০৬:১৪ পি.এম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজয় ২৪ হলে এক জুনিয়র শিক্ষার্থীকে মাকড়সা দিয়ে ভয় দেখানোর ঘটনায় তিন সিনিয়র শিক্ষার্থী বিপদে পড়েছেন। ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রওনক জাহান উমামাকে ভয় দেখানোর ঘটনায় র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। তবে সিনিয়র শিক্ষার্থীদের দাবি, তারা শুধুমাত্র মজা করতেই এমনটি করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, ইতোমধ্যে দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করা হয়েছে।
অভিযুক্ত তিন শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মোনালিসা মিতা নূর, পদার্থবিজ্ঞান বিভাগের তাহরিমা আক্তার ওমি এবং হিসাববিজ্ঞান বিভাগের সামিয়া। তারা সবাই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সিনিয়র শিক্ষার্থীদের বর্ণনা অনুযায়ী, হলের কক্ষ পরিষ্কার করার সময় তারা একটি মাকড়সা পান। পরে তারা উমামাকে সারপ্রাইজ দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নেন। সেখানে মাকড়সা দেখিয়ে ভয় দেখানোর পর উমামা ভয়ে দৌড়ে নিজের কক্ষে ফিরে যান। পরে অসুস্থ হয়ে পড়লে তার রুমমেটরা তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।
আরও পড়ুন: বরগুনায় ৩০ বিদ্যালয়ে অভিভাবকদের জন্য অপেক্ষমাণ কক্ষ নির্মাণের উদ্যোগ
তবে রওনক জাহান উমামার অভিযোগ, তার মাকড়সাভীতির কথা জানার পরও সিনিয়ররা তাকে কক্ষে ডেকে দরজা বন্ধ করে মাকড়সা ছেড়ে দেন। এ সময় তিনি ভয়ে চিৎকার ও কান্নাকাটি করলে তারা হাসিঠাট্টা ও টিটকারি করেন। পরে কক্ষ থেকে বেরিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং চারবার বমি করেন। এ ঘটনার ফলে মানসিকভাবে ভেঙে পড়ার পাশাপাশি হলে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
মোনালিসা মিতা নূর অভিযোগের বিষয়ে জানান, তাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র মজা করা। তিনি দাবি করেন, এ ঘটনার সঙ্গে তাহরিমা আক্তার ওমি জড়িত ছিলেন না।
অন্যদিকে, তাহরিমা আক্তার ওমি বলেন, বিষয়টি এত দূর গড়াবে বলে তারা ধারণা করতে পারেননি। উমামা ভয় পাওয়ার পর তাকে সান্ত্বনা দেওয়ারও চেষ্টা করা হয়েছিল।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন আরটিভি নিউজকে মুঠোফোনে জানান, ঘটনাটি তিন দিন আগের। প্রক্টর কার্যালয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিয়ে বসা হয়েছিল এবং বিষয়টির সমাধান হয়েছে।
আরও পড়ুন: পিরোজপুরে অর্থনৈতিক শুমারির ফলাফল নিয়ে সেমিনার অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন