১০:৪৬ পি.এম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জাতীয় সংসদে বলেছেন, বিদ্যুৎকেন্দ্রে কারিগরি ত্রুটি এবং বঙ্গোপসাগরে উত্তাল আবহাওয়ার কারণে কয়লা খালাসে বিঘ্ন সৃষ্টি হওয়ায় প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন জাতীয় গ্রিড থেকে কমে গেছে। এই কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে।
তিনি আজ সংসদে ৩০০-বিধির আওতায় দেওয়া এক বিবৃতিতে বলেন, একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লারের টিউবে লিকেজ দেখা দেওয়ায় কেন্দ্রটি জরুরি ভিত্তিতে বন্ধ (ফোর্সড শাটডাউন) করতে হয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগরে উত্তাল পরিস্থিতির কারণে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কয়লা খালাস করা সম্ভব হচ্ছে না। এ কারণে ওই কেন্দ্রের একটি ইউনিটও বন্ধ রয়েছে।
মন্ত্রী আরো বলেন, এই দুই কারণে জাতীয় সঞ্চালন ব্যবস্থায় প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ কমে গেছে। এবং এর ফলে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে এমনকি ঢাকাতেও লোডশেডিং করতে হবে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরের অফিসপাড়ায় পাখির কলতানে সজীব পরিবেশ, প্রশাসনের সংরক্ষণ উদ্যোগ
মন্ত্রী আরও জানান, এই পরিস্থিতি নিয়ে তিনি সংসদের বিরোধী দলের নেতা ড. শফিকুর রহমানের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বিষয়টিকে একটি জাতীয় সংকট হিসেবে উল্লেখ করে সংসদের সব সদস্য এবং দেশের জনগণের প্রতি ধৈর্য ধরার পাশাপাশি সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।
আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতি উন্নতির আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হলে লোডশেডিংয়ের মাত্রাও কমে আসবে।
এই সময় অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্ত্রীর দেওয়া বিবৃতিটি বিধি-৩০০ অনুযায়ী সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে শুরু হলো ‘প্রবারণা পূর্ণিমা’ উপলক্ষে বৌদ্ধদের ধর্মীয় উৎসব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন