ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

বেলুচিস্তানে ভারত সমর্থিত ১৭ ‘সন্ত্রাসী’ নিহত


বেলুচিস্তানে ভারত সমর্থিত ১৭ ‘সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানের বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় পরিচালিত একাধিক অভিযানে ১৭ জন ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ নিহত হয়েছে, এমনটাই দাবি করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর)।

মঙ্গলবার, ২ জুন, পাকিস্তানি সেনাবাহিনীর গণমাধ্যম শাখা একটি বিবৃতিতে জানায় যে, ২৪ মে ট্রেন হামলার ঘটনার পর মাসতুং, নুশকি, জেহরি, খুজদার ও কেচ জেলায় এই অভিযানগুলো পরিচালিত হয়।

অভিযানের সময় নিরাপত্তা বাহিনী একাধিক সন্দেহভাজন অবস্থান লক্ষ্য করে অভিযান চালায় এবং তীব্র গোলাগুলির মধ্যে ১৭ জন সন্ত্রাসী নিহত হয়। পাকিস্তান বলছে, নিহতরা ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্য।

আরও পড়ুন: সউদিতে হুতিদের হামলার জের: আটকা হাজারো ভারতীয় ওমরাহযাত্রী

আইএসপিআর আরও জানিয়েছে, অভিযানের সময় আহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক এবং তৈরি আইইডি উদ্ধার করা হয়েছে। তারা এসব ব্যক্তিকে এলাকার একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হিসেবে চিহ্নিত করেছে।

পাকিস্তান সরকার বলছে যে, ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। তবে, এসব অভিযানে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে অগ্নিকাণ্ডে হতাহতের মধ্যে বাংলাদেশিরাও আছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৪:৪৩ এম


দিল্লিতে অগ্নিকাণ্ডে হতাহতের মধ্যে বাংলাদেশিরাও আছেন

ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন মোট ৪৭ জন, যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। উল্লেখযোগ্য তথ্য হলো, বেশিরভাগ মানুষ ঘটনাস্থলে ঘুমিয়ে ছিলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস অনুযায়ী, নিহত ২১ জনের মধ্যে ১৭ জনই বিদেশি নাগরিক। পুলিশের সূত্রে জানা যায়, নিহত বিদেশিদের মধ্যে বাংলাদেশ, নাইজেরিয়া, লাইবেরিয়া ও মোজাম্বিকের নাগরিক রয়েছেন। নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে বলে, আগুনের ঘটনায় আহতদের মধ্যে এখন পর্যন্ত ৫ বাংলাদেশিকে শনাক্ত করা গেছে। আহত বাংলাদেশিদের মধ্যে ৩ জন বর্তমানে ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং অপর ২ জন সাফদরজং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এই অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের সংখ্যা সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, দিল্লির মালভিয়া নগরে অবস্থিত ‘মিকাসা ইন’ নামের হোটেলটি আফ্রিকার দেশগুলোর নাগরিকদের জন্য চিকিৎসা ভিসায় ভারতে আসার ক্ষেত্রে একটি জনপ্রিয় স্থান হিসেবে পরিচিত। এই হোটেলটি পন্ডিত মদন মহান মালভিয়া হাসপাতাল, ম্যাক্স হাসপাতাল ও এআইআইএমএস-এর সন্নিকটে অবস্থিত।

দেশটির আরেক গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার সকালে হোটেলের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। হোটেলটি একটি সরু গলিতে অবস্থিত এবং সেখানে প্রায় ২৫টি কক্ষ রয়েছে। হোটেলে যখন আগুন ছড়িয়ে পড়তে শুরু করে, তখন অতিথিদের বেশিরভাগই ঘুমাচ্ছিলেন। ঘটনাস্থলে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, আগুন থেকে বাঁচতে কিছু মানুষ ভবন থেকে নিচে লাফিয়ে পড়ছেন।

হোটেলটির রেস্তোরাঁর শেফ কেসার সিং জানান, সকাল আনুমানিক ৮টার দিকে তিনি যখন একটি বৈদ্যুতিক চুলা জ্বালানোর চেষ্টা করেন, তখনই হঠাৎ করে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে তিনি এটি বুঝতে পারেন যে, আগুন পুরো হোটেলে ছড়িয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত, জরুরি নির্দেশনা দূতাবাসের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৪:৪৭ এম


কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত, জরুরি নির্দেশনা দূতাবাসের

কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় যে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে চারজন বাংলাদেশি রয়েছেন। বুধবার (৩ জুন) কুয়েতে বাংলাদেশ দূতাবাসের একটি জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আহত বাংলাদেশিদের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে দূতাবাস খোঁজ-খবর রাখছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক সংকটের প্রেক্ষাপটে কুয়েতের আকাশসীমা সম্প্রতি একাধিকবার ড্রোন ও মিসাইল দ্বারা আক্রান্ত হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার কুয়েতের আন্তর্জাতিক বিমান বন্দরে ড্রোন হামলার ফলে চারজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এছাড়া আরও কিছু সংখ্যক অন্যান্য দেশের নাগরিকও আহত হয়েছেন এবং একজন ব্যক্তি নিহত হয়েছেন। আহত বাংলাদেশিদের স্থানীয় ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে দূতাবাস বলছে, কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী, এ ধরনের বিশেষ পরিস্থিতিতে ঘটনাস্থলের বিশেষ করে রকেট বা ড্রোন হামলাসমূহ এবং সেগুলো প্রতিহত করার ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা কুয়েতের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

এতে আরও বলা হয়েছে, ‘এ অবস্থায়, কুয়েতের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কুয়েত সরকারের দিকনির্দেশনা মেনে চলা এবং এসংক্রান্ত ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা এবং সেগুলি সোশাল মিডিয়ায় আপলোড করা থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো।’

হতাহতের প্রেক্ষাপটে কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে সংরক্ষিত রক্ত সরবরাহে ঘাটতি হওয়ার খবর তুলে ধরে দূতাবাস রক্ত দিতে প্রবাসীদের অনুরোধ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এ প্রেক্ষিতে রক্তদানে সক্ষম কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে গমন করে রক্ত দান করা এবং অন্যদেরকে এ বিষয়ে উৎসাহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদত্যাগের ৪৮ ঘণ্টা পর যা বললেন এমপি দীপেন দেওয়ান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৪:৫৮ এম


পদত্যাগের ৪৮ ঘণ্টা পর যা বললেন এমপি দীপেন দেওয়ান

‎অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন সংসদ সদস্য দীপেন দেওয়ান। তবে পদত্যাগ করার পর থেকে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি সাবেক এই মন্ত্রী।

সোমবার (১ জুন) দুপুরে ‎তার আকস্মিক পদত্যাগের খবরে পার্বত্যাঞ্চলে নানা ধরনের আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। 

প্রায় ৪৮ ঘণ্টার পর বুধবার (৩ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পার্বত্যবাসীকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে একটি পোস্ট দেন দীপেন দেওয়ান।

‎ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‎প্রিয় পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের জনগণ, আসসালামালাইকুম, ঝু ঝু, নমস্কার, কুলুংকা, রিকোবায়া। ‎সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর দায়িত্ব থেকে আমার পদত্যাগকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সাধারণ জনগণের মধ্যে যে আবেগ, উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, সে বিষয়ে আমি গভীরভাবে অবগত রয়েছি।

‎আমি পার্বত্য চট্টগ্রামের সব পাহাড়ি, বাঙালি এবং অন্যান্য সম্প্রদায়ের ভাই-বোনদের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি যে, আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধারণ করুন এবং আইন-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখুন। কোনো ধরনের উসকানি, বিভ্রান্তি বা সংঘাতের পথে না গিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের পরিবেশ অক্ষুণ্ণ রাখুন।

‎আমি বিশ্বাস করি, পার্বত্য চট্টগ্রাম আমাদের সবার। এই অঞ্চলের উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি রক্ষার দায়িত্বও আমাদের সবার। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সব জনগণের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হোক-এটাই আমার প্রত্যাশা।

‎আমি গর্বের সঙ্গে স্মরণ করছি যে, আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার আদর্শ, দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতার শিক্ষা আমার রাজনৈতিক জীবনের প্রেরণা। আমি দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্নেহ, দিকনির্দেশনা ও নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছি। রাজনৈতিক জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমি বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে আসছি।

‎আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার রাজনৈতিক আদর্শের ঠিকানা। আমি জীবনের অবশিষ্ট সময়ও এই প্রিয় দল, এর আদর্শ এবং দেশের জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করে যেতে চাই। ব্যক্তিগত বা রাজনৈতিক যে কোনো পরিস্থিতিতেই আমি দলের প্রতি আমার আনুগত্য ও অঙ্গীকার অটুট রাখব। এই দল আমি কখনো ত্যাগ করব না।

‎আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ব্যক্তি নয়, জনগণের কল্যাণই সবচেয়ে বড় বিষয়। তাই আমি পার্বত্য চট্টগ্রামের সব জনগণের কাছে আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন। মত-পার্থক্য থাকতে পারে, কিন্তু বিভেদ নয়, প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু সংঘাত নয়।

‎আমার একান্ত কামনা, পার্বত্য চট্টগ্রামের তিন জেলার পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করুক, উন্নয়নের সুফল ভোগ করুক এবং এই অঞ্চল সম্প্রীতি, স্থিতিশীলতা ও শান্তির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গড়ে উঠুক।

‎পরিশেষে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নেতৃত্বের প্রতি আমি পূর্ণ আস্থাশীল, নতুন বাংলাদেশ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যেতে চাই। আমি আবারও দীপ্ত কন্ঠে ঘোষণা করছি- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমার শেষ ঠিকানা।

‎সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ‎সবার আগে বাংলাদেশ, ‎বাংলাদেশ জিন্দাবাদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম একক ফুটবলার হিসেবে প্রিন্সেস অস্তুরিয়াস পুরস্কার লাভ করলেন মেসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৫:০৬ এম


প্রথম একক ফুটবলার হিসেবে প্রিন্সেস অস্তুরিয়াস পুরস্কার লাভ করলেন মেসি

প্রিন্সেস অস্তুরিয়াস পুরস্কার। ফুটবলারদের শোকেসে এটি আগেও উঠেছে। ২০০২ সালে ব্রাজিল এবং ২০১০ সালে স্পেন জাতীয় ফুটবল দল এই পুরস্কারটি পেয়েছিল। ২০১২ সালে যৌথভাবে ইকার ক্যাসিয়াস এবং জাভি হার্নান্দেজ এটি পেয়েছিলেন। তবে, এবার প্রথম একক ফুটবলার হিসেবে এটি লাভ করলেন লিওনেল মেসি।

স্পেনের স্বায়ত্তশাসিত এলাকা অস্তুরিয়াসের রাণির পক্ষ থেকে শিল্পকলা, সাহিত্য, সমাজবিজ্ঞান, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করা হয়। ফুটবলে তার অবদানের স্বীকৃতিস্বরূপ মেসিকে এবার এই পুরস্কার সম্মানিত করা হয়েছে। মেসির হাতে পুরস্কারটি উঠবে আগামী অক্টোবরে।

অস্তুরিয়াস পুরস্কার ফাউন্ডেশনের সভাপতি তেরেসা পেরেলস সহেক একাধিক সদস্য গঠিত জুরি বোর্ড ভোটের মাধ্যমে মেসিকে এই সম্মান প্রদানের সিদ্ধান্ত নেন। জুরিদের বিবৃতিতে বলা হয়েছে, ‘অসাধারণ প্রতিভা, অনন্য ক্রীড়াজীবন এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে তার দীর্ঘমেয়াদি এবং উল্লেখযোগ্য মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি ফুটবল ইতিহাসে সর্বাধিক শিরোপাজয়ী খেলোয়াড় লিও মেসি মাঠে তার আদর্শ আচরণ, ধারাবাহিকতা, বিনয় এবং দলীয় খেলায় অঙ্গীকারবদ্ধতার জন্য সবার শ্রদ্ধা ও প্রশংসা অর্জন করেছেন।’

আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে মেসি ২০২২ সালে বিশ্বকাপ জয় করেছেন, ২০২১ এবং ২০২৪ সালে টানা দুটি কোপা আমেরিকার শিরোপা লাভ করেছেন। ২০০৮ সালে তিনি অলিম্পিক স্বর্ণপদক জিতেছিলেন। ক্লাব ফুটবলেও তার সাফল্য অসাধারণ। বার্সেলোনার হয়ে তিনি ১০টি লা লিগা এবং ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছেন। এছাড়া ইন্টার মায়ামি সিএফের হয়ে এমএলএস কাপ, সাপোর্টার্স শিল্ড এবং ২০২৪ সালের লিগস কাপ ২০২৩ জয় করেছেন।

পুরস্কার পেয়ে মেসি উচ্ছ্বসিত। কানসাস সিটিতে বিশ্বকাপ ক্যাম্প থেকে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘হ্যালো, আমরা ইতোমধ্যেই জাতীয় দলের সঙ্গে কানসাস সিটিতে আছি এবং পুরো মনোযোগ ধরে রেখেছি। কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে খবরটি জানতে পারি এবং আমাকে অভিনন্দন জানিয়ে অসংখ্য বার্তা পেয়েছি। সত্যি বলতে, এই স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত গর্বিত। এর গুরুত্ব অনেক এবং শুধু মাঠে আমি যা করি তার জন্য নয়, মাঠের বাইরের কাজের জন্যও আমাকে স্বীকৃতি দেওয়া হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%