১১:১৬ পি.এম
জয়পুরহাটের আক্কেলপুরে পিকনিকের আড়ালে গোপন বৈঠক থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর তাদের গ্রেফতার করা হয়।
তবে আটককৃতদের স্বজনরা দাবি করেছেন, তাদের কোনো নাশকতার উদ্দেশ্য ছিল না। বরং তারা সেখানে নিছক পিকনিকের জন্য জড়ো হয়েছিলেন।
মঙ্গলবার সকালে আক্কেলপুর পৌর শহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে শিক্ষিকাকে বাড়ি যাওয়ার পথে মারধর-লুটপাট, সড়কে ফেলে গেল দুর্বৃত্তরা
পুলিশের এজাহার অনুযায়ী, আটক ব্যক্তিরা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর এবং জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২০ থেকে ২৫ জন পালিয়ে যায়।
আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— পৌর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুর রহমান সঞ্জু, পৌর নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক নাসিমুজ্জামান রকেট এবং পৌর নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন। এছাড়া স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, একটি কলেজের কম্পিউটার অপারেটর ও একজন প্রহরীও আটক ব্যক্তিদের তালিকায় রয়েছেন।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ৯টি মোটরসাইকেল ও ৮টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। পরে এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, আসামিদের স্বজনদের দাবি সম্পূর্ণ ভিন্ন। তাদের মতে, আটক ব্যক্তিরা কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা নাশকতার সঙ্গে যুক্ত নন; তারা কেবল আনন্দ-ফুর্তি ও পিকনিকের উদ্দেশ্যে একত্র হয়েছিলেন।
আরও পড়ুন: শেরপুরে ব্যাংক চেক নগদ টাকা ও গাড়ি অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানিয়েছেন, নাশকতার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। থানায় হাজতের স্থান সংকুলান না হওয়ায় পরবর্তীতে তাদের জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন