ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

স্বয়ংক্রিয় যুদ্ধের জন্য কোন দেশ কতটা প্রস্তুত?


স্বয়ংক্রিয় যুদ্ধের জন্য কোন দেশ কতটা প্রস্তুত?

একসময় যুদ্ধের ময়দানে জয়-পরাজয় নির্ধারিত হতো সেনাসংখ্যা, অস্ত্রের শক্তি, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতা দিয়ে। বর্তমানে সেই হিসাবের সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় ড্রোন, রোবটিক যুদ্ধব্যবস্থা এবং মেশিনের মাধ্যমে লক্ষ্য শনাক্ত ও আঘাত হানার প্রযুক্তি। ফলে যুদ্ধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে।

প্রতিরক্ষা খাতে প্রযুক্তিগত এই পরিবর্তনকে বলা হচ্ছে যুদ্ধের নতুন রূপান্তর। এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো লিথাল অটোনোমাস উইপন সিস্টেম (লজ)—অর্থাৎ প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থা। এ ধরনের অস্ত্র মানুষের সরাসরি নির্দেশনা ছাড়াই নির্দিষ্ট পরিস্থিতিতে লক্ষ্য শনাক্ত, নির্বাচন এবং আক্রমণের সিদ্ধান্ত নিতে পারে।

তবে এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। সব চালকবিহীন বিমান বা স্বয়ংক্রিয় ড্রোন ঘাতক রোবট নয়। কোনো ড্রোন নিজে নিজে উড়তে পারে, পথ নির্ধারণ করতে পারে কিংবা লক্ষ্য শনাক্ত করতে পারে; কিন্তু চূড়ান্ত আক্রমণের সিদ্ধান্ত যদি মানুষ নেয়, তাহলে সেটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্র নয়। এই পার্থক্য সামনে রেখেই দেখতে হবে, বিশ্বের কোন দেশ কতটা প্রস্তুত এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার কত দূর এগিয়েছে।

আরও পড়ুন: নতুন অর্থবছরের শুরুতেই যুক্তরাষ্ট্রে বাজেট ঘাটতি রেকর্ড ৪০৪ বিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্র: এআইনির্ভর যুদ্ধব্যবস্থায় বড় বিনিয়োগ

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে স্বয়ংক্রিয় ও আধা-স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে গবেষণা করছে। দেশটির যুদ্ধজাহাজে ফ্যালানক্স ক্লোজ-ইন ওয়েপন সিস্টেমের মতো প্রযুক্তি রয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে আসন্ন ক্ষেপণাস্ত্র ও অন্যান্য হুমকি শনাক্ত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে।

২০২৩ সালের ২৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থা নিয়ে ডিরেকটিভ ৩০০০.০৯ হালনাগাদ করে। এতে অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে মানুষের যথাযথ বিচার-বিবেচনা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং যুদ্ধের আইন মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এই নীতিমালা স্বয়ংক্রিয় অস্ত্রের গবেষণা ও উন্নয়ন নিষিদ্ধ করে না।

২০২৬ সালের মার্চে প্রকাশিত মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নীতিমালা প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রের উন্নয়ন বা ব্যবহার নিষিদ্ধ করে না। তবে দেশটি এ ধরনের অস্ত্র তৈরি বা মোতায়েন করেছে কি না, সে বিষয়ে প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রকাশ্যে নিশ্চিত করা হয়নি।

আরও পড়ুন: পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ জন

চীন: চালকবিহীন যুদ্ধবিমান ও ড্রোন প্রযুক্তিতে অগ্রগতি

চীন সামরিক ড্রোন, চালকবিহীন যুদ্ধবিমান এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর যুদ্ধপ্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়েছে। দেশটির জিজে-১১ স্টিলথ চালকবিহীন যুদ্ধবিমান এ ক্ষেত্রে আলোচিত উদাহরণ। এটি শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা এড়িয়ে নজরদারি ও আক্রমণ পরিচালনার জন্য তৈরি করা হয়েছে।

চীনের সামরিক প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো ড্রোনের মাধ্যমে নজরদারি, তথ্য সংগ্রহ, লক্ষ্য শনাক্তকরণ এবং সমন্বিত অভিযান পরিচালনা। তবে এসব প্রযুক্তির কতটুকু সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে প্রাণঘাতী হামলা চালাতে সক্ষম, সে বিষয়ে প্রকাশ্য তথ্য সীমিত। ফলে প্রযুক্তিগত সক্ষমতা এবং বাস্তবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্র মোতায়েনের বিষয়টি আলাদা করে দেখতে হবে।

ইসরাইল: লক্ষ্য শনাক্তকরণ ও সামরিক সিদ্ধান্তে এআই

আরও পড়ুন: জাকির নায়েকের প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ ৫ বছর বাড়াল ভারত

ইসরাইলের সামরিক বাহিনী নজরদারি, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং লক্ষ্য শনাক্তকরণে উন্নত প্রযুক্তি ব্যবহার করে। দেশটির হারোপ লয়টারিং মিউনিশন এবং আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এ ক্ষেত্রে উল্লেখযোগ্য।

গাজা যুদ্ধে ইসরাইলের হাবসোরা (দ্য গসপেল) ও ল্যাভেন্ডার নামের এআইনির্ভর তথ্য বিশ্লেষণব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক বিতর্ক তৈরি হয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে সম্ভাব্য সামরিক লক্ষ্য শনাক্ত ও তালিকাভুক্ত করার বিষয়টি উঠে আসে। তবে এগুলোকে সরাসরি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ঘাতক অস্ত্র বলা ঠিক হবে না।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ২০২৪ সালের জুনে প্রকাশিত এক ব্যাখ্যায় জানিয়েছে, এসব প্রযুক্তি গোয়েন্দা তথ্য বিশ্লেষণে সহায়তা করে। তাদের বক্তব্য অনুযায়ী, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সামরিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় মানুষের ভূমিকা বজায় থাকে।

রাশিয়া ও ইউক্রেন: যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির বাস্তব পরীক্ষা

আরও পড়ুন: পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৭৪ ভারত-সমর্থিত সন্ত্রাসী নিহত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আধুনিক ড্রোন ও স্বয়ংক্রিয় প্রযুক্তির সামরিক ব্যবহারের বড় পরীক্ষাক্ষেত্র হয়ে উঠেছে। দুই পক্ষই নজরদারি ড্রোন, এফপিভি ড্রোন, লয়টারিং মিউনিশন এবং ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি ব্যবহার করছে।

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এআইনির্ভর লক্ষ্য শনাক্তকরণ, ড্রোনের স্বয়ংক্রিয় নেভিগেশন এবং জিপিএস সংকেত বাধাগ্রস্ত হলেও লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যাওয়ার প্রযুক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাশিয়াও ল্যানসেটের মতো লয়টারিং মিউনিশন এবং বিভিন্ন চালকবিহীন আকাশযান ব্যবহার করছে।

তবে ড্রোনের স্বয়ংক্রিয়ভাবে উড়তে পারা এবং মানুষের নির্দেশনা ছাড়া প্রাণঘাতী লক্ষ্য নির্বাচন করে হামলা চালানো এক বিষয় নয়। যুদ্ধক্ষেত্রে এআইয়ের ব্যবহার বাড়লেও প্রতিটি হামলায় মানুষের নিয়ন্ত্রণ কতটুকু থাকে, তা নির্দিষ্ট অস্ত্র ও অভিযানের ওপর নির্ভর করে।

রাশিয়া: স্বয়ংক্রিয় ড্রোনের দিকে অগ্রসর

আরও পড়ুন: এআই খাতে ৭৪ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে স্পেসএক্স

রাশিয়ার ক্ষেত্রে ২০২৬ সালের একটি গুরুত্বপূর্ণ গবেষণা নতুন তথ্য সামনে এনেছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) ১৩ এপ্রিল ২০২৬ প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, রাশিয়া সামরিক ড্রোনে এআই যুক্ত করে স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াচ্ছে।

প্রতিবেদনটিতে ভি২ইউ নামের ড্রোনের প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়েছে। ইউক্রেনীয় প্রযুক্তিগত বিশ্লেষণের বরাতে সিএসআইএস বলেছে, ড্রোনটিতে এমন কম্পিউটিং ও এআই সক্ষমতার প্রমাণ পাওয়া গেছে, যা যোগাযোগবিচ্ছিন্ন অবস্থায় উড়তে এবং নিজে লক্ষ্য নির্বাচন করতে সহায়তা করতে পারে। গবেষকদের মূল্যায়ন, রাশিয়া সম্ভবত যুদ্ধক্ষেত্রে পূর্ণ স্বয়ংক্রিয় একটি ড্রোন ব্যবহার করেছে।

ইউক্রেন: মানুষের নিয়ন্ত্রণ রেখে এআইয়ের ব্যবহার

ইউক্রেনও যুদ্ধক্ষেত্রে ড্রোনের কার্যকারিতা বাড়াতে এআই প্রযুক্তি ব্যবহার করছে। ২০২৫ সালের ২৯ নভেম্বর রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের ড্রোনচালকেরা ইলেকট্রনিক জ্যামিংয়ের মধ্যেও লক্ষ্যবস্তু শনাক্ত ও অনুসরণ করতে এআই প্রযুক্তির সহায়তা নিচ্ছেন। কিছু ড্রোন অপারেটরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও ক্যামেরার মাধ্যমে লক্ষ্য শনাক্ত করে উড়তে পারে।

আরও পড়ুন: বাড়ি বিক্রির নতুন রেকর্ড, কর্মবাজারে স্বস্তি

প্রতিবেদনে ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের বক্তব্যের বরাতে বলা হয়, এসব ব্যবস্থায় চূড়ান্ত আক্রমণের সিদ্ধান্ত মানুষের হাতেই রাখা হচ্ছে। তবে এআইয়ের লক্ষ্য শনাক্তকরণ এখনো ভুল করতে পারে এবং এর কার্যকারিতা পরিবেশ ও পরিস্থিতির ওপর নির্ভরশীল। অর্থাৎ রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ এখন শুধু চালকবিহীন ড্রোনের লড়াই নয়; বরং ড্রোনের সঙ্গে এআই, স্বয়ংক্রিয় নেভিগেশন ও লক্ষ্য অনুসরণের প্রযুক্তি যুক্ত করার প্রতিযোগিতাও।

তুরস্ক: স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে বিতর্কের কেন্দ্রে

তুরস্কের তৈরি কারগু-২ ড্রোন স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে আন্তর্জাতিক বিতর্কের অন্যতম উদাহরণ। ২০২১ সালে লিবিয়ার গৃহযুদ্ধ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদনে স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতাসম্পন্ন অস্ত্রের প্রসঙ্গ আসে। সেখানে কারগু-২-এর বিষয়টিও আলোচিত হয়।

তবে কারগু-২ সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে মানুষ হত্যার সিদ্ধান্ত নিতে পারে কি না, তা নিয়ে মতভেদ রয়েছে। আন্তর্জাতিক ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) বিশ্লেষণে বলা হয়েছে, নির্মাতা প্রতিষ্ঠান এসটিএমের বর্ণনা অনুযায়ী, ড্রোনটির নেভিগেশন ও লক্ষ্য শনাক্তকরণে স্বয়ংক্রিয়তা থাকলেও হামলার সিদ্ধান্তে মানুষের ভূমিকা থাকার কথা। জাতিসংঘের প্রতিবেদনের বর্ণনা এবং নির্মাতার বক্তব্যের মধ্যে এ নিয়ে পার্থক্য রয়েছে।

চীন ও দক্ষিণ কোরিয়া: দুই ধরনের প্রস্তুতি

চীন সামরিক ড্রোনের স্বয়ংক্রিয় নেভিগেশন, সমন্বিত ড্রোন অভিযান এবং চালকবিহীন যুদ্ধবিমানের প্রযুক্তি উন্নয়নে কাজ করছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের ২০২৫ সালের চীনবিষয়ক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বিভিন্ন উন্নয়নাধীন সামরিক ড্রোনে এআইভিত্তিক নেভিগেশন ও অন্য ড্রোনের সঙ্গে সমন্বয়ের সক্ষমতার দাবি করা হয়েছে। তবে অনেক ব্যবস্থায় এখনো মানুষের পূর্বনির্ধারিত লক্ষ্য, দূরনিয়ন্ত্রণ অথবা উল্লেখযোগ্য মানবীয় ইনপুট প্রয়োজন।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার স্যামসাং এসজিআর-এ১ রোবটিক প্রহরী ব্যবস্থা বহু বছর ধরে আলোচনায় রয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে সীমান্ত এলাকায় নজরদারির জন্য তৈরি এ ব্যবস্থায় ক্যামেরা, সেন্সর ও অস্ত্র সংযুক্ত করা হয়েছে। তবে অস্ত্র ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত মানুষের হাতে রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। এ কারণে এটিকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ঘাতক রোবটের উদাহরণ হিসেবে উপস্থাপন করা যথাযথ হবে না।

যুদ্ধের ময়দানে কতটা বাস্তবায়িত হয়েছে?

এখন পর্যন্ত স্বয়ংক্রিয় যুদ্ধের সবচেয়ে দৃশ্যমান অগ্রগতি হয়েছে কয়েকটি ক্ষেত্রে—

স্বয়ংক্রিয় নেভিগেশন: ড্রোন মানুষের সার্বক্ষণিক নিয়ন্ত্রণ ছাড়াই নির্দিষ্ট পথ ধরে উড়তে পারছে।

লক্ষ্য শনাক্তকরণ: ক্যামেরা ও এআইয়ের মাধ্যমে যানবাহন, সামরিক স্থাপনা এবং অন্যান্য লক্ষ্যবস্তু শনাক্ত করা হচ্ছে।

ইলেকট্রনিক জ্যামিং মোকাবিলা: যোগাযোগ বা জিপিএস সংকেত বাধাগ্রস্ত হলেও কিছু ড্রোন নিজস্ব সেন্সর ও সফটওয়্যারের সাহায্যে কাজ চালিয়ে যেতে পারছে।

ড্রোনের সমন্বিত অভিযান: একাধিক ড্রোনকে একই অভিযানে সমন্বিতভাবে পরিচালনার প্রযুক্তি উন্নত হচ্ছে।

স্বয়ংক্রিয় প্রতিরক্ষা: ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন শনাক্ত করে দ্রুত প্রতিরোধের জন্য স্বয়ংক্রিয় প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহৃত হচ্ছে।

তবে এসব সক্ষমতার সব কটি একসঙ্গে একটি অস্ত্রে যুক্ত হয়েছে, এমন প্রমাণ নেই। বিশেষ করে জটিল যুদ্ধক্ষেত্রে সামরিক ও বেসামরিক মানুষের মধ্যে পার্থক্য করা এবং পরিস্থিতি বুঝে আক্রমণ বন্ধ রাখার ক্ষেত্রে প্রযুক্তির সীমাবদ্ধতা রয়েছে।

আন্তর্জাতিক আইন কী বলছে

স্বয়ংক্রিয় অস্ত্রের বিস্তারের সঙ্গে সঙ্গে এর নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা জোরালো হয়েছে। জাতিসংঘের কনভেনশন অন সার্টেন কনভেনশনাল উইপনস (সিসিডব্লিউ) কাঠামোর অধীনে ২০১৪ সাল থেকে প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে আলোচনা চলছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রবিষয়ক সরকারি বিশেষজ্ঞ দল (জিজিই অন লজ) এ ধরনের অস্ত্র নিয়ে আলোচনার একটি কার্যকর বর্ণনা বা কাঠামোগত ধারণায় সম্মত হয়েছে। এতে মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়া লক্ষ্য শনাক্ত, নির্বাচন ও আক্রমণ করতে সক্ষম অস্ত্রব্যবস্থার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

তবে এখনো স্বয়ংক্রিয় অস্ত্রের জন্য আলাদা কোনো আন্তর্জাতিক আইনগত প্রটোকল কার্যকর হয়নি। অর্থাৎ এসব অস্ত্রের ওপর সর্বজনীন নিষেধাজ্ঞা নেই। এ বিষয়ে আগামী ১৬ থেকে ২০ নভেম্বর জেনেভায় অনুষ্ঠিত হবে সিসিডব্লিউর সপ্তম পর্যালোচনা সম্মেলন। সেখানে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে নতুন আন্তর্জাতিক চুক্তি বা আইনগত কাঠামো নিয়ে আলোচনা এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণের সুযোগ রয়েছে।

তবে দেশগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। ২০২৬ সালের ৪ সেপ্টেম্বর রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়া আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তির বিষয়ে আপত্তি জানিয়েছে। অন্যদিকে ব্রাজিল, আয়ারল্যান্ডসহ কয়েকটি দেশ বাধ্যতামূলক আন্তর্জাতিক নিয়মের পক্ষে অবস্থান নিয়েছে। ভারত ও তুরস্কও স্বেচ্ছামূলক নির্দেশনা ও বিদ্যমান আন্তর্জাতিক মানবিক আইনকে গুরুত্ব দেওয়ার পক্ষে রয়েছে।

আন্তর্জাতিক রেডক্রস কমিটিসহ মানবাধিকার সংগঠনগুলো বলছে, মানুষের কার্যকর নিয়ন্ত্রণ ছাড়া প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইন, বেসামরিক মানুষের সুরক্ষা এবং দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুতর সমস্যা তৈরি করতে পারে।

স্বয়ংক্রিয় যুদ্ধের প্রধান ঝুঁকি

বিশেষজ্ঞদের উদ্বেগের বড় জায়গা হলো, যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সিদ্ধান্ত সব সময় নির্ভুল হবে, এমন নিশ্চয়তা নেই। একটি এআইনির্ভর অস্ত্র ভুল করে বেসামরিক ব্যক্তিকে সামরিক লক্ষ্য হিসেবে শনাক্ত করতে পারে। আবার যোগাযোগ বিচ্ছিন্ন হলে বা সাইবার হামলার শিকার হলে অস্ত্রের আচরণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া কয়েকটি বড় ঝুঁকি রয়েছে—ভুল লক্ষ্য শনাক্তের কারণে নিরীহ মানুষ হামলার শিকার হতে পারেন, বেসামরিক মানুষের প্রাণহানি হতে পারে। দায় নির্ধারণের জটিলতা দেখা দিবে। কোনো স্বয়ংক্রিয় অস্ত্র যুদ্ধাপরাধ করলে দায় নেবে কে—নির্মাতা, প্রোগ্রামার, সামরিক কমান্ডার নাকি অস্ত্র পরিচালনাকারী? অস্ত্র প্রতিযোগিতা বাড়তে পারে। একটি দেশ স্বয়ংক্রিয় অস্ত্র তৈরি করলে অন্য দেশও একই প্রযুক্তি অর্জনে প্রতিযোগিতায় নামতে পারে।

এছাড়া সন্ত্রাসী গোষ্ঠীর হাতে পড়ার আশঙ্কা বাড়বে। বাণিজ্যিক ড্রোন ও সহজলভ্য প্রযুক্তির অপব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো হামলা চালাতে পারে। অস্ত্রের সফটওয়্যার হ্যাক করা গেলে কিংবা তথ্য বিকৃত করা হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়বে। যুদ্ধের গতি বৃদ্ধি পাবে। মানুষের তুলনায় যন্ত্র অনেক দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। ফলে সংঘাত ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণের সুযোগ কমে যেতে পারে। এ কারণে শুধু অস্ত্রের প্রযুক্তিগত সক্ষমতা নয়, এর ব্যবহার, নিয়ন্ত্রণ, জবাবদিহি এবং আন্তর্জাতিক আইনও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তাহলে বিশ্ব কি সম্পূর্ণ স্বয়ংক্রিয় যুদ্ধের দিকে যাচ্ছে?

বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, বিশ্ব এখনও সম্পূর্ণ স্বয়ংক্রিয় যুদ্ধের যুগে প্রবেশ করেনি। তবে যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশগুলোতে মানুষের ওপর নির্ভরতা কমানোর প্রবণতা স্পষ্ট।

যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইসরাইল, ইউক্রেন ও তুরস্কের মতো দেশগুলো বিভিন্ন মাত্রায় এআইনির্ভর সামরিক প্রযুক্তি তৈরি ও ব্যবহার করছে। কোনো কোনো ক্ষেত্রে অস্ত্র নিজেই উড়তে, লক্ষ্য খুঁজতে এবং অনুসরণ করতে পারছে। আবার কিছু ক্ষেত্রে মানুষের অনুমোদন ছাড়া হামলা চালানোর সক্ষমতা নিয়েও গবেষণা চলছে।

বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে শুধু শক্তিশালী অস্ত্র থাকলেই হবে না; দ্রুত তথ্য বিশ্লেষণ, স্বয়ংক্রিয় নজরদারি এবং ড্রোনের সমন্বিত ব্যবহারও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্রের ক্ষেত্রে প্রযুক্তিগত সক্ষমতা, নির্ভরযোগ্যতা এবং আন্তর্জাতিক আইনগত বাধ্যবাধকতা এখনো বড় প্রশ্ন।

স্বয়ংক্রিয় যুদ্ধ আর কেবল ভবিষ্যতের কল্পনা নয়। এর প্রযুক্তিগত ভিত্তি তৈরি হয়েছে এবং যুদ্ধক্ষেত্রেও এর বিভিন্ন প্রয়োগ দেখা যাচ্ছে। কিন্তু মানুষকে পুরোপুরি সরিয়ে দিয়ে যন্ত্রের হাতে যুদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত তুলে দেওয়ার পর্যায়ে বিশ্ব এখনো পৌঁছেছে কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে মুক্তিপণ দিয়েও খোঁজ মেলেনি লিবিয়ায় জিম্মি ছেলের, গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


দেশে মুক্তিপণ দিয়েও খোঁজ মেলেনি লিবিয়ায় জিম্মি ছেলের, গ্রেফতার ২

সিআইডি মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত দুই সদস্যকে গ্রেফতার করেছে, যারা লিবিয়ায় এক বাংলাদেশি নাগরিককে জিম্মি করে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করেছিল।

গ্রেফতারকৃতদের মধ্যে মো. মনোয়ার হোসেন (৪০) ও সোহেল রানা (৪৫) রয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তদন্তে জানা যায়, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের বাসিন্দা মো. আব্দুস সামাদের (৭০) ছেলে মো. সাইফুল (৩৯) প্রবাসে যাওয়ার জন্য প্রায় দুই বছর আগে বাংলাদেশি দালাল সোহেলের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান। কিন্তু সেখানে গিয়ে তিনি মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হন।

গত বছরের আগস্টে লিবিয়ার একটি মোবাইল নম্বর থেকে সাইফুলের স্ত্রীর মোবাইল ফোনে কল করে জানানো হয়, সাইফুলকে জিম্মি করা হয়েছে। অপহরণকারীরা জানায়, তাকে জীবিত ফেরত পেতে হলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে, অন্যথায় তাকে হত্যা করা হবে। তারা আরও জানায়, মুক্তিপণের অর্ধেক টাকা পরিশোধ না করা পর্যন্ত সাইফুলের সঙ্গে কথা বলা যাবে না।

সাইফুলের পরিবার সন্তানের জীবন রক্ষায় বিভিন্ন সময়ে বামনডাঙ্গার একটি দোকান থেকে অভিযুক্তদের দেওয়া একাধিক মোবাইল নম্বরে মোট ৫ লাখ টাকা পাঠায়। তাদের প্রত্যাশা ছিল, টাকা পরিশোধের পর অন্তত ছেলের সঙ্গে কথা বলতে পারবে এবং তাকে ফিরে পাওয়ার সুযোগ তৈরি হবে। কিন্তু পাঁচ লাখ টাকা পাওয়ার পরও অপহরণকারীরা সাইফুলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ করিয়ে দেয়নি।

পরে সোহেল নামে একজন সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে জানায়, সাইফুলের বিষয়ে তার কাছে সব তথ্য রয়েছে এবং প্রয়োজনে নিজে লিবিয়ায় গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসবে। এ আশ্বাস দিয়ে সাইফুলের স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় আসতে বলা হয়। কিন্তু সেখানে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে সোহেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে অন্য একটি মোবাইল নম্বর থেকে সাইফুলের বাবা আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করে ছেলেকে উদ্ধারের কথা বলে আরও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় জানানো হয়, লিবিয়ায় অবস্থানরত মোকাররম ও আনোয়ার নামের ব্যক্তিদের কাছে সাইফুল আটক রয়েছে।

এ ঘটনায় সাইফুলের বাবা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্য-উপাত্ত, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরবর্তীতে সিআইডির একটি দল অভিযান পরিচালনা করে নাটোর জেলার সিংড়া বাজার থেকে মো. মনোয়ার হোসেন ও সোহেল রানাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে মানব পাচারের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত, পাচারের রুট এবং লিবিয়ায় আটক সাইফুলের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের কার্যক্রম চলছে। সিআইডি এ ঘটনার নেপথ্যে থাকা দেশীয় ও আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা এবং লিবিয়ায় আটক সাইফুলকে উদ্ধারে কার্যক্রম অব্যাহত রেখেছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ বলেন, "বিদেশে কর্মসংস্থানের প্রলোভনে প্রতারণা ও মানব পাচারের মতো অপরাধ প্রতিরোধে সিআইডি বদ্ধপরিকর।" তিনি সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান, বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি, এজেন্সি, ভিসা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার জন্য। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গরু চুরির অভিযোগে তিনজন আটক, অভিযুক্তের বাড়িতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


গরু চুরির অভিযোগে তিনজন আটক, অভিযুক্তের বাড়িতে আগুন

গরু চুরির অভিযোগে স্থানীয় জনতা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এই ঘটনার প্রেক্ষিতে উত্তেজিত জনতা অভিযুক্ত একজনের বাড়িতে অগ্নিসংযোগ করে। পুলিশের উপস্থিতিতে প্রথমে একটি গোয়ালঘরে এবং পরে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর একটি বসতঘরে আগুন দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামে এই ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে রয়েছেন আজিজ মীরা, সাকিল হোসেন ও নয়ন শিকদার। তারা সকলেই শাহজিরা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আজিজ মীরার গোয়ালঘর থেকে চুরি হওয়া একটি গরু উদ্ধার করেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। এ সময় আজিজ মীরার পরিবারের সদস্যদের সঙ্গে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ভোর ৪টার দিকে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

স্থানীয় বাসিন্দা আদম আলী শিকদার জানান, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় বুধবার রাত ৩টা পর্যন্ত তিনি নিজের গোয়ালঘর পাহারা দেন। পরে তিনি ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর গোয়ালঘরে গিয়ে একটি গরু না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

রাতের বৃষ্টির কারণে মাটিতে গরুর পায়ের ছাপ স্পষ্ট থাকায় সেই ছাপ অনুসরণ করে তিনি আজিজ মীরার বাড়িতে যান। সেখানে গরু পালনের বিষয়ে জানতে চাইলে আজিজ তা অস্বীকার করেন। পরে তার গোয়ালঘর থেকে গরুর ডাক শুনে ভেতরে গিয়ে নিজের গরুটি শনাক্ত করেন বলে দাবি করেন আদম আলী।

এদিকে গ্রামের আরেক বাসিন্দা নাসির খান অভিযোগ করেন, ১০ দিন আগে তার একটি গরু হারিয়ে যায়। সকালে আজিজ মীরার বাড়িতে চোরাই গরু উদ্ধারের খবর পেয়ে সেখানে গিয়ে গোয়ালঘরের পাশে গোবরের স্তূপে গরুর রশি ও চামড়ার কিছু অংশ দেখতে পান। তার ধারণা, হারিয়ে যাওয়া গরুটি জবাই করে মাংস বিক্রি করা হয়েছে।

এ খবর ছড়িয়ে পড়লে গ্রামজুড়ে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের কাছ থেকে আজিজ মীরাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে সকাল ৭টার দিকে আজিজ মীরার গোয়ালঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে গৌরনদী মডেল থানা ও পার্শ্ববর্তী আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর উত্তেজিত জনতা আজিজ মীরার বসতঘরেও আগুন ধরিয়ে দেয়।

সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিরা গরু চুরির সঙ্গে জড়িত কি না এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাড়ি বিক্রির নতুন রেকর্ড, কর্মবাজারে স্বস্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


বাড়ি বিক্রির নতুন রেকর্ড, কর্মবাজারে স্বস্তি

যুক্তরাষ্ট্রে কর্মবাজারের স্থিতিশীলতা বজায় থাকলেও বাড়ি বিক্রিতে একটি বড় পতন ঘটেছে। গত অক্টোবরে, আগে থেকে ব্যবহৃত বাড়ি বিক্রি ৫ দশমিক ৫ শতাংশ কমে ৩৭ লাখ ৫০ হাজারে পৌঁছেছে, যা ২০১০ সালের আগস্টের পর সর্বনিম্ন। বাড়ির চড়া দাম এবং উচ্চ ঋণের সুদের হারকে এই পতনের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে বেকার ভাতার জন্য নতুন আবেদন বেড়ে ৯ হাজার হয়েছে। গত সপ্তাহে এই সংখ্যা ২ লাখে পৌঁছেছে। তবে, এক সপ্তাহের বেশি সময় ধরে বেকার ভাতা গ্রহণকারী মানুষের সংখ্যা ২০ হাজার কমে ১৬ লাখ ৯৭ হাজারে নেমে এসেছে। এই তথ্য দেশটির কর্মবাজারের স্থিতিশীল চিত্র তুলে ধরছে।

এদিকে, যদিও বাড়ি বিক্রি কমেছে, তবে বাড়ির দাম বেড়েছে। অক্টোবরে ব্যবহৃত বাড়ির গড় মধ্যম দাম গত বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ লাখ ২১ হাজার ৯০০ ডলারে পৌঁছেছে। একই সময়ে, বিক্রির জন্য বাজারে থাকা বাড়ির সংখ্যা বেড়ে ১৫ লাখ ৯০ হাজারে পৌঁছেছে।

বিশেষজ্ঞদের মতে, ঋণের সুদের হার ৭ শতাংশের ওপরে থাকার কারণে সাধারণ মানুষের বাড়ি কেনার সামর্থ্য কমছে। এই পরিস্থিতিতে, আগামী বছরের শেষ ভাগের আগে যুক্তরাষ্ট্রে বাড়ি বিক্রি ৪০ লাখের নিচে থাকতে পারে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদীতীরের অবৈধ ইটভাটায় অভিযান শিগগিরই: সড়ক ও নৌপরিবহন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


নদীতীরের অবৈধ ইটভাটায় অভিযান শিগগিরই: সড়ক ও নৌপরিবহন মন্ত্রী

নদীতীরের সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ ইটভাটার একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এসব ইটভাটায় দ্রুত অভিযান পরিচালনা করা হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর বসিলা লঞ্চঘাট থেকে ঢাকা উদ্যানসংলগ্ন গ্রিন সিটি আবাসিক এলাকা পর্যন্ত বিআইডব্লিউটিএর আয়োজনে অনুষ্ঠিত ‘ওয়াকওয়ে রান’ কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী আরও জানান, সরকারি জমি নতুন করে লিজ দেওয়া হচ্ছে না। তাই অবৈধভাবে দখল করা স্থাপনার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সরকার নদী দখল ও দূষণমুক্ত করে পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে।

তিনি বলেন, সড়ক যোগাযোগের উন্নয়ন এবং পদ্মা সেতু চালু হওয়ার ফলে লঞ্চ চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে নদীগুলোকে নৌযান চলাচলের উপযোগী করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ঢাকার চারপাশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করে নৌযোগাযোগ, ওয়াকওয়ে এবং পর্যটন সুবিধা বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে।

এদিকে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও বিভাগীয় কমিশনারদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তবে বৈধ ইটভাটার মালিকদের হয়রানি না করার নির্দেশও আদালত প্রদান করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%