০৬:৫৮ পি.এম
ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এই তথ্যটি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন নিশ্চিত করেছে।
বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তায় বাংলাদেশ হাইকমিশন এই ঘটনার জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে। হাইকমিশন জানায়, এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন বলেও জানা গেছে। তাদের মধ্যে তিনজন দিল্লির সাকেত এলাকার ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অপর দুইজন সফদরজং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এক্সে হাইকমিশনের ওই বার্তায় জানানো হয়েছে যে, আহত বাংলাদেশিদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়েছে। হাইকমিশন আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে উদ্ধার ও জরুরি সেবাকর্মীদের নিরলস প্রচেষ্টারও প্রশংসা করেছেন।
আরও পড়ুন: মাহদী আমিন: ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও সরকারের সমন্বয়ে সমস্যার সমাধান সম্ভব
এর আগে, বুধবার সকালে দিল্লির মালব্য নগরের পাঁচতলা ‘ফ্লোরিশ স্টে’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সকাল ৮টা ৫০ মিনিটের সময় হোটেলটির বেজমেন্টে অবস্থিত একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এই আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং পাশের ‘মিকাসা ইন’ নামের আরেকটি হোটেলেও আগুন পৌঁছে যায়।
এ ঘটনার ফলে অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। আগুন লাগার সময় অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। প্রাণ বাঁচানোর জন্য অনেকেই ভবন থেকে নিচে লাফিয়ে পড়েন, ফলে কয়েকজন গুরুতর আহত হন।
প্রাথমিক তদন্তে জানা গেছে যে, হোটেলটিতে অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি কক্ষ পরিচালনা করা হচ্ছিল। ভবনে মাত্র একটি প্রবেশ ও নির্গমন পথ থাকায় উদ্ধারকাজে বাঁধা সৃষ্টি হয়েছে। এছাড়া অগ্নিনিরাপত্তা সংক্রান্ত বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা তদন্তের মাধ্যমে দেখা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হয়নি।
এক কর্মীর ভাষ্য অনুযায়ী, বিদ্যুতচালিত চুলা চালু করার সময় আগুনের শিখা দেখা যায় এবং সেখান থেকেই আগুন দ্রুত প্রসারিত হয়।
আরও পড়ুন: ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা, 'ভিসা আন্ডারটেকিং ফর্ম' জমা বাধ্যতামূলক
এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও শোক প্রকাশ করেন এবং দ্রুত উদ্ধার ও চিকিৎসা সহায়তার ব্যাপারে আশ্বাস দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন