০৯:২১ পি.এম
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙামাটি মৎস্য অবতরণ কেন্দ্রে রাজস্ব আদায়ের সময় বৃদ্ধির দাবিতে ব্যবসায়ীরা মাছ আহরণ বন্ধ করে রেখেছেন। এর ফলে বিএফডিসির রাজস্ব আদায় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
কাপ্তাই হ্রদের মৎস্য আহরণ, অবতরণ ও পরিবহনের ওপর প্রায় ২৬ হাজার জেলে, ৫ হাজার শ্রমিক ও ৫ হাজার ব্যবসায়ী নির্ভরশীল।
ব্যবসায়ীরা জানিয়েছেন, গত দুই বছর ধরে মাছ ধরার জন্য ঘাটে নামানোর সময় সীমিত করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীর বাঘায় বিএনপির কার্যালয়ের সামনে পেট্রোল সদৃশ বস্তু জব্দ
এতে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সন্ধ্যায় হ্রদে যে জাল ফেলা হয়, সেটি উঠে আসতে রাত হয়ে যায়। ফলে মাছগুলো বিভিন্ন উপজেলা থেকে বোটে করে রাঙামাটির বিএফডিসির ঘাটে পৌঁছাতে রাত ১০টা বেজে যায়। তবে বিএফডিসি রাতে সেই মাছের রাজস্ব গ্রহণ করে না।
এর ফলে মাছের গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে এবং পচে গিয়ে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। একই সঙ্গে জেলেরাও মাছের ন্যায্য দাম পাচ্ছেন না বলে তারা দাবি করেছেন।
ব্যবসায়ীদের দাবি, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা, সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা এবং লালী খোপের জন্য রাত ১১টা থেকে ১টা পর্যন্ত মৎস্য অবতরণ কেন্দ্র খোলা রেখে মাছের রাজস্ব আদায়ের সময় বৃদ্ধি করতে হবে। নতুন সময়সূচি নির্ধারণ না হওয়া পর্যন্ত মাছ অবতরণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
কাপ্তাই হ্রদ বৃহত্তর মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. কবির সওদাগর বলেছেন, ‘সন্ধ্যায় যে জালটি হ্রদে ফেলা হয় সেটি উঠে আসতে রাত ৯টা বেজে যায়। লংগদু, মাইনী, মারিশ্যা, বরকল, হরিণার মত দূরবর্তী উপজেলাগুলো থেকে মাছগুলো অবতরণ ঘাটে আসতে ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগে। কিন্তু মাছগুলো অবতরণ ঘাটে এসে পৌঁছালে বিএফডিসি রাজস্ব আদায় করে না। পরের দিন সকালে রাজস্ব আদায় করলেও ততক্ষণে মাছগুলোর গুণগত মান নষ্ট হয়ে যায়। তাই তারা রাজস্ব আদায়ের সময় বৃদ্ধির দাবি জানিয়ে অবতরণ বন্ধ করেছেন।
আরও পড়ুন: রাজশাহীতে নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান
রাঙামাটি মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. মাহফুজ বলেছেন, গত ২-৩ বছর ধরে অবতরণের সময় কমানো হয়েছে। এর আগে মধ্যরাতেও মাছ অবতরণ হত। যদি আমরা রাতেও মাছ অবতরণ করতে পারি, তবে সেই মাছগুলোর ন্যায্য দাম পাওয়া যাবে। আমরা জেলেদের মাছ শিকার করতে নিষেধ করিনি। তারা মাছ আহরণ করে তাদের ইচ্ছানুযায়ী যেকোনো জায়গায় বিক্রি করতে পারে। শুধু আমাদের বিএফডিসি ঘাটে অবতরণ বন্ধ রেখেছি।
কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেছেন, মাঝখানে একটি বিরতিসহ সকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা মাছ অবতরণ হচ্ছে। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী যদি মধ্যরাত পর্যন্ত অবতরণ হয়, তাহলে হ্রদে ওভারফিশিং হবে। মাছগুলো তার পরিপক্কতা পাওয়ার জন্য যথেষ্ট সময় পাবে না।
তিনি ব্যবসায়ীদের দাবি অযৌক্তিক জানিয়ে আরো বলেছেন, সরকার অতিরিক্ত মাছ আহরণের ব্যাপারে সতর্ক রয়েছে। পাশাপাশি এই বিষয়ে নানান বিধিনিষেধও আছে। অতিরিক্ত মাছ আহরণ নিয়ন্ত্রণ, শ্রমিক কর্মচারীদের জন্য যাতে শ্রম আইন লঙ্ঘন না হয়, মাছে সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিতকরণসহ সব বিষয় বিবেচনা করে মাছ অবতরণের এই সময় নির্ধারণ করা হয়েছে। ব্যবসায়ীদের দাবি বাস্তবায়ন করলে হ্রদের মৎস্য শিল্পের ওপর বিরূপ প্রভাব পড়বে।
আরও পড়ুন: আইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান আরফান আলী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন