০১:১৪ পি.এম
মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামে পৃথক দুইটি বাড়ির প্রবেশপথ থেকে পুলিশ দুইটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে। আজ বুধবার সকালে স্থানীয়দের খবর পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করেন।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, নওদাপাড়া গ্রামের নাজিমুদ্দিন ও ইমদাদুল হকের বাড়ির প্রবেশপথে রাতের আঁধারে দুর্বৃত্তরা কালো টেপে মোড়ানো দুইটি বোমাসদৃশ বস্তু রেখে যায়। সকালে বাড়ির সদস্যরা যখন বাইরে বের হওয়ার সময় বস্তু দুটি দেখতে পান তখন তারা আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে বস্তু দুটি উদ্ধার করেন। পরে সেগুলো পানিভর্তি বালতিতে করে থানায় নেওয়া হয়।
আরও পড়ুন: লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের প্রতিবাদে চরফ্যাশনে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিস মোরশেদ চৌধুরী জানান, বাড়ির সামনে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানিয়েছেন, এলাকায় আতঙ্ক সৃষ্টির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত শুরু করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন