সাব্বির হাসনাত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০৪:৫১ পি.এম
সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ দুপুর ১:০০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবন-১-এ মাননীয় উপাচার্য মহোদয়ের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা, ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জেলা পুলিশের পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এসময় পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম বলেন, "রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের मानনীয় উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার বলেন, "বিশ্ববিদ্যালয়ে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে জেলা পুলিশের আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও নিরাপদ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।"
এসময় অতিরিক্ত পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) জনাব হাফিজুর রহমান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) জনাব নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে, খাদ্যপণ্য সরবরাহ ও শিল্প সহযোগিতার বৃদ্ধি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এই বৈঠকে কৃষিপণ্য, সার, ভোজ্যতেল, ডাল, ছোলা, চিনি, ইউরিয়া এবং পাটসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সোমবার (২৯ জুন) শিল্প মন্ত্রণালয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে এ বৈঠক করেন ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান (টিসিপি)-এর চেয়ারম্যান আসিম আজিম সিদ্দিকীর নেতৃত্বাধীন প্রতিনিধিদল। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও উপস্থিত ছিলেন।
এছাড়াও, শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
বৈঠকের সময়, খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, দু’দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য বাণিজ্য সম্পর্ককে আরও জোরদার করা অত্যন্ত জরুরি। তিনি মন্তব্য করেন, সরকারি এবং বেসরকারি খাতের মধ্যে সমন্বয় বাড়ালে নতুন বিনিয়োগ ও ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হতে পারে।
তিনি আরো বলেন, বাণিজ্য সহজীকরণ, শিল্পায়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের জন্য সহায়ক হবে।
আসিম আজিম সিদ্দিকী জানান, পাকিস্তান বাংলাদেশে চাল, ডাল, ছোলা, সার এবং ভোজ্যতেলসহ বিভিন্ন কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী। একই সঙ্গে, পাকিস্তানের বাজারে বাংলাদেশের উচ্চমানের পাট ও পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, সরকারি পর্যায়ে খাদ্যপণ্য বাণিজ্যকে সহজ করতে টিসিবি ও টিসিপি’র মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে এটি স্বাক্ষর করা হতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে।
বৈঠকে আরও জানানো হয়েছে, যেসব পণ্য সরাসরি রপ্তানি সম্ভব নয়, সেসব ক্ষেত্রে আন্তর্জাতিক উৎস থেকে প্রতিযোগিতামূলক মূল্যে সরবরাহ নিশ্চিত করার বিষয়ে সহযোগিতার প্রস্তাব পাকিস্তানি প্রতিনিধিদল দিয়েছে। তবে এ ক্ষেত্রে বাংলাদেশের বিদ্যমান নীতিমালা ও আইনগত কাঠামোর অনুসরণ করা হবে বলেও জানানো হয়েছে।
উভয় পক্ষ বাংলাদেশ-পাকিস্তান যৌথ ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম দ্রুত সক্রিয় করা, ব্যবসায়িক প্রতিনিধি দল বিনিময় এবং কৃষি ও শিল্পখাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খানের স্ত্রী আফরোজা সুলতানার আয়কর নথি জব্দের জন্য আদালত আদেশ প্রদান করেছে।
আজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে, ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক শাহজাহান কবির এই আদেশ দেন।
আবেদনে বলা হয়েছে যে, আফরোজা সুলতানা ও তার স্বামী আনোয়ারুল আশরাফ খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারা অনুসারে দুর্নীতি দমন কমিশন গত বছরের ৯ জানুয়ারি সমন্বিত জেলা কার্যালয়ে একটি মামলা দায়ের করে।
তদন্তের সময় প্রাপ্ত রেকর্ডপত্র ও তথ্যাদি পর্যালোচনা করার পর দেখা যায় যে, আসামি আফরোজা সুলতানা একজন আয়করদাতা।
আবেদনে আরো উল্লেখ করা হয়েছে, আয়কর আইন, ২০২৩ (২০২৩ সালের ১২ নম্বর আইন)-এর ৩০৯(৩)ক ধারা অনুযায়ী ট্যাক্স রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করতে আদালতের আদেশ প্রয়োজন।
উক্ত আইনের নির্দেশনা অনুযায়ী, আফরোজা সুলতানার আয়কর রিটার্ন এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্রের মূলকপি জব্দ করা এবং মামলার তদন্তকালীন পর্যালোচনার জন্য সত্যায়িত অনুলিপি সরবরাহের আদেশ একান্ত জরুরি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের কর্ণফুলী টানেল থেকে প্রতি মাসে আদায়কৃত টোলের পরিমাণের চেয়ে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় প্রায় দ্বিগুণ হচ্ছে। এই তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের প্রশ্নের জবাবে তিনি এই তথ্যটি প্রদান করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী বলেন, ‘কর্ণফুলী টানেল থেকে মাসিক গড়ে ৩ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৯০০ টাকা টোল আদায় হলেও পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ব্যয় হয় ৬ কোটি ৯৫ লাখ ১৮ হাজার ৬৯১ টাকা।’
তিনি বলেন, টানেলের ভেতরে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, আলোকসজ্জা, বায়ু চলাচলব্যবস্থা, অগ্নিনিরাপত্তা, সিসিটিভি এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার মতো অত্যাবশ্যকীয় সেবার কারণে পরিচালন ব্যয় তুলনামূলক বেশি।
মন্ত্রী আরও উল্লেখ করেন, ‘টানেল চালুর পর প্রথম দিকে প্রতিদিন পরিচালনা ও রক্ষণাবেক্ষণে প্রায় ৩৭ লাখ টাকা ব্যয় হতো। তবে সরকারের কৃচ্ছ্রসাধন নীতি এবং সেতু কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগের কারণে কম গুরুত্বপূর্ণ খাতের ব্যয় কমিয়ে বর্তমানে দৈনিক ব্যয় ২২ থেকে ২৩ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব হয়েছে। টানেলকে লাভজনক করতে সরকার আরো বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।’
এদিকে সংরক্ষিত মহিলা আসন-৪০-এর সংসদ সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে সড়কমন্ত্রী বলেন, ‘রাজধানীর যানজট নিরসনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত ২০ দশমিক ৫ কিলোমিটার করিডরে দেশের প্রথম বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) দ্রুত চালুর পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি আরো উন্নত করে জনগণের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।’
সংরক্ষিত আসন-৩৫-এর সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশাকে মহাসড়কের পরিবর্তে স্থানীয় ফিডার সড়কে সীমাবদ্ধ রাখতে নিবন্ধন বাধ্যতামূলক করা, চালকদের ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করা এবং কঠোর রুট নিয়ন্ত্রণসংবলিত থ্রি-হুইলার ও সমজাতীয় যানবাহন পরিচালনা নীতিমালা প্রণয়নের কাজ চলমান।’
ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ সম্পর্কে নারায়ণঞ্জ-৪ আসনের সদস্য আব্দুল্লাহ আল আমিনের প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, ‘যেসব যানবাহনের ফিটনেসের মেয়াদ ১০ বছর আগে শেষ হয়েছে এবং নবায়ন করা হয়নি, সেগুলো সড়ক থেকে অপসারণ ও নিবন্ধন বাতিল করা হচ্ছে। আর যেসব যানবাহনের ফিটনেসের মেয়াদ পাঁচ বছর আগে শেষ হয়েছে, সেগুলোর নবায়ন কার্যক্রম চলছে। এসব যানবাহনের তালিকা পুলিশের কাছে পাঠানোর পাশাপাশি মালিকদেরও নোটিশ দেওয়া হচ্ছে।’
অন্যদিকে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। নির্বাচিত প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে এবং শিগগিরই চুক্তি স্বাক্ষর হবে। সম্ভাব্য তিনটি রুট বিবেচনায় রয়েছে—বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুরের মাদারগঞ্জ, গাইবান্ধার বালাসী থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ অথবা অন্য কোনো উপযুক্ত করিডর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
আজ তিনি এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
রাষ্ট্রপতি বলেন, মুস্তাফা মনোয়ার বাংলাদেশের চিত্রকলা, পাপেট শিল্প, নাটক ও শিশুতোষ অনুষ্ঠান নির্মাণের অন্যতম প্রধান পথিকৃৎ ছিলেন।
তার মৃত্যুকে দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, দেশীয় সংস্কৃতির বিকাশ, শিশুদের জন্য সুস্থ বিনোদন ও সৃজনশীলতা চর্চায় তার অনন্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ