আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
০৪:১২ পি.এম
মধুপুর, টাঙ্গাইলের, নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণ করেন মধুপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকগণ।
সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। উল্লেখ্য, ইউএনও মো. সাইফুল ইসলাম গত ১১ জুলাই মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি এর আগে পটুয়াখালী জেলার দশমনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
মতবিনিময় সভা পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নঈম উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম ফজলুল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, বাংলাদেশ জামায়াত ইসলামীর টাঙ্গাইল জেলা সুরা সদস্য অধ্যক্ষ মো. মোন্তাজ আলী, মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, পৌরবিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সহ-সভাপতি লিলি সরকার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মধুপুর আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, রাণীভবানী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, মধুপুর সরকারি কলেজের শিক্ষক হুমায়ুন কবীর, মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সহ-সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও স্কাউটের সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ এবং প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদারসহ সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী পরিদর্শন করেন।
আজ, মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বিদ্যালয় নিরীক্ষণকালে তিনি ছাত্রীদের স্বাস্থ্যসেবা ও মাসিক স্বাস্থ্যবিধি নিশ্চিত করার উদ্দেশ্যে নতুন স্থাপিত একটি ‘স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন’-এর শুভ উদ্বোধন করেন।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, পরিবেশ এবং শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধার ওপর খোঁজখবর নেন। তিনি শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জেলা প্রশাসকের এই সফর এবং স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা এই উদ্যোগকে ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টানা বৃষ্টির ফলে পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষকদের আমন ধানের বীজতলা তলিয়ে গেছে। জলাবদ্ধতা আবাদের জমিতে সৃষ্টি হওয়ায় কৃষকদের মধ্যে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উপজেলা কৃষি দপ্তরের সূত্র মতে, আমনের জন্য প্রস্তুত করা ৭০০ হেক্টর বীজতলা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একই সঙ্গে পানির নিচে তলিয়ে গেছে। এতে প্রায় ১৯০০ হেক্টর জমির আউশও ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে মিরুখালী, দাউদখালী, টিকিকাটা ও সাপলেজা ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষিক্ষেত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ধানের বীজতলা ছাড়াও বৃষ্টিতে ক্ষেতে থাকা কলা, পেঁপে ও অন্যান্য সবজিক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে।
নাগ্রাভাঙ্গা গ্রামের কৃষক মো. সোলায়মান ফরাজী জানিয়েছেন, তার প্রায় ৫০ শতক বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। তিনি জানিয়েছেন যে পানি দ্রুত না কমলে তার বীজতলা ক্ষতিগ্রস্ত হবে।
পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের কৃষক মো. হুমায়ুন কবির বলেন, বীজতলা প্রস্তুত করতে তিনি ১০ কেজি ধান ভিজিয়ে রেখেছেন। কিন্তু কৃষিজমিতে জলাবদ্ধতার কারণে বীজ বপন করতে পারছেন না।
ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেছেন, পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত বেড়িবাঁধ এবং স্লুইস গেটের অভাবে কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা প্রতিবছর বর্ষা মৌসুমে ফসলকে ক্ষতিগ্রস্ত করছে।
মঠবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি এ ব্যাপারে বলেছেন, টানা বৃষ্টির ফলে কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বীজতলা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনও এটি সহনীয় পর্যায়ে রয়েছে। তিনি জানিয়েছেন, কৃষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে ভারি বৃষ্টির ফলে কাঁচা বাড়ির ছাদ ধসে ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পুলিশ ও উদ্ধারকর্মীরা এ খবর জানান।
প্রাদেশিক জরুরি পরিষেবায় কর্মরত কর্মকর্তা বিলাল ফাইজি বলেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় সোমবার রাতে এই প্রচণ্ড দুর্ঘটনার ঘটনা ঘটে।
তিনি আরও জানান, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে ১১টি মৃতদেহ উদ্ধার করেছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। পরে নিহতদের মরদেহ দাফনের জন্য তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে সোমবার গিলগিট-বালতিস্তান অঞ্চলেও ভারি বৃষ্টির প্রভাব দেখা গেছে। আঞ্চলিক জরুরি পরিষেবা কর্তৃপক্ষ জানিয়েছে, এতে ভূমিধসের ফলে বেশ কয়েকটি সড়ক বন্ধ হয়ে গেছে এবং অনেক বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বাড়ানোর ফলে সরকার ট্যুরিস্টদের উত্তর পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। পাকিস্তানে বর্ষা মৌসুমে প্রায়ই ভারি বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে, যা প্রাণহানির পাশাপাশি তীব্র ক্ষয়ক্ষতির কারণ হয়।
২০২২ সালে দেশটিতে রেকর্ড পরিমাণ মৌসুমি বৃষ্টি ও ভয়াবহ বন্যায় প্রায় এক-তৃতীয়াংশ এলাকা পানির নিচে তলিয়ে যায়। ওই দুর্যোগে ১,৭৩৯ জনের মৃত্যু ঘটে এবং ক্ষতির পরিমাণ প্রায় ৩০ বিলিয়ন ডলারে পৌঁছায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাহাড়া ইউনিয়ন পরিষদের এক সদস্য ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে শাল্লা উপজেলার ৩ নম্বর বাহাড়া ইউনিয়নের বাহাড়া (উত্তরপাড়া) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শাল্লা থানা পুলিশ। এসআই মো. ইমাম আরেফিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বাহাড়া ইউনিয়নের ইউপি সদস্য দেবব্রত তালুকদার (৩৪) ও তার সহযোগী জীবেশ দাশ (২৪)-কে আটক করা হয়।
পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে জীবেশ দাশের বসতঘরের শয়নকক্ষের খাটের নিচে রাখা তিনটি প্লাস্টিকের কন্টেইনার তল্লাশি করে মোট ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় শাল্লা থানায় মামলা (নং-০৯, তারিখ: ১৪ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। শাল্লা উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও কঠোরতার সঙ্গে কাজ করছে। কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ