০৭:৩৬ পি.এম
বাংলা চলচ্চিত্রে দীর্ঘ কয়েক দশকের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বরেণ্য অভিনেতা আহমেদ শরীফকে আজীবন সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভাল। তার অভিনয় জীবনে শক্তিশালী চরিত্র নির্মাণের পাশাপাশি চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হবে।
আয়োজকরা জানিয়েছেন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আহমেদ শরীফ একজন অনন্য ব্যক্তিত্ব। তিনি ভিলেন, চরিত্রাভিনেতা এবং বহুমাত্রিক নানা চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। তার অভিনীত অসংখ্য স্মরণীয় চরিত্রগুলি বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে এবং নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে।
নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এই উৎসবের অন্যতম উদ্দেশ্য হলো বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকের কাছে তুলে ধরা এবং দেশের কিংবদন্তি শিল্পীদের সম্মানিত করা।
আরও পড়ুন: এনসিপির নতুন কমিটি জামায়াতের যুব শাখা হিসেবে আবির্ভূত: রাশেদ
সেই ধারাবাহিকতায়, এই উৎসবের প্রথম আসরে আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে আহমেদ শরীফকে।
আগামী ২ আগস্ট নিউইয়র্কের জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে উৎসবের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ও প্রবাসের চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং চলচ্চিত্রপ্রেমীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রিয়জন ফিল্মস এবং লেমন স্টুডিওর যৌথ আয়োজনে আয়োজিত হচ্ছে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভাল। এই উৎসবের সার্বিক সহযোগিতায় রয়েছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)। ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী চলবে চলচ্চিত্র প্রদর্শনী। উক্ত প্রদর্শনীতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র এবং পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে।
উৎসবের প্রথম দিন ৩০ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, প্রামাণ্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এবং সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’। দ্বিতীয় দিন ৩১ জুলাই থাকবে ‘ইশপাইট’, ‘দ্য ইটারনাল জার্নি’ এবং মিশুক মনির পরিচালিত ‘দেয়ালেরদেশ’।
আরও পড়ুন: পানিসম্পদমন্ত্রী: আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করা উচিত নয়
তৃতীয় দিন ১ আগস্ট প্রদর্শিত হবে জায়েদ খানের ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিশ্বাস করেন ভাই’ ও ‘শিকড়’।
২ আগস্ট হবে উৎসবের মূল আয়োজন। এতে অংশ নিতে ইতোমধ্যে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্যসংখ্যক চলচ্চিত্র তারকা নিউইয়র্কে পৌঁছেছেন।
প্রথম আসর হওয়ায়, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্রের সেরা নির্মাতা ও কলাকুশলীদের মোট ২০টি বিভাগে পুরস্কৃত করা হবে। সেইসাথে বাংলা চলচ্চিত্রের বিশ্বায়নে বিশেষ অবদানের জন্য বায়োস্কোপ ফিল্মস এবং দেশে সিনেমা হলের আধুনিকায়ন, আধুনিক প্রদর্শনব্যবস্থা চালু ও দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্টার সিনেপ্লেক্সকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
আরও পড়ুন: গ্রিস ১৫ বছরের কম বয়সীদের জন্য এবার সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন