০৫:৩৬ পি.এম
রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে রেজাউল (৬৫) ইসলাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (২২ জুন) সকাল ৮টার দিকে নগরের চন্দ্রিমা থানার মেহেরচন্ডি কড়ইতলা পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রাকিবুল ইসলাম পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, রাকিবুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। তিনি পড়াশোনা শেষ করার পরে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। পারিবারিক কলহের কারণে বিরোধের এক পর্যায়ে তার লাঠির আঘাতে বাবা রেজাউলের মৃত্যু হয়।
আরও পড়ুন: শেরপুরে গারো পাহাড়ে মোমবাতি হাতে অর্ধলাখ তীর্থযাত্রীর আলোর মিছিল অনুষ্ঠিত হয়,
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউলের সঙ্গে প্রায়ই তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হতো এবং কখনো কখনো রেজাউল তার স্ত্রীকে মারধরও করতেন। সোমবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির এক অবস্থায় মারধর করার সময় রাকিবুল তার মায়ের পক্ষ নেওয়ার কারণে উত্তেজিত হয়ে বাঁশের লাঠি দ্বারা বাবার মাথায় আঘাত করেন। আঘাতের ফলে রেজাউল গুরুতর আহত হন।
ঘটনার পর রাকিবুল মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরিবারের সদস্যরা দ্রুত রেজাউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না। তবে ছেলের লাঠির আঘাতেই বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, ঘটনার পর থেকেই রাকিবুল পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ‘চাইনা মার্কেট’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন