বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:৪৯ পি.এম
সংসদ ভবন, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদে আজ নতুন করে চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর ফলে, সংসদের মোট ৫০টি সংসদীয় স্থায়ী কমিটির গঠন সম্পন্ন হলো।
নবগঠিত চারটি কমিটি হলো- প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
চিফ হুইপ মো. নুরুল ইসলাম একটি নতুন কমিটি গঠন এবং বিদ্যমান দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব দেন, যা সংসদে কণ্ঠভোটের মাধ্যমে পাস হয়।
নরসিংদী-৫ আসনের মো. আশরাফ উদ্দিনকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে শরীয়তপুর-১ আসনের সাঈদ আহমেদকে। সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে বরগুনা-২ আসনের সদস্য চিফ হুইপ মো. নুরুল ইসলামকে নিয়োগ করা হয়েছে।
এছাড়া, কিছু বিদ্যমান সংসদীয় কমিটি পুনর্গঠিত হয়েছে। তবে, এসব কমিটির সভাপতির পদে কোনো পরিবর্তন আনা হয়নি।
পুনর্গঠিত কমিটিগুলোর মধ্যে রয়েছে: বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে (চট্টগ্রাম-১৫)।
জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি স্থায়ী কমিটিসহ মোট ৫০টি সংসদীয় কমিটি বিদ্যমান। এর মধ্যে ১১টি বিষয়ভিত্তিক কমিটি রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ৬-১ গোলে স্লোভাকিয়ার ক্লাব স্লোাভান ব্রাতিসলাভাকে পরাজিত করে ফেরান তোরেসের হ্যাটট্রিকের মাধ্যমে শুভ সূচনা করে।
প্যারিসের ঘরের মাঠে শুরু থেকেই স্লোভান ব্রাতিসলাভাকে চাপে রাখে পিএসজি। তবে গোলের দেখা পেতে ১৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। উসমান দেম্বেলের গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় পিএসজি। এরপর ২৩ মিনিটে আবারও গোল করে দেম্বেলে পিএসজিকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।
দেম্বেলের ঝলক শেষ হওয়ার পর গোলের উৎসবে যোগ দেন স্পেনের সর্বশেষ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তোরেস। তিনি ম্যাচের ৩১, ৪৭ এবং ৫৭ মিনিটে গোল করে হ্যাটট্রিক সম্পন্ন করেন। বিশ্বকাপ ফাইনালে তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে শিরোপা জিতেছিল স্পেন।
তোরেসের হ্যাটট্রিকের পর পিএসজি ৫-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর প্রথম গোল হজম করে। ৫৮ মিনিটে স্লোভান ব্রাতিসলাভার হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন সুলেমান কামারা।
শেষদিকে পিএসজির ষষ্ঠ গোলটি করেন ফাবিয়ান রুইজ। তিনি ৮৭ মিনিটে গোল করে ৬-১ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন শুরু করেন পিএসজি।
এদিকে, দুই ইংলিশ ক্লাব আর্সেনাল ও লিভারপুল কর্ষ্টাজিত জয় পেয়েছে। আর্সেনাল ইতালিয়ান ক্লাব নাপোলিকে ১-০ গোলে পরাজিত করে।
ম্যাচের ৭৫ মিনিটে আর্সেনালের হয়ে একমাত্র গোলটি করেন মার্টিন ওডেগার্ড। ক্রিস্তস জলিসের পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন নরওয়ের তারকা ওডেগার্ড।
অন্যদিকে, পিছিয়ে পড়ে অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে পরাজিত করে লিভারপুল। ম্যাচের ১৭ মিনিটে মার্কোস লরেন্তের গোলে প্রথমে এগিয়ে যায় অ্যাথলেটিকো। ৪০ মিনিটে ডোমিনিক সোবোসলাইয়ের গোলে লিভারপুল ১-১ সমতা ফেরায়।
এরপর ৫০ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলের মাধ্যমে লিভারপুল ২-১ ব্যবধানে এগিয়ে যায়। শেষ পর্যন্ত এই স্কোর লাইন ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ স্পিনার মেহেদি হাসান মিরাজ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে তার অভিষেক ম্যাচে বল হাতে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন।
আজ অনুষ্ঠিত টুর্নামেন্টের ৩১তম ম্যাচে সেন্ট লুসিয়া কিংসের বিরুদ্ধে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে নেমে মিরাজ ১৩ রানে ৩ উইকেট লাভ করেন।
ম্যাচে গায়ানার অধিনায়ক ও স্পিনার দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ১৭ রানে ৫ উইকেট নিয়ে দুর্দান্ত বোলিং করেন। দুই স্পিনারের দুর্দান্ত ঘূর্ণিতে গায়ানা ৪ উইকেটে সেন্ট লুসিয়াকে পরাজিত করে।
গায়ানার মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সেন্ট লুসিয়া। মিরাজ ও তাহিরের স্পিনের জাদুতে সেন্ট লুসিয়া ১৮ দশমিক ৫ ওভারে ১১৯ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন কামিল পুরান।
ম্যাচে চতুর্থ বোলার হিসেবে এসে মিরাজ ৪ ওভারে ১৩ রানে ৩ উইকেট নেন। অন্যদিকে, তাহির ৪ ওভারে ১৭ রানে ৫ উইকেট নিয়ে গায়ানার সেরা বোলার হিসেবে আবির্ভূত হন।
জবাবে, গায়ানা ১৮ দশমিক ৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে। গায়ানার পক্ষে গ্লেন ফিলিপস ও কুইন্টিন স্যাম্পসন উভয়েই ৩৭ রানের ইনিংস উপহার দেন। পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে মিরাজ ৪ বলে ১ রান করেন। ম্যাচের সেরা খেলোয়াড় হন ৪৭ বছর বয়সী তাহির।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের বিদ্যমান জ্বালানি সংকট মোকাবিলা করার জন্য বিরোধী দলকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।
তিনি বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে এ কথা উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, “গ্যাস ও বিদ্যুতের ঘাটতির কারণে সৃষ্ট সংকটে জনগণের যে ভোগান্তি হচ্ছে, সে বিষয়ে সরকার সম্পূর্ণ সচেতন। তবে এই সংকট বর্তমান সরকারের তৈরি নয়; এটি বিগত ফ্যাসিস্ট সরকারের ভুল নীতি ও অনিয়মের ফসল।”
তিনি অভিযোগ করেন যে, বিশেষ কোনো প্রতিবেশী দেশকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে বিগত সময়ে বঙ্গোপসাগরে গ্যাস উত্তোলন বা নতুন কূপ খননের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
দেশ পরিচালনা ও গণতান্ত্রিক চর্চা নিয়ে আলোচনা করতে গিয়ে তারেক রহমান বলেন, জাতীয় সংসদের কাছে দেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা অনেক বেশি। তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, কঠিন ও বিপর্যয়কর পরিস্থিতি থেকে দেশকে বারবার বিএনপিই টেনে তুলেছে।
সরকারের অবস্থান স্পষ্ট করে প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার বিরোধী দলকে পাশে নিয়ে দেশ ও জনগণের সার্বিক কল্যাণে কাজ করে যেতে চায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদক সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের ফলস্বরূপ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) তিন সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর বাড্ডা থানায় জিডি করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা। এই সাংবাদিকরা সবাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে কর্মরত আছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি এবং ভুক্তভোগী সাংবাদিক মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ওই জিডিতে সঠিক তদন্তের জন্য দাবি জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় সকল প্রমাণাদি সরবরাহ করা হয়েছে। এতে প্লাবন ছাড়াও সংশ্লিষ্ট কয়েকজনকে আসামী করা হয়েছে এবং অজ্ঞাতনামা কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। বাড্ডা থানার ওই জিডির নম্বর ৬৮৯।
জানা গেছে, এই জিডির প্রেক্ষিতে বাড্ডা থানার তদন্তকারী কর্মকর্তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সাক্ষাৎ করেছেন। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনার সুরাহা করতে ব্যর্থ হয়, তাহলে তদন্তের মাধ্যমে এই চক্রের বাকি সদস্যদের খতিয়ে দেখা হবে।
এর আগে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মো. মাহিন অর রশিদ প্লাবন নামের ওই শিক্ষার্থীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে শোকজ প্রাপ্তির পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
হাতে আসা নথিতে দেখা গেছে, অভিযুক্ত মো. মাহিন অর রশিদ প্লাবন রংপুর জেলার পীরগাছা উপজেলার পশ্চিম অন্তরাম অংশের বাসিন্দা মো. মাহবুব অর রশিদ পলাশ এবং মোছা. মাহমুদা বেগমের সন্তান। তিনি বিশ্ববিদ্যালয়ের ৬০তম ব্যাচের এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থী।
এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর আত্মীয় পরিচয়ে একাধিক সাধারণ শিক্ষার্থীকে হুমকি প্রদান করেছেন। তবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নিজেই তার আত্মীয়তার বিষয়টি অস্বীকার করেছেন।
দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্লাবন নামের এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বিপথগামী কিছু শিক্ষার্থীকে নিয়ে ‘গ্যাং থার্টি সিক্স’ নামে একটি কিশোর গ্যাং বাহিনী পরিচালনা করছে। এই গ্যাংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাধারণ শিক্ষার্থীর ওপর র্যাগিংয়ের একাধিক অভিযোগ এসেছে। এই গ্যাংয়ের কয়েকজন সক্রিয় সদস্য মিছিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও বিপদে ফেলতে চায় বলে একটি সূত্রের দাবি।
এদিকে গণমাধ্যমকর্মীদের ওপর হত্যার হুমকির ঘটনায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি মো. আবুল খায়ের মন্তব্য করেছেন, "আমরা জানতে পেরেছি প্লাবন নামের ওই শিক্ষার্থী শুক্রবার শেষ ভাইভা দিয়ে হল ছাড়বেন। কিন্তু তিনি যে হত্যার হুমকি দিয়েছেন এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছেন, সেটার আইনানুগ সুরাহা না হলে সে এবং তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।"
তিনি আরও বলেন, "সাধারণ সকল শিক্ষার্থীরা আমাদের ভাই; তাদের অধিকার নিয়ে আমরা সবসময় লিখেছি। কিন্তু এই ‘গ্যাং থার্টি সিক্স’-এর অন্য সদস্যদের সকল অনিয়ম নিয়ে আমরা অনুসন্ধান চালাচ্ছি।"
খায়ের বলেন, "তদন্ত কমিটির কাছে আমরা সব প্রমাণাদি দিয়েছি। এর পরেও সঠিক বিচার না করে তাকে যদি সেইফ এক্সিট দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আমরা বিষয়টি পুরোপুরি আইনগতভাবেই মোকাবেলা করবো।"
তিনি জানান, "বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল কালাম আজাদ সাহেব আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। এমন ভয়ংকর ঘটনায় তিনি পুতুলের মতো ভূমিকা পালন করেছেন। ইনসাফ না করতে পারলে অবশ্যই আমরা আইনগতভাবেই লড়বো।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ