ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর


জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উচ্চশিক্ষা, গবেষণা ও একাডেমিক সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করার লক্ষ্য নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিটি সোমবার(১০ আগস্ট) রাজধানী ঢাকার বাড্ডায় অবস্থিত ব্র্যাক ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসে স্বাক্ষরিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ সোমবার এ তথ্য জানিয়েছেন।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ এবং ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. সৈয়দ ফারহাত আনোয়ার।

আরও পড়ুন: বরিশালে বালু ব্যবসায়ীকে ৪ লাখ জরিমানা, মা ইলিশ অভিযানে ৮ জন দণ্ডিত

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি কেবল অবকাঠামোগত উন্নয়নের ওপর নির্ভর করে না। এর জন্য প্রয়োজন মানসম্মত গবেষণা, নতুন জ্ঞান সৃষ্টি ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। ব্র্যাক ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রয়াস বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য মানসম্মত ও সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করতে সহায়তা করবে।”

তিনি আরও বলেন, “যৌথ গবেষণা, একাডেমিক আদান-প্রদান এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে আমরা এমন এক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে চাই, যা শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞান চর্চা এবং নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। আমরা বিশ্বাস করি, এই পারস্পরিক সহযোগিতা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, “ব্র্যাক ইউনিভার্সিটি সবসময়ই দেশে ও আন্তর্জাতিক পরিসরে অর্থবহ অংশীদারত্বে বিশ্বাস করে। একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের দায়িত্ব শুধু জ্ঞান সৃষ্টি বা শ্রেণিকক্ষের মধ্যেই সীমাবদ্ধ নয়; সেই জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এর মাধ্যমে সমাজ ও জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই সমঝোতা স্মারকটি আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ উভয় প্রতিষ্ঠানই মানসম্মত শিক্ষার সুযোগ ও এর প্রভাব আরও বিস্তৃত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেশব্যাপী বিস্তৃতি এবং ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতাকে একত্রিত করে আমরা জ্ঞানকে প্রাতিষ্ঠানিক গণ্ডির বাইরে নিয়ে যেতে চাই। আমরা সারাদেশে অর্থবহ পরিবর্তন সাধনে ভূমিকা রাখতে চাই।”

সমঝোতা স্মারকের আওতায় উভয় বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা পরিচালনা, শিক্ষা ও প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষক-শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ সাধনে একযোগে কাজ করবে।

আরও পড়ুন: ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীন এবং ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান শেখ মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অন্যদিকে ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী, ট্রেজারার আরিফুল ইসলাম এবং রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, জেমস পি. গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ এবং সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন অফিসের পরিচালক অধ্যাপক ড. মালয় কান্তি মৃধা, লার্নিং অ্যান্ড টিচিং ইনোভেশন সেন্টারের পরিচালক অধ্যাপক মো. গোলাম সামদানি ফকির, ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. এরুম মারিয়াম প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী

বরিশাল, ১০ আগস্ট, ২০২৬ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র সত্যিকার অর্থেই আমাদের জন্য অন্যতম ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র।

তিনি আরো বলেন, ‘অর্থনৈতিক সমৃদ্ধি, পোশাক রপ্তানি, রেমিট্যান্স এবং বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) ক্ষেত্রে দু’দেশের এই অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

আজ (সোমবার) বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে আন্তঃধর্মীয় নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বক্তব্য রাখেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের রপ্তানিমুখী পোশাক শিল্পের সবচেয়ে বড় রফতানি গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীরা প্রতিনিয়ত বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করছেন। এছাড়া বাংলাদেশে আসা মোট বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) সিংহভাগই আসে যুক্তরাষ্ট্র থেকে, যা আমাদের সার্বিক অর্থনৈতিক প্রক্রিয়ায় বড় অবদান রাখছে।’

মার্কিন রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীর নিজ এলাকা বরিশালের গৌরনদী উপজেলায় ঘুরতে যাওয়ায় তাকে স্বাগত ও অভিনন্দন জানান।

রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ধর্মীয় সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তিনি আরও বলেন, ‘এখানে বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করার পাশাপাশি সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির চর্চা হয়ে আসছে, যা এই অনুষ্ঠানে প্রতিফলিত হয়েছে।’

নিজ দেশের মূলনীতির কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘চলতি বছর যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার ২৫০ বছর উদযাপন করছে। আমাদের দেশের অন্যতম মূল ভিত্তি হলো ধর্মীয় স্বাধীনতা-যেখানে প্রতিটি মানুষ কোনো ভয়ভীতি বা নিপীড়ন ছাড়া স্বাধীনভাবে নিজ ধর্ম পালন করতে পারে। এই নীতি যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার সূচনা থেকেই চলে আসছে।’

প্রতি বছর যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদন প্রকাশ করে বিশ্বজুড়ে সম্প্রীতির পক্ষে অবস্থান তুলে ধরে বলেও জানান তিনি।

উৎসবে সার্বজনীনতার গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ‘উৎসব সবার জন্য হওয়া উচিত। যুক্তরাষ্ট্রেও আমরা ঈদ, দেওয়ালি, ক্রিসমাস ও ইস্টারের মতো অনুষ্ঠানগুলো রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বের সঙ্গে পালন করি, যা বিভিন্ন সংস্কৃতি ও বিশ্বাসের মানুষের মাঝে মেলবন্ধন তৈরি করে।’

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ধর্মীয় গুরুদের অবদান অপরিসীম। স্থানীয় কোনো ধর্মীয় বিরোধ যেন বড় কোনো সংঘাতে রূপ না নেয়, সে বিষয়ে ধর্মীয় ও স্থানীয় নেতাদের সর্বদা সতর্ক দৃষ্টি রাখতে হবে। ধর্ম যার যার উৎসব সবার, বাংলাদেশের এই ধারণা একটি চমৎকার উদ্যোগ।

গৌরনদী ক্যাথলিক চার্চের প্রধান পুরোহিত ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে সভায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, আগৈলঝাড়ার উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার, কলেজ অব ক্রিশ্চিয়ান থিওলজি বাংলাদেশের উপাচার্য রেভারেন্ড ড. পলাশ রায়সহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা

জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও কিশোর অপরাধ দমনসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনবান্ধব রাখতে সংশ্লিষ্ট দপ্তরসমূহের কার্যক্রম পর্যালোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান, পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়, নারায়ণগঞ্জে, ০৯ আগস্ট, ২০২৬ খ্রি.

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলের সুবাসে নতুন অধ্যায়, আলফাডাঙ্গা সরকারি কলেজে নতুন অধ্যক্ষকে ঘিরে প্রত্যাশার আলো

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান ফরিদপুর জেলা প্রতিনিধি

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


ফুলের সুবাসে নতুন অধ্যায়, আলফাডাঙ্গা সরকারি কলেজে নতুন অধ্যক্ষকে ঘিরে প্রত্যাশার আলো

ফুলের সুবাস এবং শুভকামনার উষ্ণতায় যেন অন্যরকমভাবে প্রাণ ফিরে পেয়েছিল আলফাডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণ। নতুন দিনের স্বপ্ন এবং প্রত্যাশাকে সঙ্গে নিয়ে দীর্ঘ শিক্ষকতা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ নতুন অধ্যক্ষ মো. আলমগীর হাসান অফিসে যোগদান করেন।

রোববার (১০ আগস্ট) আনুষ্ঠানিকভাবে কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ফুলেল শুভেচ্ছা জানিয়ে কলেজের শিক্ষক-কর্মচারীরা তাকে বরণ করে নেন।

নতুন অধ্যক্ষের আগমনে কলেজজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সহকর্মীদের আন্তরিকতা এবং শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণের মুহূর্তটি হয়ে ওঠে স্মরণীয়। যেন অভিজ্ঞতার দীর্ঘ পথ পেরিয়ে নতুন এক ঠিকানায় গোপন শুরু হলো আরেকটি নতুন যাত্রা।

মো. আলমগীর হাসান ১৮তম বিসিএসের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। প্রায় তিন দশকের শিক্ষকতা জীবনে তিনি সরকারি এবং বেসরকারি বিভিন্ন কলেজে দায়িত্ব পালন করেছেন। যোগদানের আগে তিনি ফরিদপুর সরকারি কলেজে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

এক প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি পেয়ে গত ৬ আগস্ট তিনি ঢাকা শিক্ষা বোর্ডের মহাপরিচালকের কার্যালয়ে যোগদান করেন। পরে তাকে আলফাডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

আলফাডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস বলেন, নতুন অধ্যক্ষের দীর্ঘ শিক্ষকতা এবং প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। তাঁর দক্ষ নেতৃত্বে আলফাডাঙ্গা সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। কলেজের সার্বিক উন্নয়নে শিক্ষক পরিষদ তার সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

দায়িত্ব গ্রহণের পর অধ্যক্ষ মো. আলমগীর হাসান বলেন, আলফাডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার মান আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে উৎসাহিত করা এবং শিক্ষক-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টায় কলেজকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই হবে তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, সবার সহযোগিতা নিয়ে একটি সুন্দর, সুশৃঙ্খল এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে চান।

দায়িত্ব গ্রহণের মুহূর্তে ফুলের শুভেচ্ছার আড়ালে ছিল অনেক প্রত্যাশা এবং অনেক স্বপ্ন। শিক্ষক-কর্মচারীদের চোখে ছিল নতুন নেতৃত্বকে ঘিরে আশার আলো। তাদের প্রত্যাশা হল, অভিজ্ঞতার পরিপক্বতা এবং নতুন উদ্যমের সমন্বয়ে কলেজের একাডেমিক কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।

সংশ্লিষ্টদের আশা, অভিজ্ঞতার আলো এবং নতুন দিনের উদ্যমকে সঙ্গে নিয়ে অধ্যক্ষ মো. আলমগীর হাসানের নেতৃত্বে আলফাডাঙ্গা সরকারি কলেজ আরও দূরে এগিয়ে যাবে। শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের স্বপ্নপূরণের একটি শক্তিশালী ক্ষেত্র হয়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, প্রাণ গেল একজনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, প্রাণ গেল একজনের

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের কারণে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় কানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম (৩০) ওই এলাকার আব্দুল শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল শেখ ও শুক্কুর আলীর মধ্যে প্রায় ৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে এর আগে কয়েক দফা স্থানীয়ভাবে সালিশ এবং ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে শুনানি হয়। তবে সুরাহা হয়নি।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের অভিযোগ রয়েছে, সোমবার দুপুর আড়াইটার দিকে শুক্কুর আলীসহ কয়েকজন ওই জমিতে হালচাষ করে রোপা আমন রোপণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আব্দুল শেখের ছেলে শহিদুল ইসলাম ও তার স্বজনরা সেখানে গিয়ে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

একপর্যায়ে শহিদুল ইসলামকে মাছ ধরার কোঁচ দিয়ে আঘাত করা হলে তিনি মাটিতে পড়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৭ জনকে আটক করে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষে জড়িত উভয় পক্ষের ১৭ জনকে আটক করা হয়েছে। এ সময় সংঘর্ষে ব্যবহৃত লাঠিসোটা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আসামির সঠিক সংখ্যা নির্ণয় করা সম্ভব হবে। স্থানীয় ব্যক্তিরা আমাদের জানিয়েছেন, আরও দু-তিনজন পলাতক রয়েছেন। তাদের ধরার চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%