মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:২৮ পি.এম
ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৬ : রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সমন্বয়ক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি।
তিনি উল্লেখ করেন, গণপরিবহন শুধুমাত্র মানুষের যাতায়াতের মাধ্যম নয়, বরং এর সঙ্গে দেশের অর্থনীতি, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের স্বাভাবিক গতি জড়িত। তাই পরিবহন খাতের সমস্যা সমাধানের জন্য মালিক, শ্রমিক, পুলিশ, পরিবহন ব্যবস্থাপনা এবং গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আজ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
শিমুল বিশ্বাস বলেন, রাজধানীর গণপরিবহনে পুরোনো ও ঝুঁকিপূর্ণ যানবাহন, যানজট এবং ট্রাফিক শৃঙ্খলার ঘাটতিসহ বিভিন্ন সমস্যা বিদ্যমান। এসব সমস্যার সমাধানের পাশাপাশি আধুনিক ও নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে। বৈদ্যুতিক যানবাহনসহ আধুনিক পরিবহনব্যবস্থা চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
তিনি আরও বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য শুধু ভাড়া নির্ধারণ করলেই হবে না; যানবাহনের মান, ট্রাফিক ব্যবস্থাপনা, চালক-শ্রমিকদের দায়িত্বশীলতা এবং যাত্রীসেবার মানও নিশ্চিত করতে হবে।
বাসভাড়া প্রসঙ্গে তিনি জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরকারি নীতিমালা অনুযায়ী যে হারে ভাড়া বাড়ানোর কথা, যাত্রীদের ওপর বাড়তি চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে তার চেয়ে কম হারে ভাড়া নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় নির্ধারিত হারের চেয়ে প্রতি কিলোমিটারে তিন পয়সা কম ভাড়া নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
তিনি জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রয়োজনীয় হিসাব-নিকাশ করে চূড়ান্ত ভাড়া নির্ধারণ করবে। পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
শিমুল বিশ্বাস বলেন, বাসভাড়া নির্ধারণের ক্ষেত্রে জ্বালানি তেলের দাম, পরিবহন পরিচালন ব্যয় এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় বিবেচনায় নিয়ে একটি নীতিমালা রয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-সহ সংশ্লিষ্ট সরকারি ও বিশেষজ্ঞ সংস্থার মতামতের ভিত্তিতে এ কাঠামো তৈরি করা হয়েছে। তবে যাত্রীদের সক্ষমতা ও জনস্বার্থ বিবেচনায় নিয়ে নীতিমালার হারের চেয়ে কিছুটা কম ভাড়া রাখার বিষয়ে মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি বলেন, শুধু রাজধানী বা মহানগর নয়, দেশের অন্যান্য এলাকাতেও একই নীতির আলোকে ভাড়া সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিআরটিএর হিসাব ও সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর হবে।
যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় বন্ধে নজরদারি জোরদারের ওপরও গুরুত্ব দেন শিমুল বিশ্বাস। তিনি বলেন, নতুন ভাড়া কার্যকর হওয়ার পর কোনো পরিবহন মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তি নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, আগের দফায় ভাড়া বাড়ানোর পর নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগ পাওয়া গিয়েছিল। এবার যাতে এ ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের দায়িত্বশীল হতে হবে।
সাধারণ মানুষের ওপর পরিবহন ব্যয়ের চাপের বিষয়টি তুলে ধরে শিমুল বিশ্বাস বলেন, মানুষের আয় বৃদ্ধির সঙ্গে সব সময় পরিবহন ব্যয় বহনের সক্ষমতা বাড়ে না। তাই একদিকে পরিবহন খাতকে সচল রাখতে হবে, অন্যদিকে যাত্রীদের ওপর বাড়তি চাপ যতটা সম্ভব কমাতে হবে।
পরিবহন খাতের বিভিন্ন অনিয়ম ও সমস্যা তুলে ধরার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। সাংবাদিকদের পরিবহন খাতের অনিয়ম, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি শৃঙ্খলা প্রতিষ্ঠায় জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
শিমুল বিশ্বাস বলেন, রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক করতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিবহন মালিকদের সমস্যা সমাধানের পাশাপাশি যাত্রীদের স্বার্থও সমানভাবে বিবেচনায় নিতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, বিআরটিএর হিসাব-নিকাশ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা শেষে দ্রুত ভাড়া নির্ধারণ করা হবে এবং প্রজ্ঞাপন জারির পর নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ থাকবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জ, ২২ সেপ্টেম্বর ২০২৬ : আজ জেলায় দুর্যোগ প্রবণ এলাকায় কাজ করার উদ্দেশ্যে ‘প্রটোকল অ্যান্ড ট্রিগার- বেইজড ইনস্টিটিউশনাল সিস্টেম ফর টাইমলি হিউম্যানিটারিয়ান অ্যান্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন’ (প্রতিষ্ঠা) প্রকল্পের আওতায় একটি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
এ কর্মশালায় ‘প্রটোকল অ্যান্ড ট্রিগার- বেইজড ইনস্টিটিউশনাল সিস্টেম ফর টাইমলি হিউম্যানিটারিয়ান অ্যান্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন’ (প্রতিষ্ঠা) প্রকল্পের কর্মকর্তা দেলোয়ার হোসেন সঞ্চালনা করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক ওমর ফারুক, চেম্বার অব কমার্সের সভাপতি শামসুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোখলেছুর রহমান, সমবায় কর্মকর্তা মাহিদুল ইসলাম, সদর উপজেলা স্কাউটস-এর সম্পাদক বুরহান উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক প্রমুখ সহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
কর্মশালায় জানানো হয়, জেলার দিরাই উপজেলায় ইতিমধ্যে ‘প্রটোকল অ্যান্ড ট্রিগার- বেইজড ইনস্টিটিউশনাল সিস্টেম ফর টাইমলি হিউম্যানিটারিয়ান অ্যান্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন’ (প্রতিষ্ঠা) প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাতের মধ্যে দেশের ১৩টি জেলা জুড়ে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আভাস রয়েছে। এই অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, সমুদ্রবন্দরের সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
আবহাওয়া অধিদপ্তর জানায়, এটি পরবর্তী ১২ ঘণ্টায় আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সংস্থাটি আরও জানায়, নিম্নচাপের কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের জন্য বলা হয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর, এমপি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তিনি এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন।
উদ্বোধন করা উন্নয়নকাজগুলোর মধ্যে রয়েছে ৬৭নং নিজ ভান্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং ৭৬ নম্বর দক্ষিণ ভাণ্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণকাজ।
এ ছাড়া ভাণ্ডারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে জাকির পেশকারের অফিস থেকে বেলায়েত হাওলাদারের বাড়ি পর্যন্ত এবং পেশকার মসজিদ থেকে ইউনুসের বাড়ি পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।
একই ওয়ার্ডে বড় কানুয়া আলীর দোকান সংলগ্ন বিসিসিটিএফ সিসি রোড থেকে হাওলাদার বাড়ি-বেপারী বাড়ি পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণকাজেরও উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, ভান্ডারিয়া থানার পরিদর্শক বা ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জোমাদ্দার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াসিম মান্নান উৎপল হাওলাদার ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালম আজাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার প্রমূখ।
এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ