১০:২৪ পি.এম
কুমিল্লার লালমাইয়ে একটি মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মারা গেছেন আবদুল মালেক নামের এক শিক্ষক। তিনি স্থানীয় সুরুজ মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন।
২৪ আগস্ট সোমবার বিকেলে উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের বেলঘর দারুচ্ছুন্নাত ইসলামিয়া দাখিল মাদরাসার মিলনায়তনে লালমাই থানা পুলিশ আয়োজিত মাদকবিরোধী সমাবেশের সময়ে এই ঘটনা ঘটে। ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ প্রদীপ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। নিহত আবদুল মালেক पासের লাকসাম পৌরসভার পাইকপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সুত্র অনুযায়ী, দেশব্যাপী মাদকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে লালমাই থানা পুলিশ বেলঘর দারুচ্ছুন্নাত ইসলামিয়া দাখিল মাদরাসার মিলনায়তনে একটি সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ প্রদীপ চক্রবর্তী, লালমাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার উল্যাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদ জাবেদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বেলঘর উত্তর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বরিশালে বালু ব্যবসায়ীকে ৪ লাখ জরিমানা, মা ইলিশ অভিযানে ৮ জন দণ্ডিত
বিকেল সাড়ে ৪টায় অধ্যক্ষ আবদুল মালেক মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতামূলক বক্তব্য শুরু করেন। বক্তব্যের একপর্যায়ে তিনি হঠাৎ মেঝেতে ঢলে পড়েন।
পরে উপস্থিত শিক্ষক এবং শিক্ষার্থীরা তাকে দ্রুত লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী আবদুল বারীক বলেন, ‘স্যার অনেক সুন্দর করে মাদকের ভয়াবহতা তুলে ধরছিলেন। বক্তব্য দিতে দিতেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন সমাবেশের লোকজন তাকে প্রথমে স্থানীয় বেলঘর বাজারে পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যায়। পরে একটি হাইস গাড়ি ভাড়া করে তাকে লাকসামে নেওয়া হয়।’
এই মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে শিক্ষকের আকস্মিক মৃত্যুতে পুলিশ, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে শোক ছড়িয়ে পড়ে। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘বিকেল সাড়ে ৪টায় অধ্যক্ষ বক্তব্য শুরু করেন। এসময় তিনি শান্তভাবেই মাদকের খারাপ দিক তুলে ধরছিলেন। হঠাৎ ঢলে পড়ে গেলে তাকে লাকসাম সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ তিনি আরো জানান, মঙ্গলবার সকালে লাকসামে অধ্যক্ষের বাড়িতে জানাজার নামাজ হওয়ার কথা রয়েছে। তিনি নিজেসহ লালমাই থানা পুলিশের সদস্যরা জানাজায় অংশ নেবেন।
আরও পড়ুন: ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন