ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এআইইউবির সঙ্গে টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর


এআইইউবির সঙ্গে টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইন্দোনেশিয়ার স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান টেলকম ইউনিভার্সিটির সঙ্গে।

এই চুক্তির উদ্দেশ্য হলো শিক্ষা, গবেষণা, কমিউনিটি সার্ভিস এবং প্রাতিষ্ঠানিক সম্পদ উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করা, পাশাপাশি দুই প্রতিষ্ঠানের মধ্যে আন্তর্জাতিক একাডেমিক সম্পর্ক সম্প্রসারণ করা।

গত ৪ নভেম্বর, আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. কারমেন জেড. লামাগনা এবং টেলকম ইউনিভার্সিটির রেক্টর প্রফেসর ড. সুয়ান্তো, এস.টি., এম.এসসি। এই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি রিসার্চ সোসাইটির নেতৃত্বে রেদওয়ান-ইয়ামিন

সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার একটি কার্যকর কাঠামো গড়ে উঠবে। এর আওতায় শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধি, যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, কমিউনিটি সার্ভিস ও সমাজকল্যাণমূলক উদ্যোগে অংশীদারত্ব এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সম্পদ উন্নয়নে একসঙ্গে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।

এই অংশীদারির মাধ্যমে এআইইউবি ও টেলকম ইউনিভার্সিটি পারস্পরিক জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে কাজ করবে।

এটি উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আন্তর্জাতিক একাডেমিক সম্পৃক্ততা এবং সহযোগিতার সুযোগ আরও সম্প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং অর্থবহ প্রাতিষ্ঠানিক অংশীদারি প্রতিষ্ঠায় এআইইউবির চলমান উদ্যোগের ধারাবাহিকতায় এই সমঝোতা স্মারক স্বাক্ষর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

আরও পড়ুন: তেঁতুলিয়ায় এক শিক্ষার্থীর পাঠদানে ৫ প্রভাষক, ১৬ শিক্ষক-কর্মচারী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিসি ওমেনস এমার্জিং ন্যাশনস ট্রফিতে বাংলাদেশকে হারিয়ে শীর্ষে নেদারল্যান্ডস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


আইসিসি ওমেনস এমার্জিং ন্যাশনস ট্রফিতে বাংলাদেশকে হারিয়ে শীর্ষে নেদারল্যান্ডস

সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত আইসিসি ওমেনস এমার্জিং ন্যাশনস ট্রফির ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ।

আজমানের কারওয়ান স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। ওপেনিং ব্যাটসম্যান দিলারা আক্তার ৪৬ বল খেলে ৪টি চার ও ২টি ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন।

এছাড়া নিগার সুলতানা ২২ বলে ২০, স্বর্ণা আক্তার ১৩ বলে ১৯ এবং শারমিন আক্তার ২২ বলে ১৯ রান করেন।

ডাচ দলের পক্ষে হিদার সিগার্স ২১ রানে ৪ উইকেট দখল করেন। হান্নাহ ল্যানহিয়া ২ উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে নেদারল্যান্ডস স্টেরে কালিসের ৫০ বলে ৬৮ রানের ইনিংসে ভর করে ৫ উইকেট ও ২ বল হাতে রেখেই জয় অর্জন করে।

ডাচদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বলে ২০ রান করেন ফেবে মোল্কেনবোর। এছাড়া বাবেতে ডি লিড ১৭ ও ফ্রেডেরিক ওভারডিক ১২ রান করেন।

বাংলাদেশের পক্ষে রাবেয়া ২টি উইকেট শিকার করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিটামিন ডি সাপ্লিমেন্ট কেনার আগে জানুন ১০টি গুরুত্বপূর্ণ বিষয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


ভিটামিন ডি সাপ্লিমেন্ট কেনার আগে জানুন ১০টি গুরুত্বপূর্ণ বিষয়

বাংলাদেশে রোদ থাকলেও অনেকের শরীরে ভিটামিন ডির ঘাটতি দেখা দিতে পারে। ঘরের ভেতরে দিনের বড় অংশ কাটানো, পোশাকের কারণে শরীরের বেশির ভাগ অংশ ঢাকা থাকা অথবা খাদ্যাভ্যাসের মতো বিষয়গুলো এই ঘাটতির জন্য দায়ী হতে পারে। তবে, ভিটামিন ডির ঘাটতি আছে কি না, তা না জানলে নিজের ইচ্ছায় সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত নয়। বাজারে বিভিন্ন মাত্রা ও ধরনের সাপ্লিমেন্ট থাকায় কেনার আগে কিছু বিষয় যাচাই করা জরুরি।

ভিটামিন ডির ঘাটতি নিয়ে উদ্বেগের পেছনে গবেষণার তথ্য রয়েছে। ২০২৫ সালে আট বিভাগের ২ হাজার ৪৮১ জনের ওপর করা এক মূল্যায়নে অংশগ্রহণকারীদের ৬৭ শতাংশের শরীরে ভিটামিন ডির ঘাটতি পাওয়া যায়। কিশোর-কিশোরী ও গর্ভবতী নারীদের মধ্যে ঘাটতির হার তুলনামূলক বেশি ছিল। তবে এই ফলাফলকে দেশের প্রতিটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য জাতীয় হার হিসেবে বিবেচনা করা যাবে না।

সাপ্লিমেন্ট কেনার আগে যে ১০টি বিষয় খেয়াল রাখবেন

১. আগে ঘাটতি আছে কি না জানুন

শরীরে ভিটামিন ডির মাত্রা জানার জন্য চিকিৎসক প্রয়োজন মনে করলে রক্তের ২৫-হাইড্রক্সি ভিটামিন ডি বা 25(OH)D পরীক্ষা করাতে পারেন। ক্লান্তি, হাড়ে ব্যথা বা পেশিতে দুর্বলতা থাকলেই যে ভিটামিন ডির ঘাটতি হয়েছে, তা নিশ্চিত নয়। তাই উপসর্গ দেখে নিজে নিজে সাপ্লিমেন্ট শুরু না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

২. ডি২ ও ডি৩-এর পার্থক্য বুঝুন

বাজারে ভিটামিন ডি২ ও ডি৩—দুই ধরনের সাপ্লিমেন্ট পাওয়া যায়। ডি২-এর নাম এরগোক্যালসিফেরল এবং ডি৩-এর নাম কোলেক্যালসিফেরল। সাধারণত ডি৩ রক্তে ভিটামিন ডির মাত্রা বাড়াতে বেশি কার্যকর বলে বিবেচিত হয়। তবে কোনটি প্রয়োজন, তা ব্যক্তির শারীরিক অবস্থা ও চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করে।

৩. মাত্রা বা আইইউ দেখে কিনুন

সাপ্লিমেন্টের প্যাকেটে ৪০০, ৬০০, ১ হাজার, ২ হাজার কিংবা ১০ হাজার আইইউ লেখা থাকতে পারে। আইইউ বা ইন্টারন্যাশনাল ইউনিট হলো ভিটামিনের পরিমাণ মাপার একক। বেশি আইইউ মানেই বেশি উপকার—এমন নয়। বয়স, ঘাটতির মাত্রা ও শারীরিক অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় মাত্রা আলাদা হতে পারে।

৪. উচ্চমাত্রার সাপ্লিমেন্ট নিজে থেকে খাবেন না

বাংলাদেশের ফার্মেসিতে ২০ হাজার, ৪০ হাজার বা ৬০ হাজার আইইউ মাত্রার ভিটামিন ডি৩ ক্যাপসুল পাওয়া যায়। এগুলো সাধারণ দৈনিক সাপ্লিমেন্টের মতো নয়; নির্দিষ্ট পরিস্থিতিতে চিকিৎসক ঘাটতি পূরণের জন্য এমন মাত্রা দিতে পারেন। নিজের সিদ্ধান্তে বা দীর্ঘদিন ধরে উচ্চমাত্রার সাপ্লিমেন্ট খেলে শরীরে ক্যালসিয়াম বেড়ে যাওয়াসহ নানা জটিলতা দেখা দিতে পারে।

৫. ডি৩ ও কে২ একসঙ্গে আছে কি না দেখুন

কিছু সাপ্লিমেন্টে ভিটামিন ডি৩-এর সঙ্গে ভিটামিন কে২ যুক্ত থাকে। তবে সবার জন্য ডি৩ ও কে২ একসঙ্গে খাওয়া জরুরি—এমন নয়। বিশেষ করে রক্ত পাতলা করার ওষুধ, যেমন ওয়ারফারিন সেবন করলে কে২ যুক্ত সাপ্লিমেন্ট নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

৬. ক্যালসিয়াম মেশানো সাপ্লিমেন্টের প্রয়োজন বুঝুন

কিছু পণ্যে ভিটামিন ডির সঙ্গে ক্যালসিয়ামও থাকে। হাড়ের স্বাস্থ্যে দুটি পুষ্টি উপাদানই গুরুত্বপূর্ণ। কিন্তু আলাদা করে ক্যালসিয়াম প্রয়োজন না হলে শুধু ভিটামিন ডি পাওয়ার জন্য ক্যালসিয়ামযুক্ত সাপ্লিমেন্ট কেনার দরকার নেই। অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণও কিছু ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে।

৭. পণ্যের উপাদান ও মেয়াদ যাচাই করুন

কেনার আগে প্যাকেটের গায়ে ভিটামিন ডির ধরন, প্রতি ক্যাপসুল বা ট্যাবলেটে পরিমাণ, অন্যান্য উপাদান, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে নিন। অজানা অনলাইন বিক্রেতা বা সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপন দেখে পণ্য কেনার পরিবর্তে বিশ্বস্ত ফার্মেসি থেকে কেনা ভালো।

৮. খাবারের সঙ্গে সেবনের বিষয়টি জানুন

ভিটামিন ডি চর্বিতে দ্রবণীয়। তাই কিছুটা চর্বিযুক্ত খাবারের সঙ্গে এটি গ্রহণ করলে শোষণে সহায়তা হতে পারে। তবে সাপ্লিমেন্টের ধরন ও চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী সেবনবিধি মেনে চলা জরুরি।

৯. বিশেষ অবস্থায় চিকিৎসকের পরামর্শ নিন

শিশু, গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা, বয়স্ক ব্যক্তি এবং কিডনি বা লিভারের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ভিটামিন ডির প্রয়োজন ও মাত্রা ভিন্ন হতে পারে। নিয়মিত ওষুধ সেবন করলেও সাপ্লিমেন্ট কেনার আগে চিকিৎসক বা ফার্মাসিস্টের সঙ্গে কথা বলা উচিত।

১০. সাপ্লিমেন্টের পাশাপাশি খাবার ও রোদে নজর দিন

ভিটামিন ডির জন্য শুধু সাপ্লিমেন্টের ওপর নির্ভর করতে হবে না। সামুদ্রিক মাছ, ডিমের কুসুম, ভিটামিন ডি সমৃদ্ধ দুধ ও অন্যান্য খাবার খাদ্যতালিকায় রাখা যেতে পারে। পাশাপাশি ত্বকের ধরন, আবহাওয়া ও ব্যক্তিগত স্বাস্থ্য বিবেচনায় নিরাপদভাবে রোদে থাকার অভ্যাস করা যায়। তবে রোদে থাকলেই সবার শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি হবে, এমন নিশ্চয়তা নেই।

অতিরিক্ত ভিটামিন ডিও বিপজ্জনক

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) তথ্য অনুযায়ী, ১৯ বছর বা তার বেশি বয়সীদের জন্য দৈনিক ৪ হাজার আইইউ ভিটামিন ডি সাধারণত সর্বোচ্চ সহনীয় মাত্রা হিসেবে নির্ধারিত। তবে চিকিৎসক ঘাটতি পূরণের জন্য নির্দিষ্ট সময়ের জন্য এর চেয়ে বেশি মাত্রা দিতে পারেন। অতিরিক্ত ভিটামিন ডি গ্রহণে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে বমি বমি ভাব, বমি, অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, দুর্বলতা ও কিডনিতে পাথরের মতো সমস্যা দেখা দিতে পারে।

ভিটামিন ডি সাপ্লিমেন্ট কেনার সময় শুধুমাত্র ব্র্যান্ড বা আইইউয়ের সংখ্যা দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। শরীরের প্রয়োজন বুঝে চিকিৎসকের পরামর্শে সঠিক পণ্য ও মাত্রা নির্বাচন করাই সবচেয়ে নিরাপদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব সম্প্রদায়কে বুঝিয়ে দেব ভারত অন্যায়কারী: মাহমুদুর রহমান মান্না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


বিশ্ব সম্প্রদায়কে বুঝিয়ে দেব ভারত অন্যায়কারী: মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মন্তব্য করেছেন যে, বর্তমানে এমন একটি সময় এসেছে যেখানে সাহসের সঙ্গে কথা বলার প্রয়োজন। তিনি উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী কথা বলছেন, তবে তিনি কি মিনমিনে কথা বলছেন তা নিয়ে সন্দেহ রয়েছে। মান্না দাবি করেন, "আমরা পারি আমাদের পানির ন্যায্য হিস্যা আদায় করতে। বিশ্ব সম্প্রদায়কে বুঝিয়ে দেব তারা (ভারত) অন্যায়কারী। অন্যায়কারী কখনো জয়যুক্ত হতে পারে না।"

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি কর্তৃক আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না আরও বলেন, "গতকাল গোপালগঞ্জে যে তাণ্ডব হয়েছে... যারা মনে করছেন যে সবকিছু উল্টে যাচ্ছে, আগামী দু-এক মাসের মধ্যে তা চোখে আঙুল দিয়ে দেখানো যাবে। পুরো দেশ একসঙ্গে থাকতে হবে। এই সময়ে পুরো জাতির ঐক্য দরকার।"

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মন্তব্য করেন, "ভারত এ পর্যন্ত আমাদের পানির ন্যায্য হিস্যা দেয়নি। আগামী ১২ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হবে। এখন পর্যন্ত এটা নিয়ে কোনো উদ্যোগ আমরা দেখিনি। পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের পানির অধিকার ভারতের কোনো দয়া নয়।"

তিনি আরও বলেন, "বাণিজ্যিক ভারসাম্যের সীমাহীন ঘাটতির সংকট সমাধান না করে, সীমান্ত হত্যা বন্ধের চূড়ান্ত সমাধান না করে আমরা অনেক কিছু তাদের হাতে তুলে দিয়েছি।"

সাইফুল হক যোগ করেন, "ভারতের সঙ্গে অনেকগুলো চুক্তি থেকে বাংলাদেশের সরে আসা দরকার। মিঠা পানির সর্বোচ্চ ব্যবহার আমরা করতে পারিনি। পদ্মা বা তিস্তা ব্যারেজসহ বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা আদায়ে আমরা যেন পিছিয়ে না যাই। পানির এ লড়াইয়ের সঙ্গে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্ন। এ জন্য সীমান্ত পর্যন্ত একাধিক লংমার্চের প্রয়োজন হতে পারে। প্রয়োজনে এই লংমার্চ জাতিসংঘ পর্যন্ত নিয়ে যেতে হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূবালী ব্যাংক আইসিএসবির ১৩তম জাতীয় পুরস্কারে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


পূবালী ব্যাংক আইসিএসবির ১৩তম জাতীয় পুরস্কারে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) কর্তৃক আয়োজিত ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স, ২০২৫’-এ জেনারেল ব্যাংকিং ক্যাটাগরিতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে পূবালী ব্যাংক পিএলসি।

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির পুরস্কারটি পূবালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং কোম্পানি সচিব মো. আনিসুর রহমানের হাতে তুলে দেন। এ সময় ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া, এফসিএ, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মাহমুদুর রহমান এবং সহকারী মহাব্যবস্থাপক মো. আশরাফ-উজ-জামান উপস্থিত ছিলেন।

আইসিএসবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান, এফসিএস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরিফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, এফসিএ, এফসিএমএ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%