জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং
০৫:৪২ পি.এম
রাজবাড়ীর বালিয়াকান্দির দু’টি খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষ করে উপজেলা প্রশাসন ১৭ লাখ ১৩ হাজার ৬৫০ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে। প্রশাসনের দাবি হচ্ছে, নির্ধারিত গুণগত মান বজায় রেখেই প্রকল্প বাস্তবায়ন করায় বরাদ্দের একটি বড় অংশ ব্যয় হয়নি। সরকারী কোষাগারে সেই উদ্বৃত্ত অর্থ জমা দেওয়া হয়েছে। এ কারণে প্রশংসাও পাচ্ছেন তারা।
বালিয়াকান্দি উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সাধুখালী মই বিলে কানাই মন্ডলের পুকুর চালা থেকে সাধুখালী শরিষার বিল ভায়া সাধুখালী মাধুরীর বাড়ী সংলগ্ন ব্রীজ থেকে বহলাকুন্ডু রতনের পুকুর চালা পর্যন্ত ৩ কি.মি. খাল খনন ও পুণঃখননের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া, জামালপুর ইউনিয়নের খামার মাগুরা রফিকের বাড়ী থেকে হাতিমোহন হয়ে মাশালিয়া খাল পর্যন্ত খাল পুণঃখনন ৩ কি.মি. করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আওতায় মোট ১ কোটি ২৮ লাখ ৮২ হাজার ৮৩৮ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রকল্পের কাজ শুরু হয় ১৪ মে ও শেষ হয় ২২ জুন। দুই খালের মোট দৈর্ঘ্য ৬ কিলোমিটার।
খাল খনন শেষে অবশিষ্ট ৪ লাখ ৪৩ হাজার ৮৪০ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। জামালপুর ইউনিয়নের খামার মাগুরা রফিকের বাড়ী থেকে হাতিমোহন হয়ে মাশালিয়া খাল পর্যন্ত ৩ কি.মি. খাল খননের পর অব্যয়িত ১২ লাখ ৬৯ হাজার ৮১০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। সব মিলে, দুই প্রকল্পে মোট বরাদ্দের অবশিষ্ট ১৭ লাখ ১৩ হাজার ৬৫০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত যাচ্ছে। প্রকল্পের অংশ হিসেবে খাল দু’টির পাড়ে ৩ হাজার ৪০০টি বৃক্ষরোপণ করা হয়েছে।
প্রশাসনের তথ্য অনুযায়ী, পুনঃখননের ফলে খাল দুটির পানি ধারণক্ষমতা ও নাব্যতা বেড়েছে। এর ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে।
স্থানীয় সুশিল কুমার এবং আরব আলী জানিয়েছেন, আগে বর্ষায় খালে পানি জমে থাকায় আশপাশের জমিতে জলাবদ্ধতা তৈরি হতো। এখন খাল পুনঃখননের পর তারা আশা করছেন যে পানি দ্রুত নেমে যাবে। এতে সময়মতো ধান, পাট, পেঁয়াজ, রসুন, মরিচসহ বিভিন্ন ফসলের আবাদ করা সহজ হবে এবং বছরে একাধিক ফসল উৎপাদনের সুযোগ আরও বাড়বে।
জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান কল্লোল কুমার বসু বললেন, খাল খনন ও পুনঃখননের ফলে জঙ্গল ইউনিয়নের বিভিন্ন গ্রামের জলাবদ্ধতা কমতে শুরু করেছে। তিনি উল্লেখ করেন যে, সংযোগ খালগুলোও পুনঃখনন করা গেলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।
বালিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান উল্লেখ করেন যে, জঙ্গল ও জামালপুর খাল পুণঃখনন করায় এলাকার কৃষকরা উপকৃত হবে। পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বয়ে উপজেলার আরও খাল পুনঃখননের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদনে বছরে প্রায় ৭০০ কোটি টাকার অর্থনৈতিক সুফল মিলতে পারে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেছেন, প্রকল্পের কাজের মান বজায় রেখেই সরকারি অর্থের সাশ্রয় নিশ্চিত করা হয়েছে। অব্যয়িত ১৭ লাখ ১৩ হাজার ৬৫০ টাকা বিধি অনুযায়ী সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, স্থানীয় কৃষকরা দীর্ঘমেয়াদে খাল খনন ও পুনঃখনন করায় সুফল পাবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) উচ্চ-রেজোলিউশনের জলবায়ু প্রক্ষেপণ তথ্য এবং একটি উন্নত জলোচ্ছ্বাস পূর্বাভাস মডেল সফলভাবে তৈরি করেছে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জাতীয় সক্ষমতা বৃদ্ধি ও জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে এই মডেল তৈরি করা হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচির ধারাবাহিকতায় বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে ‘বাংলাদেশে কার্যকর দুর্যোগ ঝুঁকি হ্রাসে জলবায়ু প্রক্ষেপণ ও জলোচ্ছ্বাস মডেলিং’ শীর্ষক একটি জাতীয় সেমিনারের আয়োজন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ‘সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উইং-৩ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে পরিচালিত কারিগরি সহায়তা প্রকল্প (TAPP) ‘Strengthening the Capacity of Weather and Climate Services’-এর আওতায় ২০২৬ সালের জুলাই মাসে যৌথভাবে একাধিক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণে জাপান আবহাওয়া সংস্থার (JMA) মেটিওরোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের (MRI) প্রখ্যাত বিজ্ঞানী ড. আকিহিকো মুরাতা ও ড. নাদাও কোহ্নো অংশগ্রহণ করে বিএমডি কর্মকর্তাদের বৈজ্ঞানিক ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান করেন।
গবেষণা ও নতুন পূর্বাভাসের মূল দিকসমূহ: দেশের উত্তর-পূর্বাঞ্চলে মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাওয়ায় আকস্মিক বন্যার ঝুঁকি বাড়বে। বর্ষা মৌসুম শুরুর পরও তীব্র ও ঘন ঘন তাপপ্রবাহ দেখা যেতে পারে। শীতকাল ও বর্ষা-পরবর্তী সময়ে ঘন কুয়াশার প্রবণতা বৃদ্ধি পাবে। নতুন মডেলের মাধ্যমে জলোচ্ছ্বাসের উচ্চতা, পরিবর্তনের ধারা এবং সম্ভাব্য প্লাবিত এলাকার আগাম নিখুঁত তথ্য পাওয়া যাবে। সমুদ্রের ঢেউয়ের উচ্চতা প্রতিদিন আরও সঠিকভাবে পূর্বাভাস প্রদান সম্ভব হবে।
উল্লেখ্য, নতুন এই জলোচ্ছ্বাস পূর্বাভাস মডেলটি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে এবং এর পূর্বাভাস বিএমডির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে। এ উদ্যোগটি বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) ‘Early Warnings for All (EW4All)’ বৈশ্বিক কর্মসূচির সাথে সামঞ্জস্যপূর্ণ।
সেমিনারে প্রতিরক্ষা মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সশস্ত্র বাহিনী, পানি উন্নয়ন বোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাইকার সহযোগিতার প্রশংসা করেন এবং আবহাওয়াজনিত ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষিত রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার দুটি পৃথক চেষ্টায় ৪ অভিবাসীর মৃত্যু হয়েছে।
এটি ঘটে ফ্রান্স থেকে ব্রিটেনে যাওয়ার উদ্দেশ্যে।
বৃহস্পতিবার এ তথ্য ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে।
বুধবার গভীর রাতে সমুদ্রের উপকূলী শহর হারদেলোর কাছে একটি নৌকা ডুবে যায়, যার ফলে এক ব্যক্তির মৃত্যু ঘটে।
ফ্রান্সের লিল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
এছাড়া, ডানকার্ক বন্দরের নিকটে আরও তিন অভিবাসন প্রত্যাশীর লাশ উদ্ধার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অনলাইন জুয়া খেলার অভিযোগে ৩৫ বছরের মোঃ মিজানুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ২৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দের দিবাগত রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চরিতাবাড়ী গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিজানুর রহমানকে নিজ বসতবাড়ির বারান্দা থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মোঃ ইদ্রিস আলী এবং মোছাঃ সাহেরা খাতুনের ছেলে।
পুলিশের দাবি, গ্রেফতারের পর উপস্থিত সাক্ষীদের সামনে মিজানুর রহমান স্বীকার করেন যে, তিনি নিজের মোবাইল ফোনের জিমেইল আইডি ব্যবহার করে বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে নিয়মিত অনলাইনে জুয়া খেলতেন। বিষয়টি সম্পর্কে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৫/১৬ ধারায় আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৪১, তারিখ: ৩০ জুলাই ২০২৬)। পরবর্তীতে বৃহস্পতিবার (৩০ জুলাই) তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, অনলাইন জুয়াসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। 'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং মেলার উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলাপ্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে এবং সহকারী বন সংরক্ষক সাদিকুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৃক্ষমেলার মূল উদ্দেশ্য মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত ও উদ্বুদ্ধ করা। পাশাপাশি কীভাবে সঠিকভাবে গাছ রোপণ ও পরিচর্যা করতে হয়, সে বিষয়ে সাধারণ মানুষকে বাস্তব ধারণা দেওয়াও এ মেলার অন্যতম লক্ষ্য। তিনি বলেন, "মেলার বিভিন্ন স্টলে গিয়ে যে কেউ গাছ লাগানো, পরিচর্যা ও সংরক্ষণ সম্পর্কে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন।"
তিনি আরও বলেন, বৃক্ষমেলার প্রচারণা আরও বাড়ানো প্রয়োজন। জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মেলায় এনে বৃক্ষরোপণ সম্পর্কে জানার সুযোগ করে দেওয়ার উদ্যোগকে তিনি ইতিবাচক উল্লেখ করেন এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
নার্সারি মালিকদের আবেদনের প্রসঙ্গ তুলে এমপি ওয়ারেছ আলী মামুন বলেন, সাত দিনের পরিবর্তে মেলার সময়সীমা ১০ দিন করা হলে আরও বেশি মানুষ অংশগ্রহণের সুযোগ পাবেন এবং বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নে তা সহায়ক হবে।
তিনি বলেন, সরকারের নির্ধারিত লক্ষ্য অনুযায়ী সারা দেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এবং পরিবেশ রক্ষায় সবাইকে আরও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, ডা. মোবারসিরা এবং কাজী কৃষি উপকরণ নার্সারির মালিক সুজন কাজী।
সপ্তাহব্যাপী এ বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির জন্য মোট ৩৫টি স্টল অংশ নিয়েছে। দর্শনার্থীরা মেলা থেকে গাছের চারা সংগ্রহের পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিচর্যা বিষয়েও পরামর্শ গ্রহণ করতে পারবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ