১০:৪৫ এম
মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। তার ক্যানসার বর্তমানে চতুর্থ স্টেজে পৌঁছে গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে শামীম ওসমান নিজেই তার শারীরিক অসুস্থতার কথা জানান, যিনি বর্তমানে বিদেশে পলাতক।
এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা টকশোতে বলেন, ‘আমি অসুস্থ, ক্যানসার হয়েছে। আমার ক্যানসার বলা হচ্ছে ফোর্থ স্টেজ।’
আরও পড়ুন: নির্বাচন কমিশন প্রার্থীদের পাশ কাটিয়ে ভোটের সময় ১৫ ঘণ্টা বাড়াল
তিনি নিজের শারীরিক অবস্থার অনিশ্চয়তা তুলে ধরে বলেন, ‘কয়দিন বাঁচব, আমি জানি না। তবে আমার আল্লাহর ওপর বিশ্বাস আছে, আমি বাঁচব।’
শামীম ওসমান মনে করেন, তার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে অনেকে খুশি হতে পারেন। তবে তিনি তাদের খুশি না হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অতীতে নিজের ওপর একাধিক হামলা ও হত্যাচেষ্টার কথাও উল্লেখ করেন।
নিজের অসুস্থতার পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। তিনি দাবি করেন, দেশের বর্তমান পরিস্থিতি তার ব্যক্তিগত অসুস্থতার চেয়েও বেশি উদ্বেগজনক। বাংলাদেশের বিভিন্ন স্থানে নির্যাতন, সহিংসতা ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ওপর হামলার অভিযোগও তোলেন তিনি।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতার প্রসঙ্গে শামীম ওসমান বলেন, একসময় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল। তবে কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, কোটাভিত্তিক রাজনীতি ও পকেট কমিটির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, কেন্দ্রের ভুলের পাশাপাশি বিভাজনের রাজনীতিও দলকে ক্ষতিগ্রস্ত করেছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন: পটিয়ায় ৩০ কৃষককে অপহরণ, মুক্তিপণে ফিরলেন ১৮ জন
এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন শামীম ওসমান। তিনি বলেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে শেখ হাসিনার দেশে ফেরার ঘটনা দেখে কৃতজ্ঞ থাকবেন। আর যদি বেঁচে না থাকি, তাহলে সেই আফসোস থেকে যাবে।
২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেন শামীম ওসমান। পরে গোপনে পালিয়ে যান দেশের বাইরে। বর্তমানে তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার পাশাপাশি বিভিন্ন মামলার বিচার চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন