ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

আমার কাছে পুলিশ নেই, মুরগি আছে: প্রাণিসম্পদ মন্ত্রী


আমার কাছে পুলিশ নেই, মুরগি আছে: প্রাণিসম্পদ মন্ত্রী

জাতীয় সংসদে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর কাছে নৌ-পুলিশের একটি থানা বা ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়ে আলোচনার সৃষ্টি করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছে চাওয়ায় সংসদ অধিবেশনে হাসির রোল পড়ে।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

অধিবেশনে ফরিদা ইয়াসমিন কুষ্টিয়া জেলার দৌলতপুর থেকে খোকসা পর্যন্ত প্রায় ৬০-৬৫ কিলোমিটার নদীপথের আইন-শৃঙ্খলার অবনতির চিত্র তুলে ধরে জানান, এই দীর্ঘ রুটটি পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ-ফাঁড়ির মাধ্যমে পরিচালিত হওয়ায় এলাকার অপরাধ বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন: দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির-এনসিপির রাজনীতি: ছাত্রদল সেক্রেটারি নাছির উদ্দীন নাছির

নদীপথে সন্ত্রাসীদের দৌরাত্ম্য ও গোলাগুলি বন্ধে ফরিদা ইয়াসমিন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর কাছে একটি নৌ-থানা বা ফাঁড়ি স্থাপনের জোর দাবি করেন।

সংসদ সদস্যের এমন দাবিতে অবাক হয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রশ্ন করেন, তিনি কি এই প্রশ্নটি প্রাণিসম্পদ মন্ত্রীকে করছেন এবং প্রাণিসম্পদ মন্ত্রী কীভাবে নৌ-পুলিশের থানার স্থাপন করবেন।

ফরিদা ইয়াসমিন আবারও একই দাবি জানালে স্পিকার রসিকতা করে মন্ত্রীর উদ্দেশে বলেন, আপনার আন্ডারে থানা-পুলিশ কিছু আছে কি-না, উত্তর দিন।

জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাসতে হাসতে বলেন, পুলিশ তো আমার হাতে নেই। তবে আমার কাছে মুরগি আছে।

আরও পড়ুন: টেকনাফে অপহৃত মাদ্রাসাছাত্র সিফাত উদ্ধার, দুই অপহরণকারী গ্রেফতার

মন্ত্রী হাস্যরসাত্মক ভঙ্গিতে আরও বলেন, ওই এলাকায় যদি আমার মন্ত্রণালয়ের রিজার্ভের মাছ কেউ ধরে, তবে সেই উসিলায় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করতে পারি কিছু পুলিশ পাঠানোর জন্য। এছাড়া এই বিষয়ে আমার আর কিছু করার নেই।

মন্ত্রীর এমন মন্তব্যে পুরো সংসদ কক্ষে হাসির রোল পড়ে যায়। পরে স্পিকার সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উত্থাপন করার পরামর্শ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে নিবন্ধিত জেলের সংখ্যা কত, জানালেন মৎস্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০১:১১ এম


দেশে নিবন্ধিত জেলের সংখ্যা কত, জানালেন মৎস্যমন্ত্রী

বর্তমানে সারাদেশে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৫৬৫ জন, এমন তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আবু তালিবের এক প্রশ্নের মুখে মন্ত্রী এ কথা জানান।

এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ উল্লেখ করেন যে, জেলে নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান নির্দেশিকা, ২০১৯’ মোতাবেক সারাদেশে জেলের তালিকা যাচাই-বাছাই করে হালনাগাদকরণ কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে দেশে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৫৬৫ জন। ঝিনাইদহ জেলার সদর (আংশিক) ও কালীগঞ্জ উপজেলার প্রকৃত জেলেদের শনাক্তকরণ এবং হালনাগাদ জেলে তালিকা প্রণয়নের কার্যক্রম সরকারি কর্মসূচির অংশ হিসেবে অব্যাহত রয়েছে।

মন্ত্রী আরও বলেন, বিলুপ্ত ও পরিত্যক্ত হাওর-বাঁওড় এবং অন্যান্য জলাশয় সংস্কারপূর্বক মাছ চাষের আওতায় আনার জন্য সরকারের পরিকল্পনা রয়েছে। মৎস্য অধিদফতর কর্তৃক ‘নির্বাচিত বাঁওড় এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’র ডিপিপি প্রস্তুত করা হয়েছে।

প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে ঝিনাইদহ জেলার সদর উপজেলায় সাগান্না বাঁওড় ও কালীগঞ্জ উপজেলায় সর্জাদ বাঁওড় ও মর্জাদ বাঁওড়-এ পর্যায়ক্রমে নিম্নোক্ত কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে– সাগান্না বাঁওড় ২০৮৪০.৫১ ঘন মি. এবং সজ্জাদ বাঁওড় ৪২৫৭.১৭ ঘন মি. খনন ও পুনঃখননের মাধ্যমে পুনরুদ্ধার করা হবে; এছাড়াও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও প্রজনন নিশ্চিত করতে ওই তিনটি বাওড়ে মোট তিনটি অভয়াশ্রম স্থাপন করা হবে; প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য ওই তিনটি বাওড়ে মোট ৩০টি বিল নার্সারি স্থাপন করা হবে; দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মানসম্মত মাছের পোনা অবমুক্তকরণ; বাঁওড় সংশ্লিষ্ট সুফলভোগীদের সম্পৃক্ত করে জলাশয়ের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। ২০২৬ সালের ২২ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাবিত প্রকল্পটির জনবল সভা সম্পন্ন হয়েছে এবং বর্তমানে পিইসি সভার জন্য অপেক্ষমাণ রয়েছে।

এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জলাশয় সংস্কার ও নাবাসস্থল উন্নয়ন শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা চলমান রয়েছে। সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন অনুসারে, পার্বত্য তিনটি জেলা বাদে সারাদেশের সব উপজেলাকে অন্তর্ভুক্ত করে প্রকল্প প্রণয়ন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ন্যাটোর ওপর জেলেনস্কির চাপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০১:২০ এম


আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ন্যাটোর ওপর জেলেনস্কির চাপ

তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্র দেশগুলোর কাছে জরুরি ভিত্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য আহ্বান জানাবেন। তার এই তৎপরতা দেশকে রক্ষা করা, যা সাম্প্রতিক সময়ে রাশিয়ার ক্রমবর্ধমান হামলার কারণে জরুরি হয়ে উঠেছে। খবর বিবিসির।

গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে দুই দফায় রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এসব ক্ষেপণাস্ত্র সরাসরি আবাসিক ভবনের ওপর আছড়ে পড়ে ৫০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর ফলে ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজনীয় হয়ে পড়েছে।

তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে জেলেনস্কির একটি গুরুত্বপূর্ণ বৈঠক করার সুযোগ তৈরি হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। সেখানে রাশিয়ার হামলাগুলো ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরবেন জেলেনস্কি। এমনকি জেলেনস্কি ট্রাম্পকে অনুরোধ করতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্তি আলোচনার জন্য আলোচনায় বসতে বাধ্য করার জন্য চাপ দিতে।

ন্যাটো বৈঠকের প্রাক্কালে জেলেনস্কি আশা প্রকাশ করেছেন যে, তুরস্কের এই বৈঠক যেন কোনো ধরনের অনর্থক ফলহীন না হয়। জেলেনস্কির জন্য স্বস্তির খবর হলো, ইউক্রেন সংকটে ন্যাটো সদস্য দেশগুলোকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সংগঠনটির মহাসচিব মার্ক রুটে।

তিনি এই সঙ্গে ইউক্রেন যেন নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু পায় তা নিশ্চিত করার আহ্বান করেন। ফলে, তুরস্কে অনুষ্ঠিতব্য আসন্ন বৈঠকে ন্যাটোর কাছ থেকে ইউক্রেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্র : বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০১:২৭ এম


অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন যে, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার গতি বাড়াতে বীমা খাতের জন্য একটি শক্ত ও সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে এসে জনগণের আস্থা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি।

তিনি উল্লেখ করেন, ‘কোনো আধুনিক অর্থনৈতিক লেনদেন কেবল বিশ্বাস বা অবিশ্বাসের ওপর ভিত্তি করে কার্যকর হতে পারে না। নাগরিকদের আশ্বস্ত করতে এবং এই খাতের প্রতি মানুষের বিশ্বাস বাড়াতে একটি যুগোপযোগী আইনি কাঠামো তৈরি করা প্রয়োজন।’

এ কথাগুলো সচিবালয়ের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত দেশের অন্যতম বীমা প্রতিষ্ঠান ‘ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি’-এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে বলেছেন তথ্যমন্ত্রী।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও উল্লেখ করেন, ‘বীমা কেবল একটি সেবামূলক কাজ নয়, বরং এটি দেশের অর্থনীতিকে গতিশীল করার অন্যতম উপাদান। যখন একজন সাধারণ নাগরিক বা উদ্যোক্তা জীবনের নিরাপত্তা এবং বীমার নিশ্চয়তা বুঝতে পারেন, তখন তিনি ভবিষ্যৎ সম্পর্কে নিরাপদ বোধ করেন এবং সুচিন্তিতভাবে তার প্রতিভা ও উদ্যোগ কাজে লাগাতে পারেন। আর এভাবেই সমষ্টিগত উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতিতে একটি উল্লেখযোগ্য উল্লম্পন এবং গতি সৃষ্টি হয়।’

বিগত সময়ের অর্থনৈতিক অনিয়মের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার কেবল গতানুগতিকভাবে দেশ পরিচালনার জন্য ক্ষমতা গ্রহণ করেননি। আমাদের একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার হিসেবে প্রাপ্ত হয়েছে। কী পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, কত টাকা কর ব্যবস্থার বাইরে অবস্থান করছে, রাজস্বের আওতায় আনা সম্ভব হয়নি তা চিহ্নিত করতে আমাদের কাজ করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতায় আসার আগেই আমরা রাষ্ট্রের বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি। এখন যদি এই সমস্যাগুলো সংস্কার ও মেরামত না করা হয়, তাহলে সমাধানের মূল লক্ষ্য বাস্তবায়ন করতে সহজ হবে না।’

এছাড়া, তথ্যমন্ত্রী বীমা খাতের যে সকল সমস্যা বিদ্যমান, সেগুলো সুনির্দিষ্টভাবে অর্থমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানান। সহযোগী সকল পক্ষকে বীমা জগতকে আরও প্রসারিত করতে এবং শক্তিশালী নীতি কাঠামো তৈরিতে সরকারের সঙ্গে কাজ করার জন্যও আহ্বান জানান।

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এমপি।

অনুষ্ঠানের সূচনাতে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের সিইও মো. কাজিম উদ্দিন। অনুষ্ঠানে বীমা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হত্যা মামলার প্রধান আসামি প্রকাশ্যে, এমপি ও ওসির সঙ্গে একই মঞ্চে; গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৭ এম


হত্যা মামলার প্রধান আসামি প্রকাশ্যে, এমপি ও ওসির সঙ্গে একই মঞ্চে; গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ

মাদারীপুরের আলোচিত ব্যবসায়ী আলমগীর হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লাভলু হাওলাদার প্রকাশ্যে ঘোরাফেরা করলেও এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সম্প্রতি তাকে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নে আয়োজিত একটি মাদকবিরোধী সমাবেশে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের সঙ্গে একই মঞ্চে দেখা যাওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহত আলমগীর হাওলাদারের পরিবার। মামলার বাদী ও নিহতের স্ত্রী রেখা বেগমের অভিযোগ, প্রধান আসামি রাজনৈতিক প্রভাবের কারণে গ্রেপ্তার এড়িয়ে চলছেন। তিনি দাবি করেন, আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দিচ্ছেন, প্রাণনাশের হুমকি দিচ্ছেন এবং তাদের পরিবার এলাকা ছেড়ে থাকতে বাধ্য হয়েছে।

রেখা বেগম বলেন, "আসামিরা মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। এলাকায় ফিরতে পারছি না। বাড়িঘর লুটপাট হয়েছে। আমার ছেলেকেও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আগে পলাতক থাকলেও এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।"

নিহত আলমগীর হাওলাদারের ছেলে আল-আমিন হাওলাদার বলেন, "বাবার হত্যার বিচার চাইতে গিয়ে আমরা ঘরছাড়া। হাইকোর্টে জামিন আবেদন করেও প্রধান আসামি জামিন পাননি। এরপরও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। পুলিশকে একাধিকবার তথ্য দেওয়া হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।"

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, তিনি ধারণা করেছিলেন লাভলু হাওলাদার আদালত থেকে জামিনে রয়েছেন এবং নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন। তিনি বলেন, "আমি কোনো অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দিই না। তিনি জামিনে নেই—এ তথ্য আমার জানা ছিল না।"

অভিযোগের বিষয়ে লাভলু হাওলাদার মুঠোফোনে বলেন, "আপনি সামনাসামনি আসেন, অফিসে বসে কথা বলব।"

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, "আমি ব্যক্তি হিসেবে লাভলুকে চিনি না। মঞ্চে কারা ছিলেন, সেটিও আমার মনে নেই। তাকে গ্রেপ্তারের বিষয়ে তদন্তকারী কর্মকর্তা বলতে পারবেন।"

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসীন জানান, লাভলু হাওলাদার হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন বলে শুনেছেন, তবে এ সংক্রান্ত কোনো কাগজপত্র পুলিশ পায়নি। তিনি বলেন, "এই মামলায় অনেক আসামি আগাম জামিন নিয়েছেন, কিন্তু লাভলু হাওলাদারের নাম তাদের মধ্যে নেই। তিনি এখনো পুলিশের কাছে পলাতক আসামি। তাকে গ্রেপ্তারের জন্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।"

বাদীপক্ষের হুমকির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, গত ১০ মার্চ মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যবসায়ী আলমগীর হাওলাদারকে নিজ বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় লাভলু হাওলাদারকে প্রধান আসামি করে ৮৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর এলাকায় একাধিক দফায় সংঘর্ষ, বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যাতে শতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%