মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৫৯ পি.এম
ফুটবলের সর্বোচ্চ স্তরে কোচিংয়ের মানসিক চাপ কতটা তীব্র হতে পারে, সে বিষয়ে মন্তব্য করেছেন জাভি হার্নান্দেজ। নেদারল্যান্ডসের বর্তমান কোচ ভিনসেন্ট কোম্পানির অসুস্থতার খবর পেয়ে তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। একই সাথে, কোচিংয়ের অতিরিক্ত চাপ এবং প্রত্যাশা পূরণে ব্যর্থতার হতাশায় কখনও কখনও রাতে ঘুমানো কঠিন হয়ে যায় বলেও জানিয়েছেন তিনি।
দুই সপ্তাহ আগে, বায়ার্ন মিউনিখের অনুশীলন মাঠে অসুস্থ হয়ে পড়েন কোম্পানি। পরে হাসপাতালে নেওয়ার পর তার মেনিনজাইটিস শনাক্ত হয়। যদিও হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, তবে পুরোপুরি দলের দায়িত্বে ফিরতে পারেননি বেলজিয়ান এই কোচ। তার অনুপস্থিতিতে, বায়ার্নের মূল দলের দেখভাল করছেন সহকারী কোচ অ্যারন ড্যাঙ্কস।
সোমবার এক সংবাদ সম্মেলনে কোম্পানির শারীরিক অবস্থার বিষয়ে কথা বলেন জাভি। তিনি কোম্পানির দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি কোচদের মানসিক চাপের বিষয়টিও তুলে ধরেন।
জাভি বলেন, “ব্যক্তিগতভাবে ভিনসেন্ট কোম্পানিকে চিনি না। তবে তার দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের পেশায় অনেক সময় প্রচণ্ড চাপ ও মানসিক উদ্বেগের মধ্য দিয়ে যেতে হয়। বিশেষ করে যখন সবকিছু নিজেদের পরিকল্পনা বা প্রত্যাশা অনুযায়ী হয় না।”
নিজের অভিজ্ঞতা শেয়ার করে সাবেক বার্সেলোনা কোচ আরও বলেন, “কখনো কখনো ঘুমানোও কঠিন হয়ে পড়ে। এই চাপ আমাদের কাজ ও পুরো প্রক্রিয়ারই অংশ। আশা করি, কোম্পানি দ্রুত সুস্থ হয়ে উঠবে। বায়ার্নে সে দারুণ কাজ করছে।”
কোচিংয়ের পাশাপাশি, জাভি ও কোম্পানির খেলোয়াড়ি জীবনে একটি বিশেষ মিল রয়েছে। দুজনই পেপ গার্দিওলার অধীনে খেলেছেন। জাভি ছিলেন গার্দিওলার ঐতিহাসিক বার্সেলোনা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। অন্যদিকে, ম্যানচেস্টার সিটিতে গার্দিওলার অধীনে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন কোম্পানি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ক্যাম্পাস থেকে পুলিশ একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে কলেজের ৫ নম্বর ভবনের সামনে থেকে এটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, সকালে শিক্ষার্থীরা একটি মিষ্টির প্যাকেটের ভেতরে বস্তুটি দেখতে পান। এরপর কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়।
কলেজের অধ্যক্ষ ড. মো. আলফাজ উদ্দীন মন্তব্য করেন, ‘একটি মিষ্টির প্যাকেটের ভেতরে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখে পুলিশকে অবহিত করা হয়েছে। যদিও এ ঘটনায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে কলেজ ক্যাম্পাসের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের বস্তু পাওয়া উদ্বেগজনক।’
মাগুরা সদর থানার ওসি (তদন্ত) আবু বক্কর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। কে বা কারা শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে এটি রেখেছে, সেই বিষয়ে তদন্ত চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ শীর্ষক বিজ্ঞানমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের সভাপতি ডা. ফরহাদ হারিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রাজশাহী বিভাগীয় বিজ্ঞানমেলার আহ্বায়ক ডা. শাহ মোহাম্মদ শাহজাহান আলী। এ সময় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড. এ কে এম মাহবুবর রহমান, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মঈনুল হোসেন সাদিক, সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, মাহবুব আলম, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক হাসানাত আলী, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ডা. আজফারুল হাবীব রোজ এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ওয়াদুদ তরফদার নাহিদসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিজ্ঞানমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রম পরিদর্শন করেন। বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্ম গড়ে তোলা এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণায় উৎসাহিত করার উদ্দেশ্যে এই বিজ্ঞানমেলার আয়োজন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদক, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও অপরাধ প্রবণতা প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস (আলম)। এ সময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান আক্তার, কৃষক দলের সভাপতি মোঃ মহসিন খান, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উঠান বৈঠকে মাদক, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে এসব সমস্যা মোকাবিলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল ইউপি সদস্যের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠক শেষে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন, এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কর্তৃক আয়োজিত প্রথম আন্তঃস্কুল সংসদীয় জাতীয় টেলিভিশন বাংলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে নেত্রকোনার পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। সোমবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ফরিদপুর জেলা স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিদ্যালয়টির বিতার্কিক দল।
প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ বাংলাদেশের সব সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বিলুপ্ত করবে’। পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিপক্ষ দলের বিরুদ্ধে যুক্তি, তথ্য-উপাত্ত ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে বিজয় নিশ্চিত করেছে।
বিদ্যালয়ের আট সদস্যের প্রতিনিধি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিনিধিদলে ছিলেন দশম শ্রেণির শিক্ষার্থী সাদিকা জামান, মারুফা সুলতানা মৌ, নবম শ্রেণির সিদরাতুল সাউদা, সাদিয়া আক্তার মুমু এবং অষ্টম শ্রেণির ফাবিহা রাইসা তালুকদার, সাবিহা কাদের সারা, তালাত তালহা ও মরিয়ম আক্তার।
বিজয়ী দলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাবিহা রাইসা তালুকদার বলেন, ‘জাতীয় পর্যায়ের এমন একটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ অর্জন আমাদের সম্মিলিত প্রচেষ্টা, শিক্ষকদের দিকনির্দেশনা ও নিয়মিত অনুশীলনের ফল। ভবিষ্যতেও আমরা বিতর্কসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখতে চাই।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন এ বিষয়ে মন্তব্য করেন, ‘শিক্ষার্থীদের এ অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। তাদের অধ্যবসায়, যুক্তিনির্ভর চিন্তা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলে এ সাফল্য এসেছে। আমরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করব।’
এ বিজয়ের খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়। জাতীয় পর্যায়ে এমন সাফল্যে গর্বিত পুরো পূর্বধলাবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে। তাঁরা বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিনন্দন জানিয়ে এ সাফল্যকে পূর্বধলার শিক্ষাঙ্গনের জন্য এক গৌরবোজ্জ্বল অর্জন হিসেবে অভিহিত করেছেন।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ