ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মক্কার ক্লক টাওয়ার গড়ল ২টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড


মক্কার ক্লক টাওয়ার গড়ল ২টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

সৌদি আরবের মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জনের স্বীকৃতি পেয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ভবনের মধ্যে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি প্রদান করেছে।

গত মঙ্গলবার মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন এই ঘোষণা দেয়। এর ফলে, স্থাপনাটির গিনেস রেকর্ডের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত পাঁচটিতে।

ক্লক টাওয়ার মিউজিয়ামটি মাটি থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মতে, বিশ্বের কোনো ভবনের ভেতরে অবস্থিত সর্বোচ্চ জাদুঘর হিসেবে স্বীকৃত।

আরও পড়ুন: ইরান যুদ্ধে যেভাবে নীরব বিজয়ী হলো ওমান

অন্যদিকে, টাওয়ারটির উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকটি ৫৬০ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। এটিকেও বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃক স্বীকৃতি দেওয়া হয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই দুটি রেকর্ড অর্জিত হয়। তবে সৌদি কর্তৃপক্ষ গত ১৭ নভেম্বর এ স্বীকৃতির ঘোষণা দেয়।

দুটি স্থাপনাই মক্কা ক্লক টাওয়ার কমপ্লেক্সের অংশ। এটি ইসলামের পবিত্রতম স্থান মসজিদুল হারামের পাশে অবস্থিত এবং সেখান থেকে পবিত্র মসজিদটির দৃশ্য দেখা যায়।

রয়্যাল কমিশন জানিয়েছে, এই অর্জন মক্কার স্থাপত্য ও সাংস্কৃতিক নিদর্শনগুলোর উন্নয়নে তাদের প্রচেষ্টার অংশ। পাশাপাশি নগরীর বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো এবং মক্কায় আসা লাখ লাখ হজ ও ওমরাহযাত্রীর অভিজ্ঞতা উন্নত করাও তাদের লক্ষ্য।

আরও পড়ুন: রিয়াদ ও তেল শোধনাগারে হুতিদের হামলা, ক্ষয়ক্ষতির আশঙ্কা

এ ছাড়া মক্কার ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্য ঐতিহ্য বিশ্বের সামনে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক ধর্মীয় ও সাংস্কৃতিক গন্তব্য হিসেবে নগরীটির অবস্থান আরও শক্তিশালী করতে চায় কমিশন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাতক-ভোলাগঞ্জের পরিত্যক্ত রোপওয়ে সংস্কারে পর্যটনের নতুন সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


ছাতক-ভোলাগঞ্জের পরিত্যক্ত রোপওয়ে সংস্কারে পর্যটনের নতুন সম্ভাবনা

সুনামগঞ্জের ছাতক-ভোলাগঞ্জের দীর্ঘদিনের পরিত্যক্ত রোপওয়ে (রজ্জুপথ) যদি সংস্কার করে ক্যাবল কার চালু করা হয়, তবে এটি পর্যটনশিল্পে নতুন দিগন্ত খুলে দিতে পারে। নদী, টিলা, হাওর এবং মেঘালয়ের নীল পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ সৃষ্টি হলে, ছাতক ও ভোলাগঞ্জ দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে। অভিজ্ঞ মহল এবং স্থানীয় সচেতন ব্যক্তিরা এমন সম্ভাবনার কথা উল্লেখ করেছেন।

জানা যায়, বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন ছাতক-ভোলাগঞ্জ রোপওয়েটি দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের অবহেলা ও অযত্নের কারণে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই রোপওয়ে মূলত দেশের রেলপথে পাথর পরিবহনের জন্য নির্মিত হয়। তৎকালীন পাকিস্তান সরকার তুলনামূলক কম খরচে ও দ্রুত পাথর পরিবহনের সুবিধার্থে ব্যয়বহুল এই প্রকল্প হাতে নিয়েছিল। ১৯৬৪ সালে নির্মাণকাজ শুরু হয়ে ১৯৭০ সালে তা সম্পন্ন হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়ার পর রোপওয়েটি পুনরায় সংস্কার করা হয়। দীর্ঘদিন চালু থাকার পর নানা অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে একপর্যায়ে এটি বন্ধ হয়ে যায়। রোপওয়ে অফিস সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর থেকে এটি সম্পূর্ণ বন্ধ রয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৯ কিলোমিটার দীর্ঘ এই রোপওয়েতে ১২০টি ট্রেসেল বা খুঁটি রয়েছে। চারটি স্টেশন রয়েছে—ছাতক, অ্যাঙ্গেল-১, অ্যাঙ্গেল-২ ও ভোলাগঞ্জ। এতে ৪২৫টি বাকেট ছিল। ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত ২৪৬টি বাকেট চালু ছিল। প্রতিটি বাকেটের ধারণক্ষমতা ছিল ১২ দশমিক ৯২ ঘনফুট বা প্রায় ৬০০ কেজি। রোপওয়েটির বার্ষিক পাথর পরিবহনক্ষমতা ছিল প্রায় ১২ লাখ ঘনফুট। বন্ধ হওয়ার পর থেকে রোপওয়ের বিভিন্ন স্থানে একাধিক ট্রেসেল হেলে পড়েছে। তার ছিঁড়ে বাকেটও মাটিতে পড়ে রয়েছে। দীর্ঘদিনের অযত্নে গুরুত্বপূর্ণ এই অবকাঠামোটি ক্রমেই নষ্ট হয়ে যাচ্ছে। সম্প্রতি রজ্জুপথের পাথরসহ সরকারি সম্পদ লুটপাটের অভিযোগ উঠেছে।

একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ছাতকের প্রাইম সিমেন্ট লিমিটেড কর্তৃপক্ষ ২০১৭ সালের ১৪ নভেম্বর পাথর পরিবহনের সুবিধার্থে রোপওয়ের যন্ত্রপাতি ও পাথর কোয়ারির জমিসহ ৫০ বছরের জন্য ইজারা নিতে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ সে আবেদনে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বলে জানা গেছে।

অভিজ্ঞ মহলের মতে, সড়ক ও নৌপথে পাথর পরিবহনের বিকল্প সুযোগ সৃষ্টি হওয়ায় বর্তমানে পাথর পরিবহনে এই রোপওয়ের আগের মতো প্রয়োজনীয়তা নেই। তাই পরিত্যক্ত রোপওয়েটি সংস্কার করে সেখানে আধুনিক ক্যাবল কার চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের মতো পর্যটনবান্ধব ক্যাবল কার ব্যবস্থা চালু হলে এটি দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন অবকাঠামো হয়ে উঠতে পারে।

সর্বনিম্ন ২০ ফুট থেকে সর্বোচ্চ ১৬৭ ফুট উচ্চতার ট্রেসেল অতিক্রম করে ১৯ কিলোমিটার দীর্ঘ ক্যাবল কারে ভ্রমণের মাধ্যমে নদী, টিলা ও হাওরের মনোরম দৃশ্য উপভোগের সুযোগ তৈরি হবে। পাশাপাশি ভোলাগঞ্জের সাদা পাথর এবং মেঘালয়ের নীল পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের জন্য অনন্য আকর্ষণ হয়ে উঠতে পারে। এতে দেশি-বিদেশি পর্যটকদের পাশাপাশি ছাতক-ভোলাগঞ্জ যাতায়াতকারী সাধারণ মানুষ ও ব্যবসায়ীরাও উপকৃত হতে পারেন।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে ছাতক ও ভোলাগঞ্জ এলাকায় হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট ও মার্কেটসহ বিভিন্ন পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান গড়ে ওঠার সুযোগ তৈরি হবে। স্থানীয় ব্যবসা-বাণিজ্য বাড়বে, নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পেতে পারে। প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক ও যাত্রীর যাতায়াতের মাধ্যমে এই দুই জনপদে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটতে পারে।

এ ছাড়া মহান মুক্তিযুদ্ধের ৫ নম্বর সাব-সেক্টর দোয়ারাবাজারের বাঁশতলা (হকনগর) এলাকায় উন্নত যোগাযোগব্যবস্থা ও পর্যটনসুবিধা গড়ে তোলা হলে ক্যাবল কারে আসা পর্যটকদের জন্য মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানটি পরিদর্শনের সুযোগ তৈরি হবে।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতাদের অভিমত, অবহেলা ও অযত্নে সরকারি কোটি কোটি টাকার মূল্যবান সম্পদ নষ্ট হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে যথাযথ প্রক্রিয়ায় ইজারা নিয়ে রোপওয়েটিকে পর্যটন খাতে ব্যবহার করা গেলে এটি একটি সম্ভাবনাময় ও লাভজনক প্রকল্পে পরিণত হতে পারে। একই সঙ্গে সরকারের রাজস্ব আয় এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। তাঁরা মনে করেন, এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা ও প্রবাসী বিনিয়োগকারীদের এগিয়ে আসা প্রয়োজন। দীর্ঘদিনের পরিত্যক্ত রোপওয়েটি নতুন রূপে পর্যটনের আকর্ষণ হয়ে উঠবে কি না, এখন সেই প্রত্যাশাই স্থানীয়দের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে বিএনপির বিক্ষোভ, নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


টঙ্গীতে বিএনপির বিক্ষোভ, নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদ

দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও তাণ্ডবের বিরুদ্ধে গাজীপুরের টঙ্গীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে টঙ্গী সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাটাগেট, স্টেশন রোড, আনারকলি রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে টঙ্গীবাজার এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাশেদুল ইসলাম কিরণ। এ সময় আরো বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মন্ডল, মাহমুদুল হাসান মিরন, বিল্লাল হোসেন সানি, মামুন পাঠান, মোহাম্মদ আলকাছ, মোহাম্মদ শামীম, মোহাম্মদ ফয়সাল হোসেন, আরিফ হোসেন প্রমুখ।

বক্তব্যে রাশেদুল ইসলাম কিরণ উল্লেখ করেন, টঙ্গীতে আওয়ামী অগ্নি-সন্ত্রাসীদের নৈরাজ্য ও অরাজকতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি বলেন, "আওয়ামী সন্ত্রাসীদের রুখে দিতে টঙ্গী বিএনপি রাজপথে রয়েছে।" তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশে যতই অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করুক না কেন, তাদের আপা আর দেশে আসতে পারবে না।

এদিকে, টঙ্গীতে পোশাকশ্রমিক আন্দোলনের নামে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহত করার জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেন গাজীপুর মহানগর যুবদলের সভাপতি সাজেদুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমন, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেতা মামুনুর রশীদ অসুস্থ, বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


অভিনেতা মামুনুর রশীদ অসুস্থ, বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন

দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশীদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত ৩ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র তিন মাধ্যমেই দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও তিনি প্রতিষ্ঠিত। তার হাত ধরেই ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’।

মামুনুর রশীদ ১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলের ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা হারুনুর রশীদ ও মা রোকেয়া খানম। শৈশব থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল। স্কুলজীবনে নাটকে অভিনয়ের মাধ্যমে সেই আগ্রহের সূচনা ঘটে। পরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার সময় নাট্যচর্চার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৬০-এর দশকেই টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন তিনি। তার লেখা প্রথম টেলিভিশন নাটকের নাম ‘চেনামুখ’। স্বাধীনতার পর নাট্যচর্চাকে আরও বিস্তৃত করতে তিনি প্রতিষ্ঠা করেন ‘আরণ্যক নাট্যদল’। দলটির উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’।

মামুনুর রশীদের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের ৫ দিনব্যাপী আবির্ভাব উৎসব শুরু, মঙ্গল শোভাযাত্র অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের ৫ দিনব্যাপী আবির্ভাব উৎসব শুরু, মঙ্গল শোভাযাত্র অনুষ্ঠিত

লাখো ভক্ত ও পুণ্যার্থীদের সমাগমের মধ্য দিয়ে বুধবার (২৫ নভেম্বর) পিরোজপুরের কাউখালীতে শুরু হয়েছে উপমহাদেশের অন্যতম শ্রীগুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমের পাঁচ দিনব্যাপী আবির্ভাব উৎসব ও মিলন মেলা। আশ্রম অঙ্গনে সঙ্ঘ পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ।
শোভাযাত্রার আগে সূচনা বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর বলেন, এই উৎসবে আমার এবং আমাদের সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে। এ দেশে জাতি-ধর্মের ভেতরে কোনো বিভক্তি নেই। আমরা সবাই বাংলাদেশি সংখ্যালঘু’ বলতে কোনো শব্দ নেই। তারেক রহমানের সরকার হিন্দু সম্প্রদায়ের পাশে সব সময় আছে এবং থাকবে।
বুধবার সকাল ১১টায় ১২৮টি শাখা সঙ্ঘের হাজার হাজার ভক্তের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি এস. এম. আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম আবির্ভাব উপলক্ষে আয়োজিত এই উৎসব বুধবার (২৫ নভেম্বর) শুরু হয়ে আগামী রোববার (২৯ নভেম্বর) পর্যন্ত চলবে। পাঁচ দিনের এ আয়োজন ঘিরে দেশ-বিদেশ থেকে কয়েক লক্ষাধিক ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। প্রতি বছরের মতো এবারও আশ্রম প্রাঙ্গণের বিশাল এলাকাজুড়ে বসেছে ঐতিহ্যবাহী রাস মেলা।
আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল জানান, পাঁচ দিনের এই উৎসবে বিভিন্ন রাজনৈতিক দল ও সঙ্ঘের ভক্তদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষও অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করে থাকেন। উৎসব চলাকালে পাঁচ দিনই তিন বেলা আগত লক্ষাধিক মানুষের জন্য প্রসাদ ও খাবার পরিবেশনের ব্যবস্থা করেছে আশ্রম কর্তৃপক্ষ।
উৎসবের আইনশৃঙ্খলা কমিটির প্রধান আহ্বায়ক ও কাউখালী ইউএনও রেহেনা আক্তার জানান, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং জেলা প্রশাসকের নির্দেশনায় আবির্ভাব উৎসবকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, পুরো উৎসব এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি পুণ্যার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বসানো হয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%