০৮:২৩ এম
জাতীয় পর্যায়ে স্বর্ণপদক জয়ের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে হবিগঞ্জের বাহুবলের তরুণ উদ্ভাবকদের দল ‘ডেমন ৭১’। তবে, আর্থিক সংকট এবং প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে তাদের আন্তর্জাতিক অঙ্গনে যাওয়ার স্বপ্ন আবারও অনিশ্চয়তায় পড়েছে। আগামী ১৪ থেকে ১৯ জানুয়ারি ২০২৭ তুরস্কে অনুষ্ঠিতব্য ‘আটলান্টিয়া আন্তর্জাতিক বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত অলিম্পিয়াড ২০২৬’-এর আন্তর্জাতিক পর্বে অংশ নেওয়ার সুযোগ পেলেও, তাদের তুরস্কযাত্রা এখন পর্যন্ত নিশ্চিত হয়নি।
গত ৬ নভেম্বর সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত অলিম্পিয়াডের বাংলাদেশ পর্বে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের শিক্ষার্থীদের দলটি। তারা উদ্ভাবিত দ্বিতীয় প্রজন্মের রোবোটিকস রোভার ‘ফ্যান্টম-এক্স: কৌশলগত প্রতিরক্ষা যান’ প্রকল্প নিয়ে প্রযুক্তি ও উদ্ভাবন বিভাগের কৃত্রিম বুদ্ধিমত্তা শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করে স্বর্ণপদক অর্জন করেছে।
দলটির সদস্যরা হলেন তারেক আহমেদ তানভীর, তারিকুর রহমান ও সৈয়দ মেহেদী হাসান। তাদের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন মিনজাব ছাহাম।
আরও পড়ুন: সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা। প্রতিযোগিতাটির আয়োজন করেছে জেনারেল সায়েন্স অলিম্পিয়াড।
তবে, নতুন এই অর্জন সত্ত্বেও দুশ্চিন্তা কাটছে না দলটির সদস্যদের। কারণ, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেও অর্থের অভাবে তাদের স্বপ্ন থমকে গেছে। ২০২৬ সালে অনুষ্ঠিত অষ্টম বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনীর বাংলাদেশ জাতীয় পর্বে স্বর্ণপদক অর্জন করেছিল ‘ডেমন ৭১’। ওই সাফল্যের সুবাদে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের সুযোগ মিললেও, প্রয়োজনীয় অর্থ ও পৃষ্ঠপোষকতা না পাওয়ায় শেষ পর্যন্ত সেখানে যাওয়া সম্ভব হয়নি।
এবারও একই পরিস্থিতির পুনরাবৃত্তির আশঙ্কা করছেন তারা। জাতীয় পর্যায়ে নিজেদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতার প্রমাণ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার যোগ্যতা অর্জন করেও, কেবল আর্থিক সংকটের কারণে সেই সুযোগ হারানোর শঙ্কায় রয়েছেন তরুণ উদ্ভাবকরা।
শুধু আন্তর্জাতিক অলিম্পিয়াডেই নয়, জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য অর্জন করেছে দলটি। ‘ফিবোনাচ্চি আন্তর্জাতিক রোবট ও বিজ্ঞান-প্রযুক্তি অলিম্পিয়াড ২০২৬’-এর জাতীয় পর্বে চূড়ান্ত প্রতিযোগী হওয়ার পাশাপাশি ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬-এর জাতীয় পর্যায়ে বিশেষ পঞ্চম স্থান অর্জন করেছে তারা। এ ছাড়া, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের গৌরবও রয়েছে তাদের।
আরও পড়ুন: নোয়াখালীর সুবর্ণচরে ইয়াবাসহ আটক যুবদল নেতা মাসুদ বহিষ্কার
দলটির সদস্যদের প্রত্যাশা, তাদের এই অর্জন ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী ও সমাজের বিত্তবান ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করা গেলে, তুরস্কের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের উদ্ভাবন বিশ্বের সামনে তুলে ধরার পাশাপাশি দেশের জন্য সম্মান বয়ে আনা সম্ভব হবে বলে আশা তাদের।
মেধা ও যোগ্যতার স্বীকৃতি মিলেছে এবং অর্জিত হয়েছে জাতীয় পর্যায়ের স্বর্ণপদক। এখন শুধু প্রয়োজন পৃষ্ঠপোষকতা। অর্থের অভাবে যেন দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতার সুযোগ হারাতে না হয় বাহুবলের সম্ভাবনাময় তরুণ উদ্ভাবকদের—এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন