ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জিয়াউলের বিরুদ্ধে গুম-খুন মামলায় যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করবে প্রসিকিউশন


জিয়াউলের বিরুদ্ধে গুম-খুন মামলায় যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করবে প্রসিকিউশন

আওয়ামী লীগের দেড় দশকের শাসনকালে শতাধিক মানুষের গুম ও হত্যা মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন। বিটিভি এবং প্রসিকিউশনের পেইজ থেকে এই যুক্তিতর্কগুলো সম্প্রচার করা হবে। প্রসিকিউটর গাজী এমএইচ তামীম সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি "আমার দেশ"কে জানান, "আমরা যে স্বচ্ছতার সঙ্গে বিচার কাজ পরিচালনা করছি, সেটা দেশবাসীর সামনে তুলে ধরতে এই উদ্যোগ। দেশের মানুষ জানুক জিয়াউল আহসান গত ১৫ বছরে কী কী অপরাধ সংঘটিত করেছেন। কত ভয়াবহ অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, তা দেশের মানুষকে জানাতে চাই।"

গত ২২ নভেম্বর জিয়াউলের সাফাই সাক্ষ্য উপস্থাপনের মাধ্যমে এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ওই দিন যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৪ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়। ১৯ নভেম্বর মামলায় ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মাধ্যমে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

আরও পড়ুন: সুইডেন আসলামকে খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হল

এর আগে, ৮ অক্টোবর রফিকুল ইসলামের জবানবন্দি নেওয়া হয়। ৩০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শুরু হয়। প্রসিকিউশন এই মামলায় সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে। প্রথম অভিযোগ হলো ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা।

দ্বিতীয় অভিযোগে অপরাধের সময়কাল ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত উল্লেখ করা হয়েছে। এই সময়ের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়েছে।

তৃতীয় অভিযোগেও ৫০ হত্যার অভিযোগ রয়েছে। অর্থাৎ দ্বিতীয় অভিযোগে উল্লিখিত সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলার বিভিন্ন অঞ্চলে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনের প্রাণ নেওয়া হয়েছে।

এসব হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল-১। ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয়। একই দিন ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

আরও পড়ুন: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জের ডিসি: সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমি সেবা পৌঁছানোর অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


কিশোরগঞ্জের ডিসি: সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমি সেবা পৌঁছানোর অঙ্গীকার

"মানসম্মত স্বাস্থ্যসেবা ও ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের অন্যতম অঙ্গীকার। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর স্থিতিশীল রাখা, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ে ও স্বচ্ছতার সঙ্গে শেষ করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব" এই মন্তব্য করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরীন।

সোমবার (২৩ নভেম্বর) তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতারের সভাপতিত্বে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে তাড়াইল উপজেলায় দিনব্যাপী সফরের সময় তিনি এ কথা বলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সফরের প্রথম পর্বে সকালে ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, ক্রীড়া সামগ্রী ও গাছ বিতরণ করেন। তিনি অভিভাবক সমাবেশে যোগদান করেন, মাঠের মাটি ভরাট কার্যক্রম পরিদর্শন করেন এবং ওয়াশব্লক উদ্বোধন করেন।

জেলা প্রশাসক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম প্রসঙ্গে মন্তব্য করেন, “শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে মানসম্মত শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। ভাষা, তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতিচর্চার সুযোগ তৈরি হলে শিশুরা আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী হয়ে উঠবে। বিদ্যালয়ের পরিবেশ ও অবকাঠামো উন্নয়নে প্রশাসন সবসময় পাশে আছে।”

এরপর সকাল ১০টায় তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব উদ্বোধন করেন জেলা প্রশাসক। সকাল সাড়ে ১০টায় কল্পা ভাদেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইট ও বাউন্ডারিওয়াল উদ্বোধন, অভিভাবক সমাবেশে অংশগ্রহণ এবং স্কুলব্যাগ, ক্রীড়া সামগ্রী ও গাছ বিতরণ করেন। বেলা ১১টায় তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি ক্লাব উদ্বোধন ও আইসিটি বিষয়ক বই বিতরণ করেন এবং ১১টা ২০ মিনিটে উপজেলা পরিষদ বিদ্যা নিকেতনে কালচারাল ক্লাব উদ্বোধন করেন।

বেলা ১১টা ৪০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ফুল দিয়ে বরণ ও চা বিরতির পর দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-২৭-এর বিজয়ী প্রতিযোগীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। এছাড়া বেলা ১১টা ৪৫ মিনিটের কর্মসূচির আওতায় রাউতি ও ধলা ইউনিয়নের বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সামগ্রী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন, সদর ইউনিয়ন পরিষদে ফগার মেশিন এবং দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। একই পর্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিকেলে জেলা প্রশাসক তাড়াইল উপজেলার ধলা ইউনিয়ন ভূমি অফিস, ধলা ইউনিয়ন পরিষদ ও ধলা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পর্যায়ক্রমে তিনি তাড়াইল উপজেলা ভূমি অফিস ও তাড়াইল উপজেলা কৃষি অফিস পরিদর্শন করেন, বাংলোতে দুপুরের খাবার গ্রহণ করেন এবং বিকেল ৩টায় ব্রাক এনজিও পরিদর্শনের মাধ্যমে দিনের কর্মসূচি সম্পন্ন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাওমি নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো, প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


শাওমি নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো, প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি বাংলাদেশে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স বাজারে এনেছে। এই নতুন পণ্যগুলোর মধ্যে রয়েছে শাওমি স্মার্ট এয়ার ফ্রায়ার ৬.৫ লিটার, শাওমি স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকার, শাওমি মাল্টিফাংশনাল রাইস কুকার ৪ লিটার এবং শাওমি ইলেকট্রিক কেটলি ২ লাইট। স্মার্ট প্রযুক্তি, প্রয়োজনীয় ফিচার এবং সহজে ব্যবহারযোগ্য ডিজাইন নিয়ে তৈরি এই পণ্যগুলো প্রতিদিনের রান্নাকে আরো স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।

শাওমি স্মার্ট এয়ার ফ্রায়ার ৬.৫ লিটারের বিশাল ধারণক্ষমতা রান্নায় বহুমুখী সুবিধা প্রদান করে। এর উন্নত ৩৬০ ডিগ্রি কনভেকশন হিটিং সিস্টেম সমানভাবে গরম বাতাস ছড়িয়ে দিয়ে খাবার নাড়া দেওয়ার ঝামেলা ছাড়াই রান্না সম্পন্ন করে। পাশাপাশি, ডিভাইসটির ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ২২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আল্ট্রা-ভার্সেটাইল তাপমাত্রা এয়ার ফ্রাইং, বেকিং, ফারমেন্টেশন, দই তৈরি, ডিফ্রস্টিং এবং ফল শুকানোর মতো কাজ সম্পন্ন করার সক্ষমতা রাখে। ব্যবহারকারীরা শাওমি হোম অ্যাপের মাধ্যমে অ্যাপ্লায়েন্সটি নিয়ন্ত্রণ করতে পারবেন, ১০০টি ক্লাউড রেসিপি দেখতে পারবেন এবং ২৪ ঘণ্টা পর্যন্ত রান্নার সময় আগে থেকে নির্ধারণ করে রাখতে পারবেন। এর ‘হাই-টেম্পারেচার ডিগ্রিজ ফিচার’ অতিরিক্ত চর্বি ও তেল ফিল্টার করতে সহায়তা করে।

খাবার তৈরির প্রস্তুতি আরও সহজ করতে শাওমি স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকার আটটি সুবিধা নিয়ে এসেছে। এই স্মার্ট রাইস কুকারের মাধ্যমে শুধু ভাত নয়, বরং প্রতিদিনের বিভিন্ন ধরনের খাবারও সহজে প্রস্তুত করা সম্ভব। ব্যবহারকারীরা শাওমি হোম অ্যাপের মাধ্যমে রান্নার নিয়ন্ত্রণ, রান্নার সময় নির্ধারণ এবং ভাতের টেক্সচার পছন্দমতো বেছে নেওয়ার সুযোগ পাবেন। এর স্মার্ট টেম্পারেচার সেন্সর ভাত পুড়ে যাওয়া বা মাড় উপচে পড়া রোধ করতে সক্ষম। ডিভাইসটিতে ২৪ ঘণ্টার ডিলে টাইমার, ১২ ঘণ্টা খাবার গরম রাখার সুবিধা, নন-স্টিক ইন্টেরিয়র এবং সহজে পরিষ্কার করার জন্য আলাদা করা যায় এমন ঢাকনা ও স্টিম ভালভ রয়েছে।

শাওমি মাল্টিফাংশনাল রাইস কুকার ৪ লিটারে ভাতের পাশাপাশি ১০ ধরনের রান্নার সুবিধা রয়েছে, যা প্রতিদিনের রান্নাকে আরও দ্রুত ও সহজ করে তোলে। এর ৮৬০ ওয়াটের হিটিং সিস্টেম দ্রুত ও কার্যকরভাবে রান্না নিশ্চিত করে। অন্যদিকে, এর ছয়-স্তর বিশিষ্ট ইনার পট তাপ সমানভাবে ছড়িয়ে দেয় এবং খাবার দীর্ঘসময় ধরে গরম রাখে। এতে মাত্র ৩০ মিনিটে ভাত রান্নার সুবিধা, ২৪ ঘণ্টার শিডিউলিং সুবিধা, ১২ ঘণ্টা খাবার গরম রাখার ফিচার এবং সহজে ব্যবহারের জন্য এর ওপরের অংশে টাচ কন্ট্রোল রয়েছে।

প্রতিদিনের পানি গরম করার কাজকে আরও সহজ করে তুলতে শাওমি ইলেকট্রিক কেটলি ২ লাইটে ১,৫০০ ওয়াট হিটিং পাওয়ার এবং ১.৫ লিটার পানি ধারণক্ষমতা নিশ্চিত করা হয়েছে। এর ভেতরের অংশে ৩০৪ ফুড-গ্রেড স্টেইনলেস স্টিল রয়েছে, যা মসৃণ হওয়ায় সহজেই পরিষ্কার করা যায়। এর রাউন্ডেড-এজ স্পাউট পানি ঢালার সময় ছিটকে পড়া কমিয়ে সাবলীলভাবে পানি ঢালতে সহায়তা করে। একইসাথে, এর ডাবল-লেয়ার ইনসুলেশন দুর্ঘটনাবশত গরম পানিতে পুড়ে যাওয়ার ঝুঁকি কমায়। ড্রাই-বয়েল প্রোটেকশন এবং স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ার সুবিধা এটি ব্যবহারের ক্ষেত্রে বাড়তি প্রশান্তি নিশ্চিত করে।

এই চারটি পণ্য দেশের সকল শাওমি অথোরাইজড স্টোরে পাওয়া যাচ্ছে। শাওমি স্মার্ট এয়ার ফ্রায়ার ৬.৫ লিটারের মূল্য ১৫,৯৯৯ টাকা, শাওমি স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকারের মূল্য ৮,৯৯৯ টাকা, শাওমি মাল্টিফাংশনাল রাইস কুকার ৪ লিটারের মূল্য ১০,৫৫০ টাকা এবং শাওমি ইলেকট্রিক কেটলি ২ লাইটের মূল্য ৩,৩৯৯ টাকা।

এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন https://www.mi.com/bd/life-style/ অথবা শাওমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/XiaomiBangladesh ফলো করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ২৫তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


ঢাকায় ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ২৫তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

রাজধানী ঢাকায় ৪ ডিসেম্বর ২৫তম ‘ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাদ জুমা থেকে রাত ১০টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর উদ্যোগে, পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় এবং ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় সম্মেলনের আয়োজন করা হচ্ছে। বিশেষ গুরুত্ব পাচ্ছে এই সম্মেলন, কারণ এটি ইক্বরা প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ উপস্থিত থাকবেন। উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরউদ্দিন আহমেদ অপু।

বিশেষ অতিথি হিসেবে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মহিবুল্লাহ হিল বাকী নদভী, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব তানভির আহমাদ এবং বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এজাজ আহমেদ উপস্থিত থাকবেন।

সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত সুফী মোহাম্মদ মিজানুর রহমান থাকবেন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের উপস্থিত থাকার কথা রয়েছে।

মিসরের ক্বারী ড. মুফতি মাহমুদ কামাল নাজ্জার, ইরানের উস্তায ক্বারী মাহদি আদেলী, আফগানিস্তানের উস্তায ক্বারী আলী রেজা রেয়াঈ, তুরস্কের শাইখ ক্বারী হুসাইন তুরকান এবং ইরাকের ড. খাইরুদ্দিন আল-হাদীসহ আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট ক্বারীরা এবারের সম্মেলনে অংশগ্রহণ করবেন।

সম্মেলনে সভাপতিত্ব করবেন ইক্বরা সভাপতি ও বিশ্বখ্যাত ক্বারী উস্তায শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।

উল্লেখ্য, ১৯৬৬ সালে উপমহাদেশে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও ইলমে ক্বিরাতের প্রচার-প্রসারে ইমামুল কুররা হযরত মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ (রহ.)-এর উদ্যোগে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর ১৯৯১ সাল থেকে সংস্থাটি বাংলাদেশে ২৪টি আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের আয়োজন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করেছে দুদক পটুয়াখী সমন্বনিত কার্যালয়ে কর্মকর্তারা। রবিবার
সকালে পৌরসভার সামনে কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের জন্য নির্মাণাধীন ওয়াকওয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
আমতলী পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার সামনে অবস্থিত লেকের সৌন্দর্যবর্ধনের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে লোকাল গভমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০২৪ সালের এপ্রিলে তৎকালীন পৌর মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সভাপতি মতিয়ার রহমান এই প্রকল্পের দরপত্র আহ্বান করেন। সর্বনি¤œ দরদাতা হিসেবে কাজটি পায় ঝালকাঠির ইসলাম ব্রাদার্স নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। সেখান থেকে কাজটি হাত বদল হয়ে বর্তমানে বাস্তবায়ন করছেন বরিশালের ঠিকাদার শেখ নোমান রেজা।
২০২৪ সালের ২৫ অক্টোবর কাজের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম।
ঠিকাদারের অভিযোগ কাজটি বাস্তবায়নের শুরু থেকেই আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান মোটা অংকের ঘুষ দাবী করে আসছেন। তার চাহিদামত ঘুষ না দেওয়ায় সে ঠিকাদারকে নানা ভাবে হয়রানি করছে এবং কাজঠি সঠিক ভাবে বাস্তায়ন করতে দিচ্ছে না। এ অভিযোগ এনে ঠিকাদার শেখ নোমান রেজা ১৯ নভেম্বর দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালীতে অভিযোগ করেন। অভিযোগের পর দুদক পটুয়াখালীর সহকারী পরিচালক মো. তাপস বিশ^াসের নেতৃত্বে একদল কর্মকর্তা রবিবার সকাল ১১ টার সময় আমতলী পৌরসভার সামনে অভিযান চালিয়ে পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে ১ লক্ষ টাকাসহ আটক করে। আটকের পর দুপুরে তাকে আমতলী থানায় হস্তান্তর করে।
ঠিকাদার শেখ নোমান রেজা অভিযোগ করে বলেন, আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান
একজন দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ার। কাজের শুরু থেকেই সে ঘুষের টাকার জন্য নানা ভাবে সে আমাদের হয়রানি করে আসছে। নিরুপায় হয়ে গত ১৯ নভেম্বর দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালীতে অভিযোগ করি। আজ অভিযোগের সত্যতা প্রমানিত হয়েছে।
দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালীর সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, অভিযোগের পর রবিবার আমরা আমতলীতে অভিযান পরিচানা করি। এসময় ঘুষের ১ লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আমতলী পৌরসভার সামনে থেকে রবিবার সকাল ১১ টয় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। মামলার পর রবিবার দুপুরে তাকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন, আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে দুদক পটুয়াখালীর কর্মকর্তারা আটক করে আমতলী থানায় সোপর্দ করেছে। সোমবার সকালে তাকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পাঠানো হবে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%