ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গাজায় ফিলিস্তিনিদের ওপর গোপন নজরদারি, অ্যামাজনে ৩৫ লাখ ছবি আপলোড ইসরাইলের


গাজায় ফিলিস্তিনিদের ওপর গোপন নজরদারি, অ্যামাজনে ৩৫ লাখ ছবি আপলোড ইসরাইলের

গাজায় ফিলিস্তিনিদের ওপর গোপন নজরদারির উদ্দেশ্যে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজানের ক্লাউড প্ল্যাটফর্মে ৩৫ লাখ ছবি আপলোড করেছে ইসরাইল। নেতানিয়াহু প্রশাসন এই ছবিগুলো বিশ্লেষণের জন্য অ্যামাজানের ‘ফেসিয়াল রিকগনিশন’ প্রযুক্তি ব্যবহার করছে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফাঁস হওয়া নথিপত্র ও সামরিক সূত্রের ভিত্তিতে, ‘রোলিং স্টোন’ নামে পরিচিত একটি বিভাগ ওই ছবিগুলো আপলোড করেছে। এই বিভাগের নামকরণ করা হয়েছে ইসরাইলি সামরিক বাহিনীর একটি সিস্টেমের নাম অনুসারে। সিস্টেমটি পশ্চিম তীর ও গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের সম্পর্কিত তথ্যের কেন্দ্রীয় ভাণ্ডার হিসেবে কাজ করে।

২০২৪ সালের শুরুতে রোলিং স্টোন অ্যামাজানকে ছবিগুলো আপলোড করার সিদ্ধান্তের কথা জানায়। এর উদ্দেশ্য ছিল অ্যামাজনের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চিত্র বিশ্লেষণ প্ল্যাটফর্ম ‘রিকগনিশন’ এর মাধ্যমে চেহারা শনাক্তকরণ প্রকল্প পরিচালনা করা।

আরও পড়ুন: বাংলাদেশ ও স্লোভেনিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় স্থল অভিযান শুরু করে ইসরাইল। এরপর থেকে ইসরাইলি সামরিক বাহিনী নিয়মিত চেকপয়েন্টের মাধ্যমে যাতায়াতকারী ফিলিস্তিনিদের ছবি এবং সংবেদনশীল তথ্য সংগ্রহ করে আসছে। এসব তথ্য সংগ্রহের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো সম্মতি নেয়া হয়নি।

অ্যামাজনের ‘রিকগনিশন’ প্ল্যাটফর্মে আপলোড করা ছবিগুলো ঠিক এই ধরনের চেকপয়েন্ট থেকে সংগ্রহ করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


টাঙ্গাইলে বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে আগামী ১৪ ডিসেম্বর ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ এবং ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা প্রমুখ। এছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ ও সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের তাৎপর্য এবং দিবস দুটির কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবস দুটির যথাযথ মর্যাদা নিশ্চিত করতে স্মৃতিসৌধ ও শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ দিবস দুটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সকল কর্মসূচি সুশৃঙ্খল, সমন্বিত ও সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এবং বাঙালি জাতির গৌরবময় বিজয়ের ইতিহাস যথাযথভাবে ধারণ ও চর্চার মাধ্যমে দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে তিনি সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চব্বিশের মতো সবাইকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


চব্বিশের মতো সবাইকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং বাংলাদেশকে আবারও তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো একমঞ্চে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দীর্ঘ বক্তব্যে এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য রাখার সময় বলেন, বর্তমান সরকার ও সংসদ যখন দেশকে একটি নিরাপদ, স্বনির্ভর ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় পলাতক ফ্যাসিবাদী অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র ও সন্ত্রাস শুরু করেছে। তিনি উল্লেখ করেন, দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত চিহ্নিত এই সন্ত্রাসী গোষ্ঠী দেশ ও জনগণের বিরুদ্ধে আবারও তৎপর হয়ে উঠেছে।

সংসদে প্রতিনিধিত্বকারী এবং সংসদের বাইরের সকল গণতান্ত্রিক দলের প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে সংসদ নেতা বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে ৭ই নভেম্বর এবং ৫ই আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সকলে এক মঞ্চে দাঁড়াই।

‘এরা কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী’—এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন এবং বলেন, কথায় বলে চোর না শুনে ধর্মের কাহিনী। তিনি উল্লেখ করেন, সুযোগ পেলেই এই ফ্যাসিস্ট দলটির চরিত্র যে কখনোই ঠিক হবে না, গত কয়েক দিনের চিত্রে তা আবারও পরিষ্কারভাবে ফুটে উঠেছে।

সাম্প্রতিক বিভিন্ন ঘটনার বিবরণ তুলে ধরে সংসদ নেতা জানান, এই সন্ত্রাসীরা বিদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার অপচেষ্টা চালিয়েছে। এছাড়াও এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে লাঞ্ছিত করার চেষ্টা, আমেরিকায় এনসিপির নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ এবং ইতালিতে একজন বাংলাদেশি নারী শিল্পীর ওপর বর্বরোচিত আক্রমণ চালিয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, পলাতক নেত্রীর নির্দেশে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে গণতন্ত্রকামী জনগণের ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া এবং হত্যার তালিকা তৈরির মতো বেপরোয়া সন্ত্রাস চালাচ্ছে। তিনি বলেন, বেপরোয়া সন্ত্রাস চালিয়ে তারা নিজেরাই প্রমাণ করেছে যে এরা কোনো রাজনৈতিক দল নয়, বরং এদের পরিচয় একটি চিহ্নিত ‘সন্ত্রাসী গোষ্ঠী’।

আশ্রয়দাতাদের প্রতি কড়া বার্তা ও স্বাধীনতা রক্ষার শপথ বিদেশে অবস্থানরত এই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যারা এই সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের মনোভাব স্পষ্ট হয়ে গেছে—তারা গণতন্ত্রকামী মানুষের বদলে সন্ত্রাসীদের সঙ্গেই সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, দেশপ্রেমিক ও স্বাধীনতাপ্রিয় জনগণ কারো বশ্যতা মেনে নেওয়ার জন্য লড়াই করেনি।

তিন দশক আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া ঐতিহাসিক স্লোগান স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আবারও আজ সেই আওয়াজ তুলে বলি—ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।

বাংলাদেশকে আর কখনোই কোনো তাবেদারের হাতে সঁপে দেওয়া হবে না উল্লেখ করে সংসদ নেতা বলেন, যাদের হাতে গোলামীর জিঞ্জির, সেই তাবেদারি শক্তিকে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না; মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।

গার্মেন্টস শিল্প ও অর্থনৈতিক পুনরুদ্ধার প্রসঙ্গ বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের রপ্তানি আয়ের প্রধান খাত গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টির পেছনে বিদেশে পলাতক এই সন্ত্রাসী শক্তির উস্কানি রয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, যেভাবে বিগত সরকার দেশের স্বাস্থ্য খাতকে পরনির্ভরশীল করে তুলেছিল, ঠিক তেমনি গার্মেন্টস শিল্প ধ্বংস করে অন্য কোনো বিশেষ দেশের হাতে এর সুবিধা তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে কি না, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। শ্রমিকদের কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে নিজেদের কর্মস্থল রক্ষা করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই মজুরি কমিশনের মাধ্যমে নতুন সর্বনিম্ন বেতন কাঠামো ঘোষণা করা হবে।

এছাড়া বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের অর্থনৈতিক ও সামাজিক পুনর্গঠনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে শুল্ক হ্রাস ও বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। পাশাপাশি গত কয়েক মাসে প্রায় ৫ লক্ষ কর্মী বিদেশে পাঠানো হয়েছে এবং আগামী এক বছরের মধ্যে বন্ধ থাকা ৪৬ থেকে ৪৭টি সরকারি কলকারখানা পুনরায় চালু করা হবে বলে তিনি সংসদকে অবহিত করেন।

বক্তব্যের শেষে স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, সংসদ সদস্য এবং প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী চব্বিশের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার শপথ নিয়ে চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্য শেষ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সখিপুরে যুবলীগ নেতা সজীব আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


সখিপুরে যুবলীগ নেতা সজীব আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ

টাঙ্গাইলের সখিপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক সজীব আহমেদ (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে, ঢাকা যাওয়ার পথে, উপজেলার তক্তারচালা পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে যে, গ্রেফতার হওয়া সজীব আহমেদ সখিপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের (গড়গোবিন্দপুর) বাসিন্দা সোনা মিয়ার ছেলে। তিনি সাবেক মেয়র আবু হানিফ আজাদের ভাতিজা।

মঙ্গলবার রাতে সজীবের সাথে একটি প্রাইভেটকারে ছিলেন সখিপুর ‘আঁখি’স বিউটি পার্লারের’ স্বত্বাধিকারী আঁখি এবং সাংবাদিক পরিচয়দানকারী শাকিল আনোয়ার। চেকপোস্টে তল্লাশির সময় সজীবকে আটক করা হলে, তাদেরকেও থানায় নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর, পুলিশ আঁখি ও শাকিল আনোয়ারকে ছেড়ে দেয়।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানিয়েছেন, মির্জাপুর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি তদন্তাধীন মামলায় সজীব আহমেদকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে, তাকে সংশ্লিষ্ট থানায় বা আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধিতে রেকর্ড মূল্যস্ফীতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


ইউরোপে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধিতে রেকর্ড মূল্যস্ফীতি

জ্বালানি তেলের বাজারে অস্থিরতা ও সরবরাহ সংকট ইউরোপের সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলেছে। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির ক্রমবর্ধমান দামে ভোক্তারা চাপের মধ্যে পড়েছেন। এরই মধ্যে ইউরোজোনে মূল্যস্ফীতি বেড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত অক্টোবর মাসে ২০ দেশের এই অঞ্চলে বার্ষিক মূল্যস্ফীতি ৪ শতাংশে দাঁড়িয়েছে, যা গত সেপ্টেম্বরেও ছিল ৩ দশমিক ৮ শতাংশ।

বুধবার ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে ইউরোজোনে মূল্যস্ফীতির হার ছিল ২ দশমিক ১ শতাংশ। আর গত অক্টোবরে মাসভিত্তিক মূল্যস্ফীতি ছিল শূন্য দশমিক ৫ শতাংশ।

মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে জ্বালানির দাম সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। অক্টোবরে জ্বালানির বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ২১ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ১৯ শতাংশ এবং আগস্টে ১৪ দশমিক ৩ শতাংশ।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, সামগ্রিক মূল্যস্ফীতিতে জ্বালানি খাতের অবদান ১ দশমিক ৮৯ শতাংশ পয়েন্টে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ১ দশমিক ৭২ শতাংশ পয়েন্ট। অর্থাৎ মোট মূল্যস্ফীতির প্রায় অর্ধেকই এসেছে জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে।

জ্বালানির পাইকারি বাজারে সরবরাহ সংকট এবং নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইউরোপীয় কমিশনের শরৎকালীন পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। কিছু সময় এ দাম এপ্রিলের শেষ দিকের সর্বোচ্চ পর্যায়ও অতিক্রম করে।

কমিশনের তথ্য অনুযায়ী, ইউরোপের বেঞ্চমার্ক টিটিএফ প্রাকৃতিক গ্যাসের দাম অক্টোবরে প্রতি মেগাওয়াট ঘণ্টায় গড়ে ৮৫ ইউরোতে পৌঁছায়। ফেব্রুয়ারির শেষ দিকে এ দাম ছিল প্রায় ৩০ ইউরো। মাসের শেষ দিকে গ্যাসের দাম ১০০ ইউরো ছাড়িয়ে যায়।

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং আঞ্চলিক জ্বালানি অবকাঠামোর ক্ষয়ক্ষতিকে বাজারে এই অস্থিরতার কারণ হিসেবে উল্লেখ করেছে ইউরোপীয় কমিশন।

জ্বালানির বাড়তি ব্যয়ের প্রভাব পরিবহন খাতেও পড়ছে। ইউরোস্ট্যাটের তথ্যে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়নে ব্যক্তিগত পরিবহনে ব্যবহৃত জ্বালানি ও লুব্রিকেন্টের দাম গত সেপ্টেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। আগস্টে এ বৃদ্ধির হার ছিল ২৩ দশমিক ৮ শতাংশ এবং জুলাইয়ে ১৬ দশমিক ৯ শতাংশ। ফলে জ্বালানির মূল্যবৃদ্ধি ক্রমেই ইউরোপের সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে তুলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%