বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং
০২:৪৯ এম
টেস্ট খেলতে পারেননি লিটন, আর টি-টোয়েন্টি সিরিজ থেকে তিনি নিজেই ছুটি নিয়েছেন। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবেন না, তা জানার পর তিনি জিম্বাবুয়ে গিয়েছিলেন।
এখন জানা গেল যে তিনি ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ থেকেও ছিটকে গেছেন। এই কিপার-ব্যাটসম্যানের বদলি হিসেবে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন।
বুধবার (৮ জুলাই) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে এ পরিবর্তনের বিষয়টি জানিয়েছে।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন যে, লিটন প্রথম ওয়ানডেতেও খেলতে পারেননি এবং তিনি এখনও ম্যাচ খেলার মতো ফিট নন।
বুধবার তার একটি ফিটনেস পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু পরীক্ষা ফল সন্তোষজনক হয়নি। সামনে টানা দুইটি ওয়ানডে থাকায়, আমরা মনে করছি না যে, এই সময়ে সে ম্যাচ খেলার মতো পর্যাপ্ত উন্নতি করতে পারবে।
লিটনের এখনো হ্যামস্ট্রিংয়ের সমস্যা রয়ে গেছে, তাই তিনি দেশে ফিরে আসবেন। দেশে তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে।
গত মাসে ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় লিটন চোটে পড়েন। তখন এটি ক্র্যাম্প মনে হলেও, পরে জানা যায় মাংসপেশির চোট হয়েছে।
ফলে, তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ও প্রথম ওয়ানডে খেলতে পারেননি।
লিটনের বদলি হিসেবে সুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমন সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের জুলাইয়ে।
শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ম্যাচে একটি হাফ সেঞ্চুরিসহ তিনি ১০৮ রান করেছিলেন। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে সাত ইনিংসে একটি করে ফিফটি ও সেঞ্চুরির মাধ্যমে ২৯৯ রান করেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ ব্যবধানে পিছিয়ে আছে। সিরিজের পরের দুই ম্যাচ হবে বৃহস্পতিবার ও শনিবার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কর্তৃক হুমকির পর ইরানের বিভিন্ন স্থানগুলোতে হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। ইতিমধ্যে একাধিক স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইরানের মেহর এবং ফার্স নিউজ সূত্রে জানানো হয়েছে, পারস্য উপসাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী বান্দার আব্বাস এবং সিরিক এলাকার কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে, মেহর নিউজ এজেন্সি জানায়, বান্দার আব্বাসের কাছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর লক্ষ্যবস্তু প্রতিরোধ করতে সক্রিয় হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের কোনারাক ও চাবাহার এলাকাতেও নতুন ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) একটি বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ অনুযায়ী মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে নতুন দফার হামলা শুরু করছে। সেন্টকম দাবি করেছে, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতায় হুমকি সৃষ্টি করা ইরানি ক্ষমতাকে দুর্বল করতেই এই অভিযান পরিচালিত হচ্ছে।
সেন্টকম আরো জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান নতুন এই দফার হামলার উদ্দেশ্য হলো সাম্প্রতিক আগ্রাসনের জন্য তেহরানকে দায়বদ্ধ করা।
এক্সে প্রকাশিত একটি পোস্টে সেন্টকম বলেছে, গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক নৌপথে অবাধে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের বিরুদ্ধে সাম্প্রতিক অযৌক্তিক আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্র ইরানকে জবাবদিহির আওতায় আনছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনার পরে চাবাহার এলাকা থেকে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে বিস্ফোরণের ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
এছাড়া মেহর সংবাদ সংস্থা জানিয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুশেহর প্রদেশ থেকেও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি প্রকাশ করেছে, দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে আটটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফলে ওই এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) বিভিন্ন প্রোগ্রামের ১০ ও ১১ জুলাইয়ের (শুক্র ও শনিবার) অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদের সই করা একটি জরুরি বিজ্ঞপ্তিতে বুধবার (৮ জুলাই) এ তথ্য জানানো হয়।
স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে এমএ ও এমএসএস (প্রিলিমিনারি) প্রোগ্রামের টার্ম-২৪২-এর দ্বিতীয় সেমিস্টার, বিএজিএড প্রোগ্রামের ২৫২ টার্মের (জুলাই-ডিসেম্বর ২০২৫) দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টার, এমপিএইচ পরীক্ষার ২৫২ টার্মের প্রথম ও তৃতীয় সেমিস্টার, মাস্টার অব এডুকেশন (এমএড) পরীক্ষা-২০২৫ (২৫২ টার্ম)-এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এবং বিবিএ পরীক্ষা-২৪১ টার্মের প্রথম, তৃতীয়, পঞ্চম ও ষষ্ঠ লেভেল।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। বিস্তারিত তথ্য ও পরবর্তী হালনাগাদের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ন্যাটোর শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিতর্কিত ও উসকানিমূলক মন্তব্যের পর এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মুখ খুলেছেন। তিনি নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি পোস্টে ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেছেন, ‘‘আমরা অভদ্রতার জবাব অভদ্রতায় নয়, পদক্ষেপে দিই: নির্ভীকভাবে এবং চরম বীরত্বের সাথে।’’
তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প ইরানের ওপর সামরিক আগ্রাসনের হুমকি দেওয়ার পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
এর আগে ইরানের সংসদীয় কমিটির মুখপাত্র মার্কিন বাহিনীকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট বার্তা দিলেন যে, মুখে বাগাড়ম্বর না করে যেকোনো পরিস্থিতির জবাব সরাসরি মাঠেই দেবে ইরান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে দানের জমা হওয়া অর্থ দ্বিতীয় দফায় আবারও গণনা করা হবে। প্রথম দফার গণনার ১৯ দিন পর, আগামী শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং মাজারের আর্থিক ব্যবস্থাপনাসংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী।
রেজাউল হাসান কয়েস লোদী বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুর ১২টায় মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে দানবাক্স খুলে অর্থ গণনা করা হবে। এই কার্যক্রমের প্রস্তুতি চূড়ান্ত করতে বৃহস্পতিবার বিকেল ৪টায় কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ২২ জুন প্রায় সাতশ বছরের প্রচলিত রীতি পরিবর্তন করে প্রথমবারের মতো সবার উপস্থিতিতে মাজারের ঐতিহাসিক তিনটি দানের ডেক ও দুটি দানবাক্স খোলা হয়। ওই দিন গণনায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়।
পরে এসব অর্থ সোনালী ব্যাংকে শাহজালাল (রহ.) মাজারের নামে খোলা একটি নির্ধারিত হিসাবে জমা রাখা হয়। কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শনিবার গণনা শেষে প্রাপ্ত অর্থ আগের মতোই সোনালী ব্যাংকের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ