শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:৩৯ পি.এম
বরিশালের মুলাদীতে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা তরিকুল ইসলাম হিরণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার সময় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চরডিক্রী এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া তরিকুল ইসলাম হিরণ (৪২) মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি চরডিক্রী গ্রামের মৃত সুলতান আহমেদ আকনের পুত্র। তাঁর বিরুদ্ধে গাছুয়া ইউনিয়নের খেজুরতলা বাজারে বিএনপির একটি জনসভার মঞ্চ ভাঙচুরের অভিযোগে মামলা রয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইন ও পূর্ববর্তী মামলার কারণে স্বেচ্ছাসেবক লীগ নেতা তরিকুল ইসলাম হিরণকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে তাঁকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর বাড়ির পাশে দুর্বৃত্তদের দ্বারা পরপর দুইটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত নয়টার দিকে এই ঘটনার ফলে স্থানীয়রা ও ওই আওয়ামী লীগ নেতার পরিবার আতঙ্কিত হয়ে পড়েন। সৈকত গুহ পিকলুর স্ত্রী বিপাশা গুহ শুক্রবার (২০ নভেম্বর) সকালে জানিয়েছেন, "আমার স্বামী রাজনৈতিক কারণে বাড়ি ছাড়া।
দেবর মিথ্যে মামলায় জেলজাহতে। বাড়িতে বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি ও পরিবারের শিশু সদস্যদের নিয়ে তারা থাকেন।" বৃহস্পতিবার দিবাগত রাত নয়টার দিকে বাড়ির প্রায় তিনশ' ফুট দূরত্বে অজ্ঞাতনামা ব্যক্তিরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এতে পরিবারের সদস্যরা, ছোট-বড় সবাই আতঙ্কিত হয়ে পড়ে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসব-২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে, যা প্রস্তুতি কার্যক্রমকে সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে অনুষ্ঠিত হবে। সভাটি আগামীকাল শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
উৎসব উদ্যাপন কমিটির প্রচার উপ পরিষদের চেয়ারম্যান, জেষ্ঠ সাংবাদিক মকবুল হোসেন এবং প্রচার উপ পরিষদের আহ্বায়ক কমল সেনগুপ্ত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সভায় সকল উপকমিটির চেয়ারম্যান, আহ্বায়ক, সদস্য সচিবসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। বিশেষভাবে, প্রতিটি ব্যাচের ব্যাচ কো-অর্ডিনেটর এবং আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদেরও সভায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সভায় আসন্ন ১১ যুগপূর্তি উৎসবের চূড়ান্ত কর্মপরিকল্পনা প্রণয়ন, বিভিন্ন উপকমিটির দায়িত্ব বণ্টন এবং সার্বিক প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে। উৎসব সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের বিষয়েও আলোচনা হবে। "শিকড়ের টানে, আবার এক হই’ শ্লোগানে ব্রজমোহন স্কুলের ১১ যুগপূর্তি উৎসবে এরই মধ্যে এক হাজারেরও বেশি সাবেক শিক্ষার্থী তাদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন বলে জানা গেছে। ঐতিহ্যকে ধারণ করে জমকালো উৎসব আয়োজনের জন্য দফায় দফায় চলছে এখন শেষ মুহুর্তের প্রস্তুতি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালীর কলাপাড়ায়, পায়রাবন্দরসহ উপকূলের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দিনভর বৃষ্টিপাত ঘটেছে ঘূর্ণিঝড়ের প্রভাবে। কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। জনজীবনে এই বৃষ্টির কিছুটা প্রভাব পড়েছে। টানা তিন দিন সূর্যের দেখা মেলেনি এবং আকাশ মেঘলা রয়েছে। কিছুটা শীত অনুভূত হচ্ছে। যদিও আমন খেতের তেমন কোন ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে পানি জমেনি। অন্যদিকে, আগাম চাষ করা তরমুজ চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। একইভাবে সবজিচাষীদেরও কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
লালুয়া ইউনিয়নের চরচান্দুপাড়া গ্রামের তরুণ চাষি মোঃ ফেরদৌস তালুকদার এবারের মৌসুমে আগাম তরমুজের আবাদ করছেন। তিনি ২৪ বিঘা জমিতে তরমুজের আবাদ করতে এক লাখ ২০ হাজার টাকা খরচ করেছেন। ইতোমধ্যে শ্রমিকের মজুরি, চারা তৈরি এবং চাষাবাদে প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে। রোপণের কাজ চলছিল, কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। চারায় বৃষ্টির কারণে জমিতে পানি জমে গেছে এবং হাজার হাজার চারা কাদাপানিতে লেপটে গেছে। রোপণ করা খেতের অর্ধেকটা নষ্ট হয়ে গেছে।
ফেরদৌস বলেন, “গত বছর তরমুজের বাজার ভালো না থাকায় বড় অঙ্কের লোকসান হয়েছে। এবার উৎপাদন খরচ বাড়ছে। সারের দাম বেশি, পাশাপাশি শ্রমিকের মজুরিও বেশি। তিন বেলা খাবার দেওয়ার পরও একজন দিনমজুরকে দৈনিক ৭০০ টাকা মজুরি দিতে হয়।” মৌসুমের শুরুতেই বৃষ্টির ধাক্কায় পড়েছেন তিনি। একইভাবে ওই গ্রামের আরও একাধিক তরমুজ চাষীর একই দশা হয়েছে। তারা হতাশ হয়ে পড়েছেন। তবে তারা পলিথিন দিয়ে বৃষ্টির ঝাপটা ঠেকানোর চেষ্টা করছেন। কৃষক কামাল হাওলাদার, বাচ্চু খলিফা, মোঃ কলিফ, তুহিন তালুকদার এবং সিপন মোল্লা একই সমস্যায় পড়েছেন এবং তারা দুশ্চিন্তায় রয়েছেন। তাদের দাবি, এরপর রোদ উঠলে রোপণ করা চারা মরে যাবে, কারণ খেতে পানি জমে গেছে এবং বৃষ্টিও থামছে না।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরাফাত হোসেন জানান, ধান খেতের কোন ক্ষতি হয়নি। তবে আগাম তরমুজ চাষীদের কিছুটা ক্ষতি হয়েছে। চলতি মৌসুমে কলাপাড়ায় ৫০০ হেক্টর জমিতে তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে আগামী দুই একদিনের মধ্যে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সিপিপির সহকারী পরিচালক আছাদউজ্জামান খান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজনীতির মাঠে আদর্শের লড়াই শুধুমাত্র রাজপথের আন্দোলন কিংবা সভা-সমাবেশের মধ্যেই সীমাবদ্ধ নয়; রাজনৈতিক বক্তব্য মানুষের কাছে পৌঁছানোর পাশাপাশি মতাদর্শের পক্ষে জনমত গঠন এবং প্রতিকূল পরিস্থিতিতে সত্য তুলে ধরার লড়াইটিও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের পূর্বে রাজনৈতিক প্রচার ছিল আরও কঠিন ও চ্যালেঞ্জিং।
এমন একটি বাস্তবতার প্রেক্ষাপটে ২০১২ সালে যাত্রা শুরু করে জাতীয়তাবাদী প্রচার দল। বিএনপির প্রতিষ্ঠিত অনলাইন সেল বা মিডিয়া সেল না থাকার সময়ে রাজনৈতিক কর্মসূচি ও বক্তব্য ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করে।
প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ১৫ বছরের পথচলায় সংগঠনটি নানা রাজনৈতিক পরিস্থিতি, প্রতিকূলতা ও পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে এসেছে। ফেসবুক লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বিএনপির কর্মসূচি প্রচার থেকে শুরু করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক ঘটনাপ্রবাহে সংগঠনটির নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতির কথা তুলে ধরছেন এর নেতারা। সময়ের পরিবর্তনে বিএনপির নিজস্ব আইসিটি সেল ও মিডিয়া সেল গড়ে উঠলেও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মানুষের একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখার প্রত্যয় রয়েছে সংগঠনটির।
জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠাবার্ষিকী কেবল একটি সংগঠনের জন্মদিন উদ্যাপন নয়; বরং দেড় দশকের সাংগঠনিক পথচলা, রাজনৈতিক প্রচারে অবদান, অর্জন ও ভবিষ্যৎ প্রত্যাশা মূল্যায়নের উপলক্ষও বটে।
গণমাধ্যমে সীমাবদ্ধতা ও সাইবার অপপ্রচারের প্রেক্ষাপটে জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠার পেছনে ছিল তৎকালীন রাজনৈতিক ও গণমাধ্যম পরিস্থিতি। ২০১২ সালে বিএনপির কোনো প্রতিষ্ঠিত অনলাইন সেল বা মিডিয়া সেল না থাকায় দলীয় কর্মসূচি ও রাজনৈতিক বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা ছিল। সে সময় বিএনপির একটি অনানুষ্ঠানিক উইং হিসেবে বাংলাদেশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিল (বিএনআরসি) কাজ করত।
সংগঠনটির সভাপতি মাহফুজ কবির মুক্তার ভাষ্য অনুযায়ী, বিএনপির বিরুদ্ধে সাইবার অপপ্রচার এবং গণমাধ্যমে দলটির তথ্য, কর্মসূচি ও সাংগঠনিক কর্মকাণ্ড প্রচারের ক্ষেত্রে একধরনের সেন্সরশিপের বাস্তবতা উপলব্ধি থেকেই নতুন একটি প্রচার প্ল্যাটফর্ম গড়ে তোলার চিন্তা আসে। তৎকালীন যুবদল নেতা অ্যাডভোকেট শেখ মোয়াজ্জেম হোসেন আলালের পরামর্শ ও অনুপ্রেরণায় শুরু হয় জাতীয়তাবাদী প্রচার দলের যাত্রা।
প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিএনপির বিভিন্ন কর্মসূচি ফেসবুক লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে প্রচার করতে থাকে। সে সময় এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলে এবং দলের নেতাকর্মীদের মধ্যে সংগঠনটির গ্রহণযোগ্যতা তৈরি হয়। ধীরে ধীরে বিস্তৃত হতে থাকে এর সাংগঠনিক পরিধি। পরবর্তী সময়ে বিএনপির আইসিটি সেল, মিডিয়া সেলসহ বিভিন্ন ফোরাম গঠিত হলে প্রচার দলের নেতাকর্মীরাও এসব উদ্যোগের সঙ্গে যুক্ত থেকে কাজ করেন।
রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে প্রচার কার্যক্রমকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে সংগঠনটি। সভাপতির দাবি, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রচার দলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল।
শুধু বিএনপির মধ্যেই নয়, বিরোধী মতের অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছেও সংগঠনটি পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে বলে মনে করেন মাহফুজ কবির মুক্তা। তাঁর ভাষ্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও প্রচার দলের কর্মকাণ্ডকে সমর্থন ও প্রশংসা করেছেন।
তবে সংগঠনটির সাংগঠনিক পরিচয় সম্পর্কে তিনি একটি বিষয় স্পষ্ট করেছেন। তাঁর মতে, জাতীয়তাবাদী প্রচার দল বিএনপির কোনো আনুষ্ঠানিক অঙ্গ বা সহযোগী সংগঠন নয়। বরং জাতীয়তাবাদী আদর্শকে ধারণ ও লালন করতে আগ্রহী মানুষের সম্মিলিত একটি প্ল্যাটফর্ম।
মাহফুজ কবির মুক্তার মতে, প্রতিষ্ঠার সময় যে লক্ষ্য নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করেছিল, ১৫ বছরে এসে সেই লক্ষ্য বাস্তবায়নে তারা অনেকটাই সফল। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মানুষদের একত্রিত করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তার মধ্য দিয়ে শত শত নেতাকর্মী নিজেদের আদর্শ চর্চার সুযোগ পেয়েছেন। তাঁদের অনেকেই রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। প্রচারের রাজনীতিতে এটিকেই সংগঠনটির অন্যতম বড় অর্জন বলে মনে করেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনেও বরাবরই অনাড়ম্বর আয়োজনকে গুরুত্ব দিয়ে আসছে জাতীয়তাবাদী প্রচার দল। লোকদেখানো কর্মসূচির পরিবর্তে নীরবে সাংগঠনিক কাজ করতেই তারা বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে বলে জানান সভাপতি মাহফুজ কবির মুক্তা।
তিনি বলেন, ২০১২ সাল থেকে প্রতিবছরই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে আসছেন তাঁরা। এমনকি ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করেও রাজপথে প্রকাশ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করেছেন সংগঠনের নেতাকর্মীরা।
এবারের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেও রয়েছে কয়েকটি কর্মসূচি। সভাপতি জানান, আগামী ২৫ বা ২৬ নভেম্বরের দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানানো হবে। পাশাপাশি নভেম্বর মাসের শেষ দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হবে। এতে বিএনপিসহ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সমমনা রাজনৈতিক সংগঠনগুলোর শীর্ষ নেতারা অংশ নেবেন।
দেড় দশকের পথচলার পর আগামী দিনের পরিকল্পনা কী—এমন প্রশ্নে সংগঠনটির সভাপতি জানান, প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও উদ্দেশ্যই ভবিষ্যৎ কার্যক্রমের মূল ভিত্তি। আলাদা কোনো লক্ষ্য নির্ধারণের চেয়ে জাতীয়তাবাদী আদর্শের প্রচার, সত্য তুলে ধরা এবং দেশের মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই এগিয়ে যেতে চায় সংগঠনটি।
মাহফুজ কবির মুক্তা বলেন, বিএনপি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। দলটি যে জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে, সেই আদর্শকে লালন ও প্রচার করাই তাঁদের কাজ। এই আদর্শকে আরও শক্তিশালী করা, বিস্তৃত করা এবং সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের মূল উদ্দেশ্য।
তাঁর মতে, রাজনৈতিক আদর্শের প্রচার কেবল দলীয় বক্তব্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরি এবং সত্যের পক্ষে কথা বলার পরিবেশ গড়ে তোলাও জরুরি।
জনগণের জন্য সংগঠনটির ভূমিকা ও সেবার বিষয়টি তুলে ধরে মাহফুজ কবির মুক্তা বলেন, একটি সংগঠন একটি নির্দিষ্ট আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখেই প্রতিষ্ঠিত হয়। প্রচার দলও একটি আদর্শকে ধারণ করে কাজ করছে। মানুষের কাছে সত্য তুলে ধরা, অন্যায়ের বিরুদ্ধে মানুষকে প্রতিবাদী করে তোলা এবং লেখনীর মাধ্যমে মানুষকে নিজের মতপ্রকাশে সহায়তা করাই তাঁদের কাজ।
তিনি মনে করেন, মানুষের প্রকৃত ক্ষমতায়নের অন্যতম শর্ত হলো স্বাধীনভাবে নিজের কথা বলার অধিকার। একটি রাষ্ট্রের ক্ষমতায়নের অন্যতম ভিত্তি হচ্ছে, সেই রাষ্ট্রের জনগণ কতটা স্বাধীনভাবে এবং মন খুলে নিজেদের কথা বলতে পারছে।
মানুষ যেন নিজের মতপ্রকাশের স্বাধীনতা পায়, অন্যায়ের প্রতিবাদ করতে পারে এবং সত্যের পক্ষে দাঁড়াতে পারে—সেই পরিবেশ তৈরিতে ভূমিকা রাখাই প্রচার দলের অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি।
মাহফুজ কবির মুক্তার ভাষ্য, ১৫ বছরের পথচলায় জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মানুষের কাছে সংগঠনটির যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, সেটিই প্রমাণ করে তাঁরা মানুষের পাশে কতটা থাকতে পেরেছেন। এটিকেই তিনি প্রচার দলের সবচেয়ে বড় অর্জন হিসেবে বিবেচনা করেন।
আগামীর প্রত্যাশা
রাজনীতির পরিবর্তিত বাস্তবতায় প্রচারের ধরন যেমন বদলেছে, তেমনি বেড়েছে দায়িত্ব ও চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের কারণে রাজনৈতিক বক্তব্য দ্রুত মানুষের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হলেও ভুল তথ্য, গুজব ও অপপ্রচারের ঝুঁকিও বেড়েছে। ফলে আগামী দিনে একটি প্রচারভিত্তিক সংগঠনের জন্য তথ্যের সত্যতা যাচাই, দায়িত্বশীল যোগাযোগ এবং নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
জাতীয়তাবাদী প্রচার দলের ১৫ বছরের পথচলা সেই পরিবর্তনেরই একটি অধ্যায়। ২০১২ সালে সীমিত সুযোগ-সুবিধার মধ্যে যে উদ্যোগের সূচনা হয়েছিল, সময়ের পরিক্রমায় তা একটি পরিচিত সাংগঠনিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে বলে দাবি করছেন সংগঠনটির নেতারা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই মুহূর্তে সংগঠনটির সামনে তাই নতুন প্রত্যাশা—অতীতের অভিজ্ঞতাকে ধারণ করে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জাতীয়তাবাদী আদর্শের বিস্তার, জনসম্পৃক্ততা এবং রাজনৈতিক প্রচারে আরও কার্যকর ভূমিকা রাখা। প্রতিষ্ঠাকালীন লক্ষ্য কতটা ধারাবাহিকভাবে বাস্তবায়িত হয় এবং আগামী দিনে সংগঠনটি কীভাবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করে, সেটিই হবে তাদের ভবিষ্যৎ পথচলার গুরুত্বপূর্ণ মূল্যায়ন।
[[KEEP_2] ]
লেখক: খতিব আসলাম
তালাশ বিডি/মিডিয়া লিঃ