাবে নিবন্ধিত জেলের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৩১২ জন। তবে এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমের জন্য ১ লাখ ৪৩ হাজার ৬৫৬ জন জেলের জন্য ৩ হাজার ৫৯১ দশমিক ৪ টন খাদ্য সহায়তার চাল বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলাওয়ারী বরাদ্দের মধ্যে ভোলা সদরে ৫২৫ টন, দৌলতখানে ৫০০ টন, বোরহানউদ্দিনে ৪৩০ টন, তজুমদ্দিনে ৪৩২ দশমিক ৫ টন, লালমোহনে ৫২৫ টন, চরফ্যাশনে ৮৯১ দশমিক ৪ টন ও মনপুরা উপজেলায় ২৮৭ দশমিক ৫ টন চাল দেওয়া হবে। প্রতি জেলে ২৫ কেজি করে চাল পেলেও নিবন্ধিত থেকেও সরকারি এই সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন ২৩ হাজার ৬৫৬ জন জেলে। জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, বরাদ্দকৃত চালের ৫০ শতাংশ ইতিমধ্যে জেলেদের মধ্যে বিতরণ করা হয়েছে।

এদিকে ভোলার সাতটি উপজেলার নদী পরিবেষ্টিত এলাকায় মাছ শিকার করে প্রায় ৩ লাখ জেলে জীবিকা নির্বাহ করলেও নিবন্ধনের খাতায় আছেন কেবল ১ লাখ ৬৭ হাজার ৩১২ জন। উপজেলাভিত্তিক হিসেবে ভোলা সদরে ২২ হাজার ২৫২ জন, দৌলতখানে ২১ হাজার ৫০২ জন, বোরহানউদ্দিনে ১৯ হাজার ৩৫০ জন, তজুমদ্দিনে ১৮ হাজার ৭১৭ জন, মনপুরায় ১৬ হাজার ৪০০ জন, লালমোহনে ২৪ হাজার ৮০৬ জন এবং চরফ্যাশনে ৪৪ হাজার ২৮৫ জন জেলে নিবন্ধিত রয়েছেন।

স্থানীয় মাঝিরা জানান, সরকার প্রতি বছর নির্দিষ্ট সময়ে মাছ ধরা বন্ধের যে নির্দেশ দেয়, জেলেরা কষ্ট হলেও তা মেনে চলে। কিন্তু জেলেদের কষ্টের কথা কেউ ভাবেন না। অনেক জেলে ক্ষোভ প্রকাশ করে জানান, ৪-৫ বছর আগে জেলে কার্ড পেয়েও এখনো সরকারি চাল জোটেনি তাঁদের ভাগ্যে। প্রতি বছর চাল পাওয়ার আশায় ইউনিয়ন পরিষদে গিয়ে খালি হাতে ফিরতে হয় তাঁদের। পরিষদ থেকে জানানো হয় সবার নামে বরাদ্দ আসেনি। ফলে বাধ্য হয়ে ধার-দেনা করে পরিবার চালাতে হয় জেলেদের।

পূর্ব ইলিশা ইউনিয়নের জংষন গ্রামের জেলে আবুল কালাম মাঝি জানান, নিষেধাজ্ঞার এই ২২ দিন কোনো আয়-রোজগার না থাকায় পরিবার কীভাবে চলবে এবং ব্যাংক বা এনজিওর কিস্তি কীভাবে শোধ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তাঁরা। প্রতিটি জেলেই এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে জাল-নৌকা কিনেছেন। এ কারণে ২২ দিনের এই নিষেধাজ্ঞার সময় এনজিও ও ব্যাংকের কিস্তি বন্ধ রাখার দাবি জানিয়েছেন স্থানীয় জেলেরা।

আরও পড়ুন: সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে সারা দেশে মানববন্ধন ও প্রতিবাদ

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, এ বছর দ্রুত সময়ের মধ্যে চাল বিতরণের কাজ করা হচ্ছে। কোনো জেলে যেন ওজনে চাল কম না পান সে জন্য মৎস্য বিভাগের কঠোর নজরদারি রয়েছে। একই সঙ্গে ২২ দিনের জন্য এনজিওগুলোর কিস্তি আদায় বন্ধ রাখার ব্যবস্থাও নেওয়া হয়েছে। মৎস্য অভিযানে জনবল ও প্রয়োজনীয় সহায়তার কিছুটা ঘাটতি থাকলেও ইলিশের প্রজনন সফল করতে সব ধরনের কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে, যেন আগামীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সীমান্তে আগ্রাসন সহ্য করবে না পাকিস্তান’: জেনারেল সৈয়দ আমির রাজা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


‘সীমান্তে আগ্রাসন সহ্য করবে না পাকিস্তান’: জেনারেল সৈয়দ আমির রাজা

পাকিস্তানের সীমান্তে যেকোনো ধরনের আগ্রাসন বা সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া প্রদানের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের (সিএনএসসি) প্রধান জেনারেল সৈয়দ আমির রাজা।

শনিবার কাকুলে অনুষ্ঠিত পাকিস্তান মিলিটারি একাডেমির (পিএমএ) পাসিং আউট অনুষ্ঠানে তিনি বলেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য পাকিস্তানের অবস্থান আপসহীন। পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে সংঘাতের কোনো সুযোগ নেই। তবে যদি কোনো পক্ষ ভুল হিসাব করে, তাহলে তার পরিণতি হবে কল্পনাতীত।

জেনারেল রাজা আরও জানান, আধুনিক প্রযুক্তির বিস্তার যুদ্ধের ধরনকে পরিবর্তন করেছে। এই বাস্তবতায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য বহুমাত্রিক রূপান্তর কার্যক্রম পরিচালনা করছে।

তিনি উল্লেখ করেন, অপারেশন সিন্দুরে ব্যর্থতার পর প্রতিপক্ষ প্রক্সি সন্ত্রাসবাদ, অপপ্রচার এবং প্রচলিত যুদ্ধের বাইরের কৌশলের মাধ্যমে পাকিস্তানের সামাজিক সংহতি ও রাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করার চেষ্টা করছে।

পাকিস্তান শান্তি, সংলাপ এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয় বলেও তিনি জানান। শান্তির প্রতি অঙ্গীকারকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই। দেশের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।

সূত্র: জিও নিউজ

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুতিনকে যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুতিনকে যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন পোপ চতুর্দশ লিও, যিনি ফুসফুসের ক্যানসারের অস্ত্রোপচারের পর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই সময় তিনি ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার দখলে থাকা একটি শহরে যুদ্ধবিরতির আহ্বান জানান।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভ্যাটিকান সূত্রে জানা যায়, পোপ চতুর্দশ লিও খেরসন অঞ্চলের ওলেশকি শহরের গুরুতর মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি খাদ্য ও চিকিৎসাসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি বেসামরিক নাগরিকদের স্বেচ্ছায় ও নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ দিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় ভ্যাটিকানের আকস্মিক ঘোষণায় বোঝা যায়, ডান ফুসফুস থেকে ক্যানসার আক্রান্ত টিউমার অপসারণের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যেও পোপ তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

গত মঙ্গলবার তার ওই অস্ত্রোপচার সম্পন্ন হয়।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওলেশকি শহরের বাসিন্দারা ক্রমেই ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়ছেন।

রুশ ও ইউক্রেনীয় সেনাদের পাল্টাপাল্টি হামলার মধ্যে শহরটিতে খাদ্য ও ওষুধের সংকট দেখা দিয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক শুক্রবার শহরটির পরিস্থিতিকে ‘মরিয়া অবস্থার’ সঙ্গে তুলনা করেন। তিনি বেসামরিক নাগরিকদের শহরটি থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানান।

ক্রেমলিনের এক বিবৃতিতে পুতিন ও পোপের ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে উল্লেখ করা হয়, ওলেশকির কঠিন মানবিক পরিস্থিতির জন্য ‘কিয়েভের শাসকগোষ্ঠীর দায়দায়িত্ব’ সম্পর্কে পুতিন বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।

ক্রেমলিন আরও জানায়, পুতিন পোপের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি অভিন্ন আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধ প্রসারে রাশিয়া ও ভ্যাটিকানের সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ২০-২৩ ডিসেম্বর, রুটিন প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ২০-২৩ ডিসেম্বর, রুটিন প্রকাশ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ ডিসেম্বর এই পরীক্ষা শুরু হবে। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুজ্জামানের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চার দিনব্যাপী এই পরীক্ষা ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সময়সূচি অনুযায়ী, ২০ ডিসেম্বর বাংলা, ২১ ডিসেম্বর ইংরেজি, ২২ ডিসেম্বর প্রাথমিক গণিত এবং ২৩ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভার সিদ্ধান্ত এবং ৩ নম্বর ক্রমিকের ‘খ’ ও ‘ঘ’ অনুযায়ী প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এর এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোদেইদায় হুথিদের অস্ত্র পাচারকেন্দ্রে সৌদি জোটের হামলা, তাইজে চলছে তীব্র লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


হোদেইদায় হুথিদের অস্ত্র পাচারকেন্দ্রে সৌদি জোটের হামলা, তাইজে চলছে তীব্র লড়াই

ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বন্দরনগরী হোদেইদায় হুথি বিদ্রোহীদের অস্ত্র পাচার কার্যক্রমের ওপর বিমান হামলা পরিচালনা করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) এই হামলাগুলোর ভিডিও প্রকাশ করেছে জোটটি। একই সময়ে, দেশের তাইজ প্রদেশে সরকারি বাহিনী ও হুথি যোদ্ধাদের মধ্যে বিভিন্ন রণাঙ্গনে তীব্র লড়াই চলছে। খবরটি এসেছে আরব নিউজ ও রয়টার্সের মাধ্যমে।

জোটের প্রকাশিত প্রায় ছয় মিনিটের সাদা-কালো ভিডিওতে দেখা যায়, ট্রাক, ছোট নৌযান এবং গুদাম হিসেবে ব্যবহৃত হতে পারে এমন বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলার দৃশ্য। ভিডিওটির শুরুতে হামলার তারিখ ও স্থান উল্লেখ করা হয়েছে। তবে হামলায় কোন ধরনের অস্ত্র বা সরঞ্জাম লক্ষ্যবস্তু করা হয়েছে, হতাহতের ঘটনা ঘটেছে কি না, কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে—এই বিষয়ে কোনো তথ্য জানায়নি জোট।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিওটি প্রকাশ করেন। জোটের দাবি, সমুদ্রপথে ইয়েমেনে অস্ত্র এনে উপকূলে নামানো এবং পরে যানবাহনে করে বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অস্ত্র পাচারে ব্যবহৃত সামুদ্রিক যান, স্থলযান এবং সংগঠিত চোরাচালান চক্রের বিষয়টিও জোটের প্রকাশিত ফুটেজে তুলে ধরা হয়েছে। তবে এসব দাবির বিষয়ে হুথিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হোদেইদা, যা ইয়েমেনের পশ্চিম উপকূলে অবস্থিত, দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর। বর্তমানে শহরটি হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। খাদ্য, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের ক্ষেত্রে এই বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, বন্দর ও আশপাশের এলাকায় সামরিক তৎপরতা বৃদ্ধি পেলে বাণিজ্যিক কার্যক্রম এবং সাধারণ মানুষের জন্য পণ্য সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা থাকে।

লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত বাব আল-মান্দেব প্রণালীও ইয়েমেন সংঘাতের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা। এই জলপথ দিয়ে সুয়েজ খাল হয়ে ইউরোপ ও এশিয়ার মধ্যে পণ্য ও জ্বালানি পরিবহন করা হয়। সেখানে জাহাজ চলাচল ব্যাহত হলে জাহাজগুলোকে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হতে পারে। এর ফলে পরিবহন ব্যয় ও পণ্য পৌঁছানোর সময় বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

২০১৪ সালের সেপ্টেম্বরে রাজধানী সানা দখলের পর থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে হুথিদের সংঘাত চলছে। ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট সরকারকে সমর্থন দিয়ে সামরিক অভিযান শুরু করে। দীর্ঘদিনের এই যুদ্ধে দেশটি রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে পড়েছে। ২০২২ সালে যুদ্ধবিরতির পর সংঘাত কিছুটা কমলেও ২০২৬ সালে নতুন করে লড়াই তীব্র হয়েছে।

সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের সংঘাত আরও বিস্তৃত হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ অক্টোবর ইয়েমেনের বন্দরনগরী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত ও ১৬ জন আহত হন। হুথিরা হামলার দায় স্বীকার করে জানায়, তাদের লক্ষ্য ছিল সৌদি বাহিনীর সামরিক স্থাপনা। এসব হামলা ও পাল্টা সামরিক তৎপরতায় সংঘাত আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সরকারি বাহিনী ও হুথি যোদ্ধাদের মধ্যে কয়েকটি ফ্রন্টে তীব্র লড়াই চলছে। ইয়েমেনি সেনাবাহিনীর দাবি, তাইজ শহরের দক্ষিণে আল-শাকাব ফ্রন্টের পূর্ব ও পশ্চিম অংশে হুথিদের বড় ধরনের আক্রমণ প্রতিহত করা হয়েছে। ভোর থেকে চলা সংঘর্ষে হুথিদের বেশ কয়েকজন যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে সেনাবাহিনী জানিয়েছে। তবে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, শহরের দক্ষিণ-পূর্ব দিকে আল-আকরুদ ফ্রন্টের জাবাল দুহাইহ এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রয়েছে। পশ্চিমাঞ্চলের জাবাল হান ও আশপাশের এলাকায় হুথিদের অগ্রসর হওয়ার চেষ্টাও প্রতিহত করা হয়েছে। একই এলাকার আল-দাবাব ফ্রন্টেও সংঘর্ষ চলছে। এসব অভিযানের বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তাইজের বিভিন্ন এলাকায় হুথিদের অবস্থান, যোদ্ধাদের জমায়েত এবং সামরিক সরঞ্জাম লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে সরকারি বাহিনী। রয়টার্সের ১৬ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, তাইজ শহর ঘিরে হুথিদের সামরিক চাপ বাড়ছে। শহরটির আশপাশে সড়ক যোগাযোগ বাধাগ্রস্ত হওয়ায় খাদ্য, জ্বালানি ও ওষুধের সংকটও তীব্র হচ্ছে। প্রদেশটিতে এক লাখ ২১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তাইজের ভৌগোলিক অবস্থানও সংঘাতের গুরুত্ব বাড়িয়েছে। শহরটি দক্ষিণ ইয়েমেনের গুরুত্বপূর্ণ যোগাযোগপথের কাছে অবস্থিত। এখানে হুথিদের অগ্রগতি হলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ এবং বাব আল-মান্দেব প্রণালীর আশপাশের নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব পড়তে পারে। ফলে হোদেইদায় অস্ত্র পাচার কার্যক্রম লক্ষ্য করে জোটের হামলা এবং তাইজে চলমান লড়াই ইয়েমেনের সামরিক পরিস্থিতির নতুন করে অবনতির ইঙ্গিত দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%