মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:০১ পি.এম
পিরোজপুরের জিয়ানগরে চুরির অভিযোগে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে কোমড়ে সিকল বেধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এবং চুরির মালামাল গলায় ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরানোর ভিডিও ফেসবুকে পোষ্ট করার পরে মুহুর্তেই ভাইরাল হয় এবং সমালোচনার ঝড় ওঠে। জানা যায়, উপজেলার কালাইয়া গ্রামের রুহুল আমিন হাওলাদার (৭০) চুরি করা তার স্বভাব। প্রায়ই চুরি করে ধরা পড়ে আর চুরি করবে না বলে অঙ্গিকার করলেও তিনি আবারও চুরি করেন। তেমনি গত সোমবার সকালে কালাইয়া গ্রামের রুহুল আমিন হাওলাদার পার্শ^বর্তী আব্দুল হালিম হাওলাদারের কয়েক ছড়ি সুপারী ও এক কাদি কলা চুরি করে। পরে স্থানীয়রা তাকে আটক করে সুপারী ছড়ি ও কলার কাদি তার গলায় ঝুলিয়ে এবং কোমড়ে সিকল বেধে রাস্তায় রাস্তায় জনতার মাঝে ঘুরায় ও নির্যাতন করে। আবার সেই দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠলে স্থানীয় এক বিএনপি নেতা তাকে গাল মন্দ বলে ছেড়ে দেয়। তবে ওই বৃদ্ধ একজন হতদরিদ্র।
এ বিষয় কালাইয়া গ্রামের নাসির উদ্দিন ফকির জানান, রুহুল আমিন নিয়মিত চুরি করে থাকে। একধিকবার থানা থেকে তাকে ছাড়ানো হয়েছে। তারপর ও সে চুরি ছাড়েনি। তাই তাকে এলাকাবাসী আটক করলে আর চুরি করবে না বলে আঙ্গিকার করে। কোন নির্যাতন করে নাই।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস বিশ্বাস জানান, ওই বৃদ্ধ আমার বাড়ীর পার্শ্বে কিন্তু চুরি করা তার স্বভাব। তাই স্থানীয়রা তাকে আটক করেছে কোন নির্যাতন করে নাই। বিষয়টি শুনে আমি বৃদ্ধকে ছেড়ে দিতে বললে তাকে স্থানীয়রা ছেড়ে দেয়।
মোঃ হাফিজুর রহমান
০১৯৭৯৩২৯১৮৭
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ফ্রান্সের প্রখ্যাত লেখক, বুদ্ধিজীবী ও দেশটির প্রথম সংস্কৃতিবিষয়কমন্ত্রী আঁদ্রে মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে সপ্তাহব্যাপী ফরাসি সপ্তাহ (সেমেইন ফ্রঁসেজ) আয়োজন করতে যাচ্ছে। এই আয়োজন ঢাকায় ২১ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে এ আয়োজনের ঘোষণা দেন। রাষ্ট্রদূতের বাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী তার অবদান স্মরণ করার পাশাপাশি স্বাধীনতা, সংহতি ও মানবিক মর্যাদার মতো অভিন্ন মূল্যবোধ উদযাপনের একটি সুযোগ।
ফরাসি সপ্তাহের মাধ্যমে দেশটির সংস্কৃতি, শিল্পকলা, চলচ্চিত্র, সংগীত, ইতিহাস ও খাদ্যসংস্কৃতি তুলে ধরা হবে। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আঁদ্রে মালরোর অবদান বিশেষভাবে স্মরণ করা হবে।
আঁদ্রে মালরো ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে সোচ্চার সমর্থন জানিয়েছিলেন। বাংলাদেশের মানুষের প্রতি তার সংহতি দুই দেশের সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে।
এই আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘আঁন্দ্রে মালরো মেমোরি ওয়াল’ স্থাপন করা হবে। এর মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার সমর্থন ও অবদান স্মরণ করা হবে। এছাড়া ঢাকায় আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আঁন্দ্রে মালরো গার্ডেন ও তার স্মৃতিসৌধের সামনে একটি স্মরণানুষ্ঠানের আয়োজন করবে।
ফরাসি সপ্তাহে শিল্পী ক্লাবের সহযোগিতায় একটি অপেরা পরিবেশনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব আয়োজন করবে। এতে বিভিন্ন আলোকচিত্রী জনজীবনের দৈনন্দিন মুহূর্ত ও নাগরিক জীবনের নানা চিত্র তাদের ক্যামেরায় তুলে ধরবেন।
এছাড়া ফরাসি চলচ্চিত্র নির্মাতা ভিনসেন্ট মুন চলচ্চিত্রবিষয়ক একটি মাস্টারক্লাস পরিচালনা করবেন।
ফরাসি খাবারের স্বাদ ও ঐতিহ্য তুলে ধরতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ফরাসি খাবার উৎসব আয়োজন করা হবে। ফরাসি শেফ প্যাট্রিক কানে এ উৎসবের খাবার প্রস্তুত করবেন। পাশাপাশি হোটেল ব্যবস্থাপনা ও পর্যটনবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য একটি মাস্টারক্লাস পরিচালনা করবেন তিনি।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, সপ্তাহব্যাপী এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে ফরাসি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, উপসাগরীয় দেশ বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি রাডার ব্যবস্থায় ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে দেশটির ঈসা বিমানঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানায় ইরানের সামরিক বাহিনী।
আইআরজিসি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে যে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ মোকাবিলার প্রচেষ্টার অংশ হিসেবে এই হামলা পরিচালিত হয়েছে।
ইরান সম্প্রতি বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থায় হামলার একাধিক দাবি করেছে। এই হামলাও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে, বাহরাইন দাবি করেছে যে, তাদের ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, আইআরজিসি একঝাঁক ড্রোন পাঠানোর পর সেগুলো আকাশে ধ্বংস করা হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্ভাব্য হামলার বিষয়ে মোবাইল ফোনে সতর্কবার্তা পাওয়ার পর বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
তবে ইরানের দাবি করা হামলায় মার্কিন রাডার ব্যবস্থা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
তথ্যসূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় প্রাণ গেল আরও এক শ্রমিকের। ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমালেন ২২ বছর বয়সী সেলিম হাওলাদার। সাভারের একটি জুতা কারখানার এই শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনিতে। সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা-বাবা।
সেলিম হাওলাদার মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামের রহিম হাওলাদার ও সেলিনা বেগমের ছেলে। পরিবারের অভাব ঘোচাতে মাত্র ১৫ হাজার টাকা মাসিক বেতনে সাভারের ট্রেন্ট সুজ নামের একটি জুতা কারখানায় কাজ করতেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সেলিম।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর ধরে ঢাকার সাভারের সবুজবাগ এলাকায় বসবাস করছে সেলিমের পরিবার। গত ৪ নভেম্বর দুপুরে কারখানার কাজ শেষে অন্য শ্রমিকদের সঙ্গে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সেলিমকে মারধর করা হয় বলে অভিযোগ স্বজনদের।
তাঁদের অভিযোগ, অন্য একটি পোশাক কারখানার শ্রমিকদের মারধরে গুরুতর আহত হন সেলিম। পরে তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৭ নভেম্বর) ভোরে তাঁর মৃত্যু হয়।
সেলিমের মৃত্যুতে শোকের মাতম চলছে পরিবারে। যে ছেলেকে ঘিরে বাবা-মায়ের ছিল হাজারো স্বপ্ন, সেই সন্তানের কবরের পাশে এখন শুধুই আহাজারি। ছেলের শোকে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা সেলিনা বেগম। বাবা রহিম হাওলাদারও ছেলের স্মৃতি মনে করে বাকরুদ্ধ হয়ে পড়ছেন।
সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রাতে সেলিমের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সেলিমের স্বজন ও এলাকাবাসী। তাঁদের দাবি, কর্মস্থল থেকে ফেরার পথে একজন শ্রমিকের ওপর এমন হামলা ও পরিণতিতে প্রাণহানির ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খ্যাতির শিখরে পৌঁছানোর পথ কখনোই মসৃণ ছিল না। পাকিস্তানের সংগীতাঙ্গনে একসময় রাজত্ব করা শিল্পী, বাংলাদেশে ফিরে এসে পেশাগত বয়কটের মুখে পড়েছিলেন। সহশিল্পীরা তার সঙ্গে মঞ্চে উঠতে চাইতেন না এবং স্টুডিওতে একসঙ্গে গান গাওয়ার জন্যও অনীহা প্রকাশ করতেন। এমনকি ব্যক্তিগত জীবনের কঠিন সময়গুলোও তাকে একা সামলাতে হয়েছে। তবে কোনো বাধাই তার কণ্ঠের জাদুকে আটকে রাখতে পারেনি। সব প্রতিকূলতা অতিক্রম করে, নিজের প্রতিভা ও শ্রোতাদের ভালোবাসায় তিনি উপমহাদেশের অন্যতম সেরা সংগীতশিল্পী হয়ে উঠেছেন। তিনি রুনা লায়লা। আজ ১৭ নভেম্বর, এই কিংবদন্তি শিল্পীর জন্মদিন।
১৯৫২ সালের এই দিনে সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। তার বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা, আর মা আমেনা লায়লা ছিলেন সংগীতশিল্পী। বাবার চাকরির সুবাদে শৈশবেই তিনি পরিবারের সঙ্গে পাকিস্তানের করাচিতে চলে যান। সেখানেই সংগীতের সঙ্গে তার পথচলা শুরু হয়। মাত্র ছয় বছর বয়সে তিনি গানের তালিম নেওয়া শুরু করেন। নয় বছর বয়সে আন্তস্কুল সংগীত প্রতিযোগিতায় প্রথম হয়ে নিজের প্রতিভার পরিচয় দেন। এরপর মাত্র ১২ বছর বয়সে পাকিস্তানি চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে পেশাদার সংগীতজগতে তার অভিষেক ঘটে।
ষাটের দশকের শেষ দিকে পাকিস্তানের সংগীতাঙ্গনে তিনি দ্রুত পরিচিতি পেতে শুরু করেন। বিশেষ করে উর্দু গানে তার অসাধারণ কণ্ঠ শ্রোতাদের মুগ্ধ করে। টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা থেকে চলচ্চিত্রের গান—বিভিন্ন মাধ্যমে তার আলাদা অবস্থান তৈরি হয়। অল্প বয়সেই তিনি পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন হয়ে ওঠেন।
কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশে ফিরে পরিস্থিতি বদলে যায়। সত্তরের দশকের মাঝামাঝি দেশে ফেরার পর তিনি পেশাগতভাবে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন। এক সাক্ষাৎকারে রুনা নিজেই জানিয়েছিলেন, সে সময় অনেক শিল্পী তার সঙ্গে গান গাইতে চাইতেন না। একই মঞ্চে দাঁড়ানো কিংবা স্টুডিওতে একসঙ্গে কাজ করতেও অনীহা দেখাতেন অনেকে। কেন তাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, সেই প্রশ্নও ছিল তার মনে। এর মধ্যে ব্যক্তিগত জীবনেও কঠিন সময় নেমে আসে। বোনের ক্যান্সারের মতো দুঃসহ পরিস্থিতিও তাকে মোকাবিলা করতে হয়েছে।
তবে এসব প্রতিকূলতা তার সংগীতযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সহশিল্পীদের অনীহা কিংবা পেশাগত বয়কটের বিপরীতে শ্রোতাদের ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। বাংলা গানের পাশাপাশি হিন্দি, উর্দু, পাঞ্জাবি, গুজরাটি ও সিন্ধিসহ বিভিন্ন ভাষায় গান গেয়ে তিনি তার খ্যাতি ছড়িয়ে দিয়েছেন। বিশেষ করে ‘দমাদম মাস্ত কালান্দার’ গানটি তাকে আন্তর্জাতিক শ্রোতাদের কাছে ব্যাপকভাবে পরিচিত করে তোলে।
দীর্ঘ সংগীতজীবনে ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন রুনা লায়লা। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন। ১৯৭৭ সালে তিনি অর্জন করেন একুশে পদক। পরবর্তী সময়ে তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়।
পাঁচ দশকের বেশি সময়ের সংগীতযাত্রায় রুনা লায়লা নিজেকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। তার কণ্ঠে একাধিক প্রজন্ম মুগ্ধ হয়েছে। সময় বদলেছে, সংগীতের ধারা বদলেছে, নতুন নতুন শিল্পী এসেছে; কিন্তু রুনা লায়লার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। তার গান আজও শ্রোতাদের হৃদয়ে সমানভাবে জায়গা করে নেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ