ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

নতুন সরিষার জাত ‘সিকৃবি সরিষা-১’ নিয়ে নয়া স্বপ্ন


নতুন সরিষার জাত ‘সিকৃবি সরিষা-১’ নিয়ে নয়া স্বপ্ন

অম্লীয় মাটি, হাওর ও লবণাক্ত উপকূলীয় জমিতে চাষের জন্য উপযুক্ত নতুন সরিষার জাত ‘সিকৃবি সরিষা-১’ উদ্ভাবন করা হয়েছে। গবেষকদের দাবি, এই জাতের হেক্টরপ্রতি গড় ফলন ৭ দশমিক ৫ টন। কৃষকদের কাছে এই জাতটি পৌঁছালে দেশের তেলবীজ উৎপাদন বৃদ্ধি এবং আমদানিনির্ভরতা হ্রাসের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) গবেষকদের উদ্ভাবিত ‘সিকৃবি সরিষা-১’ জাতটি জাতীয় বীজ বোর্ডের অনুমোদন ও নিবন্ধন লাভ করেছে ৮ অক্টোবর। এই নিবন্ধিত জাতটি ব্রাসিকা ন্যাপাস প্রজাতির অন্তর্ভুক্ত। অধ্যাপক ড. দিলারা আক্তারের নেতৃত্বে চার মৌসুমের গবেষণার ফলস্বরূপ এই জাতটি উদ্ভাবিত হয়েছে।

গবেষকদের তথ্য অনুযায়ী, জাতটির হেক্টরপ্রতি গড় ফলন ৭ দশমিক ৫ টন এবং আয়-ব্যয়ের অনুপাত (বিসিআর) ৫ দশমিক ১। তেলের পরিমাণ ৪২ থেকে ৪৪ শতাংশ এবং ক্ষতিকর ইরুসিক অ্যাসিডের মাত্রাও কম। অম্লীয় মাটি, হাওরাঞ্চল এবং ৭-৮ ডেসিসিমেন্স/মিটার পর্যন্ত লবণাক্ততা সহ্য করার ক্ষমতা রয়েছে এই জাতের। অল্টারনারিয়া রোগের বিরুদ্ধে মাঝারি প্রতিরোধ ক্ষমতা এবং জাবপোকার তুলনামূলক কম আক্রমণও এর বিশেষ বৈশিষ্ট্য।

আরও পড়ুন: সারিয়াকান্দিতে আমন ধানের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি

২০২২-২৩ মৌসুমে চীন থেকে সংগৃহীত জার্মপ্লাজম থেকে L-8 লাইনটি নির্বাচন করে গবেষণা কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে দেশের পাঁচটি কৃষি-পরিবেশ অঞ্চলে পরীক্ষামূলকভাবে জাতটি চাষ করা হয়। ২০২৫-২৬ মৌসুমে সিলেট, জগন্নাথপুর, হালুয়াঘাট, উল্লাপাড়া ও কয়রায় অগ্রবর্তী ট্রায়ালে জাতটির ফলন ও অভিযোজন ক্ষমতা যাচাই করা হয়। পরীক্ষায় প্রচলিত বিনাসরিষা-৪ ও বিনাসরিষা-৯-এর তুলনায় অধিক ফলন পাওয়া গেছে বলে জানাচ্ছেন গবেষকরা।

অধ্যাপক ড. দিলারা আক্তার মন্তব্য করেন, সিলেট, হাওর ও উপকূলীয় অঞ্চলের অনাবাদি ও প্রতিকূল জমিতে এই জাতের চাষ সম্প্রসারণ করা গেলে দেশে তেলবীজের উৎপাদন বৃদ্ধি পাবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই উদ্ভাবনকে সিকৃবির গবেষণার একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, পতিত ও প্রতিকূল জমিকে উৎপাদনের আওতায় আনতে এই জাতটি ভূমিকা রাখতে সক্ষম হবে।

রবি মৌসুমে মধ্য অক্টোবর থেকে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত জাতটি চাষ করা সম্ভব। ফসল সংগ্রহের জন্য সময় লাগে ১১৫-১২৫ দিন। গাছের উচ্চতা ২০০-২৩০ সেন্টিমিটার এবং ফুলের রঙ উজ্জ্বল হলুদ। গবেষকদের সুপারিশ অনুযায়ী, প্রতি হেক্টরে ১ দশমিক ৮ কেজি বীজ বপন করতে হবে। সারিতে বপনের ক্ষেত্রে গাছ থেকে গাছ এবং সারি থেকে সারির দূরত্ব ২৫ সেন্টিমিটার রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: যশোরে খেজুর গুড়ের সম্ভাব্য বিক্রি ১০০ কোটি টাকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নজরুলের নিষিদ্ধ বই: বিদ্রোহীর কলমে ব্রিটিশের আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ এম


নজরুলের নিষিদ্ধ বই: বিদ্রোহীর কলমে ব্রিটিশের আতঙ্ক

॥ সালাহ উদ্দিন শুভ্র ॥

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬: ১৯২২ সাল ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরাজের অন্যতম সংক্ষুব্ধ বছর হিসেবে চিহ্নিত হয়। উপমহাদেশজুড়ে ক্ষুব্ধ ভারতবাসী ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে। অসহযোগ আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করেছে। ব্রিটিশ পুলিশ ও আদালত ধরপাকড়, হত্যা, ফাঁসি, জেল-জুলুম চালাচ্ছে। যুবকেরা দেশমাতৃকার তরে তাদের জীবন-যৌবন বিলিয়ে দিচ্ছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশ শাসকদের এই অত্যাচারের বিরুদ্ধে তাঁর কলমে দ্রোহের আগুন শানিয়ে তুলেছেন। তিনি শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে মুক্তির গান বাজিয়েছেন। ব্রিটিশরাজ কবির লেখা শব্দের শক্তি থেকে ভীত হয়ে একের পর এক গ্রন্থের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ১৯২২ থেকে ১৯৩১ সালের মধ্যে কাজী নজরুল ইসলামের পাঁচটি গ্রন্থ ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে।

‘ধূমকেতু’ পত্রিকার ১৯২২ সালের ৬ সেপ্টেম্বর সংখ্যায় কবির ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা প্রকাশিত হয়। কবিতার শুরুতেই ভারতবাসীকে ব্রিটিশ শাসনের অমানবিক আচরণের বিরুদ্ধে জাগিয়ে তোলার আহ্বান ছিল।

নজরুলের দ্রোহপূর্ণ ডাকে ব্রিটিশরাজ বিদ্রোহী কবির ওপর ভয়ানক ক্ষিপ্ত হয়ে ওঠে। তাঁর নামে জারি হয় হুলিয়া বা গ্রেপ্তারি পরোয়ানা। পরোয়ানা জারির আগেই জানা যায় যে, তাঁকে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে। খবর পৌঁছায় কবির কাছে। বিদেশে যাওয়ার অথবা পালিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু কবি বিদেশে যেতে রাজি হননি। তিনি দেশেও আত্মগোপনে থাকতে চাননি। কলকাতা থেকে বের হয়ে তিনি তখন সমস্তিপুরে ছিলেন। মাঝখানে নিজের বই বাবদ কিছু টাকা-পয়সার জন্য এক জায়গায় গিয়েছিলেন। সেখান থেকে কুমিল্লায় চলে যান। কুমিল্লা থেকে ব্রিটিশ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

কবিতা লিখে নজরুল অসহযোগ আন্দোলনের আসামি হিসেবে গ্রেপ্তার হন। তাঁকে রাজদ্রোহী সাব্যস্ত করা হয় এবং হুগলি জেলে পাঠানো হয়। সেখানে প্রায় এক বছর থাকতে হয় কবিকে। জেল কর্তৃপক্ষের অসদাচরণের প্রতিবাদে কবি চল্লিশদিন অনশন করেন। নজরুলের অনশনের খবর ভারতজুড়ে ছড়িয়ে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুরসহ অনেকের অনুরোধ আসে অনশন তুলে নেওয়ার জন্য। সভা-সমাবেশের আয়োজনও করা হয়। নজরুলের মা জাহেদা খাতুন, মাতৃসম বিরজাসুন্দরী দেবীসহ বিশিষ্ট কবি, সাহিত্যিক ও রাজনৈতিক নেতাদের কাছ থেকেও অনশন ভাঙার ডাক আসে। একপর্যায়ে জনমতের চাপে ১৯২৩ সালের ২২ মে জেল-পরিদর্শক ড. আবদুল্লাহ সোহরাওর্য়ার্দী হুগলি জেল পরিদর্শন করেন এবং তাঁর আশ্বাস ও অনুরোধে ওই দিনই নজরুল চল্লিশ দিনের অনশন ভঙ্গ করেন।

কবি নজরুল আদালতে যে সাক্ষ্য দেন, তা সাহিত্যের একটি ঐতিহাসিক দলিল হয়ে ওঠে। সেটি ১৯২৩ সালের ২৭ জানুয়ারি ‘রাজবন্দীর জবানবন্দী’ হিসেবে ‘ধূমকেতু’তে প্রকাশিত হয়। কবি সেদিন বলেছিলেন, "আমার উপর অভিযোগ, আমি রাজবিদ্রোহী! তাই আমি রাজ কারাগারে বন্দী ও রাজদ্বারে অভিযুক্ত। ...একজন রাজা, হাতে রাজদণ্ড ; আর একজন- সত্য হাতে ন্যায়দণ্ড... আমি কবি, আমি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত।"

এই বছর কবির প্রকাশিত প্রথম গদ্য সংকলন ‘যুগবাণী’ নিষিদ্ধ হয়। ‘যুগবাণী’ ‘নবযুগ’ পত্রিকায় প্রকাশিত কবি নজরুলের বিভিন্ন গদ্যের সংকলন। এসব গদ্যে নজরুল হিন্দু-মুসলমান সম্প্রীতির বাণী এবং ভারতবাসীকে জেগে ওঠার ডাক দিয়েছিলেন। এই বইয়ে বিদ্রোহী কবি এমন সব প্রবন্ধ লিখেছিলেন যা ব্রিটিশ সাম্রাজ্যকে ভেতর থেকে নাড়া দিয়েছিল। অনেকে বলেন, ব্রিটিশ প্রশাসন সবচেয়ে বেশি ভয় পেতো যুগবাণীকে।

এরপর ১৯২৪ সালে নিষিদ্ধ হয় তাঁর ‘বিষের বাঁশী’ এবং একই বছরে ‘ভাঙার গান’। বিষের বাঁশী হলো অগ্নিবীণার ধারাবাহিকতা। তবে নিষিদ্ধ করে নজরুলকে বরং আরো জনপ্রিয় করে তোলে ব্রিটিশ কর্তৃপক্ষ। যুবকদের মধ্যে তাঁর প্রতি আকর্ষণ অনেক বেড়ে যায়।

কবি নজরুলের ঘনিষ্ঠ বন্ধু ও ভারতীয় উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ কমরেড মুজফ্ফর আহমদ নজরুলকে নিয়ে তাঁর স্মৃতিকথায় বলেছেন, ‘নজরুলের নিষিদ্ধ পুস্তক দু’খানা (‘বিষের বাঁশী’ ও ‘ভাঙার গান’) সংগ্রহের জন্যে অনেকের, বিশেষ করে যুবকদের আগ্রহের অন্ত নেই। আমি কত যুবককে এই পুস্তক দু’খানার জন্যে আবদুল হালীমের নিকটে আসতে দেখেছি।’

বিষের বাঁশী বিক্রির ঘটনা জানিয়ে নজরুল ইসলামের অন্যতম ঘনিষ্ঠ স্নেহভাজন ও জীবনীকার এবং কবি ও শিশুসাহিত্যিক খান মুহাম্মদ মঈনুদ্দীন বলছেন, ‘বিষের বাঁশী বাজেয়াফত হলে হবে কি? এতে তার বিক্রি ব্যাহত হয়নি। ১৯২৫ সালে ফরিদপুরে কংগ্রেসের প্রাদেশিক সম্মেলন আহূত হয়। এতে মহাত্মা গান্ধী যোগ দিয়েছিলেন। এখানেই গান্ধীজীর সাথে নজরুলের প্রথম পরিচয় ঘটে। এই সম্মেলনে নজরুল তার ‘‘চরকার গান’’ গেয়ে গান্ধীজীর বিশেষ স্নেহলাভ করেন। লোকচক্ষুর আড়ালে এই সম্মেলনে বিষের বাঁশীর শত শত কপি বিক্রি হয়েছিল। এর গোপনতা রক্ষার জন্য “বিষের বাঁশীর’’ নাম দেয়া হয়েছিল-‘‘বড়বই"। এ-ভাবে যে-টাকা পাওয়া গিয়েছিল, তাতে নজরুলের বিশেষ কায়দা হয়নি। বার ভূতেই এ টাকা লুটে খেয়েছিল।

‘বিষের বাঁশী’ ব্রিটিশ শাসকদের কতটা পীড়নের কারণ হয়ে উঠেছিল তার সাক্ষ্য দিচ্ছেন শ্রী সজনীকান্ত দাস। ‘শনিবারের চিঠি’র এ সম্পাদক লিখেছিলেন, ‘স্বদেশী আন্দোলনের যুগে রবীন্দ্রনাথ প্রমুখ কবিগণ যেভাবে বহুবিধ সঙ্গীত ও কবিতার সাহায্যে বাঙ্গালীর দেশপ্রেম উদ্বুদ্ধ করিয়াছিলেন, অসহযোগ আন্দোলনের বৃহত্তম বিপ্লবে যে-কারণেই হউক তাহারা ঠিক সেভাবে সাড়া দেন নাই। একমাত্র কবি নজরুলই ছন্দে, গানে এই আন্দোলনকে জয়যুক্ত করিয়াছিলেন। বাংলাদেশের মত অনড় ও জড় দেশকে জাগাইবার জন্য যে আবেগময় উচ্ছুসিত প্রাণ- বন্যার প্রয়োজন ছিল, কবি নজরুলের মধ্যে তাহার প্রকাশ ঘটিয়াছিল।

বই নিষিদ্ধ হওয়ার ফলে বিদ্রোহী কবিকে আর্থিক ও পারিবারিক সংকটও মোকাবিলা করতে হয়। কিন্তু কবি ব্রিটিশ খড়গ, অর্থাভাব, রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতি কিছুতেই দমে যাননি। খান মুহাম্মদ মঈনুদ্দীন বলছেন, ‘বিষের বাঁশী’ বাজেয়াফত হওয়ায় তার দুর্গতি চরম সীমায় গিয়ে পৌঁছলো। কিন্ত তাতেই কি দমবার পাত্র তিনি? স্বয়ং তিনি সভা-সমিতিতে যোগদান করে, তার স্বভাবগত জোরালো কণ্ঠে গান গেয়ে, বাঙালীর জাতীয় জীবনের জড়তা ভেঙে চুরমার করে দিতে লাগলেন। অর্থাভাবে তার কষ্ট হচ্ছে-চালের হাঁড়িতে তাঁর নেংটি ইঁদুরে বক্সিং খেলছে। জুতো নেই, জামা নেই। তিনি চারণের বেশে গান গেয়ে দেশে দেশে বেড়াতে লাগলেন।

ব্রিটিশদের হয়রানি নিয়ে নজরুল তার মনোবেদনা জানিয়ে এক চিঠির জবাবে প্রিন্সিপ্যাল ইব্রাহিম খাঁ-কে লিখেছিলেন, ‘অর্থ আমার নাই, কিন্তু সামর্থ্য যেটুকু আছে, তা ব্যয় করতে কুণ্ঠিত কোনদিন হয়েছি, এ-বদনাম আর যেই দিক, আপনি দেবেন না বোধহয়। আমার এই দেশ-সেবার সমাজ-সেবার “অপরাধের” জন্য শ্রীমৎ সরকার বাবাজীর আমার উপর দৃষ্টি অতি মাত্রায় তীক্ষ্ণ হয়ে উঠেছে। আমার সবচেয়ে চলতি বইগুলোই গেল বাজেয়াফত হয়ে। এই সে-দিনো পুলিশ আবার আমায় জানিয়ে দিয়েছে, আমার নব-প্রকাশিত ‘রুদ্র-মঙগল’ আর বিক্রি করলে আমাকে রাজদ্রোহ অপরাধে ধৃত করা হবে।’

রুদ্র-মঙ্গল অবশ্য নিষিদ্ধ হয়নি। এ ছাড়া ‘অগ্নিবীণা’, ‘ফণিমনসা’, ‘সঞ্চিতা’, ‘সর্বহারা’ নিয়ে সতর্কতা জারি করেছিল ব্রিটিশ সরকার।

আর যে দুটি বই নিষিদ্ধের কোপানলে পড়ে, সেগুলো হলো ‘প্রলয়-শিখা’ এবং সবশেষে ‘চন্দ্রবিন্দু’। ‘প্রলয়-শিখা’ নিষিদ্ধ হয় ১৯৩০ সালে এবং ‘চন্দ্রবিন্দু’ ১৯৩১ সালে। কবির তখন বড়ই দুঃসময়। প্রাণাধিক প্রিয় সন্তান বুলবুল পৃথিবীর মায়া ত্যাগ করেছে বেশিদিন হয়নি। এ সময়ই নিষ্ঠুরতার বর্বর রূপ প্রকাশ করে ব্রিটিশ সরকার।

বই নিষিদ্ধ হওয়ার ফলে কবি নজরুল ব্রিটিশ বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। তরুণরা স্বাধীনতার দাবিতে নজরুলকে কেন্দ্র করে উজ্জীবিত হতে থাকে। আবার বই নিষিদ্ধ হওয়ার ফলে কবির আর্থিক সংকটও বেড়ে গেলো বহুগুণ।

বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক ও নজরুল গবেষক কবি মজিদ মাহমুদ বাসসকে বলেন, ‘মোহনদাস করমচাঁদ গান্ধীর অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার হতাশা থেকে তরুণরা বিদ্রোহী কবি নজরুলকে দেখে উজ্জীবীত হয়। নজরুল প্রথমে একবার ‘আনন্দময়ীর আগমনে’ লিখে জেলে যান। পরে আবার ‘প্রলয়-শিখা’র জন্য তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। যদিও গান্ধী-আরউইন চুক্তির আওতায় কবিকে আর কারাগারে যেতে হয়নি। এভাবে নিষিদ্ধ হওয়ার ফলে কবি নজরুল গান্ধী, মোহাম্মদ আলি জিন্নাহর মতো গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন।

কবি মজিদ মাহমুদ এও যোগ করেন, বই নিষিদ্ধ হওয়ার ফলে কবি নজরুলকে আর্থিক সংকট মোকাবিলা করতে হয়েছে। তিনি তাঁর সুবিধামতো বই প্রকাশ করতে পারতেন না। নিষিদ্ধ ও রাষ্ট্রীয় ঝামেলার ভয়ে প্রকাশকরা বই ছাপতে চাইত না। আবার ছাপা হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল নিষিদ্ধ করেছে ব্রিটিশ সরকার। তারপরও নজরুল ব্রিটিশদের বিরুদ্ধে তাঁর বিদ্রোহ চালিয়ে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামীকাল পালিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস, সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ এম


আগামীকাল পালিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস, সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হবে। বাংলাদেশসহ সারাবিশ্বে জনসচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে দিবসটি উদযাপন করা হবে।

এবারের দিবসটির প্রতিপাদ্য হলো- ‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ’। প্রতিবছর বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশে এই দিবসটি উদযাপন করা হয়ে থাকে।

১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বর তারিখটিকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে। ২০০৭ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হচ্ছে।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব করে। ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা বিবেচনায় বাংলাদেশ বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে একটি। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ১ কোটি ৩৯ লাখ ছিল।

এভাবে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। ২০৫০ সালের মধ্যে দেশে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ও বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফারিয়া আফসানা জানান, ডায়াবেটিস প্রতিরোধের জন্য প্রি-ডায়াবেটিসে আক্রান্ত এবং উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। শরীরের ওজন ৫ থেকে ৭ শতাংশ কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম করা এবং ভাত, ময়দা ও মিষ্টি পানীয় গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, ৩৫ বছর বা তার বেশি বয়সী সকলের ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। এর চেয়ে কম বয়সীদের মধ্যে যাদের অতিরিক্ত ওজন, পারিবারিক ইতিহাস, উচ্চ রক্তচাপ, পিসিওএস কিংবা গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাদেরও আগেভাগে পরীক্ষা করানো উচিত।

আগামীকাল ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিই ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’-এর প্রধান লক্ষ্য।

এছাড়াও সমিতির অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান ও বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলোও এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ‘কান্তি’ ও ‘ডায়াবেটিস নিউজলেটার’-এর বিশেষ সংখ্যা, সচেতনতামূলক পোস্টার, লিফলেট ও স্টিকার প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে যাত্রীবাহী ভ্যান নদীতে পড়ে ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ এম


পাকিস্তানে যাত্রীবাহী ভ্যান নদীতে পড়ে ১১ জন নিহত

পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের ঘিজার জেলায় একটি যাত্রীবাহী ভ্যান নদীতে পড়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভ্যানটি গিলগিট থেকে ইয়াসিন উপত্যকার হুন্দুর গ্রামে যাওয়ার সময় নোহ সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর প্রথমে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়, পরে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে পৌঁছায়।

আহত তিনজনকে ঘিজার জেলার রাজধানী গাহকুচের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান এখনও চলছে। তবে অন্ধকারের কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। এ কাজে সহায়তার জন্য গিলগিট থেকে বিশেষ জল উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

এর আগে, গত ৭ নভেম্বর হুনজা থেকে রাওয়ালপিন্ডিগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেলারের সংঘর্ষে আটজন নিহত এবং ৩০ জন আহত হন।

এছাড়া, ২০২৪ সালের মে মাসে দিয়ামের জেলায় বাস খাদে পড়ে ২০ জন নিহত এবং ২১ জন আহত হন। পাহাড়ি সড়কে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত যাত্রী বহন, ফিটনেসবিহীন যান চলাচল ও অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পাকিস্তানের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড মোটরওয়ে পুলিশ।

সূত্র: জিও নিউজ

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে চাপ দিচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪০ এম


হুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে চাপ দিচ্ছে সৌদি আরব

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর চাপ সৃষ্টি করছে সৌদি আরব। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইউরোপীয় ইউনিয়নের অন্তত ছয়জন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে।

তবে হুথিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার ফলে ভবিষ্যতে ইয়েমেনের শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে—এমন উদ্বেগ এখনও কাটাতে পারেনি সৌদি আরব। এক দশকেরও বেশি সময় ধরে চলা ইয়েমেনের যুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই সৌদি ভূখণ্ডে হামলা চালাচ্ছে হুথিরা।

ইরান-সমর্থিত এই গোষ্ঠীর ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে রিয়াদ এই কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। তবে ইইউর নিষেধাজ্ঞার তালিকায় হুথিরা ইতোমধ্যে রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা জারির পাশাপাশি গোষ্ঠীটির ১২ জন কমান্ডারের সম্পদ জব্দ করার পদক্ষেপও গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

এদিকে হুথিদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড বাহিনীকে (আইআরজিসি) ইতোমধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইইউ। তবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডার মতো পশ্চিমা দেশগুলো হুথিদের সরাসরি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করলেও ইউরোপীয় ইউনিয়ন এখনও সে পথে হাঁটেনি।

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে রাজধানী সানা থেকে উৎখাত করে। এরপর থেকে দেশটির সরকারের পক্ষে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনাকারী জোটের নেতৃত্ব দিয়ে আসছে সৌদি আরব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%