ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রী: আমাদের সবার পরিচয় বাংলাদেশি, মুক্তিযুদ্ধ ও আন্দোলনের গুরুত্ব তুলে ধরলেন


প্রধানমন্ত্রী: আমাদের সবার পরিচয় বাংলাদেশি, মুক্তিযুদ্ধ ও আন্দোলনের গুরুত্ব তুলে ধরলেন

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন, "সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ কিছুই নয়, আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি।"

তিনি মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামে পূজা পরিদর্শন শেষে এই কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, "আমরা সবাই বাংলাদেশি। সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ কিছুই নয়। ৭১ এর মুক্তিযুদ্ধে যেভাবে জাতি-ধর্ম নির্বিশেষে সবাই ঝাপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে এনেছে; সেভাবেই ২৪ এর আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ স্বৈরাচারের পতন ঘটিয়েছে।"

আরও পড়ুন: ডিএমপির উদ্ধারকৃত ১১৭টি মোবাইল ফোনের মালিকানা শনাক্তের আহ্বান

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানে সেমিনারে অংশ নিতে যাচ্ছেন জেনিথ ইসলামী লাইফের সিইও এস এম নুরুজ্জামান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০৯ এম


জাপানে সেমিনারে অংশ নিতে যাচ্ছেন জেনিথ ইসলামী লাইফের সিইও এস এম নুরুজ্জামান

জাপানের ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার (ওলিস) কর্তৃক আয়োজিত মর্যাদাপূর্ণ ‘ওলিস ২০২৬ অটাম’ সেমিনারে অংশগ্রহণের জন্য জাপান যাচ্ছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান।

এই সেমিনারটি বুধবার (২১ অক্টোবর) থেকে ২৮ অক্টোবর পর্যন্ত জাপানে অনুষ্ঠিত হবে।

সম্প্রতি, জাপানের ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কালচারাল ডেভেলপমেন্ট সেন্টারের প্রেসিডেন্ট সুকাসা ইয়োনেকুরা স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এস এম নুরুজ্জামানের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে তিনিই একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করছেন। আন্তর্জাতিক বিমা খাতের অভিজ্ঞতা বিনিময় ও পেশাগত মান উন্নয়নের এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে সম্পূর্ণ অর্থায়ন করা হচ্ছে।

এস এম নুরুজ্জামান বাংলাদেশের বিমা শিল্পে প্রায় তিন দশক ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ১৯৯৭ সালে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে তিনি তার পেশাগত জীবন শুরু করেন।

এরপর তিনি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে প্রায় এক দশক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এবং ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি বায়রা লাইফ ইন্স্যুরেন্সে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সফলতার সাথে কাজ করেন।

২০১৩ সালের নভেম্বরে তিনি জেনিথ ইসলামী লাইফে সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেন। নিজের মেধা, দক্ষতা ও সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন।

পেশাগত দায়িত্বের পাশাপাশি, তিনি দেশের বিমা খাতের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনে যুক্ত রয়েছেন। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) ও সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

পেশাগত দক্ষতা উন্নয়ন ও সাংগঠনিক প্রয়োজনে, তিনি ইতিপূর্বে জাপান, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।

জাপানের এই সেমিনারে তার অংশগ্রহণ জেনিথ ইসলামী লাইফ এবং দেশের সামগ্রিক বিমা খাতের জন্য একটি অত্যন্ত ইতিবাচক অর্জন হিসেবে গণ্য করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু, জাজিরায় ৫ ব্যবসায়ীর জানাজায় উপচে পড়া ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১০ এম


নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু, জাজিরায় ৫ ব্যবসায়ীর জানাজায় উপচে পড়া ভিড়

ব্যবসায়িক উদ্দেশ্যে একত্রে বাড়ি থেকে বের হলেও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে লাশ হয়ে ফিরলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার পাঁচ ব্যবসায়ী। মঙ্গলবার রাতে তাদের জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯টায় জাজিরা উপজেলার কাজিরহাটের ধুলট হাটা প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এতে নিহতদের স্বজন, স্থানীয় ব্যবসায়ীসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন। জানাজাকে কেন্দ্র করে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

এর আগে, ওই দিন ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া অংশে যাত্রীবাহী বাস এবং বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ওই পাঁচজনসহ মোট ১৪ জন নিহত হন।

নিহত ব্যবসায়ীরা হলেন—জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর মাদবরকান্দির জহির উদ্দিন মাদবরের ছেলে জুয়েল মাদবর, ডুবিসায়বর মোল্যাকান্দির জাহান উদ্দিন মোল্যার ছেলে সালাল মোল্যা, ডুবিসায়বর কাজিরহাটের ইউনুস শিকদারের ছেলে সোহাগ শিকদার, কাজিরহাটের সামাদ ফকির এবং পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকার রাজ্জাক বেপারীর ছেলে শাহিন বেপারী।

জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে কাজিরহাট ও পার্শ্ববর্তী এলাকায় কৃষিপণ্যের ব্যবসা করে আসছিলেন। রাজশাহী অঞ্চলের তাহেরপুর বাজার থেকে ভুট্টা, পেঁয়াজ, রসুন ও ধনিয়াসহ বিভিন্ন পণ্য কিনে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে তারা নাটোর হয়ে রাজশাহী যাচ্ছিলেন। দুর্ঘটনাটি পথে ঘটে।

জানাজায় শোক প্রকাশ করে সেনেরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কাজী, কাজিরহাট বাজার কমিটির সভাপতি মোখলেস মাদবর এবং বাজার ইজারাদার টিটু আকন বলেন, নিহত ব্যক্তিরা স্থানীয় বাজারে অত্যন্ত পরিচিত এবং সক্রিয় ব্যবসায়ী ছিলেন। এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনায় তাদের অকালমৃত্যু পুরো ব্যবসায়ী সমাজ ও এলাকার জন্য এক অপূরণীয় ক্ষতি।

জানাজা শেষে নিহতদের মরদেহ নিজ নিজ গ্রামে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বাইক চালানোর কারণে’ শ্বাসকষ্ট বেড়ে যায় তরিকুলের, অতঃপর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১০ এম


‘বাইক চালানোর কারণে’ শ্বাসকষ্ট বেড়ে যায় তরিকুলের, অতঃপর মৃত্যু

শ্বাসকষ্টজনিত কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম মারা গেছেন। তার মৃত্যুতে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তরিকুলের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় অবস্থিত। তিনি ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকার একটি মেসে বসবাস করতেন।

পারিবারিক ও বিভাগীয় সূত্রে জানা গেছে, তরিকুল দীর্ঘ সময় ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত কোরবানির ঈদের সময় প্যানিক অ্যাটাকের কারণে তাকে তিন দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকতে হয়েছিল। সে সময় চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও মঙ্গলবার আবার একই সমস্যার পুনরাবৃত্তি ঘটে। শারীরিক জটিলতা বেড়ে গেলে সহপাঠী ও বন্ধুরা তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

জার্নালিজম বিভাগের প্রভাষক জাকির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করে লেখেন, "তরিকুলের অকালপ্রয়াণে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। কিছু বিদায় মেনে নেওয়া খুবই কঠিন। মহান আল্লাহ তরিকুলকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।"

এ বিষয়ে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় বলেন, "বিভাগের শিক্ষার্থী তরিকুলের মৃত্যুতে আমরা উদ্বিগ্ন। জানতে পেরেছি, এর আগেও তার এমন সমস্যা হয়েছিল। গতকাল বাইক চালানোর কারণে ঠান্ডা লেগে শ্বাসকষ্ট বেড়ে যায়। আজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুর্কি সংসদে সৌদি ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১৬ এম


তুর্কি সংসদে সৌদি ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন

সৌদি আরবের হুথি হামলা প্রতিরোধ এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুমোদনের জন্য তুরস্কের পার্লামেন্টে প্রস্তাব পাঠানো হয়েছে। ন্যাটো জোটের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির দেশ হিসেবে তুরস্কের এই পদক্ষেপ রিয়াদ ও ইসলামাবাদের সঙ্গে আঙ্কারার কৌশলগত সামরিক সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।

মঙ্গলবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তিনটি সূত্রের বরাতে এই তথ্য প্রকাশিত হয়েছে।

গত আগস্টে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব ঐতিহাসিক 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' স্বাক্ষর করে। চুক্তির শর্ত অনুযায়ী, জোটের যেকোনো সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা বাকি সদস্যদেশগুলোর ওপর হামলা হিসেবে গণ্য হবে। তবে চুক্তি স্বাক্ষরের সময় তিন দেশের সম্মিলিত প্রতিশ্রুতিগুলি তৎকালীন যৌথ বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।

চলতি মাসের শুরুতে রিয়াদে এই জোটের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সৌদি আরবে দ্রুত সামরিক বাহিনী এবং অন্যান্য প্রয়োজনীয় সামরিক সক্ষমতা মোতায়েন নিশ্চিত করার বিষয়ে দেশগুলো একমত হয়।

তুরস্কের নিজস্ব শক্তিশালী প্রতিরক্ষা শিল্প রয়েছে। তারা সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা করেছে। পাশাপাশি রিয়াদের প্রয়োজনীয় সামরিক প্রযুক্তির চাহিদা মেটাতে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে আঙ্কারা। তাছাড়া লোহিত সাগরে জাহাজ চলাচল ও নৌনিরাপত্তা নিশ্চিত করতে সৌদি নেতৃত্বাধীন জোটে যোগ দিতে সম্মত হয়েছে দেশটি।

রয়টার্সের দুটি সূত্র জানিয়েছে, তুরস্কের পার্লামেন্ট স্পিকার নুমান কুরতুলমুশ বর্তমানে কিরগিজস্তান সফরে রয়েছেন। তিনি দেশে ফিরলেই চুক্তিটি পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে পাঠাবেন। কমিটিতে জমা দেওয়ার পরই চুক্তির পূর্ণাঙ্গ বিষয়বস্তু ও বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

অন্য একটি সূত্রের মতে, চলতি সপ্তাহের শুক্রবারের মধ্যেই পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটি এই চুক্তি নিয়ে আলোচনা শুরু করতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে তুরস্কের এক কর্মকর্তা সংবাদ সংস্থাটিকে জানান, এই চুক্তির আওতায় তুর্কির অবদান মূলত সামরিক সরঞ্জাম সরবরাহ, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং অস্ত্রব্যবস্থা সহায়তার মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত এই জোটের অধীনে অন্য কোনো ধরনের সামরিক মোতায়েন করা হয়নি বলেও তিনি নিশ্চিত করেন।

ইয়েমেনের হুথি হামলা মোকাবিলায় তুরস্ক কীভাবে সৌদি আরবকে রক্ষা করতে সহায়তা করতে পারে, এমন প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, মক্কা চুক্তি কোনো 'আক্রমণাত্মক চুক্তি' নয়। তুরস্ক অন্য কোনো দেশে হামলা চালানোর জন্য নিজ দেশের সেনা পাঠাবে না বলেও তিনি স্পষ্ট করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%