বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:৩৯ পি.এম
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (১৩ নভেম্বর) পর্যায়ক্রমে সাড়ে ৭ ঘণ্টা রংপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, লাইনের পার্শ্ববর্তী বৃক্ষের শাখা-প্রশাখা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোট সাড়ে ৪ ঘণ্টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা নেসকো রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন ১১ কেভি আশরতপুর ফিডারের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এই এলাকার মধ্যে রয়েছে— বিএডিসি, চকবাজার, ঢাকাইয়াপাড়া, সালামের মোড়, কামারের মোড়, সিদ্দিক মেমোরিয়াল, ভি আই পি শাহাদাত, তাজহাট মোল্লাপাড়া, ডিমলা, কানুন ঘোটলা, চিনিয়াপাড়া, পার্কের মোড় এবং আবু সাঈদ চত্বর সংলগ্ন এলাকা।
যদি নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে যায়, তাহলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শারীরিক প্রতিবন্ধকতা যেন শিক্ষকতা ও স্বাভাবিক চলাচলের পথে বাধা হয়ে না দাঁড়ায়, এই মানবিক উদ্দেশ্যে পাবনার ঈশ্বরদীতে এক প্রতিবন্ধী শিক্ষকের পাশে দাঁড়িয়েছেন ঢাকার আমিরজান হাই স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইদুর রহমান দীপু। তার পক্ষ থেকে দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুবেল হোসেনকে যাতায়াতের সুবিধার্থে একটি ইলেকট্রিক হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আমিরজান হাই স্কুলের প্রতিনিধিরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীর উপস্থিতিতে রুবেল হোসেনের হাতে হুইল চেয়ারটি তুলে দেন। এ সময় তাকে নগদ অর্থসহ আরও কিছু উপহার সামগ্রী দেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের ফলে রুবেল হোসেনের দৈনন্দিন যাতায়াতের ভোগান্তি কমবে এবং স্বাভাবিক চলাচলে কিছুটা স্বস্তি ফিরবে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরজান হাই স্কুলের সিনিয়র শিক্ষক সাজেদুল হক তপু ও সহকারী শিক্ষক শিশির ভক্ত, দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, সিনিয়র শিক্ষক গোলাম রব্বানী খান জুবায়ের, খাইরুল হাসান বাবুসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা। উপস্থিত ব্যক্তিরা এই মানবিক উদ্যোগকে শিক্ষক সমাজের প্রতি সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁ জেলার মান্দায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চা সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থার (বিএসডিও) উদ্যোগে বাস্তবায়িত ‘জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, লোকমোর্চা প্রতিনিধি এবং প্রকল্প সংশ্লিষ্ট ২০ জন অংশগ্রহণ করেন।
বিএসডিও-গেটকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আব্দুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন। সভায় গেটকা প্রকল্পের জেলা সমন্বয়কারী আতাউর রহমান প্রকল্পের সার্বিক কার্যক্রম ও লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. আমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানি পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সহকারী মৎস্য কর্মকর্তা মোজাফফর হোসেন, উপজেলা লোকমোর্চা কমিটির চেয়ারপার্সন নজরুল ইসলাম এবং যুব প্রতিনিধি ফারজানা আক্তার।
সভায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনায় উঠে আসা বিভিন্ন সমস্যা ও স্থানীয় জনগণের দুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন যুব প্রতিনিধি ফারজানা আক্তার। তিনি এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
এ সময় সরকারি কর্মকর্তারা দুর্যোগ মোকাবিলায় নিজ নিজ বিভাগের প্রস্তুতি ও কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি প্রচলিত নীতিমালা অনুসরণ করে দুর্যোগকালীন সময়ে প্রান্তিক জনগণের পাশে দাঁড়ানো, প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং দুর্যোগের ঝুঁকি থেকে তাদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, বিএসডিও ও ওয়েভ ফাউন্ডেশনের অংশীদারত্বে সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রুপের কারিগরি সহায়তায় নওগাঁ জেলার সাপাহার, মহাদেবপুর ও মান্দা উপজেলার ১৮টি ইউনিয়নে ৩০ মাস মেয়াদি গেটকা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা বাজারের পাশে বিসিআইসি ডিলারের গোডাউন থেকে সার লুটের ঘটনায় পুলিশ নতুন করে ১জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উপজেলার ছাইকোলা গ্রামের মনিরুল ইসলামের ছেলে তুষার আহমেদ (২১)। এর আগে দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। ডিলার প্রদীপ কুমার পালের ম্যানেজার নিরঞ্জন চন্দ্র ঘোষ, যিনি নিরু ঘোষ নামেও পরিচিত, গত সোমবার দিবাগত রাতে অজ্ঞাতনামা ২৫০ জন কৃষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে জহুরুল ইসলাম (২৮) নামের এক কৃষককে গ্রেফতার করে। ছাইকোলা এলাকায় বর্তমানে কৃষকেরা গ্রেফতার আতঙ্কে রয়েছেন। অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। এখন রসুনসহ রবিশস্য ফসল আবাদের মৌসুম শুরু হয়েছে, এসময় কৃষকেরা পালিয়ে থাকায় আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ডিলারের লুট হওয়া ৬১১ বস্তা সারের মধ্যে এ পর্যন্ত ২৭২ বস্তা সার উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার ছাইকোলা বাজারে লুটের স্বীকার বিসিআইসি ডিলার প্রদীপ পালের পয়েন্ট ছাড়াও বিএডিসির দু’জন ডিলারের পয়েন্টে সার বিতরণ করা হয়েছে। সকাল থেকেই এই তিনটি পয়েন্টে সার বিতরণ কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান, উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ, পুলিশ ও আনসার সদস্য ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন ২০০০ বস্তা সার সরকারি মূল্যে বিক্রি করা হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।
এদিকে এই সার লুটের ঘটনায় পাবনা জেলাপ্রশাসক আমিনুল ইসলাম ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে আহবায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ লুৎফর রহমান। তদন্ত কমিটির সদস্যরা গত মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন। সরেজমিন তদন্ত কাজ শুরু করেছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। ঘটনাস্থল ছাইকোলা বাজারে গিয়ে ভুক্তভোগী ডিলার, স্থানীয় ব্যবসায়ী, কৃষক, স্থানীয় বাসিন্দা, আনসার, গ্রাম পুলিশ, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করেন কমিটির সদস্যরা।
এই বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক পাবনা জেলাপ্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী বলেন, "মঙ্গলবার থেকে কাজ শুরু করেছি আমড়ায়। সেখানে তিনজন ডিলার ছিলেন সার বিতরণে। তাদের মধ্যে একজনের গোডাউনে লুট হয়েছে। আমড়ায় ভুক্তভোগী সার ডিলার ও বাকি দুই ডিলারের সাথে কথা বলেছি। এছাড়া কৃষি অফিসার, থানার ওসি, স্টেক হোল্ডার কয়েকজন, দায়িত্বরত আনসার সদস্য, গ্রাম পুলিশ, যারা সার পায়নি এমন কয়েকজন কৃষক, স্থানীয় ব্যবসায়ী কয়েকজন, সে সময়ে উপস্থিত ছিলেন এমন সাধারণ মানুষের সাক্ষাতকার নিয়েছি। আমড়ায় সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। কেন, কি কারণে, কারা ঘটনার সাথে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এখনই কিছু বলা যাচ্ছে না। আশা করছি, বৃহস্পতিবার (১২ নভেম্বর) এর মধ্যে পুরো তদন্ত শেষ করে আমড়ায় প্রতিবেদন দাখিল করতে পারবো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
থানা পুলিশ কর্তৃক আটক করা হয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিন জন নেতা-কর্মীকে। গত মঙ্গলবার এবং বুধবার এই আটকাদেশ কার্যকর করা হয়।
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন, ফৈলজানা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা এবং ইউপি সদস্য কুয়াবাসী গ্রামের হাসান আলীর ছেলে জামান মাসুদ (৩৮), ডিবিগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ধানবিলা গ্রামের নজরুল ইসলামের ছেলে মেহেদি হাসান (২৯) এবং গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর গ্রামের মজিবর রহমানের ছেলে স্চ্ছোসেবক লীগের নেতা নাসিম হোসেন (২২)। নাশকতা মামলায় গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, যুবদল চাটমোহর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিএনপি কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক গোলজার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন এবং পৌর যুবদলের আহবায়ক তানভীর জুয়েল লিখন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ