ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

পল্টনে রিকশাশ্রমিকদের সড়ক অবরোধ, সৃষ্টি হলো তীব্র যানজট


পল্টনে রিকশাশ্রমিকদের সড়ক অবরোধ, সৃষ্টি হলো তীব্র যানজট

রাজধানীর পল্টন মোড় অবরোধ করেছেন শ্রমিকেরা, যাদের দাবি ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের জীবিকা ও ক্ষুদ্র পুঁজি রক্ষার জন্য ১২ দফা।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টা থেকে তারা সড়ক অবরোধ করে সমাবেশে অংশগ্রহণ করেন। এই অবস্থার কারণে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

শ্রমিকদের দাবির মধ্যে অন্যতম হলো- ব্যাটারিচালিত রিকশা নীতিমালা-২০২৫ সংশোধন করে শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন করা, যানবাহনের নিবন্ধন ও লাইসেন্স প্রদান করা এবং চালকদের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ করা।

আরও পড়ুন: জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল, সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী

সমাবেশ থেকে বিআরটিএর মাধ্যমে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও বৈধ কাগজপত্র দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া নিবন্ধন ও নবায়ন ফি কমিয়ে সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ এবং প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স নিশ্চিত করতে কমপক্ষে দুই বছর সময় দেওয়ার দাবি তোলেন শ্রমিকেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন ভিজিট ভিসা নিয়ে ঢাকাস্থ দূতাবাসের নতুন সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২০ পি.এম


মার্কিন ভিজিট ভিসা নিয়ে ঢাকাস্থ দূতাবাসের নতুন সতর্কবার্তা

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস মার্কিন ভিজিটর ভিসা সংক্রান্ত নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করার জন্য নতুন একটি সতর্কবার্তা প্রকাশ করেছে। কনস্যুলার কর্মকর্তার কাছে ভিসা প্রার্থীর ভ্রমণের উদ্দেশ্য নিয়ে সামান্য সন্দেহ দেখা দিলে, সেই আবেদনটি সরাসরি বাতিল করা হতে পারে। সোমবার (৯ নভেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে এই সতর্কবার্তা প্রকাশিত হয়।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, যদি কোনো আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলার ব্যাপারে কনস্যুলার কর্মকর্তার কাছে আশ্বস্ত না হন, তাহলে তার ভিসার আবেদন প্রত্যাখ্যাত হতে পারে।

এছাড়া, এতে আরও বলা হয়েছে, ভিসা যথাযথভাবে ব্যবহার করার দায়িত্ব সম্পূর্ণরূপে আবেদনকারীর নিজের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চাকরি স্থায়ীকরণ ও ছাঁটাই বন্ধের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২১ পি.এম


ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চাকরি স্থায়ীকরণ ও ছাঁটাই বন্ধের দাবিতে মানববন্ধন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধীনে কর্মরত বেসরকারি কর্মচারীদের ছাঁটাই বন্ধের দাবি, সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর আওতায় অন্তর্ভুক্তকরণ এবং চাকরি জাতীয়করণের জন্য ৪ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিটি 'সাত কলেজ কর্মচারী ঐক্য পরিষদ'-এর ব্যানারে আয়োজন করা হয়।

সোমবার (৯ নভেম্বর) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত সরকারি তিতুমীর কলেজসহ সাতটি ক্যাম্পাসে একযোগে মানববন্ধনে শত শত বেসরকারি কর্মচারী অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে আন্দোলনকারীরা ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘আমাদের দাবি মানতে হবে, মেনে নাও’ সহ বিভিন্ন স্লোগান উচ্চারণ করেন।

মানববন্ধনে সরকারি তিতুমীর কলেজ কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের বলেন, এক সময় তিতুমীর কলেজে প্রায় ৫৯ হাজার শিক্ষার্থী উপস্থিত থাকলেও বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের নিজস্ব আয় কমে যাওয়ার কারণে কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধে মারাত্মক সংকট সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিভিন্ন দপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।

চাকরির নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি জোর দাবি জানান এবং বলেন, আমাদের প্রধান দাবি চাকরি জাতীয়করণ করতে হবে। যদি তা সম্ভব না হয়, তবে অন্তত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নিজস্ব কাঠামোর অধীনে কর্মচারীদের অন্তর্ভুক্ত করতে হবে। কোনো অবস্থাতেই কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না। দাবি না মানা পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

সংগঠনের প্রচার সম্পাদক মো. পাবেল হোসেন তার বক্তব্যে উল্লেখ করেন, আমরা দীর্ঘ ১৮ থেকে ২৫ বছর ধরে নিষ্ঠার সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে সেবা প্রদান করে আসছি। কিন্তু আজও আমাদের চাকরি স্থায়ীকরণ বা জাতীয়করণ করা হয়নি। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সন্তানদের লেখাপড়ার খরচ, বৃদ্ধ বাবা-মায়ের চিকিৎসা ও পরিবারের ভরণপোষণ চালাতে আমরা চরম অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছি।

এ সময় তিনি প্রধানমন্ত্রীর কাছে তাদের দীর্ঘদিনের এই বঞ্চনা নিরসনে সরাসরি হস্তক্ষেপ ও চাকরি জাতীয়করণের জন্য জোর আকুতি জানান।

সাত কলেজের কর্মচারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, দ্রুততম সময়ের মধ্যে তাদের ৪ দফা দাবি মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার ৪৪ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারি খাতে হস্তান্তরের পরিকল্পনা করছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২১ পি.এম


সরকার ৪৪ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারি খাতে হস্তান্তরের পরিকল্পনা করছে

সরকার বন্ধ ও লোকসানি রাষ্ট্রীয় শিল্পগুলোকে সচল করার উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু হয়েছে। পরিকল্পনার আওতায় রাষ্ট্রায়ত্ত বন্ধ ও লোকসানি প্রতিষ্ঠানগুলোর অব্যবহৃত জমি, স্থাপনা এবং শেয়ার বিক্রির বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর ফলে এসব প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এই উদ্যোগের মাধ্যমে বেসরকারি খাতকে চাঙা করার পরিকল্পনাও রয়েছে। ইনভেস্ট বাংলাদেশ সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত আইন সংস্কারের কাজ চলছে।

এ বিষয়ে খসড়া নীতিমালা অধিকতর যাচাই ও চূড়ান্ত করার জন্য সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি নীতিনির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সভায় ‘সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানসমূহের অব্যবহৃত জমি বা স্থাপনা হস্তান্তর, শেয়ার ও স্বত্ব হস্তান্তর বা কৌশলগত বিক্রয় সংক্রান্ত নীতিমালা-২০২৬’ এর খুঁটিনাটি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। সভায় অংশগ্রহণকারী একাধিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টি এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্যে প্রাথমিকভাবে ৪৪টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়েছে। যেগুলোকে প্রথমে সরকারি-বেসরকারি যৌথ মালিকানা বা সম্পূর্ণ বেসরকারি মালিকানায় চালুর উদ্যোগ নেওয়া হবে। এই তালিকায় গত ২০ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ‘রোড শো’-তে উপস্থাপিত কোম্পানিগুলোও অন্তর্ভুক্ত রয়েছে। লক্ষ্য অর্জনের জন্য ইতোমধ্যে শিল্প মন্ত্রণালয়ের সমন্বয়ে নীতিমালার খসড়া তৈরি করেছে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ।

নীতিমালাটি চূড়ান্ত করার প্রক্রিয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে সরকারি সম্পদের আগের দায়দেনা বা ট্যাক্স বকেয়া সংক্রান্ত জটিলতার বিষয়টি উত্থাপন করা হয়েছে। বিনিয়োগকারীদের জন্য অবরুদ্ধ সম্পদে বিনিয়োগ করার ক্ষেত্রে আর্থিক আইনি ঝুঁকি এড়ানোর জন্য সম্পদ হস্তান্তরের পূর্বে সব ধরনের দায়দেনা সম্পূর্ণ পরিশোধের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তবে যদি কোনো বিশেষ ক্ষেত্রে দায়দেনার পরিমাণ সম্পদের মূল্যের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে কেস-টু-কেস ভিত্তিতে দায় মওকুফ বা পরিশোধের বিষয়ে পৃথক ব্যবস্থা নেওয়ার পক্ষেও মতামত প্রকাশ করা হয়েছে।

প্রস্তাবিত এই খসড়া নীতিমালার ওপর সুনির্দিষ্ট মতামত ও লিখিত পর্যবেক্ষণ দেওয়ার জন্য অর্থ বিভাগ, ভূমি মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে যে, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের মতামত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে পাঠানোর বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। প্রাপ্ত মতামত পরিমার্জিত ও যুগোপযোগী করার দায়িত্ব ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের ওপর দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সব মন্ত্রণালয়ের মতামত জমা হলে, নথিতে থাকা শর্তসমূহ দ্রুত সমন্বয় করে নীতিমালাটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিসভায় পাঠানো হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই নীতিমালাটি কার্যকর হলে দেশের হাজার হাজার একর অলস সরকারি জমি ও অকেজো কারখানাগুলো লাভজনক বাণিজ্যিক সম্পদে রূপান্তরিত হবে। অন্যদিকে, সুনির্দিষ্ট ও কঠোর আইনি তদারকি না থাকলে রাষ্ট্রীয় সম্পদ পানির দরে প্রভাবশালী করপোরেট সিন্ডিকেটের হাতে চলে যাওয়ার বড় ঝুঁকি তৈরি হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২২ পি.এম


যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ দল। গ্রেপ্তার দুজনই উপজেলার বজরা ইউনিয়নের বাসিন্দা। তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে আসছিলেন বলে জানিয়েছে ডিএনসি।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভানুয়াই এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন, সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আকরাম আলী বাড়ির মো. দুলালের ছেলে আলমগীর হোসেন (৩৫) এবং একই ওয়ার্ডের শাহ আলমের নতুন বাড়ির মো. হারুনের ছেলে মো.জীবন (২২)।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয় ও এসআরবি-১১ যৌথ অভিযান চালায়। এ সময় ভানুয়াই এলাকায় সিলেট থেকে নোয়াখালীগামী সাগরিকা পরিবহনের বাসটিতে তল্লাশি করা হয়। একপর্যায়ে বাসের ভেতর থেকে ১৪ কেজি গাঁজাসহ আলমগীর ও জীবনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাটন মুঠোফোনও জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%