০১:৫০ পি.এম
মুন্সীগঞ্জের লৌহজংয়ে এসআরবি-১০ এর বিশেষ অভিযানে প্রায় ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ করা হয়েছে। এই ঘটনায় চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানাধীন দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান চালিয়ে এসআরবি-১০-এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল এসব পণ্য জব্দ করে।
এসআরবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দুটি কাভার্ড ভ্যান থেকে ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা মূল্যের ২৬ হাজার ৩৩০ পিস ভারতীয় শাড়ি এবং ৩৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪৮৭ পিস কাশ্মীরি শাল জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা।
আরও পড়ুন: সোলার প্যানেল স্থাপন না করলে পৌরসভায় ব্যবস্থা: শাহে আলম
এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন সাতক্ষীরা সদর থানার ঝোনা গ্রামের শাহাদাত হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২৮) এবং সাতক্ষীরার কলারোয়া থানার জালাল উদ্দিনের ছেলে নজমুল হোসেন (৩২)।
এসআরবি জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ভারতের বেনাপোল সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে শাড়ি, কাশ্মীরি শালসহ বিভিন্ন ভারতীয় পণ্য কাভার্ড ভ্যানে করে দেশে নিয়ে আসতেন। পরে দেশের বিভিন্ন স্থানে এসব পণ্য চড়াদামে বিক্রি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের জন্য জব্দ করা মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১০-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার স্বাক্ষরিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: মৌলভীবাজারে গাছের ডালে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন