১১:০৫ পি.এম
মা ইলিশের সংরক্ষণ এবং নিরাপদ প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে সরকার আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ধরে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করেছে।
এই প্রেক্ষাপটে বরিশালের বাবুগঞ্জে জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ এবং সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনের পর জেলেদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। তিনি জেলেদের প্রতি আহ্বান জানান, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে মেনে চলার জন্য।
তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও কেনাবেচা থেকে বিরত থাকতে হবে এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করার আহ্বান জানান। এ সময় বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাসমুস সালেহীন, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম হাওলাদার, রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. সুমন সিকদার, ইউপি সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সমন্বিতভাবে কাজ করবে। একই সঙ্গে নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের জন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: উখিয়ার অগ্নিকাণ্ডে নাহিদ ও তার পরিবারের খোঁজ নেই, হতাহতদের তালিকা নেই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন