ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বৈদেশিক মুদ্রা মামলায় সালমান-আনিসুলের অভিযোগ গঠনের শুনানি ১০ ডিসেম্বর


বৈদেশিক মুদ্রা মামলায় সালমান-আনিসুলের অভিযোগ গঠনের শুনানি ১০ ডিসেম্বর

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি স্থগিত করা হয়েছে। নতুন শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর।

ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শুনানির জন্য এদিন দুই আসামিকে আদালতে হাজির করা হয়, যাদের মধ্যে একজন কারাবন্দি। সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করে। তবে আসামিদের পক্ষের সিনিয়র আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় আসামিপক্ষ সময় চেয়ে আবেদন করে। আংশিক শুনানি শেষে বিচারক ১০ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।

আরও পড়ুন: প্রধান বিচারপতির বক্তব্য বিকৃতভাবে প্রচার বন্ধের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৩ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ গোপন সূত্রে জানতে পারে, নিউমার্কেট থানার একটি হত্যা মামলার আসামিরা সদরঘাটের ২ নম্বর মসজিদের কাছে অবৈধভাবে বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে অবস্থান করছেন। পুলিশ সেখানে অভিযান চালালে আসামিরা পালানোর চেষ্টা করে, কিন্তু তারা হাতেনাতে ধরা পড়ে।

আটকের পর আনিসুল হকের ব্যাগ থেকে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার ও ৭২৬ সিঙ্গাপুর ডলার জব্দ করা হয়। সালমান এফ রহমানের কাছ থেকে পাওয়া যায় ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইস ফ্রাঙ্ক, সাড়ে ৮ হাজার দিরহাম, ১৩ লাখ উজবেক সোম, ১১ হাজার ৬৫০ সৌদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুর ডলার, ১৫০ পাউন্ড, ১ হাজার ৩২১ ইউরো, ৬ হাজার ২৩০ ভুটানি গুলট্রাম, ৩ হাজার ৩২০ থাই বাথ এবং ৫০ হাজার টাকা।

এই ঘটনায় একই বছরের ১৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার এসআই মো. সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।

গত বছরের ৩০ নভেম্বর ডিএমপির কোতোয়ালি থানার এসআই নুরুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সালমান এফ রহমান ও আনিসুল হক জেনেশুনে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রা নিজেদের কাছে রেখেছিলেন এবং জব্দ হওয়া মুদ্রার পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

আরও পড়ুন: পিরোজপুরে আদালত চত্বরে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেজর এম এ জলিলের মৃত্যুবার্ষিকীতে যুব বাঙালির শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


মেজর এম এ জলিলের মৃত্যুবার্ষিকীতে যুব বাঙালির শ্রদ্ধা

মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার ও জাতীয় বীর মেজর এম এ জলিলের মৃত্যুবার্ষিকীতে যুব বাঙালি তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে।

বৃহস্পতিবার, রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সংগঠনটির নেতারা এই শ্রদ্ধা নিবেদন করেন।

মেজর এম এ জলিল আধিপত্যবাদবিরোধী রাজনৈতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন। স্বাধীনতার পর প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি প্রথম প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলেন। একই সঙ্গে ঔপনিবেশিক রাষ্ট্রকাঠামো এবং শাসনব্যবস্থা পরিবর্তনের রাজনৈতিক প্রস্তাবও তিনি তুলে ধরেন। যুব বাঙালির নেতারা মনে করেন, তার সংগ্রাম আজও প্রাসঙ্গিক।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে যুব বাঙালির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য অপু ও কাজী তানসেন, কেন্দ্রীয় সংগঠক মাহফুজুর রহমান রাহাত এবং রানা উপস্থিত ছিলেন। এছাড়া, মেজর এম এ জলিলের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ এবং ফিলিস্তিন প্রত্যাগত মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলুও সেখানে উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে কাজী তানসেন বলেন, "বাংলাদেশের স্বাধীনতার সশস্ত্র সংগ্রামে অংশ নিলেও বিজয়ের সুফল ভোগের রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করেননি এম এ জলিল। বরং সদ্য স্বাধীন বাংলাদেশে প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছিলেন তিনি।"

তিনি আরও বলেন, "এম এ জলিলের রাজনৈতিক সংগ্রাম শুধু আধিপত্যবাদের বিরোধিতায় সীমাবদ্ধ ছিল না। তিনি ঔপনিবেশিক রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা পরিবর্তনের সুস্পষ্ট রাজনৈতিক প্রস্তাবও দিয়েছিলেন। সেই প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে আমৃত্যু সংগ্রাম করেছেন এই জাতীয় বীর।"

যুব বাঙালির কেন্দ্রীয় সংগঠক মাহফুজুর রহমান রাহাত বলেন, "স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা প্রতিষ্ঠার যে সংগ্রাম এম এ জলিল শুরু করেছিলেন, তা এখনো চলমান। বাংলাদেশের যেকোনো ধরনের আধিপত্য এবং আধিপত্যবাদী রাজনৈতিক-অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ে তিনি অনন্য অনুপ্রেরণা।"

মাহফুজুর রহমান রাহাত আরও বলেন, "ঔপনিবেশিক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার অবসানের লক্ষ্যে চলমান রাজনৈতিক আন্দোলনে এম এ জলিলের জীবন, আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মকে সাহস ও প্রেরণা জোগাবে বলে তারা বিশ্বাস করেন।"

যুব বাঙালির নেতারা উল্লেখ করেন, "এম এ জলিলের রাজনৈতিক জীবন ও সংগ্রাম স্বাধীনতার প্রকৃত তাৎপর্য উপলব্ধি এবং জাতীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লড়াইয়ে আগামী প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শিক্ষা হয়ে থাকবে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে সফল নারী উদ্যোক্তা আজেদা বেগমের খামার প্রতিষ্ঠা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


শেরপুরে সফল নারী উদ্যোক্তা আজেদা বেগমের খামার প্রতিষ্ঠা

অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে দারিদ্র্যকে অতিক্রম করে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন শেরপুরের নারী উদ্যোক্তা আজেদা বেগম। একসময় অভাব-অনটনের মধ্যে দিন কাটালেও, মাত্র একটি গরু দিয়ে খামার শুরু করে আজ তিনি ১৪টি দেশি-বিদেশি গরুর মালিক হয়ে উঠেছেন। তাঁর এই সাফল্য এখন এলাকার অন্যান্য নারীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

আজেদা বেগম শেরপুরের শ্রীবরদী উপজেলার আটকান্দা গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী মো. আমিনুল ইসলাম। একসময় তাঁদের সংসারে ছিল চরম আর্থিক সংকট। এমন অবস্থায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন থেকে মাত্র ২ লাখ টাকা ঋণ নিয়ে একটি গরু পালনের মাধ্যমে খামারের যাত্রা শুরু করেন তিনি। ধীরে ধীরে পরিশ্রম ও পরিকল্পনার মাধ্যমে গড়ে তোলেন ১৪টি গরুর খামার। বর্তমানে খামারের চারটি গাভির দুধ বিক্রি করে নিয়মিত আয় করছেন তিনি।

আজেদা বেগমের এই সাফল্যের খবর পেয়ে গত ১৬ নভেম্বর শেরপুরের জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন শ্রীবরদী উপজেলার আটকান্দা গ্রামে তাঁর খামার পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, "মাত্র একটি গরু ও দুই লাখ টাকা ঋণ নিয়ে যাত্রা শুরু করে আজেদা বেগম ১৪টি দেশি-বিদেশি গরুর খামার গড়ে তুলেছেন।" তিনি আরও জানান, "তাঁর খামারের গরুর বর্জ্য ব্যবহার করে উৎপাদিত বায়োগ্যাস পরিবারের রান্নার জ্বালানির চাহিদা পূরণ করছে।" পাশাপাশি খামার থেকে অর্জিত আয় তাঁকে আর্থিক স্বচ্ছলতা ও স্বাবলম্বিতা এনে দিয়েছে।

জেলা প্রশাসক আজেদা বেগমের অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান অন্য নারীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি একই সঙ্গে এলাকার নারীদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন।

আগ্রহী নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মাধ্যমে ঋণ সহায়তার ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি।

তিনি আরও বলেন, "শেরপুর জেলার ঘরে ঘরে সফল নারী উদ্যোক্তা দেখতে চাই।" এ জন্য নারী খামারিদের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন পাশে থাকবে।

জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিনের এ উদ্যোগে স্থানীয় অনেক নারী গরুর খামার গড়ে তুলে স্বাবলম্বী হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

খামার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুল হাসান।

আজেদা বেগমের এই সাফল্য প্রমাণ করে, সুযোগ, শ্রম ও দৃঢ় মনোবল একত্র হলে একজন নারীও নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিকলসের সেঞ্চুরি, অপেক্ষায় ফিলিপ্স; ভালো শুরুর পরও চাপের মধ্যে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


নিকলসের সেঞ্চুরি, অপেক্ষায় ফিলিপ্স; ভালো শুরুর পরও চাপের মধ্যে ভারত

হেনরি নিকোলস তার টেস্ট ক্যারিয়ারে দ্বাদশ সেঞ্চুরি অর্জন করেছেন। একই সঙ্গে, গ্লেন ফিলিপ্সও দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন, যিনি ধ্বংসস্তুপের মধ্যে দাঁড়িয়ে ছিলেন। দুজনের অবিচ্ছিন্ন জুটির মাধ্যমে নিউজিল্যান্ড শক্ত অবস্থানে পৌঁছেছে, যদিও শুরুতে তারা চাপের মধ্যে ছিল।

ভারতের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে নিউজিল্যান্ড ৫ উইকেটে ৭০ রান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দিন শেষে ৫ উইকেটে ২৪৩ রান সংগ্রহ করেছে। নিকলস ২২১ বলে ১৪টি চারে ১১৩ রানে ব্যাট করছেন, অপরদিকে ফিলিপ্স ১৮২ বলে ১৩টি চারে ৯৪ রানে অপরাজিত রয়েছেন।

এই দুজন অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে ১৭৩ রান যোগ করেছেন। সবুজাভ উইকেটে টস হেরে আগে ব্যাট করার সময় দলের শুরুটা প্রত্যাশা অনুযায়ী কঠিন ছিল। দ্রুত কয়েকটি উইকেট হারানোর পর, বোলারদের কার্যকারিতা তেমন ছিল না। ফলে ভারত এমন একজন বোলারের অভাব অনুভব করেছে, যিনি নিল ওয়াগনারের মতো ধারাবাহিক বাউন্সার দিতে পারেন। এই সুযোগ কাজে লাগিয়ে নিকলস এবং ফিলিপ্স অবিচ্ছিন্ন ১৭৩ রানের জুটি গড়ে ভারতের বোলারদের নাস্তানাবুদ করেছেন এবং প্রথম দিন শেষে নিউজিল্যান্ডকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন।

ভারতের বিপক্ষে আগের ছয় টেস্টে নিকলসের গড় ছিল মাত্র ১৩.৫৫ এবং সর্বোচ্চ রান ছিল ৪৪। তবে তাকে দলে নেওয়ার সিদ্ধান্তটি প্রশ্নবিদ্ধ মনে হতে পারে। ফাস্ট বোলিংয়ের অনুকূল কন্ডিশনে কেন উইলিয়ামসনের পরিবর্তে তিন নম্বরে খেলতে নামা এই ব্যাটারের ওপর নিউজিল্যান্ডের আস্থা ছিল।

নিকলস সেই বিশ্বাসের প্রতিদান দিয়েছেন। এই সেঞ্চুরির মাধ্যমে তিনি বেসিন রিজার্ভে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক হিসেবে উইলিয়ামসনের পাশে জায়গা করে নিয়েছেন। তার ক্যারিয়ারের প্রায় এক-তৃতীয়াংশ রান এই ঐতিহ্যবাহী ভেন্যুতে এসেছে, যেখানে এখন তার সেঞ্চুরির সংখ্যা পাঁচ।

বিস্তারিত আসছে …

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মীয় বিশ্বাসের প্রভাব মানুষের চরিত্র-আচরণে প্রকাশ হওয়া উচিত: জেফরি ল্যাং

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


ধর্মীয় বিশ্বাসের প্রভাব মানুষের চরিত্র-আচরণে প্রকাশ হওয়া উচিত: জেফরি ল্যাং

কোরআনকে অনেকেই আইনকানুন, হালাল-হারাম এবং বিধিনিষেধের গ্রন্থ হিসেবে মনে করেন। কিন্তু এর বিষয়বস্তু আরও বিস্তৃত। মানুষের বিশ্বাস, নৈতিকতা, চিন্তাশক্তি, স্রষ্টার সঙ্গে সম্পর্ক, জীবনের উদ্দেশ্য, অতীত জাতির ইতিহাস এবং ভালো-মন্দের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা—এসব বিষয়ও কোরআনের গুরুত্বপূর্ণ আলোচনার অংশ।

মার্কিন গণিতের অধ্যাপক ও ইসলাম গ্রহণকারী জেফরি ল্যাংয়ের একটি বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। তার বক্তব্যের সারকথা হলো, কোরআনের মাত্র ৩ শতাংশ আয়াতে সরাসরি আইনগত নির্দেশ, আদেশ ও নিষেধের বিষয় রয়েছে। বাকি প্রায় ৯৭ শতাংশে গুরুত্ব পেয়েছে নৈতিকতা, বিশ্বাস, আল্লাহ ও মানুষের সম্পর্ক, জীবনের উদ্দেশ্য, ইতিহাস, আত্মসমালোচনা এবং যুক্তি দিয়ে চিন্তা করার শিক্ষা।

ল্যাংয়ের বক্তব্যের মূল তাৎপর্য হলো, কোরআনকে শুধু নিয়মকানুনের বই হিসেবে দেখলে এর সামগ্রিক শিক্ষা বোঝা সম্ভব নয়। এটি মানুষের চিন্তা, চরিত্র ও জীবনবোধ গড়ে তোলারও নির্দেশনা দেয়।

৩ শতাংশের হিসাব কতটা নির্ভরযোগ্য?

কোরআনের আয়াতের মাত্র ৩ শতাংশ আইনগত নির্দেশসংক্রান্ত—ল্যাংয়ের নামে প্রচারিত এই হিসাবটি বেশ আলোচিত। তবে একে সর্বজনস্বীকৃত বা চূড়ান্ত পরিসংখ্যান হিসেবে উপস্থাপন করা ঠিক হবে না। কারণ কোন আয়াতকে আইনগত বা বিধানসংক্রান্ত হিসেবে গণ্য করা হবে, তার ওপর সংখ্যাটি নির্ভর করে।

ইসলামবিষয়ক গবেষণাগ্রন্থ Islam: A Guide for Jews and Christians-এ আইনগত বিষয়বস্তুর আয়াতের সংখ্যা প্রায় ৩৫০ বলা হয়েছে, যা কোরআনের মোট আয়াতের ৩ শতাংশের কিছু কম। এসব আয়াতের মধ্যে নামাজ, রোজা, হজ, বিয়ে, তালাক, উত্তরাধিকার, ব্যবসা-বাণিজ্য, অপরাধ, শাস্তি ও ন্যায়বিচারসংক্রান্ত বিষয় রয়েছে।

অন্যদিকে, The Blackwell Companion to the Qur'an গ্রন্থে আইনগত আয়াতের সংখ্যা ১০০ থেকে ৫০০-এর মধ্যে বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, এ বিষয়ে গবেষকদের মধ্যে হিসাবের পার্থক্য রয়েছে। তাই ৩ শতাংশের হিসাবটিকে কোরআনের বিষয়বস্তু বোঝানোর একটি আনুমানিক ধারণা হিসেবে দেখা যেতে পারে। তবে এর ভিত্তিতে কোরআনের কোনো অংশকে কম গুরুত্বপূর্ণ মনে করার সুযোগ নেই। কারণ নৈতিকতা, ইবাদত ও আইন অনেক ক্ষেত্রেই একে অপরের সঙ্গে সম্পর্কিত।

কে এই অধ্যাপক জেফরি ল্যাং?

জেফরি ল্যাং যুক্তরাষ্ট্রের কানসাস বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটেও তাকে অধ্যাপক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। ল্যাং খ্রিষ্টান পরিবারে বেড়ে ওঠেন। শৈশব ও কৈশোরের নানা অভিজ্ঞতা, পারিবারিক অস্থিরতা এবং চারপাশের সহিংসতা তাকে ঈশ্বরের অস্তিত্ব ও ধর্মের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করতে উদ্বুদ্ধ করে। একপর্যায়ে তিনি নাস্তিক হয়ে পড়েন।

পরে কোরআন পড়ার সুযোগ পেয়ে ধর্ম, স্রষ্টা, মানুষের সৃষ্টি এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে তার চিন্তায় পরিবর্তন আসে। তার নিজের ভাষ্য অনুযায়ী, কোরআনের বক্তব্য তাকে এমন কিছু প্রশ্নের মুখোমুখি করে, যেগুলোর উত্তর তিনি আগে খুঁজছিলেন। ইসলাম গ্রহণের পর নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি নিয়ে তিনি Even Angels Ask: A Journey to Islam in America, Struggling to Surrender এবং Losing My Religion: A Call for Help বইগুলো লেখেন।

যুক্তি ও বিশ্বাসের মধ্যে বিরোধ নেই

ল্যাংয়ের চিন্তাদর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো—বিশ্বাসের পথে যুক্তি ও প্রশ্নের গুরুত্ব। তার মতে, ধর্মীয় বিশ্বাস মানেই চিন্তাভাবনা বন্ধ করে দেওয়া নয়। বরং সত্য অনুসন্ধানের জন্য মানুষের বিবেক, বুদ্ধি ও প্রশ্ন করার ক্ষমতা কাজে লাগানো প্রয়োজন।

গণিতের অধ্যাপক হিসেবে যুক্তি ও বিশ্লেষণের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়। ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রেও তিনি একইভাবে প্রশ্নের উত্তর খুঁজেছেন। কোরআন পাঠের সময় তার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, গ্রন্থটি মানুষকে বারবার চিন্তা করতে, উপলব্ধি করতে এবং সৃষ্টিজগৎ নিয়ে ভাবতে আহ্বান জানায়।

তার The Purpose of Life শীর্ষক বক্তৃতায় কোরআনের প্রথম পাঠ, মানুষের বুদ্ধিবৃত্তিক পরিচয়, নৈতিকতা, বিশ্বাসের ভিত্তি, দুঃখ-কষ্ট এবং জীবনের উদ্দেশ্য নিয়ে ধারাবাহিক আলোচনা রয়েছে। বক্তৃতাটির অধ্যায় বিন্যাস থেকেই বোঝা যায়, ল্যাং কোরআনকে শুধু ধর্মীয় বিধানের আলোকে নয়, মানুষের অস্তিত্ব ও দর্শনের প্রশ্নগুলোর সঙ্গেও মিলিয়ে দেখেছেন।

মানুষ শুধু বুদ্ধিমান নয়, নৈতিক সত্তাও

ল্যাংয়ের দর্শনে মানুষকে শুধু জ্ঞান অর্জনকারী প্রাণী হিসেবে দেখা হয়নি; মানুষ নৈতিক সিদ্ধান্ত নেওয়ারও ক্ষমতা রাখে। সে ভালো-মন্দ বিচার করতে পারে, নিজের কাজের পরিণতি বুঝতে পারে এবং নিজের আচরণ পরিবর্তনের চেষ্টা করতে পারে।

এ প্রসঙ্গে তিনি কোরআনের সূরা আল-বাকারার ৩০ থেকে ৩৩ নম্বর আয়াতে বর্ণিত আদম (আ.)-এর সৃষ্টি ও ফেরেশতাদের সঙ্গে আল্লাহর কথোপকথনের বিষয়টি তুলে ধরেন। সেখানে পৃথিবীতে মানুষকে প্রতিনিধি করার কথা শুনে ফেরেশতারা মানুষের সম্ভাব্য বিপর্যয় ও রক্তপাতের আশঙ্কা প্রকাশ করেন। জবাবে আল্লাহ বলেন, ‘আমি যা জানি, তোমরা তা জানো না।’

ল্যাংয়ের ব্যাখ্যায়, এই বর্ণনা মানুষের সম্ভাবনা ও সীমাবদ্ধতা—দুই দিকই তুলে ধরে। মানুষের মধ্যে অন্যায় ও ধ্বংসের প্রবণতা থাকলেও জ্ঞান অর্জন, নৈতিক উন্নতি এবং ভালো কাজ করার সক্ষমতাও রয়েছে। অর্থাৎ, মানুষকে শুধু তার ভুল বা নেতিবাচক দিক দিয়ে বিচার করা যায় না।

স্বাধীন ইচ্ছা: ভালো-মন্দ বেছে নেওয়ার ক্ষমতা

ল্যাংয়ের চিন্তায় মানুষের স্বাধীন ইচ্ছা বা নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা বিশেষ গুরুত্ব পেয়েছে। তার মতে, মানুষ যদি ভালো-মন্দের মধ্যে কোনো একটি বেছে নেওয়ার স্বাধীনতা না পেত, তাহলে তার নৈতিকতার প্রকৃত মূল্যও থাকত না।

কেউ বাধ্য হয়ে ভালো কাজ করলে সেটি আর স্বতঃস্ফূর্ত নৈতিক সিদ্ধান্ত থাকে না। একইভাবে, অন্যায় করার সুযোগ না থাকলে ন্যায়বিচার প্রতিষ্ঠার সিদ্ধান্তের তাৎপর্যও বোঝা কঠিন। তাই মানুষের নৈতিক বিকাশের জন্য স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকা প্রয়োজন।

ল্যাং তার Even Angels Ask বইয়ে এই ধারণা ব্যাখ্যা করতে কম্পিউটারের উদাহরণ দিয়েছেন। একটি কম্পিউটারকে সব সময় সঠিক তথ্য দেওয়ার জন্য প্রোগ্রাম করা যায়। কিন্তু সে কারণে কম্পিউটারকে সত্যবাদী বলা যায় না। একইভাবে, কোনো যন্ত্র অসুস্থ মানুষের চিকিৎসায় সহায়তা করলেও তাকে সহমর্মী বলা যায় না। কারণ সত্যবাদিতা ও সহমর্মিতার মতো গুণের জন্য সচেতন সিদ্ধান্ত ও নৈতিক উপলব্ধি প্রয়োজন।

তার মতে, নৈতিক গুণ বিকাশের জন্য তিনটি বিষয় গুরুত্বপূর্ণ—স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সিদ্ধান্তের পরিণতি বোঝার মতো বুদ্ধিবৃত্তিক সক্ষমতা এবং প্রতিকূল পরিস্থিতির অভিজ্ঞতা।

পৃথিবীতে এত দুঃখ-কষ্ট কেন?

ল্যাংয়ের দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, স্রষ্টা যদি সর্বশক্তিমান ও পরম দয়ালু হন, তাহলে পৃথিবীতে এত অন্যায়, সহিংসতা ও দুর্ভোগ কেন? নাস্তিক জীবনে এই প্রশ্ন তাকে গভীরভাবে ভাবিয়েছে। তার The Purpose of Life বক্তৃতায় নিজের শৈশবের অভিজ্ঞতা, পারিবারিক অস্থিরতা ও সহিংসতার কথা তুলে ধরে তিনি ব্যাখ্যা করেন, এসব অভিজ্ঞতা কীভাবে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে তার সংশয় তৈরি করেছিল।

পরে কোরআন পাঠের মধ্য দিয়ে তিনি দুঃখ-কষ্টকে নতুনভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন। তার মতে, পৃথিবী শুধু আরাম-আয়েশের জায়গা নয়; এটি মানুষের পরীক্ষা, অভিজ্ঞতা অর্জন এবং নৈতিক-আধ্যাত্মিক বিকাশের ক্ষেত্র। প্রতিকূল পরিস্থিতিতে মানুষ ধৈর্য, সহমর্মিতা, সাহস ও ক্ষমাশীলতার মতো গুণ অর্জনের সুযোগ পায়।

এ প্রসঙ্গে কোরআনের সূরা আল-বাকারার ১৫৫ নম্বর আয়াতে ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি এবং বিভিন্ন সংকটের মাধ্যমে মানুষকে পরীক্ষার কথা বলা হয়েছে। ল্যাংয়ের ব্যাখ্যায়, কষ্টের মধ্যেও মানুষ কীভাবে নিজের নৈতিক অবস্থান বজায় রাখে, সেটি গুরুত্বপূর্ণ। তবে এর অর্থ এই নয় যে সব ধরনের অন্যায় বা দুর্ভোগকে ভালো কিংবা কাম্য বলে মেনে নিতে হবে। বরং প্রতিকূলতার মধ্যেও মানুষের দায়িত্ব, সহমর্মিতা ও নৈতিক আচরণ বজায় রাখার বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ।

মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য কী?

ল্যাংয়ের মতে, মানুষের জীবনের উদ্দেশ্য শুধু বেঁচে থাকা, অর্থ উপার্জন কিংবা পার্থিব চাহিদা পূরণে সীমাবদ্ধ নয়। মানুষকে এমনভাবে জীবনযাপন করতে হবে, যাতে তার জ্ঞান, নৈতিকতা ও স্রষ্টার সঙ্গে সম্পর্ক ক্রমাগত গভীর হয়। তার বক্তৃতায় কয়েকটি মৌলিক প্রশ্ন উঠে এসেছে—মানুষ কেন সৃষ্টি হয়েছে, আল্লাহ মানুষের কাছে কী প্রত্যাশা করেন, কীভাবে মানুষ তার নৈকট্য লাভ করতে পারে এবং বিশ্বাসের প্রকৃত অর্থ কী?

এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি কোরআনের ইবাদত, দায়িত্ববোধ ও নৈতিক জীবনযাপনের শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। তার ব্যাখ্যায়, আল্লাহর ইবাদত কেবল আনুষ্ঠানিক ধর্মীয় আচার পালনের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের দৈনন্দিন আচরণ, অন্যের প্রতি দায়িত্ব, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নিজের চরিত্র উন্নত করার মধ্য দিয়েও বিশ্বাসের প্রকাশ ঘটে।

কোরআনের সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে মানুষ ও জিনকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করার কথা বলা হয়েছে। ল্যাংয়ের চিন্তায় ইবাদতের এই ধারণা মানুষের সামগ্রিক জীবনযাপনের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ, স্রষ্টার প্রতি বিশ্বাসের প্রভাব মানুষের আচরণ ও নৈতিকতার মধ্যেও প্রতিফলিত হওয়া প্রয়োজন।

ধর্মীয় পরিচয়ের চেয়ে চরিত্র ও আচরণ গুরুত্বপূর্ণ

ল্যাংয়ের চিন্তায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইসলামের মূল শিক্ষা এবং মুসলিম সমাজে প্রচলিত সব আচরণকে এক করে দেখা উচিত নয়। কোনো মুসলিম ব্যক্তি বা সম্প্রদায়ের ভুল আচরণকে সরাসরি ইসলামের শিক্ষা বলে ধরে নেওয়া যেমন ঠিক নয়, তেমনি ধর্মের নামে প্রচলিত কোনো প্রথাকেও প্রশ্নের বাইরে রাখা যায় না।

তার Even Angels Ask বইয়ে ইসলাম, পশ্চিমা সমাজ, মুসলিম পরিচয়, নারী, ধর্মীয় সংস্কৃতি এবং মুসলিম সম্প্রদায়ের আচরণ নিয়ে আলোচনা রয়েছে। এসব আলোচনায় তিনি ধর্মীয় শিক্ষা ও সামাজিক সংস্কৃতির মধ্যে পার্থক্য বোঝার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

এই দৃষ্টিভঙ্গির সঙ্গে কোরআনের ন্যায়বিচার, সততা, ক্ষমাশীলতা ও সদাচরণের শিক্ষার সম্পর্ক রয়েছে। সূরা আন-নাহলের ৯০ নম্বর আয়াতে ন্যায়বিচার, সদাচরণ ও আত্মীয়স্বজনকে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। সূরা আল-ইসরা-এর ২৩ নম্বর আয়াতে মা-বাবার সঙ্গে সদ্ব্যবহারের কথা বলা হয়েছে। আর সূরা আল-বাকারার ১৭৭ নম্বর আয়াতে প্রকৃত পুণ্যের আলোচনায় বিশ্বাসের পাশাপাশি দানশীলতা, প্রতিশ্রুতি রক্ষা ও বিপদে ধৈর্য ধারণের বিষয়টি তুলে ধরা হয়েছে।

এসব আয়াত থেকে বোঝা যায়, কোরআনের নৈতিক শিক্ষা মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক সম্পর্ক ও দায়িত্ববোধ পর্যন্ত বিস্তৃত।

কোরআন শুধু পাঠের নয়, উপলব্ধি ও অনুসরণের গ্রন্থ

জেফরি ল্যাংয়ের চিন্তাদর্শনের একটি উল্লেখযোগ্য দিক হলো, কোরআন পাঠের মাধ্যমে নিজের জীবনকেও নতুন করে মূল্যায়ন করা। তার কাছে কোরআন শুধু তথ্য বা বিধান জানার গ্রন্থ নয়; এটি মানুষের বিশ্বাস, আচরণ, দুর্বলতা ও দায়িত্ব নিয়ে ভাবারও একটি মাধ্যম।

তার ব্যক্তিগত অভিজ্ঞতায়, কোরআন পাঠ তাকে এমন প্রশ্নের মুখোমুখি করেছে, যেগুলো তার দীর্ঘদিনের সংশয়ের সঙ্গে সম্পর্কিত ছিল। সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে তিনি মানুষের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা, স্বাধীন ইচ্ছা, নৈতিক দায়িত্ব এবং স্রষ্টার সঙ্গে সম্পর্কের বিষয়গুলো নতুনভাবে উপলব্ধি করেন।

এ কারণেই তার আলোচনায় আত্মসমালোচনা, আত্মশুদ্ধি ও নৈতিক পরিবর্তনের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। তার মতে, ধর্মীয় বিশ্বাসের প্রকৃত প্রভাব মানুষের চরিত্র ও আচরণে প্রকাশ পাওয়া উচিত।

জেফরি ল্যাংয়ের চিন্তাদর্শনের মূল কথা

তার বিভিন্ন বই ও বক্তৃতার আলোচনাকে কয়েকটি মূল ধারণায় সংক্ষেপ করা যায়—

যুক্তি ও বিশ্বাস: সত্য অনুসন্ধানে প্রশ্ন, চিন্তা ও বিবেকের গুরুত্ব রয়েছে।

নৈতিক দায়িত্ব: মানুষ নিজের কাজের ভালো-মন্দ বিচার করতে এবং নৈতিক সিদ্ধান্ত নিতে সক্ষম।

স্বাধীন ইচ্ছা: ভালো-মন্দের মধ্যে বেছে নেওয়ার ক্ষমতা মানুষের নৈতিক জীবনের গুরুত্বপূর্ণ ভিত্তি।

দুঃখ-কষ্টের তাৎপর্য: প্রতিকূলতা মানুষের ধৈর্য, সহমর্মিতা ও আত্মিক বিকাশের সুযোগ তৈরি করতে পারে।

জীবনের উদ্দেশ্য: মানুষের জীবন কেবল পার্থিব চাহিদা পূরণের জন্য নয়; আল্লাহকে চেনা, তাঁর ইবাদত করা এবং নৈতিক জীবন গড়াও এর অংশ।

আত্মসমালোচনা: ধর্মীয় বিশ্বাসের প্রকৃত প্রভাব মানুষের চরিত্র ও আচরণে প্রকাশ পাওয়া উচিত।

জেফরি ল্যাংয়ের চিন্তাদর্শনের বিশেষত্ব

জেফরি ল্যাংয়ের চিন্তা-দর্শনের বিশেষত্ব হলো, তিনি কোরআনকে কেবল বিধিনিষেধের গ্রন্থ হিসেবে দেখেননি। তার কাছে এটি মানুষের অস্তিত্ব, স্বাধীনতা, নৈতিকতা, দুঃখ-কষ্ট, বিশ্বাস এবং জীবনের উদ্দেশ্য নিয়ে গভীরভাবে ভাবার একটি গ্রন্থ।

তার বক্তব্যের মূল সুর হলো, ধর্মীয় বিশ্বাস মানুষের চিন্তাকে থামিয়ে দেওয়ার কথা নয়; বরং সত্য অনুসন্ধান, আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতির পথে পরিচালিত করার কথা। কোরআনের শিক্ষা শুধু কোন কাজ করা যাবে আর কোন কাজ করা যাবে না, তা জানার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং কেন মানুষকে সত্যবাদী, ন্যায়পরায়ণ, সহমর্মী ও দায়িত্বশীল হতে হবে, সেই উপলব্ধিও তৈরি করে। কোরআনের সামগ্রিক বার্তা বুঝতে হলে এর বিধান, নৈতিক শিক্ষা, বিশ্বাস ও জীবনদর্শন—সবকিছুকে একসঙ্গে বিবেচনা করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%