ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

কলম্বিয়ার আন্দিজে দাবানল, ভিলা দে লেইভা শহর হুমকিতে


কলম্বিয়ার আন্দিজে দাবানল, ভিলা দে লেইভা শহর হুমকিতে

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : রোববার কলম্বিয়ার মধ্যাঞ্চলে অবস্থিত জনপ্রিয় পর্যটন শহর ভিলা দে লেইভার নিকটবর্তী একটি বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। এ তথ্য স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এ শহরটি তার ঐতিহাসিক ঔপনিবেশিক স্থাপত্য ও পাথরে বাঁধানো রাস্তার জন্য পরিচিত। শহরের কেন্দ্রীয় চত্বর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল। প্রতিবছর শহরটিতে ১০ লাখেরও বেশি পর্যটক ভ্রমণ করেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, কলম্বিয়ার ভিলা দে লেইভা থেকে এই খবরটি এসেছে।

আরও পড়ুন: ‘বাবাকে হত্যা করতে চাইছে’ : ইমরান খানের ছেলের সতর্কবার্তা

স্থানীয় কর্মকর্তা হোসে কাস্ত্রো এএফপিকে জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় ২০০ হেক্টর বনভূমি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার সকালে জানানো ক্ষয়ক্ষতির পরিমাণের তুলনায় এটি চার গুণেরও বেশি।

শনিবার কাছের একটি বনাঞ্চলে আগুন লাগার প্রায় ২৪ ঘণ্টা পর রোববার বিকেলে প্রায় ২৫০ জন স্থানীয় দমকলকর্মী ও বাসিন্দা আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন।

স্বেচ্ছাসেবকেরা দা ও গাছের ডাল ব্যবহার করে আগুনের বিস্তার ঠেকানোর চেষ্টা করেন। এ সময় একটি হেলিকপ্টার থেকে আগুনে পানি ছোড়া হয়।

আরও পড়ুন: দিল্লির রেসকোর্স মসজিদে নামাজ বন্ধ করল সরকার

গভর্নরের কার্যালয়ের দু’টি হেলিকপ্টার এবং সামরিক বাহিনীর দ’ুটি হেলিকপ্টারও আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়। বোগোতার দমকলকর্মীরাও এতে অংশ নেন।

কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা এক্সে লিখেছেন, ‘এই আগুন নিয়ন্ত্রণে এবং বাসিন্দাদের ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা রাষ্ট্রের সব ধরনের সম্পদ কাজে লাগাব।’

দেশটির দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা রোববার বিকেলে এক বিবৃতিতে জানায়, আগুনের ৫০ শতাংশ ‘নিয়ন্ত্রণে’ এসেছে।

নিরক্ষরেখার কাছাকাছি আন্দিজ অঞ্চলে শুষ্ক মৌসুমে বনাঞ্চলে আগুন লাগা একটি সাধারণ ঘটনা। তবে বর্তমানে বিরাজমান এল নিনো আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে খরা ও তাপমাত্রা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠেছে।

আরও পড়ুন: নেতানিয়াহু হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান, দাবি বিরোধীদের

সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, কলম্বিয়ায় বর্তমানে প্রায় ১৮টি বনাঞ্চলে সক্রিয় দাবানল রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেব-শুভশ্রী প্রেমের স্মৃতি ফিরে আসায় নতুন জল্পনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১৬ পি.এম


দেব-শুভশ্রী প্রেমের স্মৃতি ফিরে আসায় নতুন জল্পনা শুরু

টালিউডের জনপ্রিয় তারকা দেব ও শুভশ্রী গাঙ্গুলির প্রেম-বিচ্ছেদের কাহিনী একসময় টালিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। দীর্ঘ সময় পর তারা আবারও পর্দায় জুটি বেঁধেছেন। লাদাখের পাহাড়ি সৌন্দর্যের মাঝে রোমান্টিক গানে তাদের রসায়ন দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলোও পুরনো সম্পর্কের আলোচনা উসকে দিয়েছে।

সম্প্রতি দেব পরিচালিত সিনেমা ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’ মুক্তি পেয়েছে। লাদাখের মনোরম পাহাড় ও প্রকৃতির মাঝে ধারণ করা গানটিতে দেব ও শুভশ্রীর প্রেমময় উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। গানটির প্রকাশের পর থেকেই দুই তারকার রসায়ন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

এদিকে, দেব-শুভশ্রীর বেশ কিছু রোমান্টিক ছবি প্রকাশ্যে এসেছে। কিছু ছবিতে তাদের একে অপরকে জড়িয়ে থাকতে দেখা গেছে, আবার কিছু ছবিতে তারা আরও ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়েছেন। ফলে পর্দার বাইরেও তাদের সম্পর্ক নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

তবে শুভশ্রীর একটি ক্যাপশন সবচেয়ে বেশি নজর কেড়েছে। ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘তুই ছাড়া না এ জগতে কিছুই আগে না।’ এই ক্যাপশন প্রকাশের পর ভক্তদের মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। যদিও ছবিগুলো সিনেমার প্রচারণা ও চরিত্রের প্রেক্ষাপটের অংশ হিসেবেই প্রকাশ করা হয়েছে।

একটি ছবিতে দেখা যায়, শুভশ্রীর সামনে বসে রয়েছেন দেব। পেছন থেকে তাকে জড়িয়ে রেখেছেন অভিনেত্রী। অন্য একটি ফ্রেমে দেবের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন শুভশ্রী। দেবের হাতও আলতোভাবে ছুঁয়ে আছে তার মুখ। ছবিগুলোতে তাদের ঘনিষ্ঠ রসায়ন নতুন করে আলোচনায় এনেছে এই পুরনো জুটিকে।

পর্দার জনপ্রিয় জুটির পাশাপাশি বাস্তব জীবনেও সম্পর্কে জড়িয়েছিলেন দেব ও শুভশ্রী। পরে সেই সম্পর্কের ইতি ঘটে এবং দুজনেই নিজেদের জীবনে এগিয়ে যান। তবে বহু বছর পর পর্দায় তাদের এই পুনর্মিলন দর্শকদের মনে ফিরিয়ে দিয়েছে পুরনো দিনের স্মৃতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়ায়ও স্পষ্ট সেই নস্টালজিয়ার ছাপ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জ সীমান্তে ভারতে প্রবেশকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১৬ পি.এম


হবিগঞ্জ সীমান্তে ভারতে প্রবেশকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক

হবিগঞ্জের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের একজন কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক হওয়া সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের পুত্র। তিনি জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন।

বিজিবি জানায়, রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোংলামবস্তি চা-বাগানের কাছে সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর নিকট থেকে সুশান্তকে আটক করা হয়। এ সময় তিনি শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটক করার সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তাঁর নামে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল এবং ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী। উদ্ধার করা পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

আরো পড়ুন

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ

৫৫ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত জানিয়েছেন, তিনি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শ্রীমঙ্গলে গিয়ে একটি হোটেলে অবস্থান করেন। পরে এক দালালের সহায়তায় সুযোগ বুঝে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করেন। সুশান্ত ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে চুক্তিভিত্তিকভাবে কাজ করছেন। বর্তমানে তিনি জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে জানা গেছে, সুশান্ত প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানিয়েছেন, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে সুশান্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহসিন নাকভির কাছ থেকে ভারতকে পদক নিতে হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


মহসিন নাকভির কাছ থেকে ভারতকে পদক নিতে হতে পারে

নাগোয়া (জাপান), ২১ সেপ্টেম্বর ২০২৬ : এশিয়া কাপের ট্রফি নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষিতে এশিয়ান গেমস ২০২৬-এ ভারতের ক্রিকেট দলগুলোকে পদক গ্রহণের বিষয়ে আবারও আলোচনা করতে হতে পারে।

বর্তমানে পুরুষ ও নারী উভয় বিভাগেই ভারত এশিয়া কাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন। কিন্তু শিরোপা জয়ের পর আনুষ্ঠানিক পুরস্কার বিতরণীতে কোনো দলই ট্রফি হাতে নিতে পারেনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি দুই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে একই ধরনের ঘটনা ঘটলে পরিস্থিতি কেমন হতে পারে, তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এশিয়া কাপের মতো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে নয়, বরং এশিয়ান গেমস পরিচালিত হয় অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) অধীনে। ওসিএর নিয়ম অনুযায়ী, পদক প্রদান করেন ওসিএ সভাপতি। তিনি চাইলে এই দায়িত্ব ওসিএর অন্যান্য সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট আন্তর্জাতিক বা এশীয় ফেডারেশনের প্রতিনিধিদেরও দিতে পারেন।

এখনো নিশ্চিত নয়, নাকভি এশিয়ান গেমসে পদক প্রদান করবেন কি না। বিজয়ী দলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ব্যবস্থা ও সিদ্ধান্ত নেবে ওসিএ। তবে যদি শেষ পর্যন্ত নাকভির উপর এই দায়িত্ব অর্পিত হয়, তাহলে ভারতকে আবারও বিড়ম্বনায় পড়তে হবে।

এদিকে, ইতোমধ্যেই ভারত নারী ইভেন্টে ফাইনাল নিশ্চিত করেছে। আগামীকাল দুপুরে শ্রীলংকার বিপক্ষে ফাইনাল খেলতে নামবে ভারত।

পুরুষদের ইভেন্ট শুরু হবে ২৪ সেপ্টেম্বর থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তেজনার মধ্যেই সিসির সঙ্গে সিআইএ প্রধানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


উত্তেজনার মধ্যেই সিসির সঙ্গে সিআইএ প্রধানের বৈঠক

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা ছড়িয়ে পড়ার সম্ভাবনার মধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকটি রবিবার (২০ সেপ্টেম্বর) মিসরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত হয়।

র‍্যাটক্লিফের এই বিরল সফরে মিসরের গোয়েন্দাপ্রধান হাসান রাশাদও উপস্থিত ছিলেন। তবে এই বৈঠকের উদ্দেশ্য কী ছিল, সে সম্পর্কে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

মিসরের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, বৈঠকে ইরান, গাজা ও সুদানের যুদ্ধ পরিস্থিতি, উপসাগরীয় দেশগুলোতে হামলা এবং সামুদ্রিক নিরাপত্তার হুমকি নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে সিসি আঞ্চলিক সংকটগুলোর রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। বিবৃতিতে বলা হয়, সিসি আঞ্চলিক সংকট সমাধানে রাজনৈতিক ও কূটনৈতিক পথ অনুসরণের গুরুত্ব তুলে ধরেছেন।

এর একদিন আগে, শনিবার, মার্কিন পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে ভ্রমণের বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করে। সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে দপ্তরটি সতর্ক করে বলেছিল, এই সামরিক সংঘাত দ্রুত আরও বড় আকার ধারণ করতে পারে।

র‍্যাটক্লিফের কায়রো সফরের কয়েক দিন আগে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মিসর সফর করেন। সিসির সঙ্গে বৈঠকে তারা ইয়েমেনের হুথিদের আকস্মিক অভিযানে দেশটির উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার পর বাব আল-মান্দেব প্রণালি দিয়ে নিরাপদ ও নির্বিঘ্ন নৌ চলাচল নিশ্চিত করার ওপর জোর দেন।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে মিসরকে দেখা হয়। দেশটি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার অন্যতম বড় গ্রহীতা। অস্থিতিশীল এই অঞ্চলে নিজেদের স্থিতিশীলতা আনার শক্তি হিসেবে কায়রোকে তুলে ধরা হয়। একই সঙ্গে ইসরাইল, হামাস ও ইরানসহ পরস্পরবিরোধী পক্ষগুলোর সঙ্গে যোগাযোগের পথও খোলা রেখেছে দেশটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%